পবিত্র পরিচর্যার সুযোগগুলিকে অত্যধিক মূল্যবান গণ্য করা
পবিত্র পরিচর্যার কার্যভারগুলিকে হালকাভাবে মূল্যায়ন করা উচিত নয়। প্রাচীন যিহূদার যাজকেরা যখন যিহোবার মন্দিরের সঙ্গে যুক্ত তাদের সুযোগগুলির প্রতি উদাসীন মনোভাব দেখিয়েছিলেন, তখন তিনি তাদের প্রবলভাবে ভর্ৎসনা করেছিলেন। (মালাখি ১:৬-১৪) আর ইস্রায়েলের কিছুজন যখন নাসরীয়দের, পবিত্র পরিচর্যার সঙ্গে যুক্ত যে দায়িত্বগুলি তারা গ্রহণ করেছিলেন সেগুলিকে হালকাভাবে নিতে পরামর্শ দিয়েছিলেন, তখন যিহোবা ওই পাপী ইস্রায়েলীয়দের তিরস্কার করেছিলেন। (আমোষ ২:১১-১৬) সত্য খ্রীষ্টানেরাও পবিত্র পরিচর্যায় রত আছেন এবং তারা এটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। (রোমীয় ১২:১) এই পবিত্র পরিচর্যার অনেক দিক রয়েছে যার সবগুলিই গুরুত্বপূর্ণ।
যীশু যখন তাঁর অনুগামীদের সঙ্গে পৃথিবীতে ছিলেন, তখন তাদের ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। কালক্রমে, তাদের বার্তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। (মথি ২৮:১৯, ২০; প্রেরিত ১:৮) বর্তমান বিধিব্যবস্থার চূড়ান্ত দিনগুলিতে এই প্রচার কাজ আরও অধিক তৎপরতার সঙ্গে গ্রহণ করা হয়েছে।
সমস্ত যিহোবার সাক্ষীরা এই কাজে অংশগ্রহণ করে থাকেন। শত সহস্র ব্যক্তিরা অগ্রগামী হিসাবে তা করতে পারার মধ্যে আনন্দ খুঁজে পান। জগদ্ব্যাপী কাজের গুরুত্বপূর্ণ চাহিদাগুলি পূর্ণ করার জন্য, হাজার হাজার জন বেথেলে বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যা, সীমা ও জেলা অধ্যক্ষ হিসাবে ভ্রমণ কাজ অথবা মিশনারি পরিচর্যায় নিজেদের প্রাপ্তিসাধ্য করেছেন। যারা এইধরনের বিশেষ পরিচর্যা চালিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে হয়ত এটি কী জড়িত করতে পারে?
যখন জরুরি পারিবারিক প্রয়োজনগুলি থাকে
বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যা গ্রহণ করার পূর্বে, একজন ব্যক্তিকে সাধারণত তার পরিস্থিতিতে কিছু সমন্বয় সাধন করতে হয়। সকলেই তা করতে পারেন না। ইতিমধ্যেই যে শাস্ত্রীয় কর্তব্যগুলি রয়েছে তা একজন ব্যক্তির জন্য হয়ত এটিকে অসম্ভব করে তুলতে পারে। কিন্তু, যারা ইতিমধ্যেই বিশেষ পরিচর্যায় রত আছেন, তাদের সামনে যখন জরুরি পারিবারিক প্রয়োজনগুলি, যেমন বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করার দায়িত্ব উপস্থিত হয় তখন কী? নিচে প্রদত্ত বাইবেলের নীতিগুলি এবং পরামর্শ প্রয়োজনীয় পরিচালনা দান করে।
আমাদের সম্পূর্ণ জীবন যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে ঘিরে গড়ে তোলা উচিত। (উপদেশক ১২:১৩; মার্ক ১২:২৮-৩০) আমাদের প্রতি বিশ্বাস সহকারে অর্পিত পবিত্র বিষয়গুলিকে অত্যধিক মূল্যবান বলে গণ্য করা প্রয়োজন। (লূক ১:৭৪, ৭৫; ইব্রীয় ১২:১৬) একটি উপলক্ষে, একজন ব্যক্তি যার অগ্রাধিকারগুলি পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল, তাকে যীশু বলেছিলেন যে তার ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণার কাজে সম্পূর্ণরূপে রত থাকা উচিত। স্পষ্টতই, ব্যক্তিটি এইধরনের কাজকে তার পিতার মৃত্যু পর্যন্ত স্থগিত রাখতে চেয়েছিলেন। (লূক ৯:৫৯, ৬০) অপরপক্ষে, যীশু এক ব্যক্তির ভুল ধারণাকে প্রকাশ করেছিলেন, যিনি তার সমস্তকিছু ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত বলে দাবি করেছিলেন আর তাই “পিতার কি মাতার জন্য আর কিছুই” করেননি। (মার্ক ৭:৯-১৩) প্রেরিত পৌলও “আপনার সম্পর্কীয় লোকদের,” যার অন্তর্ভুক্ত পিতামাতা ও দাদুদিদিমারা, তাদের জন্য প্রয়োজনীয় বস্তু যোগানোর গুরুত্বপূর্ণ দায়িত্বটি সম্বন্ধে বলেছিলেন।—১ তীমথিয় ৫:৩-৮.
এর অর্থ কি এই যে যখন জরুরি প্রয়োজনগুলি উপস্থিত হয়, তখন যারা বিশেষ পরিচর্যায় রত আছেন তাদের, তত্ত্বাবধানকারী হওয়ার জন্য কার্যভারগুলি ত্যাগ করা উচিত? এই উত্তরটির সঙ্গে অনেক বিষয়বস্তু জড়িত। সিদ্ধান্ত ব্যক্তির নিজের। (গালাতীয় ৬:৫) অনেকেই উপলব্ধি করেছেন যে, যদিও তারা তাদের কার্যভারকে ভালবাসেন, তথাপি পিতামাতাকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য তাদের সঙ্গে থাকা বিজ্ঞতাপূর্ণ হবে। কেন? সমস্যাটি হয়ত চরম এবং আর কোন পারিবারিক সদস্য হয়ত নেই যিনি সাহায্য করতে পারেন কিংবা স্থানীয় মণ্ডলী হয়ত যা প্রয়োজন ছিল তা করতে সমর্থ হয়নি। কিছুজন এইধরনের সাহায্য করার সঙ্গে সঙ্গে অগ্রগামীর কাজ করতেও সমর্থ হয়েছেন। অন্যান্যেরা পারিবারিক সমস্যাগুলি সামলে ওঠার পর আবারও বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যা গ্রহণ করতে পেরেছেন। কিন্তু, অনেক ক্ষেত্রে পরিস্থিতি অন্যান্য উপায়ে সামলানো সম্ভব হয়েছে।
তাদের দায়িত্ব বহন করা
জরুরি প্রয়োজনগুলি যখন উদ্ভুত হয়, তখন বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যায় রত কিছুজন তাদের কার্যভার ত্যাগ না করে ওই প্রয়োজনগুলির প্রতি মনোযোগ দিতে সমর্থ হয়েছেন। অনেক উদাহরণের মধ্যে কেবল কয়েকটি উদাহরণ বিবেচনা করুন।
যিহোবার সাক্ষীদের বিশ্ব প্রধান কার্যালয়ে পরিচর্যা রত এক দম্পতি ১৯৭৮ সালে বেথেল পরিচর্যায় প্রবেশ করেছিলেন যারা ইতিপূর্বে সীমা এবং জেলার কাজে অংশ নিয়েছিলেন। ঈশতান্ত্রিক সংগঠনে ভায়ের কার্যভারটি খুবই দায়িত্বপূর্ণ ছিল। কিন্তু তার পিতামাতারও সাহায্যের প্রয়োজন পড়েছিল। এই বেথেল দম্পতি পিতামাতার দেখাশোনার জন্য আসা যাওয়ায় প্রায় ৩,৫০০ কিলোমিটার পথ যাত্রা করে প্রতি বছর তিন কিংবা চারবার তাদের কাছে যান। তারা পিতামাতার প্রয়োজন পূর্ণ করার জন্য ব্যক্তিগতভাবে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছিলেন। চিকিৎসাসংক্রান্ত জরুরি অবস্থাগুলির জন্যও তাদের যেতে হয়েছে। এই দায়িত্বটি পূর্ণ করার জন্য তারা প্রায় ২০ বছর ধরে মোটামুটি তাদের সব ছুটিই ব্যবহার করেছেন। তারা পিতামাতাকে ভালবাসেন এবং সম্মান করেন কিন্তু তারা পবিত্র পরিচর্যাসংক্রান্ত তাদের সুযোগকেও অত্যন্ত মূল্যবান বলে গণ্য করেন।
অপর একজন ভাই ৩৬ বছর ধরে ভ্রমণ কাজ করে আসছিলেন এবং যে সংকটময় পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছিলেন, তার বর্ণনানুযায়ী সেটি তার জীবনের সর্বাপেক্ষা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিগুলির মধ্যে একটি। তার ৮৫ বছর বয়স্কা শাশুড়ী যিনি যিহোবার একজন বিশ্বস্ত দাসী, তার এমন কারও সঙ্গে থাকার দরকার ছিল যিনি তাকে সাহায্য করতে পারতেন। সেই সময়ে, তার প্রায় সব সন্তানই মনে করেছিলেন যে তাকে তাদের সঙ্গে রাখা উপযুক্ত হবে না। তার একজন আত্মীয় এই ভ্রমণ অধ্যক্ষকে বলেছিলেন, পরিবারের স্বার্থে, মায়ের দেখাশোনার জন্য তার ও তার স্ত্রীর পরিচর্যা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এই দম্পতি তাদের মূল্যবান পরিচর্যা ছেড়ে দেননি এবং মায়ের প্রয়োজনগুলিকেও তুচ্ছ করেননি। এর পরের নয় বছর, তিনি অধিকাংশ সময়ই তাদের সঙ্গে ছিলেন। প্রথমে তারা ভ্রাম্যমাণ বাড়িতে ছিলেন, পরে সীমাগুলির দ্বারা সরবরাহকৃত বিভিন্ন স্বয়ংসম্পূর্ণ কক্ষগুলিতে ছিলেন। বেশ কিছু সময় ধরে, সেই ভাই, যিনি তখন একজন জেলা অধ্যক্ষ ছিলেন, তার কার্যভারগুলি সম্পাদন করার জন্য ভ্রমণ কাজ চালিয়ে গিয়েছিলেন যখন তার স্ত্রী পূর্ণসময় প্রেমপূর্ণ যত্ন নেওয়ার জন্য তার মায়ের সঙ্গে ছিলেন। প্রতি সপ্তাহে রবিবারের সভাগুলির পর, স্বামী তাদের সাহায্য করার জন্য দীর্ঘ পথ যাত্রা করে আসতেন। অনেকে যারা পরিস্থিতিটি সম্বন্ধে অবগত ছিলেন তারা এই দম্পতিটি যা করছিলেন তার প্রতি গভীর উপলব্ধি প্রকাশ করেছিলেন। কালক্রমে, পরিবারের অন্যান্য সদস্যেরাও কিছু সাহায্য করার জন্য প্রণোদিত হয়েছিলেন। হাজার হাজার যিহোবার লোকেরা ওই আত্মত্যাগী দম্পতির পরিচর্যা থেকে উপকার লাভ করে চলেছেন কারণ তারা তাদের বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যার সুযোগকে ধরে রেখেছেন।
পরিবারের সহযোগিতায়
পরিবারের বিভিন্ন সদস্যেরা যখন বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যার মূল্যকে উপলব্ধি করেন, তখন তারা হয়ত সহযোগিতা করেন যাতে অন্তত তাদের কয়েকজন এতে অংশ নিতে পারেন।
পারিবারিক সহযোগিতার এইরূপ এক মনোভাব এক কানাডীয় দম্পতির জন্য উপকারজনক হয়েছে, যারা পশ্চিম আফ্রিকায় মিশনারি হিসাবে পরিচর্যা করেন। কোন কিছুই ঘটবে না এই ভেবে তারা জরুরি অবস্থা উপস্থিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি। তারা বিদেশে পরিচর্যার জন্য প্রস্তুতিস্বরূপ ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডে যাওয়ার পূর্বে, স্বামী তাদের মায়ের অসুস্থ এবং অক্ষম অবস্থায় যত্ন নেওয়ার বিষয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন। মায়ের প্রতি ভালবাসা এবং সেইসঙ্গে মিশনারি কাজের মূল্যের প্রতি উপলব্ধিবোধ দেখানোর দ্বারা, ছোট ভাইটি বলেছিলেন: “আমার এখন পরিবার এবং সন্তান রয়েছে। আমি দূরে গিয়ে তোমরা যা পার তা করতে পারি না। তাই মায়ের যদি কিছু হয়, আমি তার দেখাশোনা করব।”
দক্ষিণ আমেরিকায় পরিচর্যা রত এক দম্পতি, স্ত্রীর পরিবারের কাছ থেকে তার বৃদ্ধা মায়ের দেখাশোনার জন্য প্রচুর সহযোগিতা পেয়েছিলেন। তার এক বোন এবং বোনের স্বামী ততদিন পর্যন্ত মায়ের দেখাশোনা করেছিলেন যতদিন পর্যন্ত না তার বোন প্রাণনাশক রোগে আক্রান্ত হয়েছিলেন। তারপর কী হয়েছিল? উদ্বিগ্নতা দূর করার জন্য, ভগ্নীপতি লিখেছিলেন: “যতদিন আমি ও আমার সন্তানেরা জীবিত আছি, ততদিন তোমাদের মিশনারি পরিচর্যা ত্যাগ করতে হবে না।” পরে আরও পারিবারিক সাহায্য পাওয়া গিয়েছিল যখন অন্য বোন এবং তার স্বামী মায়ের দেখাশোনা করার জন্য তাদের বাড়ি ছেড়ে মা যেখানে থাকতেন সেখানে চলে এসেছিলেন এবং তার মৃত্যু পর্যন্ত তারা তা করেছিলেন। সহযোগিতার কী এক উত্তম মনোভাব! তারা সকলে মিশনারি পরিচর্যাকে সমর্থন করার জন্য সাহায্য করেছিলেন।
পিতামাতা যারা যিহোবাকে উদারভাবে দান করেন
পবিত্র পরিচর্যার জন্য পিতামাতারা প্রায়ই লক্ষণীয় উপলব্ধিবোধ দেখিয়ে থাকেন। তাদের সর্বাধিক মূল্যবান সম্পদগুলির মধ্যে তাদের সন্তানেরা রয়েছে যাদের দ্বারা তারা যিহোবাকে সম্মানিত করতে পারেন। (হিতোপদেশ ৩:৯) অনেক খ্রীষ্টীয় পিতামাতা তাদের সন্তানদের পূর্ণ-সময়ের পরিচর্যা গ্রহণ করতে উৎসাহিত করেন। আর তাদের কিছুজন হান্নার মত অনুভব করেন যিনি “নিত্য,” অর্থাৎ “চিরজীবনের জন্য” যিহোবার পরিচর্যা করার জন্য তার পুত্র শমূয়েলকে দান করেছিলেন।—১ শমূয়েল ১:২২, ২৮.
এইধরনের একজন মা আফ্রিকায় তার মেয়েকে লিখেছিলেন: “তোমার যে চমৎকার সুযোগ রয়েছে তার জন্য আমরা যিহোবাকে ধন্যবাদ জানাই। আমরা তোমার কাছ থেকে এর চেয়ে ভাল কিছু আশা করতে পারতাম না।” আর অপর একটি উপলক্ষে তিনি বলেছিলেন: “আলাদা হওয়ার জন্য আমাদের ত্যাগস্বীকার করতে হয়েছে সত্যি কিন্তু যিহোবা যেভাবে তোমার দেখাশোনা করেন তা দেখা কতই না আনন্দের!”
বৃদ্ধ পিতামাতাকে প্রয়োজনীয় যত্ন প্রদানের ক্ষেত্রে যে বিভিন্ন সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা বিবেচনা করে, ইকুয়েডরের একজন মিশনারি লিখেছিলেন: “আমি মনে করি, আমার স্ত্রী ও আমি যে পরম সহযোগিতা পেয়েছি তা ছিল আমার বাবার প্রার্থনা। তার মৃত্যুর পর, আমার মা আমাদের বলেছিলেন: ‘এমন একটা দিনও কাটেনি যেদিন তোমার বাবা যিহোবার কাছে তোমাদের উভয়কে তোমাদের কার্যভারে থাকতে অনুমোদন করার জন্য প্রার্থনা করেননি।’”
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৃদ্ধ দম্পতি তাদের সন্তানদের একজন পূর্ণ-সময়ের পরিচর্যা করায় আনন্দিত হয়েছিলেন। মা মারা যাওয়ার সময় ওই ছেলে এবং তার স্ত্রী স্পেনে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যেরা পিতাকে দেখাশোনার ব্যবস্থা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। যেহেতু তারা চাকরি এবং তাদের সন্তান লালনপালনে ব্যস্ত ছিলেন, তাই তারা ওই দায়িত্বটি গ্রহণ করতে পারবেন বলে উপলব্ধি করেননি। পরিবর্তে, তারা বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যায় রত দম্পতিকে বাড়ি ফিরে এসে বাবার দেখাশোনা করার জন্য দৃঢ়ভাবে বলেছিলেন। কিন্তু, ৭৯ বছর বয়স হওয়া সত্ত্বেও বাবা তখনও উত্তম স্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং তার স্পষ্ট আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ছিল। এক পারিবারিক সভায়, বিভিন্ন জন তাদের মতামত প্রকাশ করার পর বাবা উঠে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলেছিলেন: “আমি চাই তারা স্পেনে ফিরে গিয়ে তাদের কাজ চালিয়ে যাক।” তারা তা করেছিলেন কিন্তু সেইসঙ্গে তারা তাকে বাস্তবসম্মত উপায়ে সাহায্যও করেছিলেন। স্পেনে সীমার কাজই হল তাদের বর্তমান কার্যভার। সেই পারিবারিক সভার পর থেকে, পরিবারের অন্য সদস্যেরা বিদেশে পরিচর্যায় রত দম্পতি যা করছেন তার প্রতি উপলব্ধি দেখিয়েছেন। কয়েক বছর পর, অন্য ছেলেদের একজন বাবাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তার মৃত্যু পর্যন্ত তার দেখাশোনা করেছিলেন।
আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একজন অভিষিক্ত ভাই প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে অগ্রগামীর কাজ করেছিলেন আর যখন তিনি ৯০ বছরেরও বেশি বয়স্ক ছিলেন তার স্ত্রী গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন ও মারা গিয়েছিলেন। তার একটি ছেলে এবং তিনটি মেয়ে আর সেইসঙ্গে অসংখ্য আধ্যাত্মিক সন্তান ছিল। তার মেয়েদের একজন ৪০ বছরেরও বেশি সময় ধরে পূর্ণ-সময়ের পরিচর্যায় রত ছিলেন যিনি তার স্বামীর সঙ্গে একজন মিশনারি হিসাবে ভ্রমণ কাজে এবং বেথেলে পরিচর্যা করেছিলেন। তিনি ব্যবস্থাগুলি করার জন্য সাহায্য করেছিলেন যাতে তার বাবার উপযুক্ত যত্ন নেওয়া হয়। তাকে কিংডম হলের সভাগুলিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় ভাইয়েরাও সাহায্য করেছিলেন। পরবর্তী সময়ে, তার স্বামী মারা যাওয়ার পর, মেয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি চান যে সে বেথেল ত্যাগ করে তার দেখাশোনা করুক। বাবা পবিত্র বিষয়গুলিকে অত্যধিক মূল্যবান বলে গণ্য করতেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে তার প্রয়োজনগুলির যত্ন অন্য উপায়েও নেওয়া যেতে পারে। তাই তিনি উত্তর দিয়েছিলেন: “তোমার পক্ষে এটিই হবে সবচেয়ে খারাপ কাজ আর আমি যদি তোমাকে তা করতে দিই তাহলে তা হবে আরও খারাপ।”
সমর্থনদানকারী মণ্ডলীগুলি
বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যায় যারা রত আছেন তাদের বৃদ্ধ পিতামাতাদের দেখাশোনা করার ক্ষেত্রে কিছু মণ্ডলী অত্যন্ত সহায়ক হয়েছে। তারা বিশেষ করে তাদের প্রতি উপলব্ধি দেখান যারা এইধরনের পরিচর্যায় অনেক বছর ধরে নিযুক্ত আছেন। তারা শাস্ত্রীয় দায়িত্বগুলি থেকে এই ভাই বোনেদের অব্যাহতি দিতে পারেন না কিন্তু মণ্ডলীগুলি তাদের দায়িত্বকে যথেষ্ট হালকা করার জন্য অনেক কিছু করে যাতে সন্তানদের তাদের বিশেষ কার্যভারগুলি ত্যাগ করা আবশ্যক না হয়ে পড়ে।
জার্মানির এক দম্পতি তাদের বিদেশের কার্যভারে প্রায় ১৭ বছর কাটিয়েছিলেন যার অধিকাংশ সময়ই তারা ভ্রমণের কাজে ছিলেন আর তখন ভাইয়ের বৃদ্ধা মায়ের প্রয়োজনগুলি ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়েছিল। তাকে সাহায্য করার জন্য প্রতি বছর তারা তাদের ছুটি ব্যবহার করতেন। সাক্ষী প্রতিবেশীরাও প্রেমপূর্ণ সহযোগিতা করতেন। তারপর পূর্ণ-সময়ের পরিচর্যায় রত দম্পতিটি যখন এক চরম সংকটময় মুহূর্তে তার মায়ের সঙ্গে ছিলেন, তখন স্থানীয় মণ্ডলীর প্রাচীনেরা তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছিলেন। দম্পতিটি মায়ের জন্য নিয়মিত যা করছিলেন সেই বিষয়ে তারা ভালভাবে অবগত ছিলেন। তারা দম্পতিটির সেই বিশেষ পরিচর্যার মূল্যকেও উপলব্ধি করেছিলেন। তাই প্রাচীনেরা মায়ের দেখাশোনা করার জন্য একটি কার্যক্রমের প্রস্তাব করেছিলেন এবং তারপর বলেছিলেন: “আপনারা যা করছেন তার চেয়ে বেশি দেখাশোনা করতে আপনারা সমর্থ নন; আমরা আপনাদের সাহায্য করব যাতে আপনারা স্পেনে আপনাদের কার্যভার সম্পাদন করতে পারেন।” গত সাত বছর ধরে, এই প্রাচীনেরা তা করে আসছেন।
একইভাবে, একজন ভাই যিনি ১৯৬৭ সাল থেকে সেনেগালে পরিচর্যা করে আসছেন তিনি তার বাবা যেখানে ছিলেন সেখানকার মণ্ডলী থেকে প্রচুর প্রেমপূর্ণ সমর্থন পেয়েছিলেন। যখন একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন স্বামী তার প্রেমময় স্ত্রীর স্বেচ্ছাকৃত সহযোগিতায়, তার পিতামাতাকে সাহায্য করার জন্য একা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি সেখানে কয়েক মাস থাকার প্রয়োজন বোধ করেছিলেন। পরিস্থিতিটি কঠিন ছিল কিন্তু যখন তিনি তার সাধ্যমত করেছিলেন তখন মণ্ডলীটি এগিয়ে এসেছিল এবং সাহায্য করেছিল যাতে তিনি তার মিশনারি পরিচর্যা চালিয়ে যেতে পারেন। প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে, মণ্ডলীটি অগণিত উপায়ে প্রেমপূর্ণ সাহায্য প্রদান করেছিল, প্রথমে বাবার জন্য (যদিও তিনি তাদের অনেককে এখন আর চিনতে পারেন না) এবং পরে মায়ের জন্য। সেটি কি ছেলেকে দায়িত্ব থেকে মুক্তি দিয়েছিল? না; তিনি প্রায়ই সেনেগাল থেকে আসতেন এবং যথাসাধ্য সাহায্য করার জন্য তার ছুটি ব্যবহার করতেন। কিন্তু ওই মণ্ডলীর অনেকে এটি জেনে সন্তুষ্ট যে তারা এক কঠোর পরিশ্রমী দম্পতির সেনেগালে বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যা চালিয়ে যাওয়ায় অংশ নিয়েছিলেন।
যীশু বলেছিলেন, যারা সুসমাচারের জন্য সবকিছু ত্যাগ করেন তারা ভাইবোন, মা এবং সন্তান শতগুণে ফিরে পাবেন। (মার্ক ১০:২৯, ৩০) নিঃসন্দেহে এটি যিহোবার দাসেদের মধ্যে সত্য। পশ্চিম আফ্রিকার বেনিনে পরিচর্যা রত এক দম্পতি এটি এক বিশেষ উপায়ে অভিজ্ঞতা করেছিলেন, যখন তাদের পিতামাতা যে মণ্ডলীতে আছেন সেখানকার দুজন সাক্ষী পিতামাতা সম্বন্ধে তাদের উদ্বিগ্ন হতে নিষেধ করেছিলেন। তারা আরও বলেছিলেন: “তোমাদের পিতামাতা আমাদেরও পিতামাতা।”
হ্যাঁ, অনেক উপায় আছে যার দ্বারা আমরা দেখাতে পারি যে আমরা পবিত্র পরিচর্যার সুযোগগুলিকে অতি মূল্যবান বলে গণ্য করি। এমন উপায়গুলি কি আছে যার দ্বারা আপনি হয়ত এটি আরও পূর্ণরূপে করতে পারেন?
[২৬ পৃষ্ঠার চিত্র]
বিশেষ পূর্ণ-সময়ের পরিচর্যার জন্য তারা নিজেদের প্রাপ্তিসাধ্য করেছেন