ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৬/১৫ পৃষ্ঠা ২৬-২৯
  • আমাদের স্থানীয় মিশনারী ক্ষেত্রটি পরিদর্শন করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের স্থানীয় মিশনারী ক্ষেত্রটি পরিদর্শন করা
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • ভাষার প্রতিবন্ধকতাকে অতিক্রম করা
  • আমাদের পরিবর্তনশীল পরিচর্যা
  • বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিগুলি
  • উজ্জ্বল সম্ভাবনাগুলি
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৬/১৫ পৃষ্ঠা ২৬-২৯

আমাদের স্থানীয় মিশনারী ক্ষেত্রটি পরিদর্শন করা

আমি খ্রীষ্টীয় মণ্ডলীর যে দলগুলি পরিদর্শন করি, তার জন্য আমাকে পর্ত্তুগাল থেকে চীন পর্যন্ত ভ্রমণ করতে হয়—অথবা এটি প্রায় সেইরকমই মনে হয়। তবুও, আমার স্ত্রী অলিভ আর আমি কখনও ব্রিটেন ত্যাগ করিনি।

আমরা দেশব্যাপী ইতস্তত ছড়িয়ে থাকা যিহোবার সাক্ষীদের বর্ধনশীল সংখ্যার বিদেশী-ভাষার মণ্ডলীগুলি পরিদর্শন করি। জার্সি দ্বীপ থেকে শুরু করে, যেটি ফ্রান্সের নরমান্ডি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ও যেখানে আমাদের একটি পর্তুগিজ দল আছে, উত্তর ইংল্যান্ডের সুন্ডারল্যান্ড শহর পর্যন্ত যেখানে আমরা আগ্রহী চিনা-ভাষী লোকেদের পরিদর্শন করি, আমরা এক সতেজ, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ, বহু-ভাষী ক্ষেত্রে অংশ নিই। কিভাবে আমরা এই অসাধারণ কার্যভার পেয়েছিলাম? আর আমাদের স্থানীয় মিশনারী ক্ষেত্রটিতে কী ঘটে চলেছে? আমাকে বর্ণনা করতে দিন।

অলিভ আর আমি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন মণ্ডলী পরিদর্শন করার দ্বারা প্রায় ২০ বছর ধরে ভ্রমণের কাজ করেছি। আমাদের ভ্রমণ আমাদের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সম্পূর্ণ ব্রিটেন এবং সম্প্রতি ভূমধ্য সাগরের মাল্টা দ্বীপে আমাদের খ্রীষ্টীয় ভাইয়েদের কাছে নিয়ে গিয়েছে যেখানে আমরা উল্লেখযোগ্য খ্রীষ্টীয় আতিথেয়তা উপভোগ করেছিলাম। (তুলনা করুন প্রেরিত ২৮:১, ২.) মাল্টায় তিন বছর অতিবাহিত হওয়ার পর আমরা ভাবতে শুরু করেছিলাম যে আমাদের পরবর্তী কার্যভার কোথায় হবে। আমরা কল্পনা করেছিলাম যে সম্ভবত আমরা এক গ্রাম্য ইংরেজ এলাকা পরিদর্শন করব এবং আমরা এই সম্ভাবনার প্রতি আমাদের মনকে সমন্বিত করতে শুরু করি। এটি কতই না আশ্চর্যের ছিল যখন আমরা এমন একটি নতুন সীমায় কাজ করার জন্য আমাদের কার্যভার গ্রহণ করি যেটি ২৩টি বিভিন্ন ভাষার দল ও মণ্ডলীগুলি নিয়ে গঠিত!

আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে মোকাবিলা করব। মাল্টায় আমাদের অভিজ্ঞতা ব্যতীত আমরা কখনও খুব বেশি বিভিন্ন পটভূমি ও সংস্কৃতির লোকেদের সংস্পর্শে আসিনি। আমরা কি প্রকৃতই তাদের উৎসাহিত করতে পারব যারা খুব ভাল ইংরাজি বোঝে না? অন্যান্য ভাষাগুলি না জেনে আমরা কিভাবে ভাববিনিময় করব? অন্যদের খাদ্য ও বৈচিত্র্যপূর্ণ প্রথাগুলি সম্বন্ধে কী? আমরা কি যথেষ্টভাবে মানিয়ে নিতে পারব? এইধরনের প্রশ্নগুলি আমাদের মনে এসেছিল যখন আমরা প্রার্থনাপূর্বক এই মাকিদনীয় আহ্বানের প্রতি সাড়া দেওয়ার বিষয়ে বিবেচনা করেছিলাম।—প্রেরিত ১৬:৯, ১০; ১ করিন্থীয় ৯:১৯-২২.

ভাষার প্রতিবন্ধকতাকে অতিক্রম করা

অলিভ ব্যাখ্যা করে, “প্রথম প্রথম আমি নিজেকে অযোগ্য বলে মনে করেছিলাম কারণ ভাষা সম্বন্ধে আমার কোন জ্ঞান ছিল না। আমি বুঝতে পারিনি যে আমি কিভাবে বোনেদের সাহায্য করতে পারি। তারপর আমি মনে করি যে কিভাবে সেই দম্পতিটি যারা প্রথমে আমাদের সাথে বাইবেল অধ্যয়ন করেছিলেন আর যারা আমাদের কোন কার্যভারকে প্রত্যাখ্যান না করার জন্য উৎসাহিত করেছিলেন। তারা আমাদের শিখিয়েছিলেন যে যিহোবা কখনও আমাদের এমন কিছু করতে বলেন না যা আমরা করতে পারি না।” সুতরাং আমরা উভয়েই ইচ্ছুকভাবে সেই কার্যভার গ্রহণ করেছিলাম।

পরে এই বিষয়ে চিন্তা করে আমরা দেখি যে আমাদের অন্য ভাষা না জানা প্রত্যেকের সাথে সমান ব্যবহার করতে আমাদের সাহায্য করেছে। উদাহরণস্বরূপ, প্রত্যেক সপ্তাহে ভিন্ন একটি ভাষায় পরিচালিত সভাগুলিতে উপস্থিত হওয়া আমাদের এই বিষয়টি উপলব্ধি করতে পরিচালিত করেছিল যে ভাইয়েরা কেমন অনুভব করত যখন তাদের ইংরাজি ভাষার সভাগুলিতে উপস্থিত হতে হত যখন যা বলা হচ্ছে সে সম্বন্ধে তারা অল্পই বুঝতে পারত। আমাদের প্রকৃতই সভাগুলির জন্য উত্তমভাবে প্রস্তুতি করতে হত যাতে করে আমরা, যা উপস্থাপিত হচ্ছে তার অর্থ আত্মস্থ করতে পারি। অলিভ সর্বদা সভায় অন্তত একটা উত্তর অবশ্যই দিত। সে ইংরাজিতে উত্তরটি প্রস্তুত করত আর এক বোনকে দিয়ে সেটি তার জন্য অনুবাদ করাত আর তারপর সে সেই অনুবাদটির শব্দোচ্চারণ লিখে নিত। সে স্বীকার করে যে মন্তব্য করার জন্য, ইতস্তত করে সে তার হাত উঠাত। কখনও কখনও তার প্রচেষ্টা হাসির উদ্রেক করত। কিন্তু এটি তাকে নিরাশ করেনি। সে বলে “আমি জানি যে আমার ভাইয়েরা আমার চেষ্টাকে উপলব্ধি করে। বস্তুতপক্ষে, আমার উত্তর দেওয়া, তাদের সভায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে যারা ওই ভাষায় কথোপকথনে অনেক বেশি পারদর্শী।”

আমার কাছে বক্তৃতা দেওয়ার বিষয়টিও ভিন্ন ছিল, কারণ আমাকে প্রত্যেক বাক্যের পর অনুবাদকের জন্য সময় দিতে হত। আমার চিন্তাধারার ধারাবাহিকতা হারিয়ে ফেলার পক্ষে এটি খুব সহজ ছিল। আমি দেখি যে আমাকে আরও অনেক বেশি মনোযোগ দিতে হবে ও ব্যাপকভাবে আমার বিষয়বস্তু সংক্ষিপ্ত করতে হবে। কিন্তু আমি এটি উপভোগ করি।

আমাদের পরিবর্তনশীল পরিচর্যা

ব্রিটেনের অনেক শহরাঞ্চলগুলিতে যারা বিদেশী ভাষাগুলিতে কথা বলে এমন লোকেরা ইতস্তত ছড়িয়ে আছে, হয়ত একটি রাস্তায় দুইজন এবং তারপর আরেকজনকে পেতে আপনাকে হয়ত বেশ কিছু দূর ভ্রমণ করতে হবে। তবুও, যখন আপনি তাদের নিজস্ব ভাষায় তাদের সম্ভাষিত করবেন আর প্রতিক্রিয়া দেখবেন তখন আপনি সেটিকে আপনার সার্থকতা বলে মনে করবেন। যদি আমার সঙ্গী ভাই গৃহকর্তার নিজস্ব ভাষায় রাজ্যের বার্তা উপস্থিত করেন, তাহলে তার প্রতিক্রিয়া প্রায়ই অভিভূতকারী আনন্দদায়ক হয়।

সত্যই, বিদেশী-ভাষার ক্ষেত্রে পরিচর্যা এক অন্যতম উত্তেজনাপূর্ণ বিষয় যা আমরা আমাদের ৪০ বছরের রাজ্য সেবার কাজে উপভোগ করেছি। বৃদ্ধির সম্ভাবনা অত্যধিক। কোন সন্দেহ নেই যে অনেক লোকেরা অনেক বেশি তাড়াতাড়ি ও গভীর উপলব্ধিবোধের সাথে শেখে যখন তাদের মাতৃভাষায় তাদেরকে শেখান হয়। (প্রেরিত ২:৮, ১৪, ৪১) সভার শেষে ভাই ও বোনেদের আনন্দে অশ্রুপাত করতে দেখা আবেগগতভাবে খুবই মর্মস্পর্শী আর তা কিছু ক্ষেত্রে প্রথমবার সমস্ত কার্যক্রমটি শোনা ও বুঝতে পারায়।

গৃহ থেকে গৃহে প্রচার করার সময় আমরা গৃহকর্তার ভাষায় অন্তত একটি ভূমিকা উপস্থাপন করার প্রচেষ্টা করতাম যদিও এমনকি কখনও কখনও আমরা নিজেদের কিছুটা অসুবিধাকর পরিস্থিতির মধ্যে দেখতে পেতাম। উদাহরণস্বরূপ, একজন গুজরাটি গৃহকর্তার জন্য সাধারণ সম্ভাষণ হল কেমছো যা সাধারণভাবে বোঝাত “কেমন আছেন।” একবার স্পষ্টতই ভুলভাবে আমি যা বলেছিলাম তা শুনতে এমন লেগেছিল যে আমি যেন একটা সুপরিচিত নামের কফির বিজ্ঞাপন দিচ্ছি। তৎসত্ত্বেও, একটি ঘরে এক স্বামী ও স্ত্রী হেসেছিলেন যখন আমি তাদের গুজরাটিতে সম্ভাষণ করেছিলাম। তারা তৎক্ষণাৎ আমাদের ভিতরে আমন্ত্রণ করেছিলেন ও আমাদের কফি পান করতে দিয়েছিলেন—কোন ভুল উচ্চারণের জন্য নয়। পরে এটি জানা গিয়েছিল যে, যিহোবার সাক্ষীদের যে দলটিকে আমরা পরিদর্শন করতে এসেছিলাম এরা তাদের মধ্যে কয়েকজনের আত্মীয় আর তারা সত্যের প্রতি এক অকৃত্রিম আগ্রহ দেখিয়েছিলেন।

একজন ইংরাজি ভাষী বোন এক চিনা ভাষী মহিলার কাছে অনেক বছর ধরে প্রায়ই পত্রিকা দিয়ে আসছিলেন। তিনি প্রায়ই সেই মহিলাকে একটি গৃহ বাইবেল অধ্যয়নের জন্য প্রস্তাব করেছিলেন কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়েছিল। একদিন এক বোন যিনি চিনা ভাষা শিখছিলেন তার সাথে যান ও সেই ভাষায় আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন নামক বইটি অর্পণ করেন যেটি সেই আগ্রহী গৃহকর্ত্রী উৎসুকভাবে গ্রহণ করেন।a এখন তার নিজস্ব ভাষায় বইটি পাওয়ায় তিনি একটি বাইবেল অধ্যয়নের জন্য সম্মত হন। সেই অল্প কিছু কথাই সেই মহিলার নিজস্ব ভাষায় বলা এই সমস্ত পরিবর্তন নিয়ে এসেছিল।

বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিগুলি

আমরা বুঝতে পারিনি যে কিছু সংস্কৃতিতে পুরুষেরা পছন্দ করে না যে তাদের ঘরের স্ত্রীলোকেরা রাতে একাকী বাইরে যায়। এটি অনেক বোনেদের জন্য সন্ধ্যায় অনুষ্ঠিত সভাগুলিতে উপস্থিত হওয়াকে খুবই কঠিন করে তুলেছিল। এশিয়ার কিছু কিছু সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে যে, যুবতী স্ত্রীলোকেরা যারা বিবাহ না করা ও ঘরেতেই থাকার সিদ্ধান্ত নেয় তারা পরিবারকে লজ্জাস্পদ করে। একজন যুবতী বোনের বাবা নিজে বিষ খেতে চেয়েছিল যখন পরিবার তার জন্য যাকে নির্বাচন করেছে তার সাথে বিবাহ করাকে সে প্রত্যাখ্যান করেছিল। হ্যাঁ, এই সমস্ত বোনেদের যা সহ্য করতে হয়েছে তা সত্যই উল্লেখনীয়! তবুও, যখন আপনি পরিবারের জীবনে সত্য যে প্রভাব ফেলে এবং যিহোবার প্রতি বোনেদের নিষ্ঠা পিতামাতাকে যেভাবে প্রভাবিত করে তা দেখেন, তা সত্যই অপূর্ব।

এই কার্যভারটিকে গ্রহণ করায় আমাদের কিছু পরিবর্তন করতে হয়েছে। ভ্রমণ কার্য শুরু করার পূর্বে আমার খাদ্য ছিল সাধারণ ইংরাজি ধারার কিন্তু এখন যতই মশলা দেওয়া হয় ততই ভাল। আমরা দুঃখ প্রকাশ করি যে এইরকম বিভিন্ন রন্ধনপ্রণালী উপভোগ করতে শুরু করার আগে আমরা অনেক বছর কাটিয়ে দিয়েছি—কাঁচা মাছ থেকে শুরু করে তরকারি পর্যন্ত।

উজ্জ্বল সম্ভাবনাগুলি

স্পষ্টই এটি মনে হয় যে অনেক এলাকার বিদেশী-ভাষার ক্ষেত্র প্রস্ফুটিত হওয়ার জন্য এখনই উপযুক্ত সময়। বিভিন্ন ভাষাগুলিতে আরও আরও প্রকাশনাগুলি এখন প্রাপ্তিসাধ্য। নতুন মণ্ডলীগুলি সংগঠিত হওয়ার সাথে আপনি যিহোবার আশীর্বাদ অনুভব করতে পারবেন। অন্যান্য ভাষায় জ্ঞান আছে এমন ভাইয়েরা দূর প্রান্ত থেকে সাহায্যের জন্য আসছেন।

ফ্রান্সে রাজ্য সুসমাচার প্রচারের প্রতি সাড়া এক উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ। সাম্প্রতিক বছরগুলিতে জাইর ও আফ্রিকার অন্যান্য দেশগুলি থেকে অনেক ফ্রেঞ্চ ভাষাভাষী শরণার্থীরা ব্রিটেনে এসেছে। যখন লণ্ডনে প্রথম ফ্রেঞ্চ ভাষার মণ্ডলীটি গঠিত হয়েছিল তখন প্রায় ৬৫ জন রাজ্য ঘোষণাকারী সম্মিলিত হয়েছিলেন। এক বছর পরে সেই সংখ্যা ১১৭-তে বৃদ্ধি পেয়েছিল আর এদের মধ্যে ৪৮ জন নিয়মিত অগ্রগামী হিসাবে পূর্ণ-সময়ের সেবা করেছিল। শীঘ্রই বর্ধনশীল আগ্রহের প্রতি যত্ন নিতে দ্বিতীয় মণ্ডলীটি স্থাপিত হয়েছিল। এখন আগ্রহী ব্যক্তিদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া যেতে পারে যাদের ৩৪৫ জন ১৯৯৫ সালের স্মরণার্থক সভা উদ্‌যাপনে উপস্থিত হয়েছিল। পূর্বতন গিলিয়েড স্নাতকেরা যারা বেনিন, কোট ডিভয়ার, মরক্কো এবং জাইরে সেবা করেছিলেন এখন তারা এই বর্ধনশীল ক্ষেত্রের জন্য যত্ন নিতে তাদের অভিজ্ঞতা ব্যবহার করেন আর তার প্রতিক্রিয়া হয় বিস্ময়কর।

ফ্রেঞ্চ মণ্ডলীতে একবার পরিদর্শন করার সময়ে একটি আফ্রিকাবাসী যুবতী স্ত্রীলোকের সাথে বাইবেল অধ্যয়নের সময় আমি সাথে গিয়েছিলাম। যখন আমরা চলে আসছিলাম সেই যুবতী স্ত্রীলোকটি চিৎকার করে বলেছিল “দয়া করে চলে যাবেন না। আরও কিছুক্ষণ থাকুন।” সে আরও কিছু জানতে চেয়েছিল। সে আমাকে প্রথম-শতাব্দীর লুদিয়ার কথা মনে করিয়ে দিয়েছিল।—প্রেরিত ১৬:১৪, ১৫.

আমাদের প্রাথমিক কাজ ছিল ছোট ছোট বিদেশী-ভাষার দলগুলিকে মণ্ডলীতে পরিণত করতে সাহায্য করা। যেখানে ভাইয়েরা মণ্ডলীর সাপ্তাহিক বুকস্টাডি পরিচালিত করত, আমরা তাদের জন্য মাসে একবার সংক্ষিপ্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করতে শুরু করি। এটি ক্ষেত্র পরিচর্যায় তাদের নিজেদের উত্তমভাবে প্রকাশ করতে সাহায্য করে। তারপর ক্রমশ তারা মণ্ডলীর পাঁচটি সাপ্তাহিক সভাগুলি পরিচালনা করার জন্য কার্যকারী হতে থাকে। ইতিমধ্যেই আমাদের নতুন মণ্ডলীগুলি রয়েছে যারা ওয়েল্স গুজরাটি, চিনা (ক্যানটোনিজ), জাপানী, পর্তুগীজ, পাঞ্জাবী, ফ্রেন্চ, এবং তামিল ভাষায় কথা বলে।

আমরা বধির ভাইয়েদের সভাগুলিতে উপস্থিত হওয়ার সুযোগও উপভোগ করেছিলাম। ভাইয়েদের তাদের হাত দিয়ে গান করতে দেখা ভীষণ প্রেরণাদায়ক। তারা তাদের পরিচর্যায় অঙ্গভঙ্গির দ্বারা কথা বলে এটি উপলব্ধি করে আমি রাজ্য প্রচার কাজে অংশগ্রহণের জন্য তাদের অপূর্ব প্রচেষ্টাকে সম্মান করি। যারা বধির ও অন্ধ উভয়ই তাদের জন্য এমনকি সেখানে সংকেত ব্যবহারকারীও রয়েছে। মনে হয় যেন যিহোবা এটি নিশ্চিত করেন যে একজনও যেন বাদ না পড়ে।

যদি আমাদের কোন নির্দিষ্ট অনুরোধ করতে হয়, তাহলে সেটিও সেইরূপ হবে যেমন যীশু করেছিলেন: “শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।” (মথি ৯:৩৮) আমাদের অনেক ভাইয়েরা তাদের মণ্ডলীর এলাকার উপজাতীয় ভাষাগুলি শিখবার প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করছেন। যদিও আমরা বিভিন্ন ভাষায় কথা বলার জন্য অলৌকিকভাবে বরপ্রাপ্ত নই, যিহোবা নিশ্চিতভাবেই এই স্থানীয় মিশনারী ক্ষেত্রে পরিচর্যার দ্বার খুলে দিচ্ছেন—এমন এক ক্ষেত্র যা শস্যচ্ছেদনের জন্য পক্ব। (যোহন ৪:৩৫, ৩৬)—কোলিন সীমোর দ্বারা কথিত।

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার