পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
“‘মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।’”—মথি ৪:৪.
১. ছেলেমেয়েদেরকে যিহোবার পথ শিক্ষা দেওয়ার জন্য বাইবেল পরিবারের মস্তকদের দায়িত্ব সম্বন্ধে কী বলে?
যিহোবা ঈশ্বর পরিবারের মস্তকদেরকে তাদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার কথা বার বার মনে করিয়ে দিয়েছিলেন। এই শিক্ষা ছেলেমেয়েদেরকে বর্তমান জীবন ও সেইসঙ্গে ভবিষ্যতের জন্যও তৈরি হতে সাহায্য করে। ঈশ্বরের কাছ থেকে আসা একজন দূত অব্রাহামকে তার পরিবারকে শিক্ষা দেওয়ার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছিলেন, যাতে তারা “সদাপ্রভুর পথে চলে।” (আদিপুস্তক ১৮:১৯) ইস্রায়েলীয় বাবামাদের বলা হয়েছিল, তারা যেন তাদের ছেলেমেয়েদেরকে জানায় যে যিহোবা কীভাবে তাদেরকে মিশর থেকে মুক্ত করে এনেছিলেন এবং হোরেবের সীনয় পর্বতে কীভাবে তাদেরকে তাঁর ব্যবস্থা দিয়েছিলেন। (যাত্রাপুস্তক ১৩:৮, ৯; দ্বিতীয় বিবরণ ৪:৯, ১০; ১১:১৮-২১) খ্রীষ্টান পরিবারগুলোর মস্তকদের উপদেশ দেওয়া হয়েছে যেন তারা তাদের ছেলেমেয়েদের “প্রভুর [যিহোবার] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তোলেন। (ইফিষীয় ৬:৪) এমনকি পরিবারে যদি শুধু বাবা কিংবা মা যিহোবাকে সেবা করেন, তাহলে তাকে তার সন্তানদেরকে যিহোবার পথ শিক্ষা দেওয়ার জন্য মনেপ্রাণে চেষ্টা করতে হবে।—২ তীমথিয় ১:৫; ৩:১৪, ১৫.
২. পরিবারে ছেলেমেয়ে না থাকলেও কি পারিবারিক অধ্যয়ন করার দরকার আছে? বুঝিয়ে বলুন।
২ কিন্তু এর মানে নয় যে বাইবেল অধ্যয়ন শুধু তারাই করবেন যাদের সন্তান আছে। কোন ছেলেমেয়ে না থাকলেও স্বামী-স্ত্রী যখন একসঙ্গে পারিবারিক অধ্যয়ন করেন তখন তা দেখায় যে আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য তাদের উপলব্ধি আছে।—ইফিষীয় ৫:২৫, ২৬.
৩. নিয়মিত পারিবারিক অধ্যয়ন করা কেন জরুরি?
৩ পারিবারিক অধ্যয়ন থেকে সবচেয়ে ভাল ফল পেতে হলে, প্রান্তরে যিহোবা ইস্রায়েলীয়দের যে শিক্ষা দিয়েছিলেন তার সঙ্গে মিল রেখে নিয়মিত শিক্ষা দেওয়া দরকার: “মনুষ্য কেবল রুটীতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যাহা যাহা নির্গত হয়, তাহাতেই মনুষ্য বাঁচে।” (দ্বিতীয় বিবরণ ৮:৩) তাই কিছু পরিবার তাদের পরিস্থিতি অনুযায়ী সপ্তাহে একদিন পারিবারিক অধ্যয়ন করার জন্য সময় ঠিক করে রাখেন; আবার অন্যেরা হয়তো রোজ অল্প সময় নিয়ে অধ্যয়ন করেন। আপনার পরিবার যখনই অধ্যয়ন করুক না কেন, সময় করতে পারলে তবে অধ্যয়ন করব এমন মনোভাব রাখবেন না। এর জন্য ‘সুযোগ কিনিয়া নিন।’ অধ্যয়নের জন্য যে বহুমূল্য সময় আপনি দেন তা এক বিরাট বিনিয়োগের মতো কাজ করবে। এটা খুবই জরুরি কারণ আপনার পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।—ইফিষীয় ৫:১৫-১৭; ফিলিপীয় ৩:১৬.
মনে রাখার মতো উদ্দেশ্যগুলো
৪, ৫. (ক) ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার ব্যাপারে মোশির মাধ্যমে যিহোবা বাবামায়েদের জন্য কোন্ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রেখেছিলেন? (খ) আজকে এর সঙ্গে কী কী জড়িত?
৪ আপনি যখন পারিবারিক অধ্যয়ন করেন তখন আপনার মনে যদি এর উদ্দেশ্যগুলো স্পষ্ট থাকে, তাহলে তা বিরাট উপকার নিয়ে আসবে। এর কয়েকটা বিবেচনা করুন।
৫ প্রতিটা অধ্যয়নে যিহোবা ঈশ্বরের জন্য ভালবাসা গড়ে তোলার চেষ্টা করুন। প্রতিজ্ঞাত দেশে ঢোকার আগে ইস্রায়েল জাতি যখন মোয়াবের তলভূমিতে জড়ো হয়েছিল তখন মোশি সেই আজ্ঞার ওপর তাদের মন দিতে বলেছিলেন, যে আজ্ঞাকে যীশু খ্রীষ্ট পরে “ব্যবস্থার মধ্যে . . . মহৎ” বলেছিলেন। সেটা কী ছিল? “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে।” (মথি ২২:৩৬, ৩৭; দ্বিতীয় বিবরণ ৬:৫) মোশি ইস্রায়েলীয়দের বলেছিলেন যেন তারা তাদের নিজেদের হৃদয়ে তা গড়ে তোলে ও তাদের ছেলেমেয়েদেরও শিক্ষা দেয়। এর জন্য বার বার বলা, যিহোবাকে কেন ভালবাসবে তার জন্য যুক্তি দেখানো, যিহোবাকে ভালবাসা দেখাতে বাধা দেয় এমন মনোভাব ও চালচলনকে এড়িয়ে চলা এবং তাদের নিজেদের জীবনে যিহোবার জন্য ভালবাসা দেখানো দরকার ছিল। আমাদের ছেলেমেয়েদের কি এইরকম নির্দেশনার দরকার আছে? হ্যাঁ আছে! আর তাদেরও “হৃদয়ের ত্বগগ্র ছেদন” করার জন্য সাহায্যের দরকার অর্থাৎ ঈশ্বরের জন্য ভালবাসা দেখাতে বাধা দেয় এমন বিষয়গুলোকে ঝেড়ে ফেলা দরকার। (দ্বিতীয় বিবরণ ১০:১২, ১৬; যিরমিয় ৪:৪) এইরকম বাধাগুলোর মধ্যে হয়তো রয়েছে জাগতিক বিষয়ের জন্য মোহ ও জগতের কাজে জড়িয়ে পড়ার জন্য বিভিন্ন সুযোগ। (১ যোহন ২:১৫, ১৬) যিহোবার জন্য আমাদের উদ্যোগী ভালবাসা থাকা চাই, এমন ভালবাসা যাকে আমরা প্রকাশ করতে পারি আর তা আমাদের স্বর্গীয় পিতাকে খুশি করে এমন কিছু কাজ করার দিকে চালিত করবে। (১ যোহন ৫:৩) আপনার পারিবারিক অধ্যয়ন থেকে স্থায়ী উপকার পেতে চাইলে প্রতিটা অধ্যয়ন এমনভাবে করুন যেন তা এই ভালবাসাকে আরও বাড়িয়ে তোলে।
৬. (ক) সঠিক জ্ঞান দেওয়ার জন্য কী করা দরকার? (খ) সঠিক জ্ঞানের গুরুত্বের ওপর শাস্ত্র কীভাবে জোর দেয়?
৬ ঈশ্বর যা চান সেই বিষয়ে সঠিক জ্ঞান দিন। এর মধ্যে কী কী আছে? এটা কেবল কোন পত্রিকা বা বই থেকে হুবহু উত্তর পড়ার চেয়ে আরও বেশি কিছু। এর জন্য আলোচনা করার দরকার হয় যাতে করে মূল শব্দ ও মুখ্য ধারণাগুলো পরিষ্কারভাবে বোঝা যায়। নতুন ব্যক্তিত্ব পরিধান করার জন্য, জীবনের সমস্যাগুলোকে মোকাবিলা করার সময় ও প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রথম স্থানে রাখার জন্য আর সর্বোপরি ঈশ্বরকে খুশি করার জন্য সঠিক জ্ঞান নেওয়া খুবই জরুরি।—ফিলিপীয় ১:৯-১১; কলসীয় ১:৯, ১০; ৩:১০.
৭. (ক) কোন্ প্রশ্নগুলো করলে পরিবার যা কিছু শিখেছে তা জীবনে কাজে লাগাতে পারবে? (খ) এর গুরুত্ব সম্বন্ধে শাস্ত্রে কী বলা হয়েছে?
৭ যা শিখেছেন তা জীবনে কাজে লাগাতে সাহায্য করুন। এই উদ্দেশ্য মাথায় রেখে প্রতিবার পারিবারিক অধ্যয়নের সময় জিজ্ঞাসা করুন: ‘এই বিষয়বস্তু আমাদের জীবনের ওপর কীভাবে ছাপ ফেলবে? এখন আমরা যা করছি তাতে কি কোন পরিবর্তন করা দরকার? কেন আমরা এই রদবদলগুলো করতে চাইব? (হিতোপদেশ ২:১০-১৫; ৯:১০; যিশাইয় ৪৮:১৭, ১৮) আমরা যা কিছু শিখেছি তা জীবনে কীভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়ে মনোযোগ দিলে পরিবারের সদস্যদের আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়ার জন্য এক বড় বিষয় হতে পারে।
শিক্ষা দেওয়ার হাতিয়ারগুলোকে বুদ্ধির সঙ্গে ব্যবহার করুন
৮. বাইবেল অধ্যয়নের জন্য দাস শ্রেণী কোন্ কোন্ হাতিয়ার দিয়েছেন?
৮ “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” অধ্যয়নের জন্য প্রচুর হাতিয়ার দিয়েছেন। বাইবেল বোঝায় সাহায্য করার জন্য প্রহরীদুর্গ পত্রিকা ১৩১টা ভাষায় ছাপানো হয়। বাইবেল অধ্যয়নের জন্য বইগুলো ১৫৩টা ভাষায়, ব্রোশার ২৮৪টা ভাষায়, অডিওক্যাসেট ৬১টা ভাষায়, ভিডিওক্যাসেট ৪১টা ভাষায় এবং বাইবেল গবেষণার জন্য ৯টা ভাষায় কমপিউটার প্রোগ্রাম পাওয়া যায়!—মথি ২৪:৪৫-৪৭.
৯. পুরো পরিবার মিলে প্রহরীদুর্গ অধ্যয়নের সময় অনুচ্ছেদে বাইবেলের যে পদগুলো উল্লেখ করা আছে তা আমরা কীভাবে কাজে লাগাতে পারি?
৯ অনেক পরিবার পারিবারিক অধ্যয়নে মণ্ডলীর প্রহরীদুর্গ পাঠের জন্য তৈরি হয়। এর থেকে কত উপকারই না পাওয়া যায়! প্রহরীদুর্গ-র মধ্যে প্রধান আধ্যাত্মিক খাদ্য পাওয়া যায় যা সারা পৃথিবীতে যিহোবার লোকেদের গড়ে তোলার জন্য যোগানো হয়। আপনি যখন পুরো পরিবারের সঙ্গে বসে প্রহরীদুর্গ তৈরি করেন, তখন শুধু অনুচ্ছেদ ও ছাপানো প্রশ্নের উত্তর পড়েই তা শেষ করে দেবেন না। আরও গভীরে যাওয়ার চেষ্টা করুন। যে পদগুলো শুধু উল্লেখ করা হয়েছে কিন্তু সরাসরি তুলে দেওয়া হয়নি সেগুলো দেখার জন্য সময় করে নিন। এই পদগুলো অনুচ্ছেদের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত সেই বিষয়ে পরিবারের সদস্যদের মন্তব্য করতে বলুন। এই বিষয়গুলো হৃদয়ে গ্রহণ করার চেষ্টা করুন।—হিতোপদেশ ৪:৭, ২৩; প্রেরিত ১৭:১১.
১০. অধ্যয়নে সন্তানদের জড়িত এবং তাদের জন্য সেটাকে উপভোগ্য করে তোলার জন্য কী করা যেতে পারে?
১০ আপনার যদি ছেলেমেয়ে থাকে, তাহলে অধ্যয়নকে শুধু একটা গতানুগতিক বিষয় না করে কীভাবে এটাকে গঠনমূলক, আগ্রহজনক ও আনন্দপূর্ণ করে তুলতে পারেন? পরিবারের সবাইকে সঠিকভাবে আলোচনায় জড়ানোর চেষ্টা করুন যেন সকলের মন অধ্যয়নে থাকে। সম্ভব হলে, ছেলেমেয়েদের সবাইকে তাদের নিজস্ব বাইবেল ও অধ্যয়নের পত্রিকা দিন। যীশু যেভাবে ভালবাসা দেখিয়ে বাচ্চাদের তাঁর কাছে ডেকে নিয়েছিলেন সেইরকমই বাবা কিংবা মা হয়তো তার ছোট সন্তানকে খুব কাছে নিয়ে বসতে পারেন, তার হাতটা সন্তানের কাঁধের ওপর রাখতে পারেন। (মার্ক ১০:১৩-১৬) পরিবারের মস্তক হয়তো তার ছোট্ট বাচ্চাকে অধ্যয়নের প্রবন্ধে যে ছবি দেওয়া আছে তা বুঝিয়ে দিতে বলতে পারেন। এছাড়াও ছোট বাচ্চাকে হয়তো আগেই বলে রাখা যেতে পারে যে তাকে বাইবেলের কোন একটা পদ পড়তে দেওয়া হবে। আরেকটু বড় ছেলেমেয়েদের হয়তো জানিয়ে দেওয়া যেতে পারে যে তারা যেন অধ্যয়নের বিষয়বস্তুকে কীভাবে জীবনে কাজে লাগানো যেতে পারে তার ওপর কিছু বলার জন্য আগে থেকেই ভেবে রাখে।
১১. শিক্ষা দেওয়ার জন্য আর কোন্ কোন্ হাতিয়ার দেওয়া হয়েছে আর এগুলো কোথায় পাওয়া যায় এবং পারিবারিক অধ্যয়নের সময় ব্যবহার করা হলে তা কীভাবে উপকার আনতে পারে?
১১ আপনি হয়তো আপনার আলোচনায় প্রহরীদুর্গ ব্যবহার করেন কিন্তু অধ্যয়নের জন্য আরও অনেক ভাষায় যে হাতিয়ারগুলো রয়েছে সেগুলোর কথা ভুলে যাবেন না। যদি বাইবেলের কোন ঘটনার আগে পরের বিষয় জানার থাকে বা কোন শব্দের ব্যাখ্যার দরকার হয়, তাহলে শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) থেকে তা দেখা যেতে পারে। ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স অথবা কমপিউটার রিসার্চ প্রোগ্রাম থেকে গবেষণা করে অন্যান্য প্রশ্নের উত্তর আপনি খুঁজতে পারেন। আপনার ভাষায় যদি এগুলো পাওয়া যায়, তাহলে এই হাতিয়ারগুলোকে ব্যবহার করতে শেখা আপনার পারিবারিক অধ্যয়নের জন্য এক মূল্যবান বিষয় হতে পারে। ছোটদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য আপনি হয়তো অধ্যয়নে কিছুটা সময় আলাদা রেখে সোসাইটির কোন ভিডিও দেখতে পারেন অথবা অডিওক্যাসেটে নাটকের কোন অংশ শুনতে পারেন ও তারপর তা নিয়ে আলোচনা করতে পারেন। তাই অধ্যয়নের এই হাতিয়ারগুলো ব্যবহার করলে তা আপনার পারিবারিক অধ্যয়নকে আরও আগ্রহজনক করে তুলবে আর আপনার পুরো পরিবারের জন্য উপকার আনবে।
আপনার পরিবারের চাহিদা অনুযায়ী সাহায্য করুন
১২. পরিবারের চাহিদাগুলো মেটাতে পারিবারিক অধ্যয়ন কীভাবে সাহায্য করতে পারে?
১২ হতে পারে যে আপনার পরিবারের সবাই সাধারণত প্রতি সপ্তাহের প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য তৈরি হয়ে থাকে। কিন্তু আপনার পরিবারের চাহিদার বিষয়ে সজাগ থাকুন। মা যদি চাকরি না করেন, তাহলে তিনি প্রত্যেকদিন ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার পর তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। ছোটখাটো সমস্যা তখনই সমাধান করা যেতে পারে; কিন্তু অন্যান্য সমস্যাগুলোর জন্য হয়তো এর চেয়ে বেশি সময় লাগতে পারে। পরিবারে যদি কোন খুবই জরুরি পরিস্থিতি এসে পড়ে, তাহলে কখনই তাতে অবহেলা করবেন না। (হিতোপদেশ ২৭:১২) এটা স্কুলের কোন সমস্যা বা অন্যান্য কোন পরিস্থিতি হতে পারে। অধ্যয়নের জন্য যথার্থ বিষয়বস্তু বাছাই করুন এবং কী অধ্যয়ন করা হবে তা আগেই পরিবারের সবাইকে জানিয়ে দিন।
১৩. দরিদ্রতার সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হয় সেই সম্বন্ধে পারিবারিক অধ্যয়নে আলোচনা করা কেন উপকারজনক হতে পারে?
১৩ উদাহরণ হিসেবে বলা যায়, আজকে সারা পৃথিবীতে একটা বড় সমস্যা হল দরিদ্রতা; তাই অনেক পরিবারে দরিদ্রতাকে কীভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে আলোচনা করার দরকার হতে পারে। এইজন্য আপনার পারিবারিক অধ্যয়নে কি জীবনের বাস্তব বিষয়গুলো এবং বাইবেলের নীতিগুলো নিয়ে আলোচনা করা উপকারজনক হবে?—হিতোপদেশ ২১:৫; উপদেশক ৯:১১; উপদেশক ৯:১১; ইব্রীয় ১৩:৫, ৬, ১৮.
১৪. কেন পারিবারিক অধ্যয়নে দৌরাত্ম্য, যুদ্ধ এবং খ্রীষ্টীয় নিরপেক্ষতা সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আলোচনা করা ঠিক?
১৪ দৌরাত্ম্য হল আরেকটা বিষয় যা আলোচনা করা যেতে পারে। তাই আমাদের দৌরাত্ম্য সম্বন্ধে যিহোবার মনোভাবকে ভালভাবে জেনে নেওয়া খুবই জরুরি। (আদিপুস্তক ৬:১৩; গীতসংহিতা ১১:৫) পারিবারিক অধ্যয়নের সময় আমরা এই বিষয়গুলোর ওপর আলোচনা করতে পারি, স্কুলে দুষ্ট ছেলেমেয়েদের চাপ কীভাবে মোকাবিলা করতে হয়, ক্যারাটে শেখা ঠিক কি না এবং উপযুক্ত আমোদপ্রমোদ কীভাবে বাছাই করা যেতে পারে। হিংস্র মারামারি খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে; প্রায় সব দেশই হয় গৃহযুদ্ধ, রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা অথবা দলীয় যুদ্ধের দ্বারা জর্জরিত। তাই যুদ্ধ, হানাহানির মাঝেও কীভাবে খ্রীষ্টীয় আচরণ বজায় রাখা যায় সেই বিষয়ে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করা দরকার।—যিশাইয় ২:২-৪; যোহন ১৭:১৬.
১৫. যৌনতা ও বিয়ে সম্বন্ধে ছেলেমেয়েদের কীভাবে নির্দেশনা দেওয়া উচিত?
১৫ ছেলেমেয়েরা যখন বড় হয় তখন বয়স অনুযায়ী তাদের সঙ্গে যৌন সংক্রান্ত বিষয় ও বিয়ের ব্যাপারে কথা বলার দরকার হয়। কিছু কিছু সংস্কৃতিতে বেশিরভাগ বাবামা তাদের ছেলেমেয়েদের সঙ্গে যৌন বিষয়ে কোন কথাই বলেন না। কিন্তু বাবামা যদি ছেলেমেয়েদের এই বিষয়ে না বলেন, তাহলে তারা অন্য ছেলেমেয়েদের কাছ থেকে তা জানবেই আর তারা ভুল বিষয়টা জানবে। তখন এর পরিণতি খুবই খারাপ হতে পারে। এক্ষেত্রে যিহোবাকে অনুকরণ করা কি ভাল হবে না যিনি বাইবেলে এই বিষয়ের ওপর সরাসরি কিন্তু রুচিপূর্ণ পরামর্শ দিয়েছেন? সুতরাং, আমরা যদি আমাদের ছেলেমেয়েদের এই বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি জানাই, তাহলে তাদের নিজেদের আত্ম-সম্মান বজায় থাকবে ও অন্য ছেলে বা মেয়েদের সঙ্গে তারা সম্মানজনক ব্যবহার করতেও শিখবে। (হিতোপদেশ ৫:১৮-২০; কলসীয় ৩:৫; ১ থিষলনীকীয় ৪:৩-৮) আপনি যদি এই বিষয়গুলো এর মধ্যেই আলোচনা করে থাকেন, তবুও তা আবার করতে ইতস্তত করবেন না। নতুন সমস্যা দেখা দিলে আবারও বলা জরুরি।
১৬. (ক) অনেক পরিবারে কখন পারিবারিক অধ্যয়ন করা হয়? (খ) নিয়মিত পারিবারিক অধ্যয়ন করার জন্য কিছু বাধাকে আপনি কীভাবে মোকাবিলা করেছেন?
১৬ পারিবারিক অধ্যয়ন কখন করা যায়? সারা পৃথিবীতে বেথেল পরিবারগুলোর মতো অনেক পরিবার সোমবার সন্ধ্যায় তাদের পারিবারিক অধ্যয়ন করে থাকে। আবার অনেকে অন্য সময়েও করে থাকে। আর্জেন্টিনায় ১১ জন সদস্যের এক পরিবার যাদের ৯ জন ছেলেমেয়ে আছে তারা তাদের পারিবারিক অধ্যয়নের জন্য রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠত। কাজের বিভিন্ন তালিকা থাকায় অন্য আর কোন সময় অধ্যয়ন করা সম্ভব হতো না। যদিও এটা করা খুব সহজ ছিল না কিন্তু এটা ছেলেমেয়েদের মন ও হৃদয়ে পারিবারিক অধ্যয়নের গুরুত্বটা গেঁথে দিয়েছিল। ফিলিপাইনে একজন প্রাচীন তার স্ত্রী ও তাদের তিন ছেলেমেয়ের সঙ্গে নিয়মিত পারিবারিক অধ্যয়ন করতেন। এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে বাবামায়েরা তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে অধ্যয়ন করতেন যাতে তারা সবাই সত্যকে নিজের করে নিতে পারে। আমেরিকাতে, একজন বোন যার স্বামী সাক্ষি নন তিনি রোজ সকালে ছেলেমেয়েদের স্কুলবাসে উঠিয়ে দেওয়ার জন্য হেঁটে যান। বাসের জন্য অপেক্ষা করার সময় তারা প্রায় দশ মিনিট একসঙ্গে বাইবেলের কোন বিষয় পড়তেন ও আলোচনা করতেন আর তারপর ছেলেমেয়েরা বাসে ওঠার আগে মা ছোট করে প্রার্থনা করতেন। কঙ্গো প্রজাতন্ত্রে, একজন মহিলার অবিশ্বাসী স্বামী তাকে ও তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই মহিলা খুব বেশি লেখাপড়া জানতেন না বলে অধ্যয়ন করাতে তার খুবই অসুবিধা হতো। তার বড় ছেলে প্রত্যেক সপ্তাহে তার মা ও ছোট ভাইদের সঙ্গে পারিবারিক অধ্যয়ন করার জন্য আসেন। মা খুবই পরিশ্রম করে অধ্যয়নের বিষয়বস্তু তৈরি করে পরিবারের জন্য এক সুন্দর উদাহরণ দেখান। আপনার পরিবারে কি এমন কোন বাধা আছে যার জন্য আপনি নিয়মিত পারিবারিক অধ্যয়ন করতে পারেন না? হাল ছেড়ে দেবেন না। আপনার চেষ্টার ওপর যিহোবার আশীর্বাদ চান যেন আপনি নিয়মিত বাইবেল অধ্যয়ন করে যেতে পারেন।—মার্ক ১১:২৩, ২৪.
অধ্যবসায়ের পুরস্কার
১৭. (ক) নিয়মিত পারিবারিক অধ্যয়ন করার জন্য কী দরকার? (খ) কোন্ অভিজ্ঞতাগুলো যিহোবার পথে নিয়মিত পারিবারিক শিক্ষা দেওয়ার গুরুত্বকে তুলে ধরে?
১৭ এর জন্য পরিকল্পনা করা দরকার। অধ্যবসায়ের দরকার। কিন্তু নিয়মিত পারিবারিক অধ্যয়নের ফলে যে উপকারগুলো আসে তা সত্যিই অমূল্য। (হিতোপদেশ ২২:৬; ৩ যোহন ৪) জার্মানিতে ফ্রাঞ্জ ও হিলডা নামের এক দম্পতি ১১ জন ছেলেমেয়ের একটা পরিবারকে লালন পালন করেন। কয়েক বছর পর তাদের মেয়ে ম্যাগডেলিনা বলে: “আজকে যে বিষয়টাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হল, এমন একটা দিনও যায়নি যে দিন আমরা শাস্ত্র থেকে কিছু শিখিনি।” এডল্ফ হিটলারের সময় জাতীয়তাবাদী মনোভাব যখন তীব্র হয়ে ওঠেছিল তখন ম্যাগডেলিনার বাবা বুঝতে পেরেছিলেন যে সামনে কঠিন সময় আসছে আর তিনি বাইবেল ব্যবহার করে সেই পরীক্ষাগুলোর জন্য পরিবারকে প্রস্তুত করেছিলেন। কয়েক দিন পর, পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদেরকে ধরে নিয়ে চরিত্র সংশোধনমূলক স্কুলে পাঠানো হয়েছিল; পরিবারের অন্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জেলে ও কনসেনট্রেশন ক্যাম্পে ভরা হয়েছিল। কয়েকজনকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। তারা সবাই বিশ্বাসে অটল ছিলেন—শুধু চরম তাড়নার সময়েই নয় কিন্তু যারা বেঁচে ছিলেন তারা পরেও তাদের বিশ্বাস বজায় রেখেছিলেন।
১৮. এমন বাবা কিংবা মা যাদের সাথি নেই তাদের চেষ্টা কীভাবে ভাল ফল নিয়ে এসেছে?
১৮ এমন অনেক বাবামায়েরা যাদের সাথি নেই ও সেইসঙ্গে যাদের সাথিরা সত্যে নেই, তারাও তাদের ছেলেমেয়েদের নিয়মিত বাইবেল থেকে নির্দেশনা দিয়ে থাকেন। ভারতে একজন বিধবা স্ত্রী তার দুই সন্তানের মধ্যে যিহোবার জন্য ভালবাসা গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু, যখন তার ছেলে যিহোবার লোকেদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছিলেন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন যে যদি তার শিক্ষা দেওয়ায় কোনরকম ঘাটতি হয়ে থাকে, যিহোবা যেন তাকে ক্ষমা করে দেন। কিন্তু তার ছেলে যা কিছু শিখেছিলেন তা পুরোপুরি ভুলে যাননি। প্রায় দশ এগারো বছর পর, তিনি ফিরে এসেছেন, সুন্দর আধ্যাত্মিক অগ্রগতি করেছেন এবং মণ্ডলীর প্রাচীন হিসেবে নিযুক্ত হয়েছেন। এখন তিনি ও তার স্ত্রী দুজনেই পূর্ণ-সময়ের অগ্রগামীর কাজ করছেন। সেই বাবামায়েরা কতই না কৃতজ্ঞ যারা যিহোবা ও তাঁর সংগঠনের পরামর্শে কান দিয়েছেন ও পরিবারে নিয়মিতভাবে বাইবেলের শিক্ষা দিয়ে চলেছেন! আপনি কি আপনার পরিবারে ওই পরামর্শকে কাজে লাগাচ্ছেন?
আপনি কি ব্যাখ্যা করতে পারেন?
◻ নিয়মিত পারিবারিক অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ?
◻ প্রত্যেকটা পারিবারিক অধ্যয়নের সময় আমাদের উদ্দেশ্য কী হওয়া উচিত?
◻ শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে কোন্ কোন্ হাতিয়ার আছে?
◻ অধ্যয়নকে কীভাবে পরিবারের চাহিদা অনুযায়ী মানিয়ে নেওয়া যায়?
[১৫ পৃষ্ঠার চিত্র]
পারিবারিক অধ্যয়নের সময় স্পষ্ট উদ্দেশ্য রাখলে পরিবার অনেক উপকার পেয়ে থাকে