ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৪/১ পৃষ্ঠা ২০-২৫
  • আমি রুমানিয়াতে বাইবেলের সত্য শিখেছিলাম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমি রুমানিয়াতে বাইবেলের সত্য শিখেছিলাম
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কষ্টকর সময়
  • বাইবেলের সত্যের জন্য আমার আকাঙ্ক্ষা
  • রুমানিয়ায় বাইবেল সত্য ছড়িয়ে পড়ে
  • যুক্তরাষ্ট্রতে
  • যুক্তরাষ্ট্রে আমাদের প্রাথমিক পরিচর্যা
  • যে সংশোধনের আমার প্রয়োজন ছিল
  • আর্থিক মন্দার সময়ে ব্যবস্থাপন করা
  • আমাদের বিশ্বাসকে বজায় রাখা
  • রুমানিয়াতে আমাদের বিশ্বস্ত পরিবার
  • সত্য এখনও আমার কাছে মহামূল্যবান
  • অতুলনীয় আনন্দ!
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনেক দেশে জ্যোতি ছড়িয়ে দেওয়া
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • হৃদয়বিদারক বিচ্ছেদ সত্ত্বেও আনন্দিত এবং কৃতজ্ঞ
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সেবায় এক সমৃদ্ধ জীবন
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৪/১ পৃষ্ঠা ২০-২৫

আমি রুমানিয়াতে বাইবেলের সত্য শিখেছিলাম

গোল্ডী রোমোশিয়ান দ্বারা কথিত

১৯৭০ সালে, প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবার আমি রুমানিয়াতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করি। জনগণ পীড়নকর সাম্যবাদ শাসনব্যবস্থার অধীনে বাস করত আর তাই আমি কী বলি সেই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আমাকে ক্রমাগত সাবধান করে দেওয়া হয়েছিল। তারপরে, যখন আমি আমার নিজের গ্রামের সরকারি কার্যালয়ে দাঁড়াই, সরকারি আধিকারিকেরা আমাকে তৎক্ষণাৎই দেশ ত্যাগ করতে বলেন। কেন, তা ব্যাখ্যা করার পূর্বে, আমাকে বলতে দিন কিভাবে আমি রুমানিয়ায় বাইবেলের সত্য শিখেছিলাম।

১৯০৩ সালে, ৩রা মার্চ, জালাউ শহরের কাছে রুমানিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে অরটেলীক গ্রামে আমি জন্মগ্রহণ করি। আমরা সুন্দর পরিবেশের মধ্যে বাস করতাম। জল এবং বাতাস ছিল পরিষ্কার। আমরা আমাদের নিজেদের খাদ্য উৎপাদন করতাম এবং বস্তুগত দিক দিয়ে কোন কিছুরই অভাব ছিল না। আমার শৈশবকালে দেশে শান্তি ছিল।

লোকেরা খুবই ধর্মনিষ্ঠ ছিল। বস্তুতপক্ষে, আমাদের পরিবার তিনটি ভিন্ন ধর্মে বিভক্ত ছিল। আমার এক ঠাকুরমা গোঁড়া ক্যাথলিক ছিলেন, আমার দিদিমা ছিলেন এডভান্টিস্ট, এবং আমার বাবামা ছিলেন ব্যাপ্টিস্ট। যেহেতু আমি তাদের ধর্মগুলির কোনটির সাথেই একমত হইনি, তাই আমার পরিবার বলেছিল যে আমি নাস্তিক হয়ে যাব। আমি চিন্তা করি, ‘যদি একজন ঈশ্বর থাকেন, তাহলে শুধু একটিমাত্র ধর্ম থাকা উচিত—একটি পরিবারের মধ্যে তিনটি নয়।’

ধর্মের মধ্যে আমি যা কিছু দেখেছিলাম, তা আমাকে ভীষণভাবে বিক্ষুব্ধ করেছিল। উদাহরণস্বরূপ, পাদ্রি গির্জার চাঁদা সংগ্রহ করার জন্য বাড়িতে সাক্ষাৎ করতেন। যখন লোকেদের কাছে দেওয়ার মত টাকা থাকত না, তার পরিবর্তে তিনি তাদের সবচেয়ে ভাল পশমী কম্বলগুলি নিয়ে যেতেন। ক্যাথলিক গির্জায়, আমি ঠাকুরমাকে মরিয়েমের ছবির সামনে হাঁটু পেতে প্রার্থনা করতে দেখেছি। ‘কেন একটি ছবির কাছে প্রার্থনা করা?’ আমি চিন্তা করি।

কষ্টকর সময়

১৯১২ সালে বাবা একটি ঋণ পরিশোধ করার জন্য অর্থ উপার্জন করতে যুক্তরাষ্ট্রে যান। অনতিকাল পরে সহসা যুদ্ধ আরম্ভ হয় এবং আমাদের গ্রামের পুরুষেরা যুদ্ধে যায়—কেবলমাত্র স্ত্রীলোকেরা, ছোটরা আর বৃদ্ধ লোকেরা থেকে যায়। আমাদের গ্রাম কিছু সময়ের জন্য হাঙ্গেরীয় শাসনাধীনে আসে, কিন্তু তারপর রুমানিয় সৈন্যেরা ফিরে আসে এবং পুনরায় গ্রামটি দখল করে নেয়। তারা সেই মুহূর্তে আমাদের গ্রাম ত্যাগ করতে আদেশ দেয়। কিন্তু, জিনিসপত্র এবং ছোট সন্তানদের একটি গোরুর গাড়িতে ওঠানোর তাড়াহুড়ো ও বিশৃঙ্খলায় আমি পিছনে পড়ে থাকি। আপনারা বুঝতে পারছেন, আমি পাঁচটি সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিলাম।

আমি এক প্রতিবেশীর কাছে দৌড়ে যাই, একজন বৃদ্ধলোক যিনি সেখানে থেকে গিয়েছিলেন এবং তিনি বলেন: “বাড়ি যাও, তোমার দরজাগুলিতে তালা লাগাও এবং কাউকে ভিতরে ঢুকতে দিও না।” আমি সঙ্গে সঙ্গে তাই করি। কিছু মুরগীর ঝোল এবং বাঁধাকপির তরকারি যা প্রস্থানের সময় তাড়াহুড়ো করে ছেড়ে যাওয়া হয়েছিল তা খাওয়ার পর, আমি বিছানায় হাঁটু পেতে বসি এবং প্রার্থনা করি। শীঘ্রই আমি গভীরভাবে ঘুমিয়ে পড়ি।

যখন আমি আমার চোখ খুলি, তখন দিনের আলো ছিল আর আমি বলি: “ওহ্‌, ঈশ্বর, তোমাকে ধন্যবাদ! আমি জীবিত!” সমস্ত রাত্রি গুলি চলতে থাকায়, দেওয়াল গুলির ছিদ্রে ভরে গিয়েছিল। পরবর্তী গ্রামে মা যখন বুঝতে পারেন যে আমি তাদের সাথে নেই, তিনি যুবক জর্জ রোমোশিয়ানকে পাঠিয়ে দেন, যে আমাকে খুঁজে পায় এবং ফিরিয়ে নিয়ে যায়। শীঘ্রই আমরা আমাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে পারি এবং সেখানে পুনরায় বাস করতে শুরু করি।

বাইবেলের সত্যের জন্য আমার আকাঙ্ক্ষা

আমার মা আমার জন্য চেয়েছিলেন যে, আমি যেন ব্যাপ্টিস্ট হিসাবে বাপ্তাইজিত হই, কিন্তু আমি তা করতে চাইনি কারণ আমি বিশ্বাস করতে পারিনি যে একজন প্রেমময় ঈশ্বর মানুষদের অনন্তকাল ধরে নরকে পোড়াবেন। ব্যাখ্যা করার চেষ্টা করে মা বলেন: “বেশ, যদি তারা মন্দ হয়।” কিন্তু আমি উত্তর দিই: “যদি তারা মন্দ হয়, তাহলে তাদের মেরে ফেলা হোক, কিন্তু তাদের নির্যাতন দেওয়া নয়। আমি এমনকি একটি কুকুর অথবা একটি বিড়ালের উপরও নির্যাতন করব না।”

আমার মনে আছে একটি সুন্দর বসন্তের দিনে, যখন আমার বয়স ১৪ বছর ছিল, মা আমাকে গোরুগুলি চরাবার জন্য নিয়ে যেতে বলেন। আমি যখন একটি নদীর পাশে ঘাসের উপরে শুয়েছিলাম, যার পিছনে একটি বন ছিল, আমি আকাশের দিকে তাকাই এবং বলি: “ঈশ্বর, আমি জানি তুমি আছ; কিন্তু আমি এই ধর্মগুলির কোনটিই পছন্দ করি না। তোমার অবশ্যই একটি উত্তম ধর্ম আছে।”

আমি প্রকৃতই বিশ্বাস করি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন, কারণ ১৯১৭ সালের সেই গ্রীষ্মেই, দুই জন বাইবেল ছাত্র (যিহোবার সাক্ষীরা তখন যে নামে পরিচিত ছিল) আমাদের গ্রামে আসে। তারা ধর্মপুস্তক বিক্রেতা অথবা পূর্ণ-সময়ের পরিচারক ছিল এবং তারা সভা চলাকালীন সময়ে ব্যাপ্টিস্ট গির্জায় আসে।

রুমানিয়ায় বাইবেল সত্য ছড়িয়ে পড়ে

কয়েক বছর পূর্বে, ১৯১১ সালে, ক্যারোল স্যাবো এবং যোসিফ কিস্‌, যারা যুক্তরাষ্ট্রে বাইবেলের ছাত্র হয়েছিল, তারা বাইবেল সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রুমানিয়ায় ফিরে আসে। তারা তিরগু-মুরেসে স্থায়ীভাবে বাস করতে শুরু করে, যা আমাদের গ্রামের দক্ষিণ-পূর্বে ১৬০ কিলোমিটারের থেকে কম দূরত্বে অবস্থিত। অল্প কয়েক বছরের মধ্যে প্রকৃতপক্ষে শত শত লোক রাজ্যের সংবাদে সাড়া দেয় এবং খ্রীষ্টীয় পরিচর্যাকে গ্রহণ করে।—মথি ২৪:১৪.

যখন আমাদের অরটেলীক গ্রামে দুই জন যুবক বাইবেলের ছাত্র ব্যাপ্টিস্ট গির্জায় আসে, জর্জ রোমোশিয়ান যদিও তার বয়স মাত্র ১৮ বছর ছিল, সে গির্জার সভা পরিচালনা করছিল এবং রোমীয় ১২:১ পদের অর্থ ব্যাখ্যা করতে চেষ্টা করছিল। অবশেষে, একজন যুবক ধর্মপুস্তক বিক্রেতা উঠে দাঁড়ায় এবং বলে: “ভাইয়েরা, বন্ধুরা, প্রেরিত পৌল আমাদের এখানে কী বলতে চেষ্টা করেছেন?”

যখন আমি তা শুনি, আমি খুবই উত্তেজিত হই। আমি চিন্তা করি, ‘এই লোকেরা অবশ্যই কিভাবে বাইবেল ব্যাখ্যা করতে হয় তা জানে।’ কিন্তু যারা উপস্থিত ছিল তাদের অধিকাংশই চিৎকার করে ওঠে: “মিথ্যা ভাববাদী! আমরা জানি আপনারা কারা!” হৈচৈ চলতে থাকে। কিন্তু তখন জর্জের বাবা উঠে দাঁড়ান এবং বলেন: “আপনারা সকলে চুপ করুন! এটি কিধরনের মনোভাব—এটি কি মাতলামী থেকে এসেছে? যদি এই লোকেদের আমাদের কাছে কিছু বলার থাকে এবং যদি আপনারা শুনতে না চান, আমি এদেরকে আমার গৃহে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে কেউ আসতে চান, সাদরে আমন্ত্রিত।”

উত্তেজিতভাবে, আমি দৌড়ে বাড়িতে যাই এবং যা যা ঘটেছিল মাকে তা বলি। আমি তাদের মধ্যে একজন ছিলাম যে রোমোশিয়ানের বাড়িতে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিল। সেই সন্ধ্যায় অগ্নিময় নরক বলে কিছু নেই তা বাইবেল থেকে শিখে এবং আমার নিজস্ব রুমানিয় বাইবেলে ঈশ্বরের নাম যিহোবা দেখে আমি কতই না রোমাঞ্চিত হই! এই ধর্মপুস্তক বিক্রেতা রোমোশিয়ানদের বাড়িতে প্রত্যেক রবিবারে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য একজন বাইবেল ছাত্রের আসার ব্যবস্থা করেন। এর পরবর্তী গ্রীষ্মকালে, ১৫ বছর বয়সে, আমি যিহোবার কাছে আমার উৎসর্গের প্রতীক হিসাবে বাপ্তিস্মিত হই।

কালক্রমে, বস্তুতপক্ষে সম্পূর্ণ প্রোডান পরিবার এবং রোমোশিয়ান পরিবারের সকলে বাইবেল সত্য গ্রহণ করে এবং যিহোবার কাছে তাদের জীবন উৎসর্গ করে। আমাদের গ্রামের আরও অনেকেই তদ্রূপ করে তার মধ্যে সেই অল্পবয়স্ক দম্পতি ছিল যাদের গৃহ পূর্বে ব্যাপ্টিস্ট গির্জারূপে ব্যবহৃত হত। পরবর্তীকালে তারা সেই গৃহটিকে বাইবেল ছাত্রদের অধ্যয়নের জন্য মিলিত হওয়ার স্থানে পরিবর্তিত করে। শাস্ত্রীয় সত্য দ্রুত পার্শ্ববর্তী গ্রামগুলিতে ছড়িয়ে পড়ে এবং ১৯২০ সালের মধ্যে রুমানিয়াতে প্রায় ১,৮০০ জন রাজ্যের প্রকাশক ছিল!

যুক্তরাষ্ট্রতে

আমরা যা শিখেছিলাম তা আমার বাবা পিটার প্রোডানের সাথে বন্টন করে নিতে অতি উৎসুক ছিলাম। কিন্তু বিস্ময়করভাবে, আমাদের লেখার পূর্বেই, আমরা তার কাছ থেকে একটি চিঠি পাই যেটি আমাদের জানায় যে তিনি যিহোবার একজন বাপ্তাইজিত দাস হয়েছেন। তিনি ওহাইওর, আকরনের বাইবেল ছাত্রদের সাথে অধ্যয়ন করেছেন এবং তিনি চেয়েছিলেন আমরা যেন সকলে গিয়ে তার সাথে যুক্তরাষ্ট্রে মিলিত হই। কিন্তু, মা রুমানিয়া পরিত্যাগ করতে অস্বীকার করেন। সুতরাং, ১৯২১ সালে, আমার কাছে পাঠান বাবার টাকা ব্যবহার করে, আমি আকরনে তার সাথে মিলিত হই। জর্জ রোমোশিয়ান এবং তার ভাই ইতিমধ্যেই আগের বছর যুক্তরাষ্ট্রে চলে যায়।

আমি যখন জাহাজে করে নিউ ইয়র্ক, ইলিস দ্বীপে পৌঁছাই, অভিবাসন আধিকারিকেরা জানতেন না আমার নাম উরেলা কিভাবে ইংরাজিতে অনুবাদ করতে হয়, সুতরাং তারা বলেন: “আপনি গোল্ডী।” তখন থেকে আমার এই নামই চলে আসছে। তার অল্পদিন পরেই ১৯২১ সালে, ১লা মে, জর্জ রোমোশিয়ান এবং আমি বিবাহ করি। এক বছর অথবা প্রায় এইরকমই সময় পরে, বাবা রুমানিয়ায় ফিরে যান এবং ১৯২৫ সালে আমার ছোট বোন মেরীকে নিয়ে আকরনে ফিরে আসেন। তারপর বাবা, মা এবং পরিবারের বাকি সদস্যদের সাথে থাকার জন্য রুমানিয়ায় ফিরে যান।

যুক্তরাষ্ট্রে আমাদের প্রাথমিক পরিচর্যা

জর্জ যিহোবার অত্যন্ত নিষ্ঠাবান, উৎসর্গীকৃত দাস ছিল। ১৯২২ থেকে ১৯৩২ সালের মধ্যে, আমরা চারটি সুন্দরী মেয়ের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হই—ইষ্টের, অ্যান, গোল্ডী এলিজাবেথ এবং আইরীন। আকরনে একটি রুমানিয় মণ্ডলী শুরু হয়েছিল এবং প্রথম দিকে সভাগুলি আমাদের গৃহে অনুষ্ঠিত হত। কালক্রমে, বাইবেল ছাত্রদের বিশ্ব প্রধান কার্যালয় নিউ ইয়র্ক, ব্রুকলিন থেকে একজন প্রতিনিধি প্রত্যেক ছয় মাসে একবার আমাদের মণ্ডলী পরিদর্শন করতেন এবং আমাদের সাথে থাকতেন।

অনেক রবিবারে আমরা সম্পূর্ণ দিন প্রচার কাজে ব্যয় করতাম। আমরা আমাদের বইয়ের ব্যাগগুলি এবং দুপুরের খাবার গুছিয়ে নিতাম, মেয়েদের আমাদের মডেল টি ফোর্ড গাড়িতে নিতাম এবং দিনটি গ্রাম্য এলাকায় প্রচার করে ব্যয় করতাম। তারপর সন্ধ্যাবেলায়, আমরা প্রহরীদুর্গ পাঠে যোগ দিতাম। আমাদের মেয়েরা প্রচার কাজকে ভালবাসতে শুরু করে। ১৯৩১ সালে, আমি কলম্বাস ওহাইওতে উপস্থিত ছিলাম, যখন বাইবেল ছাত্রেরা তাদের স্বাতন্ত্র্যসূচক নাম যিহোবার সাক্ষী গ্রহণ করে।

যে সংশোধনের আমার প্রয়োজন ছিল

কিছু বছর পর, আমি ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির তৎকালীন সভাপতি যোসেফ এফ. রাদারফোর্ডের উপর ক্রুদ্ধ হই। একজন নতুন সাক্ষী মনে করে যে ভাই রাদারফোর্ড তার কথা ভাল করে না শুনে তার সাথে অন্যায় ব্যবহার করেছেন। আমি মনে করি যে ভাই রাদারফোর্ডই ভুল ছিলেন। এক রবিবার আমার বোন মেরী এবং তার স্বামী ড্যান পেস্ট্রুই আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে। রাতের খাবারের পর ড্যান বলে: “চল সভাতে যাওয়ার জন্য প্রস্তুত হই।”

আমি বলি “আমরা আর সভাগুলিতে যাই না। আমরা ভাই রাদারফোর্ডের উপর ক্রোধান্বিত।”

ড্যান তার দুই হাত পিছনের দিকে চেপে ধরে পায়চারি করতে থাকে এবং তারপর বলে: “যখন তুমি বাপ্তাইজিত হয়েছিলে, তখন ভাই রাদারফোর্ডকে কি তুমি জানতে?”

আমি উত্তর দিই, “অবশ্যই না। তুমি জান আমি রুমানিয়াতে বাপ্তাইজিত হয়েছিলাম।”

“তুমি কেন বাপ্তাইজিত হয়েছিল?” সে জিজ্ঞাসা করে।

“কারণ আমি শিখেছিলাম যে যিহোবা হলেন সত্য ঈশ্বর এবং তাঁকে সেবা করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গীকৃত করতে চেয়েছিলাম,” আমি উত্তর দিই।

সে উত্তর দেয় “কখনও এটি ভুলে যেও না! যদি ভাই রাদারফোর্ড সত্য ছেড়ে যান, তুমিও কি ছেড়ে যাবে?”

“কখনও না, কখনও না!” আমি বলি। এটি আমাকে সচেতনায় ফিরিয়ে নিয়ে আসে এবং আমি বলি: “প্রত্যেকে সভাতে যাওয়ার জন্য প্রস্তুত হও।” আর তখন থেকে আমরা কখনও তা বন্ধ করিনি। আমার ভগ্নীপতির প্রেমময় সংশোধনের জন্য আমি যিহোবার কাছে কতই না কৃতজ্ঞ!

আর্থিক মন্দার সময়ে ব্যবস্থাপন করা

১৯৩০ এর দশকে আর্থিক মন্দা চলাকালে সময়টি কঠিন ছিল। একদিন কর্মস্থল থেকে জর্জ খুবই মনমরা অবস্থায় বাড়ি ফিরে, আমাকে জানায় যে রাবার কারখানার চাকুরি থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আমি বলি, “কোন চিন্তা কর না, স্বর্গে আমাদের ধনবান পিতা আছেন এবং তিনি আমাদের পরিত্যাগ করবেন না।”

সেই দিনই জর্জের তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয় যার কাছে একটি বড় ঝুড়ি ভরতি ছত্রাক ছিল। যখন জর্জ জানতে পারে যে তার বন্ধু কোথা থেকে এগুলিকে তুলেছে, তখন সে প্রচুর পরিমাণে ছত্রাক নিয়ে বাড়ি আসে। তারপর সে আমাদের শেষ তিন ডলার ছোট ঝুড়ি ক্রয় করতে ব্যয় করে। আমি জিজ্ঞাসা করি, “তুমি কী করে তা করতে পারলে, যখন আমাদের ছোট ছোট মেয়েরা আছে যাদের দুধের প্রয়োজন?”

সে উত্তর দেয়, “কিছু ভেব না, আমি যা বলি ঠিক তাই কর।” পরবর্তী কয়েক সপ্তাহে, আমাদের গৃহে ছত্রাক পরিষ্কার এবং প্যাকেট করার একটি ছোট কারখানা গড়ে ওঠে। সেগুলিকে আমরা রুচিসম্পন্ন রেস্তরাঁগুলিতে বিক্রি করি এবং দিনে ৩০ থেকে ৪০ ডলার ঘরে নিয়ে আসি, যখন তা আমাদের কাছে এক সৌভাগ্যস্বরূপ ছিল। যে কৃষক তার জমি থেকে ছত্রাক তোলার জন্য আমাদের অনুমতি দিয়েছিলেন তিনি বলেন যে ২৫ বছর ধরে তিনি সেখানে বাস করছেন আর এত ছত্রাক কখনও হতে দেখেননি। শীঘ্রই রাবার কারখানা জর্জকে কাজে ফিরে যাওয়ার জন্য ডাকে।

আমাদের বিশ্বাসকে বজায় রাখা

১৯৪৩ সালে আমরা ক্যালিফোর্ণিয়ার লস্‌ এঞ্জেলসে যাই এবং চার বছর পর আমরা এলসাইনোরে স্থায়ীভাবে বসবাস শুরু করি। আমরা সেখানে একটি মুদির দোকান খুলি এবং আমাদের পরিবারের সকলে পালাক্রমে সেখানে কাজ করি। ঐ সময়ে, এলসাইনোর প্রায় ২,০০০ জনের একটি ছোট শহর ছিল এবং আমাদের খ্রীষ্টীয় সভাগুলির জন্য ৩০ কিলোমিটার দূরে আরেকটি শহরে যেতে হত। ১৯৫০ সালে এলসাইনোরে একটি ছোট মণ্ডলী গঠিত হতে দেখে আমি কত আনন্দিত হয়েছিলাম! এখন সেই একই এলাকায় ১৩টি মণ্ডলী রয়েছে।

১৯৫০ সালে আমাদের মেয়ে গোল্ডী এলিজাবেথ (যাকে অধিকাংশ ব্যক্তিরাই এখন বেথ বলে জানে) নিউ ইয়র্ক, সাউথ লেনসিংয়ে, ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েড থেকে স্নাতক হয় এবং মিশনারী হিসাবে ভেনিজুয়েলায় নিয়োজিত হয়। ১৯৫৫ সালে আমাদের ছোট মেয়ে আইরীন খুশি হয় যখন তার স্বামী সীমা কাজে ভ্রমণ পরিচারক হিসাবে সেবা করতে আমন্ত্রিত হয়। তারপর ১৯৬১ সালে, নিউ ইয়র্ক, দক্ষিণ লেনসিংয়ে রাজ্যের পরিচর্যা স্কুলে যোগদানের পর, তাদের থাইল্যান্ডে পাঠানো হয়। কখনও কখনও আমি আমার মেয়েদের অভাব এতই অনুভব করি যে আমি কাঁদি, কিন্তু তখন আমি ভাবি, ‘এটিই আমি চেয়েছিলাম যে তারা করুক।’ সুতরাং আমি আমার বইয়ের ব্যাগ নিই এবং প্রচার কাজে বের হই। আমি সর্বদাই আনন্দের সাথে বাড়ি ফিরে আসি।

১৯৬৬ সালে আমার প্রিয় স্বামী জর্জ হৃদরোগে আক্রান্ত হয়। বেথ, যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে ভেনিজুয়েলা থেকে ফিরে আসে, তাকে যত্ন নিতে সাহায্য করে। পরের বছরই জর্জ মারা যায় এবং আমি সেই বিষয়টির দ্বারা সান্ত্বনাপ্রাপ্ত হই যে সে যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল এবং তার স্বর্গীয় পুরস্কার লাভ করে। এরপর বেথ পরিচর্যার জন্য স্পেনে ফিরে যায় যেখানে রাজ্যের প্রচারকদের অধিক প্রয়োজন ছিল। আমার বড় মেয়ে ইষ্টের ক্যানসারে অসুস্থ হয়ে পড়ে এবং ১৯৭৭ সালে মারা যায় এবং ১৯৮৪ সালে, অ্যান লিউকোমিয়ার ফলে মারা যায়। প্রত্যেকেই তাদের সারা জীবনে যিহোবার বিশ্বস্ত দাস ছিল।

অ্যানের মৃত্যুর সময়, বেথ এবং আইরীন তাদের বিদেশের প্রচার কার্যভার থেকে ফিরে আসে। তারা তাদের বোনেদের শুশ্রূষায় সাহায্য করে এবং আমরা সকলে গভীরভাবে শোকার্ত হই। কিছু সময় পরে আমি আমার মেয়েদের বলি: “ঠিক আছে, এই যথেষ্ট! আমরা অন্যদের বাইবেলের মহামূল্যবান প্রতিজ্ঞাগুলির দ্বারা সান্ত্বনা দিয়েছি। এখন আমরা অবশ্যই নিজেদের সান্ত্বনা পেতে সুযোগ দেব। শয়তান যিহোবার সেবায় আমাদের আনন্দকে কেড়ে নিতে চায়, কিন্তু আমরা তাকে তা করতে দিতে পারি না।”

রুমানিয়াতে আমাদের বিশ্বস্ত পরিবার

১৯৭০ সালে, আমি এবং আমার বোন মেরী রুমানিয়ায় আমাদের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য সেই স্মরণীয় ভ্রমণ করি। আমাদের এক বোনের মৃত্যু হয়েছিল, কিন্তু আমরা আমাদের ভাই জন এবং বোন লোদোভিকার সাথে সাক্ষাৎ করতে সক্ষম হই, যারা তখনও অরটেলীক গ্রামে থাকত। আমাদের সাক্ষাৎ কালে, যিহোবার প্রতি বিশ্বস্ত থেকে, বাবা এবং মা মারা যান। অনেকেই আমাদের বলেছে যে বাবা মণ্ডলীর একটি স্তম্ভ ছিলেন। এমনকি রুমানিয়ায় তার প্রপৌত্রদের কেউ কেউ এখন সাক্ষী। আমার স্বামীর পরিবারের অনেক আত্মীয়স্বজনদের সাথেও আমরা সাক্ষাৎ করেছিলাম যারা বাইবেলের সত্যের প্রতি অটল ছিল।

১৯৭০ সালে, রোমানিয়া নিকোলাই সিউসিসকুয়ের নিষ্ঠুর সাম্যবাদ শাসনের অধীনে ছিল এবং যিহোবার সাক্ষীদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। আমার ভাই জনের ছেলে ফ্লোরী এবং সেইসাথে আমার অন্যান্য আত্মীয়স্বজন, তাদের খ্রীষ্টীয় বিশ্বাসের কারণে বহু বছর কন্‌সেনট্রেশন ক্যাম্পে কাটায় এবং আমার স্বামীর ভাইপো, গ্যাবর রোমোশিয়ানেরও ঠিক তাই হয়েছিল। কোন আশ্চর্যের বিষয় নয় যে যখন আমাদের উপর নিউ ইয়র্কে যিহোবার সাক্ষীদের প্রধান কার্যালয়ে সংবাদগুলি পৌঁছে দেওয়ার ভার ন্যস্ত করা হয়, আমাদের রুমানিয় ভাইয়েরা বলেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপদে দেশ পরিত্যাগ করছি, তারা শান্ত হতে পারবে না!

যখন আমরা উপলব্ধি করি যে আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আমরা অরটেলীকে সরকারি কার্যালয়ে যাই। এটি ছিল শুক্রবার বিকালবেলা এবং সেখানে কেবলমাত্র কর্তব্যরত একজন সরকারি কর্মচারী ছিলেন। আমরা কারা সাক্ষাৎ করতে এসেছি এবং আমাদের ভাইপো কন্‌সেনট্রেশন ক্যাম্পে ছিল তা জানার পর, তিনি বলেন: “মহিলারা, আপনারা এখান থেকে বের হয়ে যান!”

“কিন্তু আজ কোন ট্রেন যাচ্ছে না,” আমার বোন উত্তর দেয়।

তৎপরতার সাথে তিনি বলেন, “এটি কোন বিষয় নয়। বাসে করে যান। ট্রেনে যান। ট্যাক্সিতে যান। হেঁটে যান। যত শীঘ্র পারেন এখান থেকে কেবল বের হয়ে যান!”

আমরা যখন যেতে শুরু করি তখন আমাদের পিছন থেকে ডাকা হয় এবং জানান হয় যে সন্ধ্যা ৬টায় একটি তালিকাহীন সামরিক ট্রেন আসতে যাচ্ছে। এটি কতই না ঈশ্বরের বিচক্ষণ পরিচালনা বলে প্রমাণিত হয়! নিয়মিত ট্রেনে আমাদের কাগজপত্র বারংবার পরীক্ষা করা হত, কিন্তু যেহেতু এই ট্রেনটি সামরিক কর্মচারীবৃন্দদের নিয়ে যাচ্ছিল এবং কেবলমাত্র আমরা দুই জনই অসামরিক যাত্রী ছিলাম, কেউই আমাদের পাসপোর্ট দেখতে চায়নি। তারা হয়ত ধরে নিয়েছিল যে আমরা কোন অফিসারদের ঠাকুরমা হব।

পরদিন সকালে আমরা টিমিসোয়ারাতে পৌঁছাই এবং একজন আত্মীয়ের বন্ধুর সাহায্যে আমরা আমাদের ভিসা পেতে সমর্থ হই। এর পরদিন আমরা দেশ থেকে বের হয়ে যাই। রুমানিয়ায় আমাদের বিশ্বস্ত খ্রীষ্টীয় ভাই এবং বোনেদের প্রচুর প্রেম ও অবিস্মরণীয় স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম।

রুমানিয়ায় আমাদের পরিদর্শনের পরবর্তী বছরগুলিতে, লৌহ যবনিকার অন্তরালে প্রচার কার্য সম্বন্ধে আমরা কিছু বিবরণ শুনেছি। তথাপি, আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের খ্রীষ্টীয় ভাই এবং বোনেরা আমাদের ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান থাকবে—যে কোন পরিস্থিতিই আসুক না কেন। আর নিশ্চিতভাবেই তারা সেইরূপই ছিল! ১৯৯০ সালে এপ্রিল মাসে রুমানিয়ায় যিহোবার সাক্ষীরা একটি ধর্মীয় সংগঠন হিসাবে আইন সম্মতভাবে স্বীকৃতি পায় তা জানা কতই না আনন্দদায়ক ছিল! পরের গ্রীষ্মকালে রুমানিয়ায় অনুষ্ঠিত সম্মেলনের বিবৃতি পেয়ে আমরা অতিশয় আনন্দিত হয়েছিলাম। আটটি শহরে ৩৪,০০০ জনের অধিক উপস্থিত ছিল এবং ২,২৬০ জন বাপ্তাইজিত হয়! এখন রুমানিয়ায় ৩৫,০০০ এরও বেশি জন প্রচার কাজে অংশ নিচ্ছে এবং গত বছর খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থে ৮৬,০৩৪ জন উপস্থিত হয়েছিল।

সত্য এখনও আমার কাছে মহামূল্যবান

কিছু বছর ধরে, আমি স্মরণার্থকের প্রতীক গ্রহণ করা বন্ধ করে দিই। আমি লক্ষ্য করি খুবই যোগ্যতাসম্পন্ন ভাইয়েরা আছেন যারা গ্রহণ করেন না এবং আমি যুক্তি করি: ‘কেন যিহোবা আমাকে স্বর্গে তাঁর পুত্রের সাথে সহদায়াদ হিসাবে থাকার মহান সুযোগ দেবেন যেখানে অন্যান্যেরা এইরকম উত্তম বক্তা?” কিন্তু যখন আমি গ্রহণ করিনি, তখন আমি খুবই অস্থির বোধ করতে থাকি। এটি এমন ছিল যেন আমি কিছু প্রত্যাখ্যান করছি। প্রচুর অধ্যয়ন এবং মিনতি সহকারে প্রার্থনা করার পর, আমি আবার গ্রহণ করতে শুরু করি। আমার শান্তি এবং আনন্দ ফিরে এসেছিল আর তা কখনও আমাকে ছেড়ে চলে যায়নি।

যদিও আমি এখন আর পড়ার মত দেখতে পারি না, আমি প্রতিদিন বাইবেল এবং প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার টেপগুলি শুনি। আমি এখনও প্রচার কাজেও অংশ নিই। সাধারণতঃ আমি প্রত্যেক মাসে ৬০ থেকে ১০০টি পত্রিকা অর্পণ করি, কিন্তু গত এপ্রিলে আমাদের যখন সচেতন থাক! পত্রিকা নিয়ে বিশেষ অভিযান ছিল, আমি ৩২৩টি অর্পণ করেছি। আমার মেয়েদের সাহায্যে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে অংশ গ্রহণেও আমি সক্ষম হই। আমি সুখী যে আমি সর্বদা অন্যদের উৎসাহিত করতে পারি। কিংডম হলের প্রায় প্রত্যেকেই আমাকে ঠাকুরমা বলে ডাকে।

যিহোবার জন্য প্রায় ৭৯ বছরেরও বেশি উৎসর্গীকৃত সেবার প্রতি ফিরে তাকিয়ে আমি প্রতিদিন তাঁকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে তাঁর এই মহামূল্যবান সত্য জানতে এবং তাঁর কাজে আমার জীবনকে ব্যবহার করতে অনুমতি দিয়েছেন। আমি খুবই কৃতজ্ঞ যে, এই শেষ কালে ঈশ্বরের মেষতুল্য ব্যক্তিদের একত্রীকরণ সম্পর্কে যে ভাববাণী করা হয়েছিল বাইবেলের সেই অপূর্ব ভবিষ্যদ্বাণীগুলির পরিপূর্ণতা দেখার জন্য আমি বেঁচে আছি।—যিশাইয় ৬০:২২; সখরিয় ৮:২৩.

[২৩ পৃষ্ঠার চিত্র]

আমার বোন মেরী এবং বাবা দাঁড়িয়ে আছে আর আমি, জর্জ এবং আমাদের মেয়ে ইষ্টের ও অ্যান

[২৪ পৃষ্ঠার চিত্র]

আমার মেয়ে বেথ এবং আইরীন ও আইরীনের স্বামী আর তাদের দুই ছেলে, যারা সকলে বিশ্বস্ততার সাথে যিহোবার সেবা করছে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার