পরিবারগুলো, ঈশ্বরের মণ্ডলীর অংশ হয়ে তাঁর প্রশংসা করুন
“আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।”—গীতসংহিতা ২৬:১২.
১. ঘরে বসে অধ্যয়ন ও প্রার্থনা করা ছাড়াও সত্য উপাসনার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কী?
যিহোবাকে উপাসনা করার অর্থ শুধু ঘরে বসে প্রার্থনা করা ও বাইবেল পড়াই নয় কিন্তু সেইসঙ্গে ঈশ্বরের মণ্ডলীর অংশ হয়েও কাজ করা। প্রাচীন ইস্রায়েলকে আদেশ দেওয়া হয়েছিল যেন তারা যিহোবার ব্যবস্থা শেখার জন্য ও তাঁর পথে চলার জন্য “লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা . . . সকলকে একত্র” করে। (দ্বিতীয় বিবরণ ৩১:১২; যিহোশূয়ের পুস্তক ৮:৩৫) বয়স্ক লোক এবং ‘যুবক-যুবতীদের’ সবাইকে যিহোবার নামের প্রশংসা করতে উৎসাহিত করা হয়েছিল। (গীতসংহিতা ১৪৮:১২, ১৩) খ্রীষ্টীয় মণ্ডলীর বেলায়ও আজকে একই ব্যবস্থা রয়েছে। সারা পৃথিবীতে কিংডম হলগুলোতে পুরুষ, নারী এবং সন্তানেরা বিভিন্ন সভায় স্বচ্ছন্দে অংশ নিয়ে থাকেন। আর তারা সভাগুলোতে উত্তর দিয়ে আনন্দ পান।—ইব্রীয় ১০:২৩-২৫.
২. (ক) ছোটদের সভা থেকে আনন্দ পেতে সাহায্য করার জন্য কেন তৈরি হওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়? (খ) কার উদাহরণ জরুরি?
২ এটা সত্য যে, মণ্ডলীর সব কাজ উদ্যোগের সঙ্গে করার জন্য একটা ভাল তালিকা তৈরি করা খুবই কঠিন কাজ। ছেলেমেয়েরা হয়তো তাদের বাবামার সঙ্গে সভাতে আসছে ঠিকই কিন্তু সেখান থেকে তারা যদি কোন আনন্দ না পায় তাহলে কী? এটা ঠিক যে অনেক ছেলেমেয়েরা হয়তো বেশিক্ষণ এক জায়গায় মন দিতে পারে না এবং তারা হয়তো সহজেই বিরক্ত হয়ে যেতে পারে। এই সমস্যা কাটিয়ে ওঠতে সভাগুলোর জন্য তৈরি হওয়া দরকার। তৈরি না হলে ছেলেমেয়েরা সভাগুলোতে উত্তর দিতে পারবে না। (হিতোপদেশ ১৫:২৩) আর এটা ছাড়া আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়া খুবই কঠিন হবে, তারা যিহোবার সেবায়ও কোন আনন্দ খুঁজে পাবে না। (১ তীমথিয় ৪:১২, ১৫) তাহলে তাদের সাহায্য করার জন্য কী করা যায়? প্রথমে, বাবামাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা দরকার যে তারা সভার জন্য প্রস্তুত হন কি না। তাদের উদাহরণ বাচ্চাদের মনে খুব বেশি করে দাগ কাটে। (লূক ৬:৪০) পারিবারিক অধ্যয়নের জন্য ভালভাবে পরিকল্পনা করাও অনেক সাহায্য করতে পারে।
হৃদয়ে পৌঁছানো
৩. পারিবারিক অধ্যয়নের সময়, হৃদয়ে পৌঁছানোর জন্য কেন বিশেষ চেষ্টার দরকার আর এর জন্য কী করতে হবে?
৩ পারিবারিক অধ্যয়ন শুধু মাথার মধ্যে একগাদা জ্ঞান ভরে নেওয়ার সময় নয় বরং তা হৃদয়ে পৌঁছানোর সময়ও হওয়া উচিত। এর জন্য প্রথমে জানা দরকার যে পরিবারের সদস্যদের কোন সমস্যা আছে কি না আর তারপর তাদের জন্য প্রেমময় চিন্তা দেখানো দরকার। যিহোবা ‘অন্তঃকরণের পরীক্ষা করেন।’—১ বংশাবলি ২৯:১৭.
৪. (ক) “বুদ্ধিবিহীন” হওয়ার মানে কী? (খ) “বুদ্ধি উপার্জ্জন” করার সঙ্গে কী কী জড়িত?
৪ যিহোবা যখন আমাদের ছেলেমেয়েদের হৃদয় পরীক্ষা করেন তখন তিনি কী দেখতে পান? বেশিরভাগ ছেলেমেয়েরাই বলবে যে তারা ঈশ্বরকে ভালবাসে আর তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু ছোট বাচ্চারা অথবা যারা সদ্য যিহোবার বিষয় শিখছে, যিহোবার পথ সম্বন্ধে তাদের জ্ঞান খুবই অল্প। বাইবেল যেমন বলে যে অনভিজ্ঞতার কারণে তারা হয়তো “বুদ্ধিবিহীন।” এমন হতে পারে যে তারা লোক হিসেবে খারাপ নয় কিন্তু ঈশ্বরকে সত্যিই খুশি করে এমন এক অবস্থায় তাদের মনকে আনার জন্য সময় লাগে। আর এরজন্য আমরা অসিদ্ধ মানুষেরা যতটা পারি আমাদের চিন্তা, ইচ্ছা, আবেগ, অনুভূতি ও জীবনের লক্ষ্যগুলোকে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী রদবদল করা দরকার। কেউ যখন তার ভিতরের ব্যক্তিকে ঈশ্বরের ইচ্ছা অনুসারে বদলায়, তখন সে “বুদ্ধি উপার্জ্জন করে।”—হিতোপদেশ ৯:৪; ১৯:৮.
৫, ৬. বাবামায়েরা কীভাবে ‘বুদ্ধি উপার্জ্জন করতে’ সন্তানদের সাহায্য করতে পারেন?
৫ বাবামায়েরা কি তাদের ছেলেমেয়েদের ‘বুদ্ধি উপার্জ্জন করতে’ সাহায্য করতে পারেন? এটা ঠিক যে যতক্ষণ পর্যন্ত না কেউ নিজে থেকে ভাল হতে চায়, অন্য কেউ তাকে ভাল করতে পারবে না। কারণ আমাদের সকলকে চিন্তা করার স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে আর তার অনেকটা নির্ভর করে আমরা কী ভাবি তার ওপর। কিন্তু বাবামায়েরা বুদ্ধি করে তাদের ছেলেমেয়েদের মনের কথা জেনে নিতে পারেন আর যেখানে সাহায্য দরকার, সাহায্য করতে পারেন। এরজন্য এইরকম প্রশ্ন করুন, ‘তুমি এই ব্যাপারে কী মনে কর?’ আর ‘তুমি আসলে কী করতে চাও?’ তারপর তারা কী বলে তা মন দিয়ে শুনুন। খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না। (হিতোপদেশ ২০:৫) যদি আপনি আপনার বাচ্চার হৃদয়ে পৌঁছাতে চান, তাহলে ঘরে সহানুভূতি, বোঝাপড়া এবং ভালবাসার পরিবেশ থাকা খুবই দরকার।
৬ তাদের হৃদয়ে ভাল ইচ্ছাগুলোকে বাড়ানোর জন্য আত্মার ফলগুলো নিয়ে, এমনকি প্রত্যেকটা ফল নিয়ে বার বার আলোচনা করুন আর পুরো পরিবার মিলে এগুলো গড়ে তোলার জন্য একসঙ্গে চেষ্টা করুন। (গালাতীয় ৫:২২, ২৩) এছাড়াও তাদের মনে যিহোবা ও যীশু খ্রীষ্টের জন্য ভালবাসা গড়ে তুলুন, শুধু মুখে বলাই নয় যে আমাদের তাঁদেরকে ভালবাসা উচিত কিন্তু সেই কারণগুলো নিয়ে কথা বলুন যে কেন আমরা তাদের ভালবাসি এবং সেই ভালবাসা আমরা কীভাবে দেখাতে পারি। (২ করিন্থীয় ৫:১৪, ১৫) সঠিক কাজ করার জন্য তাদের ইচ্ছাগুলোকে মজবুত করুন ও তাদের বলুন যে এরকম করে তারা কী উপকার পাবে। অন্যায় চিন্তা, কথাবার্তা ও আচরণের ফল কত খারাপ হতে পারে তা তাদের বলুন আর এভাবে খারাপ কাজকে ঘৃণা করার ইচ্ছা গড়ে তুলতে সাহায্য করুন। (আমোষ ৫:১৫; ৩ যোহন ১১) তাদেরকে বুঝিয়ে দিন যে আমাদের চিন্তা, কথাবার্তা ও আচরণ ভালই হোক বা খারাপই হোক আমাদের সঙ্গে যিহোবার সম্পর্কের ওপর কতখানি ছাপ ফেলতে পারে।
৭. বাচ্চাদের সমস্যা মোকাবিলা করার সময় বা তাকে জরুরি সিদ্ধান্ত নিতে সাহায্য করার সময় আমরা কী করতে পারি যাতে সে যিহোবার আরও কাছে আসতে পারে?
৭ কোন বাচ্চা যখন কোন সমস্যায় পড়ে অথবা তাকে কোন জরুরি সিদ্ধান্ত নিতে হয়, তখন আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি: ‘যিহোবা বিষয়টাকে কীভাবে দেখবেন বলে তুমি মনে কর? যিহোবা সম্বন্ধে তুমি কী জান যেজন্য তুমি ওই কথাটা বলেছ? তুমি কি এরজন্য যিহোবার কাছে প্রার্থনা করেছ?’ যতটা ছোট বয়সে সম্ভব আপনার ছেলেমেয়ের মধ্যে এমন এক মনোভাব গড়ে তুলতে সাহায্য করুন যাতে সে সবসময় ঈশ্বরের ইচ্ছা জানার জন্য প্রাণপণ চেষ্টা করে এবং সেই অনুযায়ী কাজ করে। তারা যখন যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলবে তখন তারা তাঁর পথে চলে আনন্দ খুঁজে পাবে। (গীতসংহিতা ১১৯:৩৪, ৩৫) সত্য ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে মেলামেশা করতে পারাকে তারা এক সুযোগ হিসেবে দেখবে এবং এর জন্য উপলব্ধি গড়ে তুলবে।
মণ্ডলীর সভাগুলোর জন্য তৈরি হওয়া
৮. (ক) যে বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার সেই সমস্ত বিষয় আমাদের পারিবারিক অধ্যয়নে ঢোকানোর জন্য কী আমাদের সাহায্য করতে পারে? (খ) পারিবারিক অধ্যয়ন কতটা জরুরি?
৮ পারিবারিক অধ্যয়নের সময় নজর দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে। আপনি কীভাবে সবকিছু সেখানে আলোচনা করতে পারেন? একসঙ্গে সবকিছু আলোচনা করা কখনই হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি এই বিষয়গুলোর জন্য একটা আলাদা তালিকা তৈরি করেন, তবে তা সাহায্য করতে পারে। (হিতোপদেশ ২১:৫) সময় সময় এটা পরীক্ষা করুন এবং দেখুন যে কোন্ বিষয়গুলোর দিকে নজর দেওয়া একটু বেশি দরকার। পরিবারের প্রত্যেক সদস্যের উন্নতির জন্য আন্তরিক আগ্রহ দেখান। পারিবারিক অধ্যয়নের এই ব্যবস্থা খ্রীষ্টীয় শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ আর তা আমাদেরকে বর্তমানের জন্য ও ভবিষ্যতে অনন্ত জীবনের জন্য তৈরি করে।—১ তীমথিয় ৪:৮.
৯. আমাদের পারিবারিক অধ্যয়নের সময় সভার জন্য তৈরি হওয়ার ব্যাপারে আমরা কোন্ লক্ষ্যগুলোর ওপর কাজ করতে পারি?
৯ আপনি কি পারিবারিক অধ্যয়নের সময় মণ্ডলীর সভাগুলোর জন্য তৈরি হন? আপনি এইরকম অনেক লক্ষ্য স্থির করতে পারেন যার জন্য আপনারা একসঙ্গে কাজ করতে পারেন। কোন কোন লক্ষ্যে পৌঁছানোর জন্য হয়তো কয়েক সপ্তাহ, মাস অথবা এমনকি বছরও লাগতে পারে। এইরকম কিছু লক্ষ্য আপনি মাথায় রাখতে পারেন: (১) সভাগুলোতে উত্তর দেওয়ার জন্য পরিবারের সবার তৈরি থাকা; (২) প্রত্যেকে নিজের ভাষায় উত্তর দেওয়ার জন্য চেষ্টা করা; (৩) মন্তব্যের মধ্যে বাইবেলের পদ যোগ করা; আর (৪) নিজের জীবনে কাজে লাগানোর জন্য বিষয়বস্তুকে নিয়ে চিন্তা করা। এই সমস্তকিছু সত্যকে নিজের করে নিতে একজন ব্যক্তিকে সাহায্য করতে পারে।—গীতসংহিতা ২৫:৪, ৫.
১০. (ক) মণ্ডলীর প্রত্যেকটা সভার প্রতি আমরা কীভাবে মনোযোগ দিতে পারি? (খ) এটা করা কেন গুরুত্বপূর্ণ?
১০ আপনার পারিবারিক অধ্যয়নে যদি প্রহরীদুর্গ এর পাঠ তৈরি করেন, তাহলে ভুলে যাবেন না যে মণ্ডলীর বুকস্টাডি, ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভার জন্যও ব্যক্তিগতভাবে ও পুরো পরিবার মিলে তৈরি হওয়া দরকার। যিহোবার পথে চলতে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই সভাগুলোও খুবই জরুরি। আপনারা হয়তো পুরো পরিবার মিলে সপ্তাহের বিভিন্ন দিনে এই সভাগুলোর জন্য তৈরি হতে পারেন। একসঙ্গে অধ্যয়ন করার ফলে আপনার অধ্যয়ন করার ক্ষমতা বাড়বে। ফলে সভাগুলো থেকেও আপনি আরও ভাল কিছু পাবেন। অন্যান্য বিষয়গুলোর সঙ্গে সঙ্গে এটাও আলোচনা করুন যে এই সভাগুলোর জন্য নিয়মিত তৈরি হওয়ার ফলে কী উপকার হয় এবং এরজন্য সময় আলাদা করে রাখা কতটা জরুরি।—ইফিষীয় ৫:১৫-১৭.
১১, ১২. সভার গানগুলো তৈরি করলে আমাদের কী উপকার হবে এবং কীভাবে তা করা যেতে পারে?
১১ “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলোতে, আমাদেরকে সভাগুলোর আরেকটা বিষয়ের জন্য তৈরি হতে উৎসাহ দেওয়া হয়েছিল আর সেটা হল গান। আপনি কি কখনও তা করার চেষ্টা করেছেন? তা করলে আমরা গানের মধ্যে বাইবেলের যে সত্য পাই সেগুলোকে মন ও হৃদয়ে গেঁথে নিতে আর সেইসঙ্গে সভাগুলোও উপভোগ করতে পারব।
১২ প্রস্তুতির মধ্যে রয়েছে সেই সপ্তাহের সভার তালিকায় যে গানগুলো রয়েছে সেগুলো পড়া ও শব্দগুলোর মানে নিয়ে আলোচনা করা। এভাবে তৈরি হওয়া আমাদেরকে মন খুলে গান গাইতে সাহায্য করবে। প্রাচীন ইস্রায়েলে, উপাসনার সময়ে প্রায়ই বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। (১ বংশাবলি ২৫:১; গীতসংহিতা ২৮:৭) আপনার পরিবারের কেউ কি কোন বাদ্যযন্ত্র বাজাতে পারে? সেই বাদ্যযন্ত্র দিয়ে সাপ্তাহিক গানগুলো অভ্যাস করুন আর তারপর পুরো পরিবার মিলে গান করুন। আরেকভাবে করা যেতে পারে তা হল গানের ক্যাসেট ব্যবহার করে। কিছু দেশে আমাদের ভাইরা কোন বাদ্যযন্ত্র ছাড়াই সুন্দর গান করে থাকেন। রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা মাঠে কাজ করার সময় তারা প্রায়ই ওই সপ্তাহের মণ্ডলীর সভার তালিকায় যে গানগুলো করা হবে সেগুলো গেয়ে থাকেন।—ইফিষীয় ৫:১৯.
প্রচারের জন্য পুরো পরিবার মিলে তৈরি হওয়া
১৩, ১৪. পারিবারিক অধ্যয়ন যা আমাদের মনকে প্রচারের জন্য তৈরি করে তা কেন খুবই জরুরি?
১৩ যিহোবা ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে অন্যদের কাছে সাক্ষ্য দেওয়া আমাদের জীবনের এক বিশেষ অংশ। (যিশাইয় ৪৩:১০-১২; মথি ২৪:১৪) যুবক বা বৃদ্ধ যাই হই না কেন, আমরা সবাই এই কাজে আনন্দ পাই এবং আমরা যদি প্রস্তুতি নিই, তাহলে আরও ভাল কিছু করতে পারি। পরিবারের মধ্যে আমরা কীভাবে প্রচারের জন্য তৈরি হতে পারি?
১৪ আমাদের উপাসনার সঙ্গে জড়িত বিষয়গুলোকে আমরা যেমন তৈরি করি, তেমনই প্রচার কাজের জন্য আমাদের মনকে তৈরি করা দরকার। আমরা কী করব শুধু সেটুকুই নয় বরং আমরা কেন করব তাও আলোচনা করা দরকার। রাজা যিহোশাফটের দিনে, লোকেদের ঈশ্বরের ব্যবস্থা সম্বন্ধে শেখানো হয়েছিল কিন্তু বাইবেল আমাদের বলে যে তারা “আপন আপন অন্তঃকরণ সুস্থির [তৈরি] করিল না।” এর ফলে তারা এমন পরীক্ষায় পড়েছিল যা তাদের সত্য উপাসনা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। (২ বংশাবলি ২০:৩৩; ২১:১১) আমাদের লক্ষ্য শুধু এই নয় যে আমরা কত ঘন্টা প্রচার করছি, কতগুলো বই-পত্রিকা অর্পণ করছি সেগুলোর রিপোর্ট দেওয়া। বরং আমাদের এইজন্য প্রচারে যাওয়া উচিত যেন তা দেখায় যে আমরা যিহোবাকে ও সেই লোকেদেরকে ভালবাসি যাদের জীবন বেছে নেওয়ার জন্য সাহায্য দরকার। (ইব্রীয় ১৩:১৫) এটা এমন একটা কাজ যেখানে আমরা “ঈশ্বরেরই সহকার্য্যকারী।” (১ করিন্থীয় ৩:৯) আমাদের জন্য কত বড় এক সুযোগ! আমাদের এই প্রচার কাজে স্বর্গদূতেরাও আমাদের সঙ্গে আছেন। (প্রকাশিত বাক্য ১৪:৬, ৭) এই সুযোগের প্রতি কৃতজ্ঞতা বাড়ানোর জন্য পারিবারিক অধ্যয়নের চেয়ে ভাল জায়গা আর কী হতে পারে তা সে আমাদের সাপ্তাহিক অধ্যয়নের সময়েই হোক বা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে সেই দিনের শাস্ত্রপদটা আলোচনা করার সময়ই হোক!
১৫. পরিবারের সবাই মিলে আমরা কখন প্রচারের জন্য তৈরি হতে পারি?
১৫ পারিবারিক অধ্যয়নের সময় আপনি কি মাঝে মাঝে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করেন যাতে তারা সাপ্তাহিক প্রচারের জন্য তৈরি হতে পারে? তা করা খুবই উপকারজনক হবে। (২ তীমথিয় ২:১৫) এতে তাদের পরিচর্যা আরও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে ও তারা ভাল ফল পেতে পারে। কখনও কখনও আপনি পারিবারিক অধ্যয়নের পুরো সময়টাতেই পরিবারকে প্রচারের জন্য তৈরি করতে পারেন। এছাড়াও আপনি হয়তো সবসময়ই পারিবারিক অধ্যয়নের শেষে অল্প কিছু সময় অথবা সপ্তাহের অন্য কোন দিনে প্রচার কাজের কিছু বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করতে পারেন।
১৬. অনুচ্ছেদে যে পদক্ষেপগুলোর কথা রয়েছে সেগুলোর প্রত্যেকটার গুরুত্ব আলোচনা করুন।
১৬ প্রচারের জন্য প্রস্তুতি নেওয়ার সময় আপনি পারিবারিক অধ্যয়নে এই ধাপগুলোর ওপর জোর দিন: (১) ভাল করে মহড়া দিন যে একেবারে শুরুতে কী বলবেন আর যদি সুযোগ হয় তবে একটা বাইবেলের পদ পড়বেন। (২) সম্ভব হলে, প্রত্যেক সদস্যের তাদের নিজেদের প্রচারের ব্যাগ, বাইবেল, নোটখাতা, কলম বা পেন্সিল, ট্র্যাক্ট এবং ছেঁড়া বা মুচড়ানো নয় এমন বই-পত্রিকা দিন। প্রচারের ব্যাগ দামি হতে হবে না কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া দরকার। (৩) আলোচনা করুন যে আমরা কোন্ কোন্ পরিস্থিতিতে সাক্ষ্য দিতে পারি আর কীভাবে তা দিতে পারি। আপনারা যখন একসঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করেন তখন এখানে বলা ধাপগুলো একটা একটা করে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। দরকার হলে পরামর্শ দিন কিন্তু অনেকগুলো বিষয়ের ওপর একসঙ্গে উপদেশ দেবেন না।
১৭, ১৮. (ক) একটা পরিবার প্রচার কাজকে আরও কার্যকারী করার জন্য কীভাবে তৈরি হতে পারে? (খ) প্রত্যেক সপ্তাহে এই বিষয়ে কীভাবে তৈরি হওয়া যেতে পারে?
১৭ যীশু খ্রীষ্ট তাঁর শিষ্যদের যে কাজ দিয়েছিলেন তার একটা বিরাট অংশ হল শিষ্য তৈরি করা। (মথি ২৮:১৯, ২০) শিষ্য তৈরি করার মধ্যে শুধু প্রচার করার চেয়েও আরও বেশি কিছু জড়িত। এর জন্য শিক্ষা দেওয়া দরকার। আপনাকে এই বিষয়ে দক্ষ হওয়ার জন্য পারিবারিক অধ্যয়ন কীভাবে সাহায্য করতে পারে?
১৮ পরিবারের সবাই মিলে আলোচনা করুন যে কোন্ লোকেদের কাছে পুনর্সাক্ষাৎ করা ভাল হবে। কেউ কেউ হয়তো আমাদের কাছ থেকে বই-পত্রিকা নিয়েছেন বা কেউ কেউ শুধু শুনেছেন। ঘরে ঘরে প্রচার করার সময় হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম অথবা বাজারে বা স্কুলে তাদের পাওয়া গিয়েছিল। এই বিষয়েও ঈশ্বরের বাক্যকে কাজে লাগান। (গীতসংহিতা ২৫:৯; যিহিষ্কেল ৯:৪) এই বিষয়টাও ঠিক করুন যে এই সপ্তাহে পরিবারের কে কোন্ লোকের সঙ্গে দেখা করতে চান। সেই লোকের কাছে গিয়ে কোন্ বিষয়ে কথা বলবেন? পারিবারিক অধ্যয়ন প্রত্যেক সদস্যকে এই বিষয়ে তৈরি হতে সাহায্য করে। আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার জন্য নির্দিষ্ট কিছু পদ ও সেইসঙ্গে ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশার অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বই থেকে কিছু লিখে নিন। একদিনেই সেই ব্যক্তিকে অনেক কিছু বলে আসবেন না। গৃহকর্তার কাছে একটা প্রশ্ন রেখে আসুন যেটার উত্তর পরের বার দেওয়া হবে। তাই কে কোন্ পুনর্সাক্ষাতে যাবে, কখন যাবে এবং কী করবে সেই বিষয় ঠিক করা প্রত্যেক সপ্তাহের পারিবারিক অধ্যয়নের অংশ করে তুলুন। তা করলে পুরো পরিবার প্রচার কাজে অনেক বেশি দক্ষ হয়ে উঠতে পারবে আর ভাল ফলও পাবে।
তাদেরকে যিহোবার পথের বিষয়ে শিখিয়ে চলুন
১৯. পরিবারের সদস্যদের সবসময় যিহোবার পথে চলার জন্য কী করতে হবে আর কোন্ বিষয়টা এক্ষেত্রে সাহায্য করতে পারে?
১৯ এই দুষ্ট জগতে পরিবারের মস্তক হওয়া সত্যিই খুব কঠিন বিষয়। শয়তান ও তার মন্দ দূতেরা যিহোবার দাসেদের আধ্যাত্মিকতা ধ্বংস করার জন্য প্রাণপণ চেষ্টা করে। (১ পিতর ৫:৮) শুধু এটাই নয়, আজকে আপনারা যারা বাবামা, আপনাদের ওপর বিশেষ করে একক বাবামাদের ওপর অনেক চাপ রয়েছে। আপনারা যা কিছু করতে চান তা করার জন্য সময় করে নেওয়া বেশ কঠিন। কিন্তু, আপনারা যদি একেকবারে শুধু একটা করে পরামর্শ কাজে লাগান এবং ধীরে ধীরে আপনাদের পারিবারিক অধ্যয়নকে উন্নত করেন, তাহলে পরিবারের জন্য তা খুবই উপকারজনক হবে। আপনি যখন দেখবেন যে আপনার খুব কাছের লোকেরা নিষ্ঠার সঙ্গে যিহোবার পথে চলছেন তখন আপনার হৃদয় আনন্দে ভরে যাবে। যিহোবার পথে বিশ্বস্তভাবে চলার জন্য পরিবারের সদস্যদের মণ্ডলীর সভায় এবং সেইসঙ্গে প্রচারে যেতে আনন্দ খুঁজে নেওয়া দরকার। আর এটা তখনই সত্যি হবে যখন আমরা এর জন্য তৈরি হব আর এটা এমনভাবে তৈরি হওয়া যা আমাদের হৃদয়কে গড়ে তোলে ও আমাদের আরও ভাল করে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করে।
২০. কোন্ বিষয় বেশিরভাগ বাবামাকে ৩ যোহন ৪ পদে লেখা আনন্দ পেতে সাহায্য করবে?
২০ প্রেরিত যোহন যাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে সাহায্য করেছিলেন তাদের সম্বন্ধে তিনি লিখেছিলেন: “আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই।” (৩ যোহন ৪) পারিবারিক অধ্যয়ন করার সময় যদি স্পষ্ট উদ্দেশ্য মাথায় থাকে এবং পরিবারের মস্তকেরা যদি পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজন আনন্দের সঙ্গে পূরণ করেন ও তাদের সাহায্য করেন, তাহলে তা পরিবারের জন্য সুখ নিয়ে আসবে। সুতরাং, বাবামায়েরা জীবনের জন্য ঈশ্বরের পথের প্রতি উপলব্ধি গড়ে তোলার মাধ্যমে পুরো পরিবারকে সাহায্য করেন, যাতে তারা জীবনের সর্বোত্তম পথে চলে আনন্দ পায়।—গীতসংহিতা ১৯:৭-১১.
আপনি কি ব্যাখ্যা করতে পারেন?
◻ আমাদের ছেলেমেয়েদের সভাগুলোর জন্য তৈরি হওয়া কেন এত জরুরি?
◻ বাবামায়েরা তাদের ছেলেমেয়েদের কীভাবে ‘বুদ্ধি উপার্জ্জন’ করতে সাহায্য করতে পারেন?
◻ সব সভার জন্য প্রস্তুত হতে পারিবারিক অধ্যয়ন কীভাবে আমাদের সাহায্য করতে পারে?
◻ পুরো পরিবার মিলে প্রচারের জন্য তৈরি হওয়া কীভাবে আমাদেরকে আরও কার্যকারী হতে সাহায্য করবে?
[২০ পৃষ্ঠার চিত্র]
আপনার পারিবারিক অধ্যয়নে আপনি মণ্ডলীর সভাগুলোর জন্য তৈরি হতে পারেন
[২১ পৃষ্ঠার চিত্র]
সভাগুলোর জন্য আগে থেকেই গান অভ্যাস করা উপকারজনক হতে পারে