ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৭/১৫ পৃষ্ঠা ৮-৯
  • ফিলিপ এক ইথিয়পীয় আধিকারিককে বাপ্তাইজিত করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ফিলিপ এক ইথিয়পীয় আধিকারিককে বাপ্তাইজিত করেন
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?”
  • আমাদের জন্য শিক্ষা
  • আপনি কি জানতেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • “যিশুর বিষয়ে সুসমাচার” ঘোষণা করা
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • ফিলিপ—উদ্যোগী সুসমাচার প্রচারক
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল—বোঝার জন্য সাহায্য দরকার
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৭/১৫ পৃষ্ঠা ৮-৯

তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন

ফিলিপ এক ইথিয়পীয় আধিকারিককে বাপ্তাইজিত করেন

যখন রথে চড়ে যাচ্ছিলেন, এক ইথিয়পীয় বিজ্ঞতার সাথে তার সময় ব্যবহার করছিলেন। তিনি উচ্চৈঃস্বরে পাঠ করছিলেন—যা প্রথম-শতাব্দীর ভ্রমণকারীদের জন্য এক সাধারণ অভ্যাস ছিল। এই বিশেষ ব্যক্তিটি “ইথিয়পীয়দের কান্দাকি রাণীর অধীন উচ্চপদস্থ”a এক আধিকারিক ছিলেন। তিনি “রাণীর সমস্ত ধনকোষের অধ্যক্ষ ছিলেন”—মূলত তিনি ছিলেন অর্থ মন্ত্রী। এই আধিকারিক জ্ঞান অর্জনের জন্য ঈশ্বরের বাক্য থেকে পাঠ করছিলেন।—প্রেরিত ৮:২৭, ২৮.

নিকটেই ছিলেন সুসমাচার প্রচারক ফিলিপ। এক স্বর্গদূত তাকে সেইস্থানের দিকে পরিচালিত করেন আর তারপর তাকে বলা হয়: “নিকটে যাও, ঐ রথের সঙ্গ ধর।” (প্রেরিত ৮:২৬, ২৯) আমরা কল্পনা করতে পারি ফিলিপ নিজেকে জিজ্ঞাসা করছিলেন, ‘কে এই ব্যক্তি? তিনি কী পড়ছেন? কেন আমি তার কাছে যেতে নির্দেশিত হয়েছি?’

যখন ফিলিপ দৌড়ে সেই রথের পাশে যান তিনি শুনতে পান ইথিয়পীয় এই বাক্যগুলি পাঠ করছিলেন: “তিনি হত হইবার জন্য মেষের ন্যায় নীত হইলেন, এবং লোমচ্ছেদকের সম্মুখে মেষশাবক যেমন নীরব থাকে, সেইরূপ তিনি মুখ খুলেন না। তাঁহার হীনাবস্থায় তাঁহার সম্বন্ধীয় বিচার অপনীত হইল, তাঁহার সমকালীন লোকদের বর্ণনা কে করিতে পারে? যেহেতুক তাঁহার জীবন পৃথিবী হইতে অপনীত হইল।”—প্রেরিত ৮:৩২, ৩৩.

ফিলিপ তৎক্ষণাৎ পরিচ্ছেদটি শনাক্ত করতে পেরেছিলেন। এটি যিশাইয়ের লেখা থেকে ছিল। (যিশাইয় ৫৩:৭, ৮) ইথিয়পীয় যা পড়ছিলেন সেবিষয়ে তিনি বিভ্রান্ত হয়েছিলেন। ফিলিপ এইভাবে জিজ্ঞাসা করার দ্বারা কথোপকথন শুরু করেন: “আপনি যাহা পাঠ করিতেছেন, তাহা কি বুঝিতে পারিতেছেন?” ইথিয়পীয় উত্তর দিয়েছিলেন “কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব?” পরে তিনি ফিলিপকে তার রথে উঠে বসতে নিবেদন করেন।—প্রেরিত ৮:৩০, ৩১.

“আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?”

ইথিয়পীয় ফিলিপকে বলেছিলেন, “নিবেদন করি, ভাববাদী কাহার বিষয়ে এই কথা কহেন? নিজের বিষয়ে, না অন্য কাহারও বিষয়ে?” (প্রেরিত ৮:৩৪) ইথিয়পীয়ের বিভ্রান্তি আশ্চর্যের ছিল না, কারণ যিশাইয়ের ভাববাণীর “মেষ” অর্থাৎ “দাস” এর শনাক্তিকরণ বহুদিন ব্যাপী এক রহস্য থেকে গিয়েছিল। (যিশাইয় ৫৩:১১) এটি অবশ্যই কত না স্পষ্ট হয় যখন ফিলিপ ইথিয়পীয়ের কাছে ঘোষণা করেন: “যীশু-বিষয়ক সুসমাচার”! অল্প সময় পরেই ইথিয়পীয় বলেন: “এই দেখুন, জল আছে; আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?” সুতরাং ফিলিপ তৎক্ষণাৎ তাকে বাপ্তাইজিত করেন।—প্রেরিত ৮:৩৫-৩৮.

এটি কি একটি হটকারিতাপূর্ণ কাজ ছিল? কখনই নয়! ইথিয়পীয় ছিলেন একজন ধর্মান্তরিত যিহূদী।b সুতরাং ইতিমধ্যেই তিনি মশীহ সম্পর্কীয় ভবিষ্যদ্বাণীগুলিসহ শাস্ত্রীয় জ্ঞান সম্পন্ন যিহোবার একজন উপাসক ছিলেন। কিন্তু, তার জ্ঞান অসম্পূর্ণ ছিল। এখন যখন তিনি যীশু খ্রীষ্টের ভূমিকা সম্বন্ধীয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি পান, ইথিয়পীয় বুঝতে পারেন যে ঈশ্বর তার কাছ থেকে কী চান ও তিনি তাতে সম্মত হতে প্রস্তুত ছিলেন। বাপ্তিস্ম উপযুক্ত ছিল।—মথি ২৮:১৮-২০; ১ পিতর ৩:২১.

পরে “প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন।” তিনি অপর এক কার্যভার সম্পন্ন করতে যান। আর ইথিয়পীয় “আনন্দ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন।”—প্রেরিত ৮:৩৯, ৪০.

আমাদের জন্য শিক্ষা

যিহোবার বর্তমান-দিনের সেবক হিসাবে আমাদের জন্য এক বাধ্যবাধকতা আছে আর তা হল সহৃদয় ব্যক্তিবিশেষকে ঈশ্বরের বাক্যের সত্য শিখতে সাহায্য করা। অনেকে ভ্রমণ অথবা অন্যান্য রীতিবহির্ভূত পরিস্থিতিগুলিতে অন্যদের কাছে সুসমাচার উপস্থাপন করার ক্ষেত্রে সফল হয়েছেন। রাজ্য-প্রচার কাজের ফলস্বরূপ, প্রত্যেক বছর লক্ষ লক্ষ ব্যক্তিরা যিহোবার প্রতি তাদের উৎসর্গীকরণের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম গ্রহণ করে থাকে।

অবশ্যই নতুনদের বাপ্তিস্ম দেওয়ার জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। প্রথমে তাদের অবশ্যই যিহোবা ঈশ্বর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্ট সম্বন্ধে যথার্থ জ্ঞান নিতে হবে। (যোহন ১৭:৩) তারপর তাদের অবশ্যই অনুতপ্ত হতে হবে, অন্যায় আচরণ পরিত্যাগ করতে এবং সম্পূর্ণ সরে আসতে হবে যাতে তারা ঈশ্বরের মানের উপযোগী হতে পারে। (প্রেরিত ৩:১৯) এটি সময় সাপেক্ষ, বিশেষত যদি অন্যায় চিন্তাধারা ও আচরণ গভীরভাবে বদ্ধমূল থাকে। যখন নতুনেরা খ্রীষ্টান শিষ্য হওয়ার মূল্য অনুধাবন করতে পারে তখন যিহোবা ঈশ্বরের সাথে এক উৎসর্গীকৃত সম্পর্কে প্রবেশ করার ফলস্বরূপ হয় প্রচুর আশীর্বাদ। (তুলনা করুন লূক ৯:২৩; ১৪:২৫-৩৩.) যারা যিহোবার সাক্ষী তারা উদ্দীপনার সাথে এইপ্রকার নতুন ব্যক্তিদের সংগঠনের প্রতি পরিচালিত করে যা ঈশ্বর তাঁর ইচ্ছা সম্পন্ন করার জন্য ব্যবহার করে থাকেন। (মথি ২৪:৪৫-৪৭) ইথিয়পীয়ের মত, এই ব্যক্তিরাও আনন্দ করে থাকে ঈশ্বর তাদের কাছে যা চান তা শিক্ষা করে ও অনুরূপভাবে চলে।

[পাদটীকাগুলো]

a “কান্দাকি” কোন নাম নয়, কিন্তু এটি একটি উপাধি (যেমন “ফরৌণ” ও “কৈসর”) যা ইথিয়পীয় রাণীর উত্তরাধিকারীর প্রতি প্রয়োগ করা হত।

b ধর্মান্তরিতেরা ছিল ন-যিহূদী যারা মোশির নিয়ম অনুসরণ করা বেছে নিয়েছিল।—লেবীয় পুস্তক ২৪:২২.

[৮ পৃষ্ঠার বাক্স]

কেন নপুংসক বলা হয়?

প্রেরিত ৮ অধ্যায়ের সম্পূর্ণ বিবরণে ইথিয়পীয়কে “নপুংসক” বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু যেহেতু মোশির নিয়মে মণ্ডলীতে কোন নপুংসক পুরুষকে অনুমোদন করা হত না, তাই এই ব্যক্তি স্পষ্টতই আক্ষরিক অর্থে নপুংসক ছিলেন না। (দ্বিতীয় বিবরণ ২৩:১) “নপুংসক” এর জন্য ব্যবহৃত গ্রীক শব্দ একজন উচ্চপদস্থ আধিকারিককে নির্দেশ করতে পারে। সুতরাং ইথিয়পীয়, ইথিয়পিয়ার রাণীর অধীনে এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার