ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ২/১৫ পৃষ্ঠা ৩০-৩১
  • প্রাচীন কালে ব্যাগ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রাচীন কালে ব্যাগ
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • দায়ূদ ও নামানের ব্যাগ
  • ব্যবসায়ীদের ব্যাগ
  • বাঁধা ও ছাপ লাগানো মোড়ক
  • খ্রীষ্টীয় গ্রিক শাস্ত্রে ছোট থলি
  • যে ছোট থলি চিরকাল থাকবে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ২/১৫ পৃষ্ঠা ৩০-৩১

প্রাচীন কালে ব্যাগ

যিহোবার আধুনিক দিনের সাক্ষীদের জন্য ব্যাগ খুবই দরকারি জিনিস। সভাতে যে বইগুলো আলোচনা করা হবে সেগুলো তারা ব্যাগে করে নিয়ে যান আর সারা পৃথিবী জুড়ে যে প্রচার কাজ চলছে তার জন্য সাহিত্যাদি নিয়ে যেতেও ব্যাগ ব্যবহার করা হয়। কিন্তু বাইবেলের সময়ে কি ব্যাগ ছিল? সেগুলোকে কি খুব বেশি ব্যবহার করা হতো? প্রাচীন কালে ব্যাগ কীরকম হতো?

প্রাচীনকালে বিভিন্ন ধরনের পশুর চামড়া বা সুতো দিয়ে বোনা কাপড়ের তৈরি ব্যাগ নানারকম কাজে ব্যবহার করা হতো। সেগুলোতে করে শস্য বা অন্যান্য খাদ্যদ্রব্য, বাটখারা, মূল্যবান জিনিস, সোনা ও রুপোর মোহর, মুদ্রা আর এমনকি জল ও মদ আনা নেওয়া করা হতো।—যিহোশূয় ৯:৪; মথি ৯:১৭.

ইব্রীয় ভাষায় অনেক শব্দ থাকায় এই ভাষায় ব্যাগ, ছোট থলি, ঝুলি এবং মোড়কের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। ইংরেজি শব্দ স্যাক (বাংলায় চটের বস্তা) ইব্রীয় শব্দ সাক থেকে এসেছে; বাইবেলে এটাকে চটের কাপড় ও চটের কাপড়ের তৈরি বস্তার জন্য ব্যবহার করা হয়েছে যাতে করে খাবার জিনিস ও শস্য আনা নেওয়া করা হতো। এই শব্দ এবং ইব্রীয় শব্দ আমটাচট যে ক্রিয়া পদ থেকে এসেছে তার মানে হল “ছড়ানো।” মিশরে যোষেফের ভাইদের বিবরণে এই দুটো শব্দকে প্রায় সমার্থক হিসাবে ব্যবহার করা হয়েছে। দুটো শব্দই ব্যাগকে বোঝাতে ব্যবহার করা হয়েছে যাতে করে মিশর থেকে খাদ্য পাঠানো হতো। মনে হয় যে আমটাচট ব্যাগের আকারকে বোঝাত আর সাক যে উপাদান দিয়ে ব্যাগটা তৈরি করা তাকে বোঝাত।—আদিপুস্তক ৪২:২৫, ২৭, ২৮, ৩৫.

দায়ূদ ও নামানের ব্যাগ

গলিয়াতের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় দায়ূদ তার মেষপালকের ঝুলিতে পাঁচটা পাথর নিয়েছিলেন। এটা কাঁধে করে বওয়া যায় এমন একটা ছোট ঝুলি ছিল। (১ শমূয়েল ১৭:৪০) এখানে ইব্রীয় শব্দ কেলি ব্যবহার করা হয়েছে যার মানে মাটি, কাঠ, ধাতু বা চামড়া দিয়ে তৈরি কোন পাত্র বা বাসন।

অরামীয় সেনাপতি নামানের ভয়ংকর কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়ে ওঠার বিবরণে আমরা পড়ি যে তিনি লোভী গেহসীকে “দুই থলীতে দুই তালন্ত রৌপ্য বাঁধিয়া দুই যোড়া বস্ত্রের সহিত আপনার দুই জন চাকরকে দিলে তাহারা উহার অগ্রে অগ্রে বহিতে লাগিল।” (২ রাজাবলি ৫:২৩) এখানে থলির জন্য যে ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে তা হল চারিট। যেহেতু এক তালন্তের ওজন ৩৪ কিলোগ্রাম হতো, তাই স্পষ্টতই বোঝা যায় যে সেই থলি বেশ বড়সড় ও খুব মজবুত ছিল কারণ তাতে এক তালন্ত ও এক জোড়া কাপড় রাখা হয়েছিল। তাই অবাক হওয়ার কথা নয় যে থলি ভর্তি করার পর সেটার ওজন এত বেশি হতো যে একজন লোক সেটাকে ওঠাতে পারত না। কিন্তু চারিট সবসময় এক বিরাট থলিকে বোঝাত না কারণ ছোট থলিকে বোঝাতে ওই একই শব্দ ব্যবহার করা হয়েছে যা সিয়োনের গর্বিতা কন্যারা ফ্যাশন করে নিয়ে ঘুরে বেড়াত।—যিশাইয় ৩:১৬, ২২.

ব্যবসায়ীদের ব্যাগ

ব্যবসায়ীরা যে ব্যাগ ব্যবহার করতেন তা ঠিক সেইরকম ছিল যা আজকেও প্রাচ্যের দেশগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যাগের জন্য যে ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে তা হল কিস। আজকে এইরকম ব্যাগ বানানোর ধরণ দেখে মনে হয় যে এটা বোধ হয় সুতির কাপড়, নরম নলখাগড়া বা চামড়া দিয়ে বানানো হতো। মালপত্র, শস্য অথবা মূল্যবান ধাতু মাপার জন্য ব্যবসায়ীরা এই ব্যাগে করে বাটখারা নিয়ে যেতেন। কিস সম্বন্ধে বলতে গিয়ে মোশির ব্যবস্থা ব্যবসায় ধোকাবাজি করার বিরুদ্ধে সতর্ক করেছিল: “তোমার থলিয়াতে ছোট বড় দুই প্রকার বাট্‌খারা না থাকুক।” (দ্বিতীয় বিবরণ ২৫:১৩) যিহোবা তাঁর ভাববাদীকে দিয়ে বলেছিলেন: “দুষ্টতার নিক্তিতে ও ছলনার বাট্‌খারায় আমি কি বিশুদ্ধ হইব?” (মীখা ৬:১১) এই কিস টাকাপয়সা ও অন্যান্য মূল্যবান জিনিস আনা নেওয়ার জন্য ব্যাগ বা ছোট থলি হিসাবেও ব্যবহার করা যেতে পারত।—যিশাইয় ৪৬:৬.

বাঁধা ও ছাপ লাগানো মোড়ক

ইব্রীয় শব্দ সেরর যে ক্রিয়া পদ থেকে এসেছে তার মানে হল “মোড়ানো।” এটা সাধারণত এমন এক বস্তাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যাকে দড়ি বা সুতো দিয়ে বেঁধে একটা মোড়ক বানানো হতো আর যার মুখ দড়ি দিয়ে বেঁধে বন্ধ করা হতো। এইরকম ব্যাগেই যোষেফ, তার ভাইয়েরা শস্য কেনার জন্য যে পয়সা দিয়েছিল তা ফেরৎ দিয়েছিলেন। আর বাইবেল এই সম্বন্ধে বলে যে প্রত্যেকটা বস্তায় “টাকার গ্রন্থি [মোড়ক]” ছিল।—আদিপুস্তক ৪২:৩৫.

মন্দিরে দানের ভাণ্ডার থেকে যে অর্থ পাওয়া যেত তা এইরকম মোড়কে বাঁধা হতো, আর এই মোড়কগুলোতে সমপরিমাণ অর্থ থাকত। প্রাচীনকালে যখন অনেক টাকার ব্যবসায়িক লেনদেন হতো তখন পয়সাকে ওজন করে এইরকম মোড়কে বা ব্যাগে রাখা হতো তারপর তার মুখ গিঁট দিয়ে বেঁধে দেওয়া হতো। এই গিঁট প্রমাণ করত যে এতে ঠিক-ঠিক পরিমাণ দ্রব্য আছে। আর গিঁট দেওয়া এই মোড়ক প্রমাণ করত যে এতে কত পরিমাণ সেনা রুপো বা অন্য ধাতু আছে। তাই স্পষ্টতই ঈশ্বরের সঙ্গে কথা বলার সময় ইয়োব ১৪:১৭ পদে ইয়োব এইরকম এক মোড়কের উদাহরণ দিয়েছিলেন যখন তিনি বলেন: “আমার অধর্ম্ম থলিতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।” যিহোবা যে দায়ূদকে রক্ষা করবেন সে ব্যাপারে অবিগল আস্থা প্রকাশ করেছিলেন এই কথা বলে যে যখন শত্রু তার পিছু করবে তখন তার প্রাণ “আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচ্‌কাতে বদ্ধ থাকিবে।”—১ শমূয়েল ২৫:২৯.

খ্রীষ্টীয় গ্রিক শাস্ত্রে ছোট থলি

খ্রীষ্টীয় গ্রিক শাস্ত্রে ছোট থলি, বটুয়া ও খাবারের ঝোলার কথা বলা হয়েছে। একটা থলি এমন একটা ব্যাগ বা ঝুলি ছিল যাতে করে সোনা, রুপো, তামা, মুদ্রা বা অন্যান্য জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য পুরুষ ও নারীরা সেটা ব্যবহার করতেন। (লূক ১০:৪) কোন কোন সময় মেয়েরা গয়না নিয়ে যাওয়ার জন্য ছোট থলি বা হাত ব্যাগ ব্যবহার করত। সেগুলো সম্ভবত গোল বা লম্বাটে হতো। ইব্রীয় ভাষায় চারিট ও কিস এইধরনের ছোট থলির জন্য ব্যবহার করা হতো। (যিশাইয় ৩:২২; ৪৬:৬) আগেকার দিনে ছোট থলি চামড়া, নরম নলখাগড়া বা তুলো দিয়ে বানানো হতো। এগুলোর মুখ এক জায়গায় করে চামড়ার ফিতে বা দড়ি বেঁধে দেওয়া হতো।

একবার যীশু যখন তাঁর শিষ্যদের যিহূদীয়ায় প্রচারের জন্য পাঠিয়েছিলেন তিনি তাদের বলেছিলেন তারা যেন তাদের সঙ্গে বটুয়া বা খাবারের ঝোলা কিছুই না নেয় যা বুঝিয়েছিল যে যিহোবা তাদের জন্য যোগাবেন আর তাদের সহ ইস্রায়েলীয়রা তাদের প্রথা অনুয়ায়ী তাদেরকে আতিথেয়তা দেখাবে। (মথি ১০:৯, ১০) বটুয়া (যা আক্ষরিকভাবে কোমরবন্ধকে বোঝায়; গ্রিক ভাষায় জোন) এমন এক ধরনের কোমরবন্ধ যাতে টাকা রাখা হতো। কোমরবন্ধে হয় বড় ফাঁক থাকত যেখানে টাকাপয়সা রাখা হতো বা এটা যদি কাপড়ের তৈরি হতো, তাহলে কাপড়ে ভাঁজ থাকত আর সেই ভাঁজে টাকাপয়সা রাখা হতো।

গ্রিক শব্দ পেরাকে খাবারের ঝোলা হিসাবে অনুবাদ করা হয়েছে যা এমন একটা ব্যাগকে বোঝায় যেটাকে ভ্রমণকারীরা তাদের কাঁধে করে বইতে পারেন। সন্দেহ নেই যে দায়ূদের মেষপালকের ব্যাগ এইরকম ছিল আর তিনি কাঁধে করে এটা নিয়ে বেড়াতেন। এতে খাবার, জামাকাপড় ও অন্য জিনিস থাকত।

যে ছোট থলি চিরকাল থাকবে

লক্ষ লক্ষ লোক আজকে বোঝেন যে “পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক।” (ইয়োব ২৮:১৮) এই প্রজ্ঞাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যিহোবার সাক্ষীরা তাদের খ্রীষ্টীয় প্রচার কাজে ব্যাগ বা ছোট থলিগুলোকে ভাল করে ব্যবহার করেন। তারা সেই কাজটাই করে থাকেন যে বিষয়ে গীতরচক ভাববাণী করেছিলেন—‘আনন্দগান-সহ আপন আটি [ব্যাগ] আনিবে,’ ঈশ্বরের সত্যের বাক্য যার মধ্যে পরমদেশের সুসমাচার রয়েছে যা ঈশ্বরের রাজ্যের মাধ্যমে এই পৃথিবীতে স্থাপিত হবে। যখন সত্য অন্বেষণকারীরা ঈশ্বরীয় প্রজ্ঞা লাভ করেন, তারা তাদের পরিশ্রমের ফসল “আনন্দগান-সহ” কাটেন।—গীত ১২৬:৬.

আধ্যাত্মিক বিষয়ের অত্যুচ্চ মূল্যকে তুলে ধরে যীশু তাঁর শিষ্যদের উৎসাহ দিয়েছিলেন: “আপনাদের জন্য এমন থলী প্রস্তুত কর, যাহা জীর্ণ হয় না, স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় কর।” হ্যাঁ, ছোট থলি বা ব্যাগ, বস্তা বা মোড়ক যেটা স্বর্গীয় ধনে ভর্তি সেটাই প্রকৃত নিরাপত্তা যোগাবে ও চিরকাল থাকবে।—লূক ১২:৩৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার