আপনার কি একজন রক্ষক দূত আছেন?
আপনার একজন রক্ষক দূত আছেন বলে কি আপনি বিশ্বাস করেন? অনেকে তাই মনে করেন। এই বিষয়ে কথিত আছে যে পশ্চিম কানাডার একজন মহিলার দূতেদের সম্পর্কে এক বিশেষ সহজাত ক্ষমতা রয়েছে। আপনি যদি তাকে ২০০ কানাডীয় ডলারের সঙ্গে আপনার পুরো নাম দেন, তবে তিনি আপনার রক্ষক দূতের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবেন বলে দাবি করেন। প্রথমে, তিনি জলন্ত মোমবাতির শিখায় মনোযোগ নিবিষ্ট করে ধ্যান করেন। এরপর, তিনি একটি দর্শন পান যেখানে আপনার দূত তার কাছে আপনার জন্য একটি বার্তা প্রেরণ করেন। এছাড়াও, অতিরিক্ত প্রাপ্তি হিসাবে ওই মহিলা, আপনার রক্ষক দূতটি দেখতে কেমন তার একটি ছবিও দেন।
কারও কারও কাছে, এটিকে হয়তো ফরাসি রাজা নবম লুইসের কাহিনীর মতোই মনে হতে পারে। মনে করা হয় যে তিনি অত্যন্ত দামি কিছু পালক কিনেছিলেন, যেগুলি প্রধান স্বর্গদূত মীখায়েলের পক্ষ থেকে পড়েছিল বলে কথিত আছে। অনেকে এই গল্পটি সম্বন্ধে সন্দেহ পোষণ করলেও, কানাডীয় মহিলার ওই দাবিকে তারা নির্দ্বিধায় মেনে নেন।
দূতেদের সম্বন্ধে বিভ্রান্তি
সম্প্রতি বছরগুলিতে দূতেদের ব্যাপারে প্রচণ্ড আগ্রহ লক্ষ্য করা যায়। দূরদর্শন, চলচ্চিত্র, বই, পত্রিকা এবং ইশতিহারের মাধ্যমে আমাদেরকে দূতেদের বিষয় জানানো হয় যে তারা গুরুতর অসুস্থদের উৎসাহ দেন, যাদের প্রিয়জন মারা গেছে তাদের সান্ত্বনা দেন, প্রজ্ঞা দান করেন এবং লোকেদের মৃত্যুর কবল থেকে উদ্ধার করেন। যুক্তরাষ্ট্রে, প্রায় দুই কোটি দর্শক দূরদর্শনের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান দেখেন যা লোকেদের জীবনে দূতেদের হস্তক্ষেপ সম্বন্ধে তুলে ধরে। একটি বইয়ের দোকান ৪০০টিরও বেশি বইয়ের তালিকা প্রস্তুত করে, যেগুলিতে দূতেদের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তুমুল লড়াইয়ের মাঝে রক্ষক দূতেরা কিভাবে সৈনিকদের জীবন রক্ষা করেছিলেন, ইদানিং কালের একটি বই সেই অভিজ্ঞতা বর্ণনা করে। গাড়িতে লাগানো স্টিকারগুলিতে লেখা থাকে যে রক্ষক দূতেরা চালকদের রক্ষা করেন। বিভিন্ন সংগঠন, সভা এবং সেমিনার দূতেদের সম্বন্ধে গবেষণাকে বাড়িয়ে তোলে এবং তাদের সঙ্গে লোকেদের যোগাযোগ করতে সাহায্য করার বিষয়ে বলে।
ইলিন ফ্রিম্যান দূতসংক্রান্ত তিনটি বইয়ের লেখিকা এবং কেবল দূতেদের বিষয় নিয়ে লিখিত একটি পত্রিকার প্রকাশিকা। তিনি দৃঢ়ভাবে বলেন: “আমি মনে করি যে স্বর্গে যতজন রক্ষক দূত আছেন পৃথিবীতেও ততজন রক্ষক দূত রয়েছেন, যাদের দায়িত্ব কেবল স্বর্গে ঈশ্বরের প্রশংসা করা নয় কিন্তু মানুষ ও পৃথিবীর অন্যান্য বিষয়গুলির যথার্থ যত্ন নেওয়া। আমাদের জীবনের অস্তিত্ব লগ্ন থেকেই প্রত্যেকের জন্য একজন করে রক্ষক দূত নিযুক্ত করা হয় এবং পার্থিব সীমানা থেকে স্বর্গীয় মহিমার দিকে পরিচালিত করার পূর্ব পর্যন্ত, মাতৃগর্ভে আমাদের বেড়ে ওঠা, জন্ম নেওয়া এবং এই জগতে আমাদের জীবনের সমস্তকিছুর প্রতি তারা লক্ষ্য করেন।” এই বিবরণটি রক্ষক দূত সম্বন্ধীয় প্রচলিত দৃষ্টিভঙ্গিগুলিকে উত্তমরূপে বর্ণনা করে।
এই সংকটময় ও কঠিন সময়ে, এটি বিশ্বাস করা অত্যন্ত সান্ত্বনাদায়ক যে আমাদের প্রত্যেককে রক্ষা করার জন্য একজন করে রক্ষক দূত আছেন। ঈশ্বরের বাক্য, বাইবেল এই সম্বন্ধে কী বলে? আমাদের কি দূতেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা উচিত? তারা কি আমাদের নৈতিক মান এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি দৃষ্টি রাখেন? তাদের কাছ থেকে আমরা কোন্ ধরনের সাহায্য আশা করতে পারি? পরের প্রবন্ধটিতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে।