অলৌকিক সুস্থতা কি আজও ঘটে?
“যীশুকে গ্রহণ করুন ও সুস্থ হোন!” এইধরনের শ্লোগানগুলি, ইভ্যানজিলিক গির্জার এক সদস্য আলেকজান্ডারকে বিশ্বাস করতে প্ররোচিত করেছিল যে তার অসুস্থতার জন্য ওষুধ গ্রহণ করা, বিশ্বাসের অভাবকে ইঙ্গিত করবে। তিনি দৃঢ়প্রত্যয়ী ছিলেন যে শুধুমাত্র তার বিশ্বাসই প্রয়োজনীয় অলৌকিক সুস্থতা আনবে। ব্রাজিলের সাও পাওলো, রাষ্ট্রে বেনিদিতা, একজন ক্যাথলিক ধর্মানুরাগী, গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যখন তিনি অ্যাপারেসিডা ডো নোরটির উপাসনার স্থানে অলৌকিক আরোগ্যের বিষয় শোনেন। অসুস্থকে সুস্থ করার ক্ষমতার জন্য বেনিদিতা, তার মাসির কাছ থেকে শেখা কিছু ঐন্দ্রজালিক শব্দ ব্যবহার করার দ্বারা কুমারী মরিয়মের অ্যাপারেসিডা, অ্যান্টোনি এবং অন্যান্য “সাধুদের” কাছে প্রার্থনা করেন।
স্পষ্টত, এমনকি এই বিংশ শতাব্দীর শেষের দিকেও, বহু লোক আজও অলৌকিক সুস্থতায় বিশ্বাস করে—কিন্তু কেন? সম্ভবত, কেউ কেউ যখন তাদের প্রিয়জন, বিশেষভাবে তাদের সন্তানদের রোগ, ব্যথা এবং দুঃখকষ্ট মুক্ত করতে চিকিৎসকেরা ব্যর্থ হয় তখন তারা নিরাশ হয়ে পড়ে। যারা দীর্ঘদিনের রোগের দ্বারা পীড়িত, তারা আধুনিক চিকিৎসার অত্যধিক ব্যয়ের পরিপ্রেক্ষিতে এটিই মনে করে যে বিশ্বাসের মাধ্যমে আরোগ্য লাভ করার চেষ্টা তাদের কোন ক্ষতিসাধন করবে না। অনেকে টেলিভিশনে দেখে বিভিন্ন গির্জাগুলি এবং ব্যক্তি বিশেষেরা এইডস, বিষণ্ণতা, ক্যান্সার, মানসিকবিকৃতি, উচ্চ রক্তচাপ এবং আরও অন্যান্য অসুস্থতাকে সুস্থ করার জন্য প্রস্তাব দিচ্ছে। এইধরনের দাবিতে তাদের বিশ্বাস থাকুক বা নাই থাকুক তারা হয়ত শেষ অবলম্বন হিসাবে তাদের দিকে ধাবিত হয়ে থাকে। এছাড়াও অনেকে আছে যারা মনে করে যে তাদের অসুস্থতা মন্দ আত্মার কারণে হয়েছে আর তাই হয়ত ভাবতে পারে যে তাদের সাহায্য করার ক্ষেত্রে রীতিগত চিকিৎসার কোন ক্ষমতা নেই।
অপরপক্ষে, এমন অনেকে রয়েছে যারা মৃত “সাধুদের” অথবা জীবিত অনুশীলনকারীর দ্বারা অলৌকিক সুস্থ হওয়ার ধারণাকে দৃঢ়ভাবে বিরোধিতা, এমনকি নিন্দা করে। জার্নাল ডা টার্ড অনুসারে, প্রতিষেধক বিশেষজ্ঞ ড্রাউসু ভ্যারেলা মনে করেন যে এই বিশ্বাস “অসতর্ক ও হতাশদের বিশ্বাসকে বিদ্রূপ করে।” তিনি আরও বলেন: “অনেকে হয়ত এইসব প্রতারণাকারীদের অলৌকিক কাজে আশা রাখার দরুন, গুরুত্বপূর্ণ চিকিৎসাকে প্রত্যাখ্যান করেছে।” এছাড়া নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ব্যাখ্যা করে: “অতীতে, রীতিবিরুদ্ধ আরোগ্যলাভ পবিত্র স্থান ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিল আর চিকিৎসা বিজ্ঞান ঐ ধরনের সমস্ত আরোগ্যকরণকে অনুকূল পরিস্থিতির অধীনে প্রভাবিত, স্বাভাবিক পদ্ধতির দ্বারাই সম্ভবত হয়েছে বলে মনে করে।” তবুও, অনেকে আছে যারা বিশ্বাস করে যে অলৌকিক কাজের মাধ্যমে তারা বাস্তবিকই সুস্থ হয়েছিল। তাদের প্রতি, আরোগ্য লাভ কার্যকারী হয়েছিল!
যারা বাইবেলের সাথে পরিচিত তারা অবগত আছে যে যীশু অনেক পরিস্থিতিতে অসুস্থদের “ঈশ্বরের মহিমায়” সুস্থ করেছিলেন। (লূক ৯:৪২, ৪৩) এইজন্য তারা হয়ত ভাবতে পারে যে ‘ঈশ্বরের ক্ষমতা কি আজও কাজ করছে এবং বর্তমানে অলৌকিক সুস্থতা ঘটাচ্ছে?’ যদি তাই হয়, তাহলে কেন অনেকের সুস্থ করার প্রচেষ্টা প্রত্যাশিত ফল আনতে ব্যর্থ হয়? এর কারণ কি তাহলে এই যে রোগীর যথেষ্ট বিশ্বাস নেই কিংবা তার দানের পরিমাণ যথেষ্ট বড় অঙ্কের নয়? একজন খ্রীষ্টানের পক্ষে কি অলৌকিক সুস্থতার চেষ্টা করা সঠিক হবে যখন সে যন্ত্রণাদায়ক অথবা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে? আর অব্যর্থ অলৌকিক সুস্থতা, যেমন যীশু সম্পাদন করেছিলেন তা কি আবার কখনও ঘটবে? আপনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর পরবর্তী প্রবন্ধে পেতে পারেন।