তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন
আত্মত্যাগ এবং নিষ্ঠার একটি উদাহরণ
ইলীশায় নামে একজন যুবক কৃষকের একটি চিরাচরিত দিন, যেটি লাঙ্গল চালানো দিয়ে শুরু হয়েছিল, তার জীবনের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ দিনে পরিণত হয়েছিল। ক্ষেত্রে কাজ করার সময়ে ইলীশায় অপ্রত্যাশিতভাবে ইস্রায়েলের অন্যতম প্রধান ভাববাদী এলিয়ের দেখা পান। ‘তিনি আমার কাছ থেকে কী চান?’ ইলীশায় হয়ত ভেবেছিলেন। তাকে উত্তরের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। এলিয় তার আধিকারিক বস্ত্রটি ইলীশায়ের গায়ের উপর ফেলে ইঙ্গিত করেছিলেন যে একদিন ইলীশায়ই তার উত্তরসূরী হবেন। ইলীশায় এই আহ্বানকে হালকাভাবে নেননি। তৎক্ষণাৎ, এলিয়ের পরিচারক হওয়ার জন্য তিনি তার ক্ষেত্র পরিত্যাগ করেছিলেন।—১ রাজাবলি ১৯:১৯-২১.
প্রায় ছয় বছর পরে, সময় আসে যখন এলিয়কে প্রস্থান করতে হয়। ইব্রীয় শাস্ত্রাবলীতে তার প্রস্থানের এই ঘটনাটিকে “সবচেয়ে প্রভাব বিস্তারকারী এক আখ্যান” বলে অভিহিত করা হয়েছে।
এলিয় প্রস্থানের জন্য প্রস্তুত হন
এলিয় শেষবারের মত বৈথেল, যিরীহো এবং যর্দন পরিদর্শন করতে আকাঙ্ক্ষী ছিলেন। এটির অন্তর্ভুক্ত ছিল অনেক কিলোমিটার পথ হাঁটা, যার কিছু ছিল বন্ধুর পার্বতীয় এলাকাগুলির উপর দিয়ে যাত্রা করা। যাত্রাপথের প্রতিটি পর্যায়ে, এলিয় সেই স্থানে থেকে যাওয়ার জন্য ইলীশায়কে উৎসাহিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার প্রভুর সাথে থেকে যাওয়ার জন্য ইলীশায় নাছোড়বান্দা ছিলেন।—২ রাজাবলি ২:১, ২ ৪, ৬.
বৈথেল এবং যিরীহোতে থাকার সময়ে, “শিষ্য-ভাববাদিগণ” ইলীশায়ের কাছে এসেছিল।a “অদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন?” তারা তাকে জিজ্ঞাসা করেছিল। তিনি উত্তর দিয়েছিলেন, “হাঁ, আমি তাহা জানি; তোমরা নীরব হও।”—২ রাজাবলি ২:৩, ৫.
এরপর এলিয় এবং ইলীশায় যর্দন নদীর উদ্দেশ্যে যাত্রা করেন। যখন তারা যর্দন নদীর কাছে পৌঁছান, এলিয় এক অলৌকিক কাজ সম্পাদন করেন যা প্রায় ৫০ জন শিষ্য ভাববাদী দূর থেকে লক্ষ্য করেছিল। “এলিয় আপন শাল ধরিয়া গুটাইয়া লইয়া জলে আঘাত করিলেন, তাহাতে জল এদিকে ওদিকে বিভক্ত হইল, এবং তাঁহারা দুই জন শুষ্ক ভূমি দিয়া পার হইলেন।”—২ রাজাবলি ২:৮.
একবার যখন তারা পার হয়ে যান, তখন এলিয় ইলীশায়কে বলেন: “তোমার নিমিত্ত আমি কি করিব? তাহা তোমার নিকট হইতে আমার নীত হইবার পূর্ব্বে যাচ্ঞা কর।” ইলীশায় এলিয়ের আত্মার “দুই অংশ” যাচ্ঞা করেন—অর্থাৎ, দ্বিগুণ অংশ যা সাধারণত এক প্রথমজাত সন্তানের প্রাপ্য। বাস্তবিকই, যেমন প্রথমজাত সন্তান তার পিতাকে সম্মান করে ঠিক তেমনি ইলীশায় এলিয়কে সম্মান করেছিলেন। অধিকন্তু, ইস্রায়েলে যিহোবার ভাববাদী হিসাবে তিনি এলিয়ের উত্তরসূরী হওয়ার জন্য অভিষিক্ত হয়েছিলেন। সুতরাং তার অনুরোধ স্বার্থপর ছিল না কিংবা অনুপযুক্তও ছিল না। তৎসত্ত্বেও, একমাত্র যিহোবাই এই অনুরোধ অনুমোদন করতে পারেন এটি জেনে এলিয় বিনম্রভাবে উত্তর দিয়েছিলেন: “কঠিন বর যাচ্ঞা করিলে।” তারপর তিনি আরও বলেছিলেন: “যদি তোমার নিকট হইতে নীত হইবার সময়ে আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্ত্তিবে; কিন্তু না দেখিলে বর্ত্তিবে না।”—২ রাজাবলি ২:৯, ১০; দ্বিতীয় বিবরণ ২১:১৭.
নিঃসন্দেহে ইলীশায় পূর্বের চেয়ে আরও বেশি তার প্রভুর সাথে ঘনিষ্ঠ থাকতে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন। তারপর, “অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ” আবির্ভূত হয়। ইলীশায়ের বিস্ময়াভিভূত দৃষ্টির সামনে, এলিয় ঘূর্ণবায়ুতে মিলিয়ে যান—অলৌকিকভাবে অন্য এক স্থানে স্থানান্তরিত হন।b ইলীশায় এলিয়ের আধিকারিক বস্ত্রটি তুলে নেন এবং যর্দন নদীর তীরে ফিরে যান। তিনি এই বলে জলে আঘাত করেন: “এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়?” জল বিভক্ত হয়ে যায় যা স্পষ্টভাবে এই প্রমাণ দিয়েছিল যে এলিয়ের উত্তরসূরী হিসাবে ইলীশায়ের উপর ঐশিক সমর্থন ছিল।—২ রাজাবলি ২:১১-১৪.
আমাদের জন্য শিক্ষা
যখন এলিয়ের সাথে বিশেষ পরিচর্যা করার আমন্ত্রণ করা হয়েছিল, ইলীশায় তৎক্ষণাৎই ইস্রায়েলের অন্যতম প্রধান ভাববাদীর পরিচর্যা করার জন্য তার ক্ষেত্র পরিত্যাগ করেছিলেন। স্পষ্টতই, তার কাজের কিছু ছিল ভৃত্যসুলভ, কারণ “এলিয়ের হস্তের উপরে জল ঢালিতেন” এমন একজন ব্যক্তি হিসাবে তিনি পরিচিত হয়েছিলেন।c (২ রাজাবলি ৩:১১) তৎসত্ত্বেও, ইলীশায় তার কাজকে এক সুযোগ হিসাবে দেখেছিলেন আর তাই তিনি নিষ্ঠাপূর্ণভাবে এলিয়ের পাশে ছিলেন।
আজকের দিনে ঈশ্বরের দাসেদের অনেকেই অনুরূপ আত্মত্যাগের মনোভাব দেখিয়ে থাকেন। কেউ কেউ দূরবর্তী এলাকাগুলিতে সুসমাচার প্রচার করার জন্য অথবা বেথেল পরিবারের একজন সদস্য হিসাবে সেবা করার জন্য তাদের “ক্ষেত্র,” তাদের জীবিকা পরিত্যাগ করেছে। আবার অন্যেরা সোসাইটির নির্মাণ প্রকল্পগুলিতে কাজ করার জন্য বিদেশে ভ্রমণ করেছেন। অনেকে যেগুলি হয়ত নিম্নস্তরের কাজ বলে বিবেচিত হয় তা গ্রহণ করেছেন। তথাপি, যিহোবার জন্য যারা দাসত্ব করে তাদের কারোর সম্পাদিত সেবাই তাৎপর্যহীন নয়। যারা ইচ্ছুক মনোভাব নিয়ে তাঁর সেবা করে তাদের সকলকে যিহোবা উপলব্ধি করেন আর তিনি তাদের আত্মত্যাগের মনোভাবকে আশীর্বাদ করবেন।—মার্ক ১০:২৯, ৩০.
ইলীশায় শেষ পর্যন্ত এলিয়ের পাশে ছিলেন। এমনকি যখন সুযোগ দেওয়া হয়েছিল তখনও তিনি এই প্রাচীন ভাববাদীকে পরিত্যাগ করতে অস্বীকার করেছিলেন। নিঃসন্দেহে, যে ঘনিষ্ঠ সম্পর্ক তিনি এলিয়ের সাথে গড়ে তুলেছিলেন সেটিই এই নিষ্ঠাপূর্ণ প্রেমকে সুখকর করে তুলেছিল। আজকে, ঈশ্বরের দাসেরা ঈশ্বরের সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করতে এবং তাদের সহবিশ্বাসীদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে প্রচেষ্টা করে। একতার এক ঘনিষ্ঠ বন্ধন আশীর্বাদপ্রাপ্ত হবে, কারণ যিহোবা সম্বন্ধে বাইবেল বলে: “তুমি নিষ্ঠাবানের সাথে নিষ্ঠাপূর্ণভাবে ব্যবহার করবে।”—২ শমূয়েল ২২:২৬, NW.
[পাদটীকাগুলো]
a “শিষ্য-ভাববাদিগণ” পরিভাষাটি হয়ত এই জীবনবৃত্তির জন্য আহ্বান করা হয়েছে এমন ব্যক্তিদের জন্য নির্দেশনাদানকারী বিদ্যালয় অথবা সাধারণভাবে ভাববাদীদের সহযোগী সংঘকে সূচিত করে।
b যিহূদার রাজা যিহোরামের প্রতি এলিয়ের বার্তা কিছু বছর পরে লেখা হয়েছিল।—২ বংশাবলি ২১:১২-১৫.
c একজন ভৃত্যের পক্ষে হাত ধোয়ার জন্য তার প্রভুর হাতে জল ঢালা বিশেষত খাওয়ার পর প্রথাস্বরূপ ছিল। এই অভ্যাসটি পা ধোয়ানোর প্রথার অনুরূপ ছিল যা আতিথেয়তা এবং সম্মান দেখানো আর নির্দিষ্ট কিছু সম্পর্কগুলির ক্ষেত্রে নম্রতাপূর্ণ কাজ ছিল।—আদিপুস্তক ২৪:৩১, ৩২; যোহন ১৩:৫.