ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১/১৫ পৃষ্ঠা ২৩-২৮
  • ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করা
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একটি প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু বোঝা নয়
  • অন্যদের সাহায্য করতে উপযুক্তভাবে সজ্জীভূত
  • একটি নতুন হাতিয়ার পরীক্ষা করা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের চাহিদাগুলি জানতে—লোকেদের সাহায্য করার জন্য একটি নতুন হাতিয়ার
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনভিজ্ঞ ব্যক্তিদের বুঝতে সাহায্য করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১/১৫ পৃষ্ঠা ২৩-২৮

ঈশ্বরের চাহিদাগুলি জানতে অন্যদের সাহায্য করা

“অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত; ধিক্‌ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।”—১ করিন্থীয় ৯:১৬.

১, ২. (ক) কোন্‌ দ্বিমুখী কাজ যিহোবা চান যে আমরা বন্টন করি? (খ) ঈশ্বরের রাজ্যের প্রজা হওয়ার জন্য সৎহৃদয়বান লোকেদের অবশ্যই কী জানতে হবে?

মানবজাতির জন্য যিহোবার সুসমাচার রয়েছে। তাঁর একটি রাজ্য আছে এবং তিনি চান লোকেরা সর্বত্রই সেই সম্পর্কে শুনুক! একবার যখন আমরা এই সুসমাচার জানতে পারি, যিহোবা চান যে আমরা তা অন্যদের সাথে বন্টন করি। এটি একটি দ্বিমুখী কাজ। প্রথমটি হল, আমরা অবশ্যই ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করব। “যুগান্তের” বিষয় সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণীতে যীশু বলেছিলেন: “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে।”—মথি ২৪:৩, ১৪.

২ এই কাজের দ্বিতীয় অংশটি যারা রাজ্য ঘোষণার প্রতি অনুকূলভাবে সাড়া দেয় তাদের শিক্ষা দেওয়াকে জড়িত করে। তাঁর পুনরুত্থানের পর, যীশু তাঁর শিষ্যদের এক বিরাট দলকে বলেছিলেন: “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।” (মথি ২৮:১৯, ২০) ‘যাহা যাহা খ্রীষ্ট আজ্ঞা করেছিলেন’ তার উৎস তিনি ছিলেন না; তিনি অন্যদের ঈশ্বরের আজ্ঞাগুলি অথবা চাহিদাগুলি পালন করতে শিক্ষা দিয়েছিলেন। (যোহন ১৪:২৩, ২৪; ১৫:১০) ‘খ্রীষ্ট যাহা যাহা আজ্ঞা করিয়াছেন সে সমস্ত পালন করিতে’ অন্যদের শিক্ষা দেওয়া তাই তাদের ঈশ্বরের চাহিদাগুলি জানতে সাহায্য করাকেও জড়িত করে। সৎহৃদয়বান লোকেরা তাঁর রাজ্যের প্রজা হওয়ার জন্য অবশ্যই ঈশ্বরের চাহিদাগুলি পূরণ করবে।

৩. ঈশ্বরের রাজ্য কী এবং এটি কী সম্পাদন করবে যা রাজ্য বার্তাকে এইরূপ সুসমাচারে পরিণত করে?

৩ ঈশ্বরের রাজ্য কী? আর এটি কী সম্পাদন করবে যা রাজ্য বার্তাকে এইরূপ সুসমাচারে পরিণত করে? ঈশ্বরের রাজ্য হল একটি স্বর্গীয় সরকার। এটি যিহোবার হৃদয়ে অত্যন্ত মূল্যবান, কারণ এটিই হল সেই মাধ্যম যার দ্বারা তিনি তাঁর নামকে সমস্ত নিন্দা থেকে মুক্ত করে, পবিত্র করবেন। রাজ্যটি হল সেই উপকরণ যেটি যিহোবা যেমন স্বর্গে রয়েছে তেমনি পৃথিবীতে তাঁর ইচ্ছা পূর্ণ করতে ব্যবহার করবেন। এই কারণে যীশু ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছিলেন এবং আমাদের পরামর্শ দিয়েছিলেন যাতে আমরা এটিকে আমাদের জীবনে প্রথম স্থানে রাখি। (মথি ৬:৯, ১০, ৩৩) তাঁর রাজ্য সম্পর্কে আমরা যে অন্যদের শিক্ষা দিই সেটি যিহোবার কাছে কেন এত গুরুত্বপূর্ণ তা কি আপনি লক্ষ্য করেন?

একটি প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু বোঝা নয়

৪. এটি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে সুসমাচার প্রচার করার জন্য আমাদের বাধ্যবাধকতা একটি বোঝা নয়?

৪ এই সুসমাচার প্রচার করা কি একটি বোঝাস্বরূপ? কখনই না! উদাহরণস্বরূপ: একজন পিতার তার পরিবারকে বস্তুগতভাবে প্রতিপালন করার জন্য এক বাধ্যবাধকতা রয়েছে। এটি করতে ব্যর্থ হওয়া খ্রীষ্টীয় বিশ্বাসকে অস্বীকার করার সমান। প্রেরিত পৌল লিখেছিলেন: “কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।” (১ তীমথিয় ৫:৮) কিন্তু খ্রীষ্টীয় পুরুষের জন্য সেই বাধ্যবাধকতাটি কি একটি বোঝা? না যদি তিনি তার পরিবারকে ভালবাসেন, তবে সেই ক্ষেত্রে তাদের জন্য তিনি তা সরবরাহ করতে চান।

৫. যদিও প্রচার এবং শিষ্য-করণের কাজ একটি বাধ্যবাধকতা, তবুও কেন তা বন্টন করতে আমাদের আনন্দিত হওয়া উচিত?

৫ একইভাবে, প্রচার ও শিষ্য-করণের কাজ হল একটি বাধ্যবাধকতা, একটি চাহিদা, যার উপর আমাদের সম্পূর্ণ জীবন নির্ভর করে। পৌল এইভাবে এটিকে বর্ণনা করেন: “অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত; ধিক্‌ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।” (১ করিন্থীয় ৯:১৬; তুলনা করুন যিহিষ্কেল ৩৩:৭-৯.) কিন্তু, প্রচারের জন্য আমাদের প্রেরণা হল প্রেম, কেবলমাত্র কর্তব্য নয়। প্রথমত আমরা ঈশ্বরকে প্রেম করি, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদেরও প্রেম করি এবং আমরা জানি যে সুসমাচার শোনা তাদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ। (মথি ২২:৩৭-৩৯) এটি তাদের ভবিষ্যতের জন্য একটি আশা দেয়—ঈশ্বরের রাজ্য শীঘ্রই অন্যায়গুলি সংশোধন করবে, সমস্ত উৎপীড়ন দূর করবে এবং শান্তি ও একতা পুনর্স্থাপিত করবে—এই সমস্তকিছু তাদের অনন্তকালীন আশীর্বাদের জন্য যারা এর ধার্মিক শাসনের বশীভূত থাকবে। অন্যদের কাছে এইরূপ সুসমাচার বন্টন করতে, আমরা কি আনন্দিত, হ্যাঁ রোমাঞ্চিত নই?—গীতসংহিতা ১১০:৩.

৬. প্রচার এবং শিষ্য-করণের কাজ কেন এক প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ?

৬ একই সময়ে, এই প্রচার এবং শিষ্য-করণের কাজ এক প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ হয়ে দাঁড়ায়। লোকেরা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সকলের একইরকম আগ্রহ বা সক্ষমতা নেই। কেউ কেউ সুশিক্ষিত, অপরপক্ষে অন্যান্যেরা অত্যন্ত অল্প শিক্ষিত। পড়া—একসময়ে একটি প্রিয় বিনোদন ছিল—এখন প্রায়ই এটিকে এক কঠিন কাজ হিসাবে দেখা হয়। এলিটারেসি যাকে “পড়তে সক্ষম হওয়ার গুণ অথবা অবস্থাসম্পন্ন কিন্তু তা করতে অনাগ্রহী” হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তা হল একটি ক্রমবর্ধনশীল সমস্যা, এমনকি সেই দেশগুলিতেও যারা উচ্চ শিক্ষা হারের জন্য গর্বিত। তাহলে, কিভাবে আমরা এইরূপ বিভিন্ন পটভূমি এবং আগ্রহের লোকেদের ঈশ্বরের চাহিদাগুলি জানতে সাহায্য করতে পারি?—তুলনা করুন ১ করিন্থীয় ৯:২০-২৩.

অন্যদের সাহায্য করতে উপযুক্তভাবে সজ্জীভূত

৭. অন্যদের ঈশ্বরের চাহিদাগুলি জানতে সাহায্য করার জন্য “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” কিভাবে আমাদের সজ্জীভূত করছেন?

৭ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক কাজ সম্পাদন করা সহজতর হয়, যদি আপনার উপযুক্ত হাতিয়ার অথবা সরঞ্জাম থাকে। একটি হাতিয়ার যা আজকে একটি বিশেষ কাজের জন্য উপযুক্ত, হয়ত আগামীকাল পরিবর্তনীয় প্রয়োজনগুলির কারণে তার উন্নতিকরণ অথবা এমনকি প্রতিস্থাপিত করতে হতে পারে। এটি ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় বার্তা ঘোষণার জন্য আমাদের কর্মভারের ক্ষেত্রে অনুরূপ। বহু বছর যাবৎ, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” আমাদের উপযুক্ত হাতিয়ারগুলি সরবরাহ করে আসছেন, সেই প্রকাশনাদি যা গৃহ বাইবেল অধ্যয়নগুলি পরিচালনায় ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত। (মথি ২৪:৪৫) তাই আমরা “প্রত্যেক জাতির ও বংশের ও . . . ভাষার” লোকেদের ঈশ্বরের চাহিদাগুলি জানতে সাহায্য করার জন্য সজ্জীভূত হয়েছি। (প্রকাশিত বাক্য ৭:৯) সময়ে সময়ে, জগতের ক্ষেত্রের পরিবর্তনীয় প্রয়োজনগুলির সাথে সমতালে চলার জন্য অতিরিক্ত উপকরণগুলি সরবরাহ করা হয়ে এসেছে। আসুন আমরা কিছু উদাহরণ বিবেচনা করি।

৮. (ক) বাইবেলের শিক্ষাগুলি সম্প্রসারণে “ঈশ্বর যেন সত্য হোন” বইটি কোন্‌ ভূমিকা পালন করেছিল? (খ) ১৯৬৮ সালে বাইবেল অধ্যয়নের জন্য কোন্‌ উপকরণ সরবরাহ করা হয় এবং কিভাবে এটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল? (গ) শিষ্য-করণের কাজে সত্য বইটি কিভাবে সহায়ক হয়েছিল?

৮ ১৯৪৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত, “ঈশ্বর যেন সত্য হোন” (ইংরাজি) বইটি বাইবেল শিক্ষার জন্য শক্তিশালী উপকরণ হিসাবে ব্যবহৃত এবং ৫৪টি ভাষায় ১,৯২,৪৬,৭১০ কপি প্রকাশিত হয়েছিল। ১৯৬৮ সালে যে সত্য অনন্ত জীবনে লইয়া যায় নামক বইটি প্রকাশিত হয়, যা বহু বছর যাবৎ আগ্রহী ব্যক্তিদের সাথে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল। পূর্বে, যিহোবার সাক্ষীদের সাথে বছরের পর বছর বাপ্তিস্ম না নিয়ে অধ্যয়ন করা কারও কারও পক্ষে অসাধারণ কিছু ছিল না। কিন্তু এই উপকরণটি ছাত্রকে জড়িত করার জন্য, সে যা শিখছে তা প্রয়োগ করতে উৎসাহিত করার জন্য প্রস্তুত করা হয়েছিল। ফলাফল কী হয়? যিহোবার সাক্ষীবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরাজি) বইটি বর্ণনা করে: “১৯৬৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে শুরু করে ১৯৭১ সালের ৩১শে আগষ্ট পর্যন্ত তিনটি পরিচর্যা বছরে, সর্বমোট ৪,৩৪,৯০৬ জন ব্যক্তি বাপ্তিস্মিত হয়েছিল—পূর্বের তিনটি পরিচর্যা বছরে বাপ্তিস্মিত সংখ্যার দ্বিগুণেরও বেশি!” যখন এটি প্রকাশিত হয়, তখন থেকে সত্য বইটির এক বিস্ময়কর বিতরণ সম্পাদন করা হয়েছে—১১৭টি ভাষায় ১০,৭০,০০,০০০টির বেশি কপি।

৯. অনন্তকাল বইটির কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং রাজ্য ঘোষণাকারীদের সারির উপর এটি কী প্রভাব বিস্তার করেছিল?

৯ ১৯৮২ সালে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন নামক বইটি বাইবেল অধ্যয়নগুলি পরিচালনায় ব্যবহৃত প্রাথমিক বইতে পরিণত হয়েছিল। এই বইটিতে ১৫০টির বেশি দৃষ্টিলব্ধ ছবি রয়েছে, প্রত্যেকটি অর্থপূর্ণ চিত্রপরিচিতিসহ যা ছবিগুলির শিক্ষণীয় বিষয়গুলিকে সংক্ষিপ্তভাবে তুলে ধরে। আমাদের রাজ্যের পরিচর্য্যা এর ১৯৮২ সালের অক্টোবর সংখ্যাটি বর্ণনা করেছিল: “প্রায় ২০ বছর যাবৎ “ঈশ্বর যেন সত্য হোন” বইটি ছিল আমাদের প্রাথমিক অধ্যয়ন বই (১৯৪৬ থেকে ১৯৬০ এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত) যেটি ১০,০০,০০০ এর অধিক নতুন রাজ্য ঘোষণাকারীদের আমাদের সারিতে যুক্ত করেছিল। পরবর্তী কালে, আরও ১০,০০,০০০ প্রকাশক যুক্ত হয়েছিল যখন যে সত্য অনন্ত জীবনে লইয়া যায় বইটি ১৯৬৮ সালে প্রকাশিত হওয়ার পরে আমাদের প্রাথমিক অধ্যয়ন বইতে পরিণত হয়েছিল। আমাদের নতুন অধ্যয়ন বই, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন ব্যবহার করার দ্বারা, আমরা কি রাজ্য প্রকাশকদের সারিতে একইরূপ বৃদ্ধি দেখতে পাব? নিশ্চিতভাবে, যদি এটি যিহোবার ইচ্ছা হয়!” এটি স্পষ্টতই যিহোবার ইচ্ছা ছিল, কারণ ১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত, ২৭,০০,০০০ এর অধিক রাজ্য ঘোষণাকারীদের সারিতে যুক্ত হয়েছিল।

১০. ১৯৯৫ সালে কোন্‌ নতুন হাতিয়ার সরবরাহ করা হয় এবং বাইবেল ছাত্রদের খুব দ্রুত আধ্যাত্মিক উন্নতি করাতে কেন এটির সক্ষম হওয়া উচিত?

১০ “শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প,” যীশু বলেছিলেন। (মথি ৯:৩৭) বাস্তবিকপক্ষেই, শস্য প্রচুর। এখনও আরও অনেক কিছু করার আছে। কিছু দেশে লোকেদের বাইবেল অধ্যয়নগুলির জন্য অপেক্ষা-তালিকায় থাকতে হয়। সুতরাং ঈশ্বরবিষয়ক জ্ঞান আরও দ্রুত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ১৯৯৫ সালে “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” একটি নতুন হাতিয়ার, জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক ১৯২-পৃষ্ঠার বইটি প্রদান করেন। এই মূল্যবান উপকরণটি মিথ্যা মতবাদগুলির উপর আলোকপাত করে না। এটি বাইবেলের সত্যগুলিকে এক ইতিবাচক উপায়ে উপস্থাপন করে। এই বিষয়টি আশা করা হয় যে এটি বাইবেল ছাত্রদের খুব দ্রুত আধ্যাত্মিক উন্নতি করতে সক্ষম করবে। ১২৫টি ভাষায় ৪,৫৫,০০,০০০টি ছাপানো কপি সহ জ্ঞান বইটি ইতিমধ্যেই জগৎ ক্ষেত্রে এক প্রভাব বিস্তার করেছে এবং আরও ২১টি ভাষায় অনুবাদের কাজ চলছে।

১১. যারা নিরক্ষর অথবা যারা খুব অল্প পড়তে জানে তাদের শিক্ষা দেওয়ার জন্য কোন্‌ কার্যকর হাতিয়ার সরবরাহ করা হয় এবং এটি কিভাবে আমাদের পৃথিবীব্যাপী শিক্ষা কার্যক্রমের উপর শক্তিশালী প্রভাব বিস্তার করেছে?

১১ সময়ে সময়ে, ‘বিশ্বস্ত দাস’ এমন হাতিয়ারগুলি সরবরাহ করেছে যা নির্দিষ্ট অথবা সীমিত পাঠকবর্গের জন্য প্রস্তুত। উদাহরণস্বরূপ, সেই লোকেদের সম্পর্কে কী বলা যায় যাদের প্রথাগত অথবা ধর্মীয় পটভূমির কারণে হয়ত বিশেষ সাহায্যের প্রয়োজন হতে পারে? ঈশ্বরের চাহিদাগুলি জানতে আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি? আমাদের যা প্রয়োজন ছিল ১৯৮২ সালে আমরা ঠিক সেটি পেয়েছিলাম—৩২-পৃষ্ঠার ব্রোশার পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! প্রচুর চিত্রসহ এই প্রকাশনাটি যারা নিরক্ষর অথবা খুব অল্প পড়তে জানে তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এক কার্যকর হাতিয়ারস্বরূপ হয়েছে। এর মধ্যে মৌলিক শাস্ত্রীয় শিক্ষাগুলির অত্যন্ত সরল ও সহজ বোধগম্য উপস্থাপনা রয়েছে। এটি প্রকাশিত হওয়ার পর থেকে জীবন উপভোগ করুন ব্রোশারটি আমাদের পৃথিবীব্যাপী শিক্ষা কার্যক্রমে এক শক্তিশালী অবদান রেখেছে। ২৩৯টি ভাষায় ১০,৫১,০০,০০০টির অধিক কপি ছাপানো হয়েছে যা এটিকে আজ পর্যন্ত ওয়াচ টাওয়ার সোসাইটি দ্বারা অনুবাদিত প্রকাশনাদির মধ্যে সর্বাধিক ব্যাপক অনুবাদিত প্রকাশনায় পরিণত করে!

১২, ১৩. (ক) ১৯৯০ সাল থেকে, ‘বিশ্বস্ত দাস’ বহুবিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছাতে কোন্‌ স্বচ্ছ উপায় সরবরাহ করেন? (খ) আমাদের ক্ষেত্র পরিচর্যায় আমরা কিভাবে সোসাইটির ভিডিওগুলি ব্যবহার করতে পারি? (গ) আমাদের শিষ্য-করণের কাজে সহযোগিতা করতে সম্প্রতি কোন্‌ নতুন হাতিয়ার সরবরাহ করা হয়?

১২ ছাপানো প্রকাশনাগুলি ছাড়াও, ১৯৯০ সালের শুরুতে ‘বিশ্বস্ত দাস’ আমাদের নির্দেশনার এক মাধ্যম সরবরাহ করেছে যা বহুবিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছানোর স্বচ্ছ উপায় প্রদান করে—তা হল ভিডিওক্যাসেটগুলি। ঐ বছরের অক্টোবরে, ৫৫ মিনিটের ভিডিও যিহোবার সাক্ষীবৃন্দ—নামের পিছনে যে সংগঠন (ইংরাজি) প্রকাশিত হয়েছিল—ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা তৈরি প্রথম ভিডিও। সুন্দর, তথ্যমূলক উপস্থাপনা, প্রায় ৩৫টি ভাষায় প্রাপ্তিসাধ্য হয় যা যিহোবার উৎসর্গীকৃত লোকেদের বিশ্বব্যাপী সংগঠন সারা পৃথিবীতে সুসমাচার ঘোষণা করার জন্য যীশুর আদেশটি কিভাবে পরিপূর্ণ করছে তা প্রদর্শন করে। আমাদের শিষ্য-করণের কাজে সহযোগিতা করার জন্য ভিডিওটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। রাজ্য প্রকাশকেরা এই নতুন হাতিয়ারটি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার ক্ষেত্রে কোনভাবে সময় নষ্ট করেনি। কয়েকজন এটি তাদের বইয়ের ব্যাগগুলিতে বহন করেছিল, আগ্রহী লোকেদের দেখাতে অথবা তা ধার দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেকে। এটি প্রকাশিত হওয়ার কিছু দিন পরেই, একজন ভ্রমণ অধ্যক্ষ লিখেছিলেন: “লক্ষ লক্ষ ব্যক্তির মনে ও হৃদয়ে পৌঁছানোর জন্য ভিডিওগুলি একবিংশ শতাব্দীর এক মাধ্যমে পরিণত হয়েছে, তাই আমরা আশা করি যে অনেক ভিডিওগুলির পংঙ্‌ক্তিতে এটি শুধুমাত্র প্রথম ভিডিও হবে যেটিকে সোসাইটি বিশ্বব্যাপী রাজ্যের কাজকে বিস্তৃত করতে ব্যবহার করবে। বাস্তবিকপক্ষেই, বাইবেল—প্রকৃত ঘটনা ও ভবিষ্যদ্বাণীর একটি বই এবং নাৎসী আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষীবৃন্দের দৃঢ় পদক্ষেপ (ইংরাজি) এর ধারাবাহিক তিনটি-অংশ সহ, আরও ভিডিও সরবরাহ করা হয়েছে। যদি সোসাইটির ভিডিওগুলি আপনার ভাষায় প্রাপ্তিসাধ্য হয়, তাহলে আপনি কি আপনার ক্ষেত্রের পরিচর্যায় সেগুলি ব্যবহার করেছেন?a

১৩ সম্প্রতি একটি নতুন হাতিয়ার, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি, আমাদের শিষ্য-করণের কাজে সাহায্য করার জন্য সরবরাহ করা হয়েছিল। কেন এটি প্রকাশ করা হয়েছিল? এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে?

একটি নতুন হাতিয়ার পরীক্ষা করা

১৪, ১৫. কাদের জন্য চান ব্রোশারটি প্রস্তুত করা হয়েছে এবং এটি কী অন্তর্গত করে?

১৪ ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? নতুন প্রকাশনাটি সেই সব লোকেদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা ইতিমধ্যেই ঈশ্বরে বিশ্বাস এবং বাইবেলকে সম্মান করে। ভ্রমণ অধ্যক্ষগণ এবং সেইসাথে উন্নয়নশীল দেশগুলিতে বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন গিলিয়েড-প্রশিক্ষিত মিশনারীরা এই ব্রোশারের প্রস্তুতিকরণে সহযোগিতা করেছিলেন। এটি একটি ব্যাপক অধ্যয়ন পর্বকে অন্তর্গত করে যা বাইবেলের মৌলিক শিক্ষাগুলিকে অন্তর্ভুক্ত করে। ভাষাগত রচনাশৈলী প্রাণবন্ত, সহজ এবং সরাসরি। একই সময়ে, মূল বিষয় অতিমাত্রায় সহজ নয়। এটি কেবল ‘দুগ্ধ’ নয় বরঞ্চ ঈশ্বরের বাক্য থেকে ‘কঠিন খাদ্য’-ও এমন এক উপায়ে উপস্থাপন করে যা অধিকাংশ লোকেরা বুঝতে সক্ষম হবে।—ইব্রীয় ৫:১২-১৪.

১৫ সম্প্রতি বছরগুলিতে বিভিন্ন দেশে রাজ্য প্রকাশকেরা ঠিক এইরূপ একটি প্রকাশনার জন্য অনুরোধ করেছেন। উদাহরণস্বরূপ, পাপুয়া নিউ গিনিতে ওয়াচ টাওয়ার সোসাইটির শাখা লিখেছিল: “লোকেরা দ্বন্দ্বমূলক ধর্মীয় শিক্ষাগুলির দ্বারা বিভ্রান্ত। তাদের প্রচুর বাইবেল পদগুলির দ্বারা সমর্থিত, সত্যের সংক্ষিপ্ত বক্তব্যগুলির প্রয়োজন, যা তারা তাদের নিজস্ব বাইবেলে পরীক্ষা করে দেখতে পারে। সত্য খ্রীষ্টানদের কাছ থেকে ঈশ্বর কী চান এবং কোন্‌ প্রথা ও অভ্যাসগুলি তাঁর কাছে গ্রহণযোগ্য নয়, সেই সম্পর্কে তাদের এক স্পষ্ট ও নির্দিষ্ট উপস্থাপনার প্রয়োজন।” এইরূপ ব্যক্তিদের ঈশ্বরের চাহিদাগুলি জানতে সাহায্য করার জন্য আমাদের যা প্রয়োজন, চান ব্রোশারটি ঠিক তাই।

১৬. (ক) বিশেষভাবে কারা নতুন ব্রোশারের সহজ ব্যাখ্যাগুলি থেকে উপকৃত হতে পারে? (খ) আপনার এলাকায় যারা আছে তারা কিভাবে চান ব্রোশারটি থেকে উপকৃত হতে পারে?

১৬ আপনি কিভাবে এই নতুন উপকরণটি ব্যবহার করতে পারেন? প্রথমত, এটি সেই সব লোকেদের যাদের পড়তে অসুবিধা রয়েছে অথবা যাদের হয়ত পড়ার প্রবণতা নেই, তাদের সাথে অধ্যয়ন করতে ব্যবহার করা যেতে পারে।b এইরূপ ব্যক্তিরা ব্রোশারের সরল ব্যাখ্যাগুলি থেকে হয়ত উপকৃত হতে পারে। এই প্রকাশনার একটি অগ্রিম কপি পুনরালোচনা করার পর ওয়াচ টাওয়ার শাখাগুলি নিম্নোক্ত বিষয়টি লিখেছিল: “দেশের বিভিন্ন অংশে ব্রোশারটি অত্যন্ত উপকারজনক হবে যেখানে লোকেদের মধ্যে ব্যাপকভাবে পড়ার প্রবণতা নেই।” (ব্রাজিল) “সেখানে বসবাসকারী প্রচুর বিদেশী রয়েছে যারা তাদের দেশীয় ভাষায় পড়তে পারে না এবং যাদের এখনও ফ্রেঞ্চ ভাষা পড়তে অসুবিধা রয়েছে। এইরূপ ব্যক্তিদের সাথে অধ্যয়নের ক্ষেত্রে এই ব্রোশারটি হয়ত এক সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে।” (ফ্রান্স) আপনি কি আপনার এলাকার সেই সব লোকেদের কথা চিন্তা করতে পারেন যারা হয়ত চান ব্রোশারটি থেকে উপকৃত হতে পারে?

১৭. অনেক দেশে, নতুন ব্রোশারটি কোন্‌ উপায়ে উপকাজনক হতে পারে এবং কেন?

১৭ দ্বিতীয়ত, অনেক দেশে তারা যতটুকু শিক্ষিতই হোক না কেন ঈশ্বর-ভয়শীল লোকেদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করার ক্ষেত্রে ব্রোশারটি হয়ত উপকারজনক হতে পারে। অবশ্যই, জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটির সাহায্যে একটি অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটি ব্রোশারের সাহায্যে অধ্যয়ন শুরু করা হয়ত সহজতর হতে পারে। পরে একটি উপযুক্ত সময়ে, অধ্যয়নটি জ্ঞান বইতে স্থানান্তরিত করা উচিত যেটি আমাদের প্রাথমিক ও অগ্রাধিকারসম্পন্ন অধ্যয়ন সহায়ক। চান ব্রোশারটির এই ব্যবহার সম্পর্কে, ওয়াচ টাওয়ার শাখাগুলি লিখেছিল: “বাইবেল অধ্যয়নগুলি শুরু করা কঠিন, আর একটি অধ্যয়ন শুরু করার সুযোগগুলি উত্তম মনে হয় যখন প্রকাশকেরা একটি ব্রোশারের সাহায্যে শুরু করে।” (জার্মানী) “এইধরনের একটি ব্রোশার নতুন বাইবেল অধ্যয়নগুলি শুরু করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে, যা পরবর্তী সময়ে জ্ঞান বইটির মাধ্যমে চালানো যেতে পারে।” (ইতালী) “যদিও জাপানীরা উচ্চশিক্ষিত, তবুও অধিকাংশেরই বাইবেল এবং এর মৌলিক শিক্ষাগুলি সম্বন্ধে অত্যন্ত সীমিত জ্ঞান রয়েছে। জ্ঞান বইটির জন্য ব্রোশারটি একটি অত্যন্ত উৎকৃষ্টমানের ভিত্তি-প্রস্তর হওয়া উচিত।”—জাপান।

১৮. ঈশ্বরের চাহিদাগুলি পূরণ করা সম্পর্কে আমাদের কী মনে রাখা উচিত?

১৮ জগদ্ব্যাপী সোসাইটির শাখাগুলি এই ব্রোশারটির জন্য অনুরোধ করেছে এবং এটি ২২১টি ভাষায় অনুবাদ করার জন্য অনুমোদন করা হয়েছে। যিহোবা তাদের কাছ থেকে কী চান তা জানতে অন্যদের সহযোগিতা করার জন্য আমাদের সাহায্যের ক্ষেত্রে এই নতুন প্রকাশনাটি মূল্যবান প্রমাণিত হোক। আমাদের ক্ষেত্রে, আসুন আমরা মনে রাখি যে ঈশ্বরের চাহিদাগুলি পূরণ করা, যার অন্তর্ভুক্ত প্রচার এবং শিষ্য তৈরি করার আদেশ, আমরা যে তাঁকে কতখানি ভালবাসি তা যিহোবাকে দেখাতে আমাদের এক মহামূল্যবান সুযোগ দেয়। হ্যাঁ, ঈশ্বর আমাদের কাছ থেকে যা চান তা বোঝাস্বরূপ নয়। জীবনযাপনের জন্য এটিই হচ্ছে সর্বোত্তম উপায়!—গীতসংহিতা ১৯:৭-১১.

[পাদটীকাগুলো]

a যিহোবার সাক্ষীবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরাজি) বইটি বলে: “ভিডিওক্যাসেটগুলি কোনক্রমেই ছাপানো পৃষ্ঠা অথবা ব্যক্তিগত সাক্ষ্য দেওয়ার স্থান দখল করতে পারবে না। সোসাইটির প্রকাশনাদিগুলি সুসমাচার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। যিহোবার সাক্ষীদের গৃহ থেকে গৃহে কাজ তাদের পরিচর্যায় এক দৃঢ় শাস্ত্রভিত্তিক বৈশিষ্ট্যকে বজায় রাখে। কিন্তু, ভিডিওক্যাসেটগুলি এখন যিহোবার মহামূল্যবান প্রতিজ্ঞাগুলিতে বিশ্বাস এবং আমাদের দিনে পৃথিবীতে তিনি যা করে চলেছেন তার প্রতি উদ্দীপনামূলক উপলব্ধি গড়ে তোলার জন্য মূল্যবান হাতিয়ার হিসাবে এইগুলির সম্পূরক।”

b চান ব্রোশারটির সাহায্যে কিভাবে একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করা যেতে পারে সেই সম্বন্ধে ব্যাখ্যার জন্য, ১৬-১৭ পৃষ্ঠায় “ঈশ্বরের চাহিদাগুলি জানতে লোকেদের সাহায্য করার জন্য একটি নতুন হাতিয়ার” প্রবন্ধটি দেখুন।

আপনি কি ব্যাখ্যা করতে পারেন?

◻ কোন্‌ দ্বিমুখী কাজ যিহোবা চান যে তাঁর দাসেরা অন্যদের সাথে বন্টন করুক?

◻ আমাদের প্রচার এবং শিষ্য তৈরি করার বাধ্যবাধকতা কেন আমাদের জন্য একটি বোঝাস্বরূপ নয়?

◻ “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” আমাদের শিষ্য-করণের কাজে ব্যবহার করার জন্য কোন্‌ হাতিয়ারগুলি সরবরাহ করেছে?

◻ চান ব্রোশারটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং কিভাবে এটি আমাদের পরিচর্যায় আমরা ব্যবহার করতে পারি?

[২৪ পৃষ্ঠার চিত্র]

আমাদের প্রচার এবং শিষ্য-করণের কাজ কোন বোঝা নয়

[২৬ পৃষ্ঠার চিত্র]

“ঈশ্বর যেন সত্য হোন” (১৯৪৬, পুনঃসংশোধিত ১৯৯২): ৫৪টি ভাষায় ১,৯২,৫০,০০০ কপি

“যে সত্য অনন্ত জীবনে লইয়া যায়” (১৯৬৮): ১১৭টি ভাষায় ১০,৭০,০০,০০০ কপি (ফ্রেঞ্চ ভাষায় দেখান হয়েছে)

“আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন” (১৯৮২): ১৩০টি ভাষায় ৮,০৯,০০,০০০ কপি (রাশিয়ান ভাষায় দেখান হয়েছে)

“জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে” (১৯৯৫): ১২৫টি ভাষায় ৪,৫৫,০০,০০০ কপি (জার্মান ভাষায় দেখান হয়েছে)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার