ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১১/১ পৃষ্ঠা ৩০-৩১
  • যীশু শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যীশু শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যীশু শিশুদের কাছে ডেকেছিলেন
  • আমাদের জন্য শিক্ষা
  • আপনার কি “খ্রীষ্টের মন” আছে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আমাদের সন্তানরা—এক মূল্যবান উত্তরাধিকার
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শিশুদের কাছ থেকে আপনি কী শিখতে পারেন?
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তিনি ছোটো শিশুদের ভালোবাসেন
    আমার বাইবেলের গল্পের বই
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১১/১ পৃষ্ঠা ৩০-৩১

তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন

যীশু শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন

যীশুর সাড়ে তিন বছরের পরিচর্যা প্রায় শেষ হয়ে এসেছে। শীঘ্রই তিনি যিরূশালেমে আসবেন ও যন্ত্রণাদায়ক মৃত্যু ভোগ করবেন। তিনি ভাবলভাবেই জানেন যে কী ঘটতে চলেছে, কারণ তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “মনুষ্যপুত্ত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন; তাহারা তাঁহাকে বধ করিবে।”—মথি ৯:৩১.

নিশ্চয়ই যীশু এখন অবশিষ্ট প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মূহূর্তকে কাজে লাগাতে চাইবেন। শিষ্যদের তখনও তাঁর মনোযোগের প্রয়োজন ছিল। যীশু লক্ষ্য করেছিলেন যে তখনও তাঁর শিষ্যদের নম্র হওয়ার এবং ভবিষ্যতে বিঘ্ন পাওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়ার প্রয়োজন রয়েছে। (মার্ক ৯:৩৫-৩৭, ৪২-৪৮) বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং অবিবাহিত জীবন সম্পর্কেও তাদের নির্দেশনার প্রয়োজন ছিল। (মথি ১৯:৩-১২) তাঁর মৃত্যু আসন্ন জেনে যীশু নিঃসন্দেহে তাঁর শিষ্যদের সঙ্গে সংক্ষেপে এবং তৎপরভাবে কথা বলেছিলেন। সময়টি অত্যন্ত জরুরী ছিল আর তা যীশু এর পরে যা করেছিলেন সেই বিষয়টিকে আরও উল্লেখযোগ্য করে তুলেছিল।

যীশু শিশুদের কাছে ডেকেছিলেন

বাইবেলের বিবরণ বলে: “লোকেরা কতকগুলি শিশুকে তাঁহার নিকটে আনিল, যেন তিনি তাহাদিগকে স্পর্শ করেন।” শিষ্যরা তা দেখে সঙ্গে সঙ্গে তাদের বারণ করেছিলেন। সম্ভবত তারা মনে করেছিলেন যে যীশু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা তিনি এত ব্যস্ত যে শিশুদের নিয়ে ভাবার সময় তাঁর নেই। কিন্তু শিষ্যরা খুবই বিস্মিত হন যখন যীশু তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন! “শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও,” তিনি তাদের বলেছিলেন। “বারণ করিও না; কেননা ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই।” তারপর যীশু বলেছিলেন “আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোন মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না।”—মার্ক ১০:১৩-১৫.

যীশু শিশুদের মধ্যে চমৎকার গুণাবলি দেখতে পেয়েছিলেন। স্বভাবতই তারা কৌতূহলী হয় ও সবকিছু সরলভাবে বিশ্বাস করে। তারা তাদের বাবামার কথা মেনে নেয় ও এমনকি অন্যান্য ছেলেমেয়েদের সামনে সেটাই ঠিক বলে প্রতিপন্ন করতে চায়। যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চান তাদের সকলের জন্য শিশুদের এই মেনে নেওয়ার ইচ্ছা এবং শিখতে চাওয়ার মনোভাব অনুকরণ করার মতো গুণাবলি। যীশু যেমন বলেছিলেন, “ঈশ্বরের রাজ্য এই মত লোকদেরই।”—মথি ১৮:১-৫ পদের সঙ্গে তুলনা করুন।

কিন্তু যীশু কেবল একটি দৃষ্টান্ত দেওয়ার জন্য এই শিশুদের কথা বলছিলেন না। কিন্তু বিবরণ দেখায় যে যীশু প্রকৃতই তাদের সঙ্গ পছন্দ করতেন। মার্ক লিখেছিলেন যে যীশু “তাহাদিগকে কোলে করিলেন, ও তাহাদের উপরে হস্তার্পণ করিয়া আশীর্ব্বাদ করিলেন।” (মার্ক ১০:১৬) কেবল মার্কের বিবরণই এই উষ্ণ বর্ণনাটি দেয় যে যীশু “তাহাদিগকে কোলে করিলেন।”a এভাবে যীশু তাদের বাবামা ও অন্যান্যেরা যা আশা করেছিলেন তার চেয়ে আরও বেশি কিছু করেছিলেন, যারা এই শিশুদের কেবল “স্পর্শ” করার জন্য যীশুর কাছে এনেছিলেন।

শিশুদের উপরে যীশুর “হস্তার্পণ” এর তাৎপর্য কী ছিল? এখানে এটি বাপ্তিস্মের মতো কোন ধর্মীয় অনুষ্ঠানকে ইঙ্গিত করে না। কখনও কখনও হস্তার্পণ মনোনয়ন করাকে বুঝিয়ে থাকে, আবার কখনও বা এটি শুধুই আশীর্বাদকে ইঙ্গিত করে। (আদিপুস্তক ৪৮:১৪; প্রেরিত ৬:৬) সুতরাং, যীশু হয়ত সেই শিশুদের নিছক আশীর্বাদ করেছিলেন।

যাইহোক, মার্ক “আশীর্বাদ” (কাটেউলোজীও) এর জন্য একটি জোরালো শব্দ ব্যবহার করেছিলেন যা এক শক্তিশালী অর্থ প্রকাশ করে। এটি দেখায় যে যীশু শিশুদের ঐকান্তিকভাবে, স্বস্নেহে এবং উষ্ণভাবে আশীর্বাদ করেছিলেন। স্পষ্টতই তিনি এই শিশুদের তাঁর সময় নষ্টকারী বোঝা হিসাবে দেখেননি।

আমাদের জন্য শিক্ষা

শিশু এবং বয়স্ক ব্যক্তিদের সঙ্গে যীশুর আচরণ ভীতিজনক কিংবা তাদের নিচু করে দেখা এর কোনটিই ছিল না। “তিনি খুব সহজেই তাদের সঙ্গে মিশেছিলেন এবং তাদের সঙ্গে প্রাণখুলে হেসেছিলেন,” একটি তথ্যসম্বলিত বই জানায়। আশ্চর্যের বিষয় নয় যে সব বয়সের লোকেরাই তাঁর কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। যীশুর উদাহরণ বিবেচনা করে আমরা নিজেদের জিজ্ঞাসা করতে পারি, ‘আমার কাছে কি অন্যেরা খুব সহজেই আসতে পারেন?’ ‘আমি কি নিজেকে অন্যদের সামনে খুবই ব্যস্ত দেখাই আর দেখাই যে তাদের দিকে মন দেওয়ার সময় আমার নেই?’ লোকেদের প্রতি এক আন্তরিক আগ্রহ গড়ে তোলা আমাদের নিজেদেরকে উজার করে দিতে প্রণোদিত করবে, যেমন যীশু করেছিলেন। তখন অন্যেরা উপলব্ধি করবেন যে তাদের প্রতি আমাদের আন্তরিক আগ্রহ আছে আর তারা আমাদের কাছে আসবেন।—হিতোপদেশ ১১:২৫.

মার্কের বিবরণ দেখায় যে যীশু শিশুদের সঙ্গ উপভোগ করেছিলেন। খুব সম্ভবত তিনি শিশুদের খেলাধূলা দেখার জন্য সময় করে নিয়েছিলেন, তাই একটি উদাহরণ দিতে গিয়ে তিনি তাদের খেলার বিষয়ে উল্লেখ করেছিলেন। (মথি ১১:১৬-১৯) যীশু যে শিশুদের আশীর্বাদ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন হয়ত এত ছোট ছিল যে তিনি কে এবং কী শিক্ষা দিচ্ছেন তা বুঝতেই পারেনি। কিন্তু এটি তাকে মনে করায়নি যে তিনি সময় নষ্ট করছেন। তিনি তাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কারণ তিনি তাদের ভালবাসতেন। সম্ভবত যীশুর পরিচর্যাকালে যে শিশুরা তাঁর সান্নিধ্যে এসেছিল, তাদের অনেকেই পরে তাঁর শিষ্য হয়ে তাঁর প্রেমের প্রতি সাড়া দিয়েছিলেন।

যীশু যদি তাঁর জীবনের গুরুত্বপূর্ণ শেষ সপ্তাহগুলিতে শিশুদের সঙ্গে সময় কাটাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আমরাও আমাদের ব্যস্ত তালিকার মধ্যে থেকে তাদের সঙ্গে কাটানোর জন্য সময় করে নিতে পারি। বিশেষ করে সেইসমস্ত ছেলেমেয়েদের প্রতি আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, যেমন পিতৃহীন সন্তানেরা। বাস্তবিকই, সন্তানদের প্রতি যখন মনোযোগ দেওয়া হয় তারা সকলেই প্রাণবন্তভাবে বেড়ে ওঠে আর যিহোবা চান যে আমরা যেন তাদেরকে যথাসম্ভব ভালবাসি ও সাহায্য করি।—গীতসংহিতা ১০:১৪.

[পাদটীকাগুলো]

a একটি অনুবাদ বলে যে যীশু “তাদের আলিঙ্গন করলেন।” অন্য আর একটি অনুবাদ বলে যে তিনি “তাদেরকে তাঁর কোলে তুলে নিলেন।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার