সত্যের দ্বারা স্বাধীন হওয়া
যুক্তরাষ্ট্রে দশ লক্ষেরও বেশি লোক কারাবদ্ধ। তাদের মধ্যে, প্রায় তিন হাজার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অবস্থাটিতে নিজেকে কল্পনা করুন। আপনি কেমন অনুভব করতেন? এমন একটি দৃশ্যের চিন্তা সত্যই ভয়ানক। তবুও, এক অর্থে, সমস্ত মানবজাতি অনুরূপ একটি পরিস্থিতিতে রয়েছে। বাইবেল বলে: “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে।” (রোমীয় ৩:২৩) হ্যাঁ, আদমের বংশধর হিসাবে আমরা পাপপূর্ণ অবস্থার দ্বারা “কারারুদ্ধ।” (রোমীয় ৫:১২) আমরা প্রতিদিন আমাদের কারাবাসের প্রভাবগুলি অনুভব করি, যেমন খ্রীষ্টান প্রেরিত পৌল করেছিলেন, যিনি লিখেছিলেন: “আমার অঙ্গপ্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি; তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গপ্রত্যঙ্গে আছে, আমাকে তাহার বন্দি দাস করে।”—রোমীয় ৭:২৩.
আমাদের পাপপূর্ণ স্বভাবের ফলস্বরূপ, তাই বলা যায়, আমরা প্রত্যেকেই মৃতুদণ্ডের অধীনে রয়েছি, কেননা বাইবেল জানায়: “পাপের বেতন মৃত্যু।” (রোমীয় ৬:২৩) গীতরচক মোশি আমাদের পরিস্থিতি সম্পর্কে উপযুক্তভাবে বর্ণনা করেছিলেন: “আমাদের সকলের আয়ু সত্তর বছর—বলযুক্ত হলে, আশি বছর; তথাপি সেই সকলই আমাদের জন্য ক্লেশ এবং দুঃখ নিয়ে আসে; জীবন দ্রুত শেষ হয়ে যায় আর আমরা চলে যাই।”—গীতসংহিতা ৯০:১০, টুডেইস্ ইংলিশ ভারসন; তুলনা করুন যাকোব ৪:১৪.
মানবজাতির পাপ এবং মৃত্যুর দাসত্বের কথা মনে রেখে যীশু তাঁর অনুগামীদের বলেছিলেন: “সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।” (যোহন ৮:৩২) ঐ কথাগুলির মাধ্যমে, যীশু তাঁর অনুগামীদের রোমীয় শাসন থেকে স্বাধীনতা লাভের চেয়ে আরও বৃহৎ কোন আশা দিচ্ছিলেন—তিনি তাদের পাপ থেকে ক্ষমা এবং মৃত্যু থেকে নিষ্কৃতি প্রদান করছিলেন! তাদের এটি কিভাবে প্রদান করা হয়েছিল? যীশু তাদের বলেছিলেন, “পুত্ত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে।” (যোহন ৮:৩৬) হ্যাঁ, তাঁর জীবন ত্যাগের মাধ্যমে, আদম যা হারিয়েছিল তা পুনরায় ক্রয় করতে “পুত্ত্র” যীশু, পাপার্থক বলিরূপে কাজ করেছিলেন। (১ যোহন ৪:১০) এটি সমস্ত বাধ্য মানবজাতির জন্য পাপ ও মৃত্যুর বন্দীদশা থেকে মুক্তির পথ খুলে দিয়েছিল। ঈশ্বরের একজাত পুত্র মৃত্যুবরণ করেছিলেন “যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।”—যোহন ৩:১৬.
সুতরাং যে সত্য আমাদের স্বাধীন করতে পারে তা যীশু খ্রীষ্টে কেন্দ্রীভূত। যারা তাঁর পদচিহ্নের অনুসরণকারী হয়, পৃথিবীর বিষয়ে তাদের পাপ এবং মৃত্যু থেকে স্বাধীন হওয়ার আশা আছে যখন ঈশ্বরের রাজ্য সমস্ত নিয়ন্ত্রণ গ্রহণ করবে। এমনকি বর্তমানেও, যারা ঈশ্বরের বাক্যের সত্য গ্রহণ করে তারা অকৃত্রিম স্বাধীনতা অভিজ্ঞতা করে থাকে। কিভাবে?
মৃতদের প্রতি ভয় থেকে স্বাধীনতা
বর্তমানে কোটি কোটি লোক মৃতদের প্রতি ভয়ে বাস করে। কেন? কারণ তাদের ধর্মগুলি তাদের শিখিয়েছে যে মৃত্যুতে প্রাণ দেহকে ত্যাগ করে এবং এক আত্মিক স্তরে চলে যায়। সেইজন্য কিছু দেশে, এটি একটি প্রথাস্বরূপ যে মৃত ব্যক্তির আত্মীয়স্বজনেরা তার দেহের পাশে কয়েক দিবারাত্র ধরে পাহারা দেয়। এর সাথে প্রায়ই উচ্চস্বরে গান গাওয়া এবং ড্রাম বাজানো হয়ে থাকে। শোকার্ত ব্যক্তিরা বিশ্বাস করে এটি মৃত ব্যক্তিটিকে সন্তুষ্ট করবে এবং জীবিতদের যন্ত্রণা দেওয়ার জন্য ফিরে আসা থেকে তার আত্মাকে বিরত করবে। মৃত ব্যক্তি সম্বন্ধে খ্রীষ্টীয় জগতের মিথ্যা শিক্ষাগুলি শুধুমাত্র এই পরম্পরাকে চিরস্থায়ী করার জন্য কাজ করে এসেছে।
কিন্তু, বাইবেল, মৃতদের অবস্থা সম্বন্ধে সত্যকে প্রকাশ করে। এটি স্পষ্ট করে জানায় যে আপনার প্রাণ হচ্ছেন আপনি, আপনার কোন রহস্যময় অংশ নয় যা মৃত্যুর পরে বেঁচে থাকে। (আদিপুস্তক ২:৭; যিহিষ্কেল ১৮:৪) এছাড়া, মৃতদের অগ্নিময় নরকে যাতনা দেওয়া হয় না, এমনকি তারা কোনও আত্মিক স্তরের অংশ নয় যেখান থেকে তারা জীবিতদের প্রভাবিত করতে পারে। বাইবেল বলে, “মৃতেরা কিছুই জানে না, . . . তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে [কবরে] কোন কার্য্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।”—উপদেশক ৯:৫, ১০.
বাইবেলের এই সত্যগুলি বহু লোকেদের মৃতদের প্রতি ভয় থেকে স্বাধীন করেছে। তারা আর তাদের পূর্বপুরুষদের তৃপ্ত করার জন্য মহার্ঘ উৎসর্গ করে না অথবা তারা উদ্বিগ্ন হয় না এই ভেবে যে তাদের প্রিয়জনেরা তাদের ভুলগুলির জন্য নির্মমভাবে যাতনা পাচ্ছে। তারা শিখেছে যে মৃত ব্যক্তিদের জন্য বাইবেল এক অপূর্ব আশা প্রদান করে, কারণ এটি আমাদের বলে যে, ঈশ্বরের নিরূপিত সময়ে, “ধার্ম্মিক অধার্ম্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান” হবে। (প্রেরিত ২৪:১৫; যোহন ৫:২৮, ২৯) তাই, মৃতেরা এখন কেবলমাত্র বিশ্রাম নিচ্ছে, যেন গভীর নিদ্রায় মগ্ন।—তুলনা করুন যোহন ১১:১১-১৪.
মৃতদের অবস্থা এবং পুনরুত্থানের আশা সম্পর্কিত সেই সত্য, মৃত্যু যে হতাশা নিয়ে আসতে পারে তার থেকে আমাদের স্বাধীন করে। এইরূপ আশা যুক্তরাষ্ট্রের, এক বিবাহিত দম্পতিকে সংরক্ষিত করেছিল যখন তাদের চার-বছর বয়সের পুত্র এক দুর্ঘটনায় মারা মারা গিয়েছিল। তার মা স্বীকার করেন, “আমাদের জীবনে এক শূন্যতা আছে যা পূর্ণ হবার নয়, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের পুত্রকে পুনরুত্থানের মাধ্যমে আবার দেখব। কিন্তু আমরা জানি আমাদের বেদনা শুধুমাত্র ক্ষণকালের জন্য, যেহেতু যিহোবা প্রতিজ্ঞা করেন যে আমাদের শোকের নেত্রজল মুছে দেবেন।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.
ভবিষ্যতের ভয় থেকে স্বাধীনতা
ভবিষ্যৎ আমাদের জন্য কী ধারণ করে? আমাদের পৃথিবী কি পারমাণবিক যুদ্ধে ধ্বংস হয়ে যাবে? পৃথিবীর পরিবেশের এই ধ্বংস সাধন কি আমাদের গ্রহকে বাসের অযোগ্য করে তুলবে? নৈতিক অধঃপতন কি অরাজকতা এবং নৈরাজ্যের দিকে নিয়ে যাবে? আজকে বহু লোকেদের কাছে এইগুলিই হল প্রকৃত ভয়।
কিন্তু, এইধরনের অস্বাস্থ্যকর ভয়গুলি থেকে বাইবেল স্বাধীনতা প্রদান করে। এটি আমাদের নিশ্চয়তা দেয় যে “পৃথিবী নিত্যস্থায়ী।” (উপদেশক ১:৪) যিহোবা আমাদের এই গ্রহকে দায়িত্বহীন কিছু মনুষ্যদের দ্বারা ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তা দেখার জন্য সৃষ্টি করেননি। (যিশাইয় ৪৫:১৮) বরঞ্চ, যিহোবা একতাবদ্ধ এক মানব পরিবারের জন্য পরমদেশ গৃহরূপে পৃথিবীটি সৃষ্টি করেছিলেন। (আদিপুস্তক ১:২৭, ২৮) তাঁর উদ্দেশ্য পরিবর্তন হয়নি। বাইবেল আমাদের জানায় যে ঈশ্বর “পৃথিবীনাশকদিগকে নাশ” করবেন। (প্রকাশিত বাক্য ১১:১৮) বাইবেল বলে, তারপর, “মৃদুশীলেরা দেশের [“পৃথিবীর,” NW] অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১১.
এই প্রতিজ্ঞাটি বিশ্বাসযোগ্য, কারণ ঈশ্বর মিথ্যা বলেন না। যিহোবা তাঁর ভাববাদী যিশাইয়ের মাধ্যমে বলেছিলেন: “আমার মুখনির্গত বাক্য . . . নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।” (যিশাইয় ৫৫:১০, ১১; তীত ১:২) অতএব, আমরা বাইবেলে ২ পিতর ৩:১৩ পদে লিপিবদ্ধ ঈশ্বরের প্রতিজ্ঞার পরিপূর্ণতার প্রতি নিশ্চয়তার সাথে প্রত্যাশা রাখতে পারি যে: “তাঁহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্ম্মিকতা বসতি করে।”
মনুষ্য ভয় থেকে স্বাধীনতা
বাইবেল আমাদের, সেই সমস্ত পুরুষ ও নারীদের অসাধারণ উদাহরণগুলি প্রদান করে যারা ঈশ্বরের প্রতি তাদের ভক্তির ক্ষেত্রে নির্ভীকতা প্রদর্শন করেছিলেন। তাদের মধ্যে গিদিয়োন, বারক, দবোরা, দানিয়েল, ইষ্টের, যিরমিয়, অবীগল এবং যায়েল—অল্প কিছুজনের নাম এইরকম। এই বিশ্বস্ত পুরুষ ও নারীরা গীতরচকের মনোভাব প্রদর্শন করেছিলেন যিনি লিখেছিলেন: “আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?”—গীতসংহিতা ৫৬:১১.
প্রথম শতাব্দীতে, প্রেরিত পিতর এবং যোহন অনুরূপ সাহস দেখিয়েছিলেন যখন ধর্মীয় কর্তৃপক্ষেরা তাদের প্রচার বন্ধ করার আদেশ দিয়েছিল। তারা উত্তর দিয়েছিলেন, “আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহা না বলিয়া থাকিতে পারি না।” তাদের দৃঢ় পদক্ষেপের ফলস্বরূপ, পরবর্তীকালে পিতর এবং যোহনকে কারারুদ্ধ করা হয়েছিল। তাদের অলৌকিক মুক্তি লাভের পর তারা তাদের কার্যে প্রত্যাবর্তন করেছিলেন এবং ক্রমাগতভাবে “সাহসপূর্ব্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন।” শীঘ্রই পিতর এবং অন্যান্য প্রেরিতেরা যিহূদী মহাসভার সম্মুখে আনীত হয়েছিলেন। মহাযাজক তাদের বললেন, “আমরা তোমাদিগকে এই নামে উপদেশ দিতে দৃঢরূপে নিষেধ করিয়াছিলাম; তথাপি দেখ, তোমরা আপনাদের উপদেশে যিরূশালেম পরিপূর্ণ করিয়াছ।” পিতর ও অন্যান্য প্রেরিতগণ উত্তর করেছিলেন: “মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।”—প্রেরিত ৪:১৬, ১৭, ১৯, ২০, ৩১; ৫:১৮-২০, ২৭,-২৯.
ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার কাজে, যিহোবার সাক্ষীরা আজকে প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের উদ্দীপনাকে অনুকরণ করার জন্য কঠোর প্রচেষ্টা করে থাকে। এমনকি তাদের মধ্যে যুবকেরাও তাদের বিশ্বাস সম্পর্কে অন্যদের কাছে বলার ক্ষেত্রে প্রায়ই নিজেদের নির্ভীক প্রমাণ করে। কিছু উদাহরণ বিবেচনা করুন।
স্টেসি, লাজুক প্রকৃতির একজন কিশোরী। ফলে তার বিশ্বাস সম্পর্কে অন্যদের কাছে বলা প্রথমদিকে এক চ্যালেঞ্জস্বরূপ ছিল। তার লাজুকতাকে কাটিয়ে ওঠার জন্য সে কী করেছিল? সে বলে, “আমি বাইবেল অধ্যয়ন করেছিলাম এবং যে সম্পর্কে কথা বলেছিলাম তা বুঝতে পেরেছিলাম কি না এই বিষয়ে নিশ্চিত হয়েছিলাম। এটি এই বিষয়টিকে সহজতর করেছিল এবং আমার নিজের প্রতি আরও আত্ম-প্রত্যয় জন্মেছিল।” স্টেসির সুনামের এই বিবরণটি স্থানীয় একটি সংবাদ পত্রে প্রকাশিত হয়েছিল। যে প্রবন্ধটি তার বিদ্যালয়ের একজন শিক্ষিকার দ্বারা লেখা হয়েছিল, মন্তব্য করেছিল: “অধিকাংশ কিশোর-কিশোরী যে বহু চাপের সম্মুখীন হয়ে থাকে, সেগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য [স্টেসির] বিশ্বাসই তাকে শক্তি প্রদান করেছে বলে মনে হয়। . . . সে অনুভব করে, ঈশ্বরের পরিচর্যা করাই তার সর্বপ্রধান অভিপ্রায় হওয়া উচিত।”
টমি মাত্র পাঁচ বছর বয়স থেকে তার পিতামাতার কাছে বাইবেল সম্বন্ধে শিখতে শুরু করেছিল। এমনকি এই অল্প বয়সে সত্য উপাসনার পক্ষে সে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল। তার ছোট সহপাঠীরা যখন ছুটির দিনের চিত্রগুলি অঙ্কন করেছিল, টমি তখন ঈশ্বরের প্রতিজ্ঞাত পরমদেশের দৃশ্যগুলি অঙ্কন করেছিল। একজন কিশোর হিসাবে টমি লক্ষ্য করেছিল, যিহোবার সাক্ষীদের বিশ্বাসগুলি সম্বন্ধে বহু ছাত্র হতভম্ব হয়ে পড়েছিল। ভয়ে পিছিয়ে যাওয়ার পরিবর্তে বরং সে তার শিক্ষকদের মধ্য একজনকে জিজ্ঞাসা করেছিল যে সে তার শ্রেণীর সাথে এক প্রশ্নোত্তর আলোচনা করতে পারে কি না যাতে করে সে তাদের সমস্ত প্রশ্নগুলির উত্তর একসঙ্গে দিতে পারে। এটি অনুমোদিত হয়েছিল এবং একটি উত্তম সাক্ষ্য প্রদান করা হয়েছিল।
মার্কিতা ১৭ বৎসর বয়সে, তার বিশ্বাস সম্পর্কে তার শ্রেণীতে অন্যদের কাছে বলার এক অপূর্ব সুযোগ পেয়েছিল। সে বলে, “আমাদের একটি বক্তৃতা তৈরি করার এক কার্যভার দেওয়া হয়। আমি আমার বিষয়টি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) পুস্তক থেকে নির্বাচন করেছিলাম।a আমি পুস্তক থেকে পাঁচটি অধ্যায় নিই এবং সেই শিরোনামগুলি ব্লাকবোর্ডে লিখি। আমি শ্রেণীর সহপাঠীদের বলেছিলাম এই বিষয়গুলির মধ্যে কোন্টি তারা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করে সেই অনুসারে শ্রেণীবদ্ধ করতে।” এরপরে শ্রেণীর অংশগ্রহণের সাথে একটি আলোচনা করা হয়। মার্কিতা উপসংহার করে, “আমি শ্রেণীতে প্রত্যেককে পুস্তকটি দেখিয়েছিলাম, আর কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা একটি করে কপি চেয়েছিল। এমনকি আমার শিক্ষক বলেছিলেন তিনিও একটি কপি চান।”
আপনি সত্যের দ্বারা স্বাধীন হতে পারেন
আমরা যেমন দেখেছি, বাইবেলের অন্তর্গত সত্যের এক স্বাধীনতাজনক প্রভাব সেই সমস্ত বয়সের লোকেদের উপর রয়েছে যারা এটিকে অধ্যয়ন করে এবং এর বার্তা হৃদয়ে গ্রহণ করে। এটি তাদের মৃতদের প্রতি ভয়, ভবিষ্যতের ভয় এবং মনুষ্যের ভয় থেকে মুক্ত করে। চূড়ান্তভাবে, যীশুর মুক্তির মূল্য বাধ্য মানবজাতিকে পাপ এবং মৃত্যু থেকে স্বাধীন করবে। আমাদের উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপপূর্ণ অবস্থায় আর বন্দীত্বে না থেকে পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকা কতই না আনন্দের বিষয় হবে!—গীতসংহিতা ৩৭:২৯.
আপনি কি ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদগুলি সম্বন্ধে আরও কিছু জানতে চান? যদি তাই হয়, তাহলে, আপনার কী করা উচিত? যীশু বলেছিলেন: “আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।” (যোহন ১৭:৩) সুতরাং তাঁর শিষ্যদের কাছে যীশুর প্রতিজ্ঞাত সেই স্বাধীনতা যদি আপনি অভিজ্ঞতা করতে চান, আপনাকে অবশ্যই যিহোবা ঈশ্বর এবং তাঁর পুত্র সম্বন্ধে জানতে হবে। আপনার জানা প্রয়োজন ঈশ্বরের ইচ্ছা কী এবং পরে তা পালন করুন, কেননা বাইবেল বলে: “জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।
[৭ পৃষ্ঠার চিত্র]
ঈশ্বরের রাজ্যের অধীনে, পরিশেষে মানবজাতি পাপ এবং মৃত্যু থেকে স্বাধীন হবে