ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৭/১ পৃষ্ঠা ৩০-৩১
  • একজন শমরীয় উত্তম প্রতিবেশী প্রমাণিত হন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন শমরীয় উত্তম প্রতিবেশী প্রমাণিত হন
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন করুণাপূর্ণ শমরীয়
  • আমাদের জন্য শিক্ষা
  • এক প্রতিবেশীসুলভ শমরীয়
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • প্রতিবেশীসুলভ শমরীয়ের নীতিগল্প
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • যিশু যেভাবে শিক্ষা দেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিশু “ঈশ্বর হইতে প্রজ্ঞা” প্রকাশ করেন
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৭/১ পৃষ্ঠা ৩০-৩১

তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন

একজন শমরীয় উত্তম প্রতিবেশী প্রমাণিত হন

যীশুর দিনে, যিহূদী ও পরজাতিদের মধ্যে লক্ষণীয় শত্রুতা বিদ্যমান ছিল। পরবর্তী সময়ে, যিহূদী মিশ্‌না এমন একটি আইনকে অন্তর্ভুক্ত করেছিল যেটি এমনকি কোন ন-যিহূদী স্ত্রীলোকের সন্তান প্রসবের সময় কোন ইস্রায়েলীয় স্ত্রীলোককে সাহায্য করতে নিষেধ করেছিল, কারণ তা কেবল আরেকজন পরজাতিকেই পৃথিবীতে নিয়ে আসায় সাহায্য করবে।—আবোধাহ্‌ জারাহ্‌ ২:১.

পরজাতিদের চেয়ে শমরীয়রা, ধর্মীয় ও জাতিগত উভয় দিক দিয়েই যিহূদীদের সঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তথাপি, তাদেরকেও সমাজ বহিষ্কৃত ব্যক্তি হিসাবে দেখা হত। “শমরীয়দের সহিত যিহূদীদের ব্যবহার নাই,” প্রেরিত যোহন লিখেছিলেন। (যোহন ৪:৯) বস্তুত, তালমুড শিক্ষা দিয়েছিল যে “শমরীয়দের দেওয়া এক খণ্ড রুটি শূকরের মাংসের চেয়েও অধিক অশুচি ছিল।” কিছু যিহূদী এমনকি অবজ্ঞা ও গালিগালাজের অভিব্যক্তি হিসাবে “শমরীয়” শব্দটি ব্যবহার করতেন।—যোহন ৮:৪৮.

এই অবস্থার পরিপ্রেক্ষিতে, যিহূদী আইনে পারদর্শী একজন ব্যক্তির প্রতি যীশুর বাক্যগুলি খুবই শিক্ষামূলক। লোকটি যীশুর কাছে এসেছিলেন ও তাঁকে জিজ্ঞাসা করেছিলেন: “গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব?” উত্তরে যীশু মোশির ব্যবস্থার প্রতি তার মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন যেটি ‘সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত চিত্ত দিয়া ঈশ্বরকে প্রেম’ এবং ‘প্রতিবাসীকে আপনার মত প্রেম’ করতে আদেশ দেয়। তারপর ব্যবস্থাবেত্তা যীশুকে জিজ্ঞাসা করেছিলেন: “আমার প্রতিবাসী কে?” (লূক ১০:২৫-২৯; লেবীয় পুস্তক ১৯:১৮; দ্বিতীয় বিবরণ ৬:৫) ফরীশীদের কথা অনুযায়ী, “প্রতিবাসী” আখ্যাটি কেবল যারা যিহূদী পরম্পরাগত রীতিগুলি পালন করতেন তাদের প্রতিই প্রযোজ্য ছিল—নিশ্চিতভাবেই কোন পরজাতি অথবা শমরীয়ের প্রতি নয়। যদি এই কৌতূহলী ব্যবস্থাবেত্তা ভেবে থাকেন যে যীশু তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবেন, তাহলে শীঘ্রই তিনি আশ্চর্য হয়েছিলেন।

একজন করুণাপূর্ণ শমরীয়

একটি দৃষ্টান্তa বলার দ্বারা যীশু লোকটির প্রশ্নের উত্তর দিয়েছিলেন। “এক ব্যক্তি,” তিনি বলেন, “যিরূশালেম হইতে যিরীহোতে নামিয়া যাইতেছিল।” যিরূশালেম ও যিরীহোর মধ্যবর্তী দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এই দুটি শহরের সংযোগকারী রাস্তায় একটি তীক্ষ্ণ মোড় এবং রাস্তার পাশে খাঁড়া পাথরগুলি প্রসারিত ছিল যা চোরদের জন্য লুকিয়ে থাকা, আক্রমণ করা ও পালিয়ে যাওয়াকে সহজ করে দিত। এই মোড়টি অতিক্রম করার সময়, যীশুর দৃষ্টান্তের ভ্রমণকারী “দস্যুদলের হস্তে পড়িল; তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল, এবং তাহাকে আঘাত করিয়া আধমরা ফেলিয়া চলিয়া গেল।”—লূক ১০:৩০.

“ঘটনাক্রমে” যীশু বলে চলেন, “এক জন যাজক সেই পথ দিয়া নামিয়া যাইতেছিল; সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপে এক জন লেবীয়ও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল।” (লূক ১০:৩১, ৩২) যাজক ও লেবীয়গণ ব্যবস্থার শিক্ষক ছিলেন—যেটির অন্তর্ভুক্ত ছিল প্রতিবেশীকে প্রেম করা সম্বন্ধীয় ব্যবস্থাটিও। (লেবীয়পুস্তক ১০:৮-১১; দ্বিতীয় বিবরণ ৩৩:১, ১০) নিশ্চিতরূপে, তাদের সকলেরই অনুভব করা উচিত ছিল যে সেই আহত ভ্রমণকারীকে সেবা করতে তারা বাধ্য।

যীশু বলে চলেন: “এক জন শমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল।” শমরীয়ের বিষয়ে উল্লেখ করায়, নিঃসন্দেহে সেই ব্যবস্থাবেত্তার কৌতূহল তীব্রতর হয়েছিল। এই জাতির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে কি যীশু সমর্থন করবেন? পরিবর্তে, দুর্দশাগ্রস্ত ভ্রমণকারীকে দেখে শমরীয় ব্যক্তিটি “করুণাবিষ্ট হইল।” যীশু বলেন তিনি: “নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল; পরে আপন পশুর উপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তাহার প্রতি যত্ন করিল।b পরদিবসে দুইটী সিকি বাহির করিয়া পান্থশালার কর্ত্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয়, আমি যখন ফিরিয়া আইসি, তখন পরিশোধ করিব।”—লূক ১০:৩৩-৩৫.

এরপর যীশু তাঁর প্রশ্নকারীকে জিজ্ঞাসা করেছিলেন: “এই তিন জনের মধ্যে কে ঐ দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল?” ব্যবস্থাবেত্তা উত্তরটি জানতেন, তথাপি মনে হয় যে “শমরীয়” শব্দটি বলতে তিনি অনিচ্ছুক ছিলেন। পরিবর্তে, তিনি সাধারণভাবে উত্তর দিয়েছিলেন: “যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল, সেই।” তখন যীশু বলেছিলেন: “যাও, তুমিও সেইরূপ কর।”—লূক ১০:৩৬, ৩৭.

আমাদের জন্য শিক্ষা

লোকটি “আপনাকে নির্দ্দোষ দেখাইবার ইচ্ছায়” যীশুকে প্রশ্ন করেছিলেন। (লূক ১০:২৯) সম্ভবত তিনি ভেবেছিলেন যে মোশির ব্যবস্থার প্রতি তার খুঁতখুঁতে আনুগত্যকে যীশু প্রশংসা করবেন। কিন্তু এই আত্ম-জাহিরকারী ব্যক্তিটির বাইবেল প্রবাদের এই সত্যটি জানার প্রয়োজন ছিল: “মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন।”—হিতোপদেশ ২১:২.

যীশুর দৃষ্টান্তটি দেখায় যে একজন প্রকৃত সরল ব্যক্তি হলেন তিনি, যিনি কেবল ঈশ্বরের আইনের প্রতিই বাধ্য নন কিন্তু তাঁর গুণাবলিও অনুকরণ করেন। (ইফিষীয় ৫:১) উদাহরণস্বরূপ, বাইবেল আমাদের জানায় “ঈশ্বর মুখাপেক্ষা করেন না।” (প্রেরিত ১০:৩৪) এই ক্ষেত্রে কি আমরা ঈশ্বরকে অনুকরণ করি? যীশুর উদ্দীপনামূলক দৃষ্টান্তটি দেখায় যে আমাদের প্রতিবেশীসুলভ আচরণ জাতিগত, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করবে। আসলে, খ্রীষ্টানদের “সকলের প্রতি . . . সৎকর্ম্ম” করতে নির্দেশ দেওয়া হয়েছে—কেবল একই সামাজিক শ্রেণী, উপজাতি অথবা জাতির প্রতি কিংবা কেবল সহবিশ্বাসীদের প্রতি নয়। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—গালাতীয় ৬:১০.

এই শাস্ত্রীয় পরামর্শ পালন করার জন্য যিহোবার সাক্ষীরা আপ্রাণ চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, যখন প্রাকৃতিক বিপর্যয় আঘাত আনে, তারা সহবিশ্বাসী এবং সেইসঙ্গে ন-সাক্ষীদের প্রতিও জনহিতকর সাহায্য প্রসারিত করেন।c এছাড়াও, তারা বাইবেলের জ্ঞান আরও ভালভাবে জানতে লোকেদের সাহায্য করার জন্য প্রতি বছর সমষ্ঠিতগতভাবে একশো কোটিরও বেশি ঘন্টা ব্যয় করেন। তারা প্রত্যেকের কাছে রাজ্যের বার্তা নিয়ে উপস্থিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন কারণ ঈশ্বরের ইচ্ছা এই যেন “সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।”—১ তীমথিয় ২:৪; প্রেরিত ১০:৩৫.

[পাদটীকাগুলো]

a একটি দৃষ্টান্ত সংক্ষিপ্ত, প্রায়ই কাল্পনিক এক বর্ণনা যেটি থেকে একটি নীতিকথা অথবা আধ্যাত্মিক সত্য বের হয়ে আসে।

b যীশুর দিনে কিছু পান্থশালা কেবল আশ্রয়ের ব্যবস্থাই করত না কিন্তু খাদ্য ও অন্যান্য সুবিধাও প্রদান করত। যীশুর মনে হয়ত এইধরনের এক পান্থশালার বিষয়ই ছিল কারণ যে গ্রীক শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে তা লূক ২:৭ পদে যে শব্দটি “পান্থশালা” হিসাবে অনুবাদিত হয়েছে তার থেকে ভিন্ন।

c উদাহরণগুলির জন্য, প্রহরীদুর্গ, ডিসেম্বর ১, ১৯৯৬, পৃষ্ঠা ৩-৮ এবং জানুয়ারি ১৫, ১৯৯৮, পৃষ্ঠা ৩-৭ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার