বৈথেল—ভালমন্দ মিশ্রিত একটি শহর
কিছু শহর সেগুলিতে ঘটে থাকা ঘটনাগুলির কারণে—বিখ্যাত হয়—কিংবা কুখ্যাত হয়। কিন্তু, বৈথেল এই জন্য লক্ষণীয় যে এটি ভাল ও মন্দ উভয় কারণেই পরিচিত ছিল। কূলপতি যাকোব বৈথেল শহরটির নামকরণ করেছিলেন যার অর্থ “ঈশ্বরের গৃহ।” কিন্তু এক হাজার বছর পর, ভাববাদী হোশেয় এই শহরটিকে “অপরাধীদের গৃহ” হিসাবে অভিহিত করেছিলেন। কিভাবে এই শহরটি ভাল থেকে মন্দ হয়ে গিয়েছিল? আর এটির ইতিহাস থেকে আমরা কী শিখতে পারি?
সাধারণ কাল পূর্ব ১৯৪৩ সালে অব্রাহাম যখন জীবিত ছিলেন তখন থেকে ঈশ্বরের লোকেরা বৈথেলের সংস্পর্শে আসতে শুরু করেছিল। সেই সময়ে, শহরটি লূস নামে পরিচিত ছিল যেটি ছিল এর আসল কনানীয় নাম। যিরূশালেমের প্রায় ১৭ কিলোমিটার উত্তরে পর্বতময় অঞ্চলে এটি অবস্থিত ছিল। কল্পনা করুন যে অব্রাহাম ও তার ভ্রাতুষ্পুত্র লোট বৈথেলের আশেপাশের পর্বতগুলির একটির উঁচু সুবিধাজনক স্থান থেকে নিচের যর্দন নদীবিধৌত ভূমিখণ্ডের উর্বর সমভূমিটিকে দেখছেন। অব্রাহাম প্রেমের সঙ্গে লোটকে তাদের বিশাল পশুপালের জন্য চারণভূমি সংক্রান্ত সমস্যাটির কথা বোঝান: “বিনয় করি, তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হউক; কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি, আমা হইতে পৃথক্ হও; হয় তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই; নয়, তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই।”—আদিপুস্তক ১৩:৩-১১.
অব্রাহাম প্রথমে বেছে নেওয়ার দাবি জানাননি। পরিবর্তে, তিনি অপেক্ষাকৃত অল্পবয়স্ক ব্যক্তিকে সর্বোৎকৃষ্ট অংশটি নেওয়ার সুযোগ দিয়েছিলেন। আমরা অব্রাহামের এই উত্তম মনোভাবকে অনুকরণ করতে পারি। সংযতভাবে কথা বলা এবং নিঃস্বার্থপরভাবে কাজ করার জন্য নিজে থেকে উদ্যোগী হয়ে আমরা কলহপূর্ণ বিচার্য বিষয়গুলির মীমাংসা করতে পারি।—রোমীয় ১২:১৮.
বেশ কিছু বছর পর অব্রাহামের পৌত্র যাকোব যখন লূসে শিবির স্থাপন করেছিলেন, তখন তিনি একটি অসাধারণ স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখেছিলেন “পৃথিবীর উপরে এক সিড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী, আর দেখ, তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। আর দেখ, সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান।” (আদিপুস্তক ২৮:১১-১৯. যোহন ১:৫১ পদের সঙ্গে তুলনা করুন।) স্বপ্নটির একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল। যাকোব যে দূতেদের দেখেছিলেন তারা, তার বংশ সম্বন্ধে ঈশ্বরের কৃত প্রতিজ্ঞাটি পরিপূর্ণ করায় তাকে সহযোগিতা করবেন। সিঁড়ির উপরে যিহোবার মর্যাদাপূর্ণ অবস্থান প্রদর্শন করেছিল যে তিনি এই কাজটি করার ক্ষেত্রে দূতেদের পরিচালনা দান করবেন।
ঐশিক সমর্থনের এই নিশ্চয়তা যাকোবকে গভীরভাবে নাড়া দিয়েছিল। স্বপ্ন থেকে জেগে উঠে, তিনি স্থানটিকে বৈথেল নাম দিয়েছিলেন যার অর্থ “ঈশ্বরের গৃহ” আর যিহোবার কাছে মানত করেছিলেন: “তুমি আমাকে যে কিছু দিবে, তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্য দিব।”a (আদিপুস্তক ২৮:২০-২২) তার যা কিছু ছিল তার সমস্তকিছু ঈশ্বরের কাছ থেকে এসেছে তা উপলব্ধি করে, তিনি তার কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে এক উল্লেখযোগ্য অংশ দিতে চেয়েছিলেন।
আজকে খ্রীষ্টানদের সহযোগিতা করার জন্যও দূতেরা রয়েছেন। (গীতসংহিতা ৯১:১১; ইব্রীয় ১:১৪) তারাও তাদের সমস্ত আশীর্বাদের জন্য ‘অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে উপচিয়া পড়ার’ মাধ্যমে তাদের উপলব্ধিবোধ প্রদর্শন করতে পারেন।—২ করিন্থীয় ৯:১১, ১২.
কালক্রমে, যাকোবের বংশধরেরা একটি জাতিতে পরিণত হয়েছিল। তাদের নেতা যিহোশূয় কনান জয়ের শুরুতেই বৈথেলের পৌত্তলিক রাজাকে পরাজিত করেছিলেন। (যিহোশূয় ১২:১৬) বিচারকর্ত্তৃগণের সময়ে, ভাববাদিনী দবোরা বৈথেলের নিকটে বাস করতেন এবং লোকেদের কাছে যিহোবার বাক্য বলতেন। ইস্রায়েল জাতির বিচার করার সময়ে শমূয়েলও নিয়মিত বৈথেলে যেতেন।—বিচারকর্ত্তৃগণ ৪:৪, ৫; ১ শমূয়েল ৭:১৫, ১৬.
বৈথেল ধর্মভ্রষ্টতার একটি কেন্দ্রে পরিণত হয়
কিন্তু সা.কা.পূ. ৯৯৭ সালে রাজ্য বিভক্ত হওয়ার পর বৈথেলে বিশুদ্ধ উপাসনা বন্ধ হয়ে গিয়েছিল। রাজা যারবিয়াম বৈথেলকে গোবৎস উপাসনার কেন্দ্র করে তুলেছিলেন আর মনে করা হত যে গোবৎস যিহোবাকে প্রতিনিধিত্ব করে। (১ রাজাবলি ১২:২৫-২৯) সেই কারণে, বৈথেলের ধ্বংস সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করার সময়, হোশেয় এটিকে ‘বৈৎ-আবন’ হিসাবে উল্লেখ করেছিলেন যার অর্থ “অপরাধীদের গৃহ।”—হোশেয় ১০:৫, ৮.
যদিও বৈথেল আধ্যাত্মিক অপরাধীদের একটি কেন্দ্রে পরিণত হয়েছিল, তবুও এর সঙ্গে যুক্ত ঘটনাগুলি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে চলেছিল। (রোমীয় ১৫:৪) এইধরনের এক শিক্ষা একজন নামহীন ভাববাদীর ঘটনা থেকে পাওয়া যায় যাকে এর বেদী ও যাজকদের ধ্বংসের বিষয়ে ভাববাণী করার জন্য যিহূদা থেকে বৈথেলে পাঠানো হয়েছিল। এছাড়াও যিহোবা তাকে কোন খাদ্য ও পানীয় গ্রহণ না করে যিহূদায় ফিরে আসতে বলেছিলেন যা কেবল কয়েক কিলোমিটার দক্ষিণে। এই ভাববাদী ইস্রায়েল রাজ যারবিয়ামের সামনে সাহসের সঙ্গে ভবিষ্যদ্বাণী ঘোষণা করেছিলেন ও বৈথেলের বেদীর উপর অমঙ্গল নেমে আসার জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু তারপর তিনি বৈথেলের একজন প্রাচীন ভাববাদীর গৃহে খাদ্যগ্রহণ করার দ্বারা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিলেন। কেন? প্রাচীন ভাববাদী মিথ্যাভাবে দাবি করেছিলেন যে যিহোবার একজন দূত, একজন সহভাববাদীকে আতিথেয়তা দেখানোর জন্য তাকে আদেশ দিয়েছেন। যিহূদার ভাববাদীর অবাধ্যতা তাকে অসময়ে মৃত্যুর দিকে পরিচালিত করেছিল।—১ রাজাবলি ১৩:১-২৫.
একজন সহবিশ্বাসী যদি আমাদের এমন কোন কাজ করতে পরামর্শ দেন যা সন্দেহজনক বলে মনে হয়, তখন আমাদের কি করা উচিত? মনে রাখুন, এমনকি সদুদ্দেশ্যপূর্ণ পরামর্শও ক্ষতিকর হতে পারে যদি সেটি ভুল হয়। (মথি ১৬:২১-২৩ পদের সঙ্গে তুলনা করুন।) প্রার্থনা ও তাঁর বাক্য অধ্যয়নের মাধ্যমে যিহোবার কাছ থেকে পরিচালনা চাওয়ার দ্বারা, আমরা নামহীন ভাববাদীর দুঃখজনক ভুলের মত ভুলকে পরিহার করতে পারব।—হিতোপদেশ ১৯:২১; ১ যোহন ৪:১.
প্রায় ১৫০ বছর পরে, ভাববাদী আমোষও বৈথেলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করার জন্য উত্তরে গিয়েছিলেন। আমোষ দৃঢ়ভাবে তাঁর প্রতিপক্ষ শ্রোতাদের অভিযুক্ত করেছিলেন যাদের মধ্যে যাজক অমৎসিয় ছিলেন যিনি উদ্ধতভাবে আমোষকে “যিহূদা দেশে পলায়ন” করতে বলেছিলেন। কিন্তু আমোষ নির্ভীকভাবে অমৎসিয়কে বিপর্যয়গুলি সম্বন্ধে বলেছিলেন যেগুলি যাজকের নিজ পরিজনদের উপর আসবে। (আমোষ ৫:৪-৬; ৭:১০-১৭) তার উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে যিহোবা তাঁর নম্র পরিচারকদের সাহসী করতে পারেন।—১ করিন্থীয় ১:২৬, ২৭.
পরবর্তী সময়ে, যিহূদার বিশ্বস্ত রাজা যোশিয় ‘বৈথেলের যজ্ঞবেদি’ ভেঙ্গে ফেলেছিলেন, তিনি “উচ্চস্থলী আগুনে পোড়াইয়া দিলেন, ও পিষিয়া গুঁড়া করিলেন, এবং আশেরা পোড়াইয়া দিলেন।” (২ রাজাবলি ২৩:১৫, ১৬) প্রাচীনেরা আজকে উদ্যোগের সঙ্গে ঈশ্বরের নির্দেশাবলি অনুসরণ করে এবং মণ্ডলীকে পরিচ্ছন্ন রাখার জন্য নেতৃত্ব নিয়ে তার উত্তম উদাহরণ অনুকরণ করতে পারেন।
বৈথেলের ইতিহাসের এই ঘটনাগুলি ধার্মিকতা ও দুষ্টতা, যিহোবার আজ্ঞা পালন ও লঙ্ঘনের পরিণতিগুলি সম্বন্ধে সুস্পষ্টভাবে বর্ণনা করে। বহু বছর পূর্বে, মোশি ইস্রায়েল জাতির সামনে এই মনোনয়নটি রেখেছিলেন: “আমি অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল রাখিলাম।” (দ্বিতীয় বিবরণ ৩০:১৫, ১৬) বৈথেলের ইতিহাস সম্বন্ধে ধ্যান করা আমাদের নিজেদেরকে ‘অপরাধীদের গৃহের’ চেয়ে বরং বিশুদ্ধ উপাসনার স্থান, ‘ঈশ্বরের গৃহের’ সঙ্গে সম্পর্ক রাখতে উৎসাহিত করবে।
[পাদটীকাগুলো]
a যাকোব ও অব্রাহাম উভয়েই স্বেচ্ছায় দশমাংশ প্রদান করেছিলেন।
[২৩ পৃষ্ঠার চিত্র]
বৈথেলের ধ্বংসাবশেষের এক দৃশ্য যেটিকে যারবিয়াম গোবৎস উপাসনার একটি কেন্দ্র করে তুলেছিলেন