মরিয়ম কি প্রকৃতিগত কারণে মারা গিয়েছিলেন?
ভ্যাটিকানের সংবাদপত্র, এল ওসারভেতোরে রোমানো অনুসারে, মরিয়মের স্বর্গারোহণ সম্বন্ধে ক্যাথলিক মতবাদ উল্লেখ করে: “পবিত্র কুমারী, আদি পাপের সমস্ত কলঙ্ক থেকে মুক্ত নারীকে পার্থিব জীবনের শেষে, সম্পূর্ণরূপে স্বর্গীয় প্রতাপে তুলে নেওয়া হয়েছিল।” এই শিক্ষাটি কিছু ঈশ্বরতত্ত্ববিদদের দাবি করতে পরিচালিত করেছিল যে মরিয়ম “মারা যাননি কিন্তু পার্থিব জীবন থেকে মুহূর্তের মধ্যে স্বর্গীয় প্রতাপে উত্থিত হয়েছিলেন,” সংবাদপত্রটি বলে।a
সম্প্রতি পোপ দ্বিতীয় জন পল, বিষয়টির উপর এক ভিন্ন মত পোষণ করেন। ১৯৯৭ সালের ২৫শে জুন ভ্যাটিকানের সর্বসাধারণ শ্রোতাদের প্রতি তিনি বলেছিলেন: “মরিয়মের মৃত্যুর পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে নতুন নিয়ম, কোন তথ্যই প্রদান করে না। এই নীরবতা একজনকে এটি মনে করতে পরিচালিত করে যে তা প্রকৃতিগত কারণেই হয়েছিল, বিশেষভাবে উল্লেখ করার মত কোন বিষয় এটি ছিল না। . . . তিনি যে প্রকৃতিগত কারণে মারা গিয়েছিলেন সেই মতামত অস্বীকার করাকে ভিত্তিহীন বলে মনে হয়।”
পোপ দ্বিতীয় জন পলের বিবৃতিটি পবিত্রতার ধারণার মতবাদে এক গভীর ফাটলের সৃষ্টি করে। যীশুর মা যদি “আদি পাপের সমস্ত কলঙ্ক থেকে মুক্ত,” থাকতেন তাহলে কিভাবে মরিয়ম “প্রকৃতিগত কারণে” মৃত্যুবরণ করবেন যা পাপী আদমের পাপের ফলে সঞ্চারিত হয়েছিল? (রোমীয় ৫:১২) যীশুর মায়ের সম্বন্ধে এই ঈশ্বরতাত্ত্বিক বিতর্ক ক্যাথলিক গির্জার বিকৃত দৃষ্টিভঙ্গির কারণে হয়েছে। আশ্চর্যের বিষয় নয় যে ক্যাথলিক গির্জার মধ্যেই এই বিষয়টি নিয়ে বিভক্তি এবং বিভ্রান্তি উত্থাপিত হয়েছে।
বাইবেলে যদিও মরিয়মকে একজন নম্রমনা, বিশ্বস্ত এবং ধার্মিক নারী হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু এই গুণাবলি “পবিত্রতার ধারণাকে” আরোপ করে না। (লূক ১:৩৮; প্রেরিত ১:১৩, ১৪) বাইবেল সাধারণভাবে বলে: “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে।” (রোমীয় ৩:২৩) হ্যাঁ, মরিয়ম বাকি সমস্ত মানবজাতির মত উত্তরাধিকারসূত্রে পাপ এবং অসিদ্ধতা লাভ করেছিলেন এবং তিনি প্রকৃতিগত কারণ ছাড়া অন্য কোন কারণে মারা গিয়েছিলেন কি না তার কোন প্রমাণও নেই।—১ যোহন ১:৮-১০ পদের সঙ্গে তুলনা করুন।
[পাদটীকাগুলো]
a ১৯৯৪ সালের ১৫ই ফেব্রুয়ারি, প্রহরীদুর্গ (ইংরাজি) এর ২৬-২৯ পৃষ্ঠার “স্বর্গারোহণ—ঈশ্বর কর্তৃক প্রকাশিত একটি মতবাদ?” নামক প্রবন্ধটি দেখুন।