ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ৮-১০
  • গ্রীসে এক সফল সাক্ষ্যদানের অভিযান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • গ্রীসে এক সফল সাক্ষ্যদানের অভিযান
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • সরকারি আধিকারিদের প্রতিক্রিয়া
  • সরকারি উকিলদের প্রতিক্রিয়া
  • গ্রন্থাগারিকদের প্রতিক্রিয়া
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৪/১৫ পৃষ্ঠা ৮-১০

গ্রীসে এক সফল সাক্ষ্যদানের অভিযান

যিহোবার সাক্ষীরা দীর্ঘদিন যাবৎ গ্রীসে বিরোধিতার সম্মুখীন হয়েছে। প্রায়ই গ্রীক অর্থোডক্স যাজকদের কাছ থেকে চাপের ফলে কিছু পুলিশ, আদালত এবং সরকারি আধিকারিকেরা সাক্ষীদের নির্যাতন করেছে। কখনও কখনও গ্রীসের ধর্মান্তরিতকরণবিরোধী আইন কারণস্বরূপ হয়েছে, আবার কোন কোন সময়ে সাক্ষীদের বাইবেল-ভিত্তিক প্রত্যাখ্যান তা সে যুদ্ধে যাওয়া অথবা রক্তগ্রহণ সম্বন্ধীয় যাই হোক না কেন কারণ হয়ে দাঁড়িয়েছে।—যিশাইয় ২:২-৫; প্রেরিত ১৫:২৮, ২৯.

গ্রীসে সহৃদয় কর্তৃপক্ষদের মধ্যে বিরাট বোধগম্যতা তুলে ধরার এক চেষ্টায়, প্রায় ২০০ জন সাক্ষী যাদের গ্রীক সরকার ধর্মীয় পরিচারক হিসাবে শনাক্ত করেন এবং সেইসঙ্গে কিছু সাক্ষী যারা বৈধ বৃত্তির সদস্য, সাম্প্রতিককালে দেশ-ব্যাপী এক অভিযানে যুক্ত হয়েছিল। গ্রীসে যিহোবার সাক্ষীবৃন্দেরা নামক বিশেষভাবে প্রস্তুত করা একটি ব্রোশার এবং সেইসঙ্গে যিহোবার সাক্ষীবৃন্দেরা—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরাজি) বইটি তারা অর্পণ করেছিল। এছাড়াও, তারা দস্তাবেজের একটি প্যাকেট প্রদান করেছিল যা দেখায় যে যিহোবার সাক্ষীদের নির্যাতন করার জন্য কোন অনুমোদিত আইনের ভিত্তি নেই। সাক্ষীরা পুলিশ প্রধান, মেয়র, সরকারি উকিল এবং অন্যান্য আধিকারিকদের সাথে দেখা করেন।

কী প্রতিক্রিয়া দেখা যায়? শত শত উত্তম অভিজ্ঞতা। কয়েকটি উদাহরণের বিষয় বিবেচনা করুন।

পশ্চিম ম্যাসিডোনিয়ায় একটি থানার এক কমাণ্ডার ভাইয়েদের সম্ভাষণ জানিয়ে বলেন: “আমি অনেক দিন ধরে আপনাদের জানি, . . .আর আমি আপনাদের নিয়মকে শ্রদ্ধার চোখে দেখি। . . . আমি ধর্মান্তরিতকরণের আইনের সাথে একমত নই এবং যদি আমার ক্ষমতা থাকত, আমি তা লোপ করতাম।”

বহু শহরে বিভিন্ন থানায় কমাণ্ডাররা এইধরনের মন্তব্য করেন যেমন: “আপনারা যে সামাজিক কাজ সম্পাদন করেন তার জন্য আমি আপনাদের প্রশংসা করি।” “আপনাদের সম্প্রদায় কখনও পুলিশের জন্য সমস্যা সৃষ্টি করে না; আপনারা এক সামাজিক কাজ সম্পাদন করে থাকেন।” “আপনাদের সাথে আমাদের একবারেই কোন সমস্যা নেই। আমরা আপনাদের সম্মান করি ও আপনাদের শ্রদ্ধা করি।”

পিরিয়াসে নিরাপত্তা পুলিশের এক উচ্চ আধিকারিক অশ্রুজলের সাথে ভাইয়েদের বলেন যে যীশু খ্রীষ্টের নামের মাধ্যমে যিহোবার কাছে প্রার্থনা করার বিষয় তিনি জানেন। তিনি সাক্ষীদের আরও অবাক করে দিয়েছিলেন যখন তিনি তাদের বলেছিলেন যে তিনি জানতেন যে হর্‌মাগিদোনের আগে তারা কিছু নির্যাতন আশা করছে আর তিনি আশা করেন যে সেই সময়ে তাদের সাহায্য করতে যিহোবা তাকে ব্যবহার করবেন! আরও আলোচনার জন্য তিনি ভাইয়েদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।

সরকারি আধিকারিদের প্রতিক্রিয়া

ঘোষণাকারী বইটি সম্বন্ধে থিষেলীতে একজন মেয়র বলেছিলেন: “এর স্থান মিউনিসিপ্যালিটির গ্রন্থাগারে—এক বিশিষ্ট স্থান!” এর ফলে তিনি তাক থেকে বইগুলিকে সরিয়ে দিয়ে ঘোষণাকারী বইটিকে সেখানে রাখেন যাতে করে এর প্রচ্ছদটি দেখা যেতে পারে।

উত্তর গ্রীসে একজন মেয়র ভাইয়েদের পরিদর্শনকে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়ে বলেছিলেন: “আপনারা হলেন সবচেয়ে ভাল লোক, যাদের আমি আমার মিউনিসিপ্যালিটিতে চাই।” উত্তর ইউরিয়াতে এক দয়ালু মেয়র ভাইয়েদের বলেছিলেন: “আমি হলাম একজন প্রাক্তন-সেনা কর্মী। কিন্তু আপনারা—আমি আপনাদের খুব শ্রদ্ধা করি।” সাক্ষীরা যে তথ্য তুলে ধরেছিল তিনি আগ্রহান্বিতভাবে তার সাথে একমত ছিলেন। ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত বাছাই করা বইগুলি যখন তারা দেখিয়েছিল, তিনি বলেছিলেন: “যদি আমি প্রতিজ্ঞা করি সেগুলির সবকটি আমি পড়ব, আপনারা কি সেগুলি আমাকে দেবেন?” তারা উত্তর দিয়েছিল: “অবশ্যই—সেগুলি আপনার!” তিনি আনন্দিত হয়েছিলেন আর ভাইয়েদের তিনি যেতে দিতে চাননি।

আট্টিকার এক শহরতলিতে, একজন মেয়র আনন্দের সাথে ভাইয়েরা যে সাহিত্য অর্পণ করেছিল তা গ্রহণ করেছিলেন আর সোসাইটির প্রকাশনাদি তার কাছে নিয়মিত আনার জন্য তাদের বলেছিলেন। যখন তারা চলে যাচ্ছে, তিনি তাদের বলেন: “রাজনীতিবিদ্‌গণের দ্বারা লোকেরা খুবই হতাশাগ্রস্ত এবং প্রকৃত সত্যের জন্য অন্যত্র অন্বেষণ করে। আমি নিশ্চিত যে এখন থেকে আপনারা খুব ব্যস্ত থাকবেন কারণ আপনাদের কাছে সত্য রয়েছে।”

সরকারি উকিলদের প্রতিক্রিয়া

ভাইয়েরা যারা উত্তর গ্রীসে এক ডেপুটি সরকারি উকিলের সাথে দেখা করেছিলেন, স্মরণ করেন: “তিনি আমাদের প্রকাশনাদির এবং উপস্থাপনার এবং সেইসঙ্গে যখন আমরা রক্তগ্রহণের গুরুতর বিষয়টির সম্মুখীন হই তখন আমরা যে নিঃসহায় নই তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পরিশেষে তিনি আমাদের ধন্যবাদ দেন এবং আন্তরিকতার সাথে দেখা করার ও তাকে জানানোর জন্য আমাদের সুপারিশ করেন। পরে, আমরা জানতে পারি চার বছর আগে তিনিই পুলিশ ডেকে দুজন ভাইকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন যারা ক্ষেত্র পরিচর্যার কাজে যুক্ত ছিল।”

দুজন সাক্ষী আইনবিদ্‌ যারা এথেন্সে সরকারি উকিলের আধিকারিকদের সাথে দেখা করেন, তারা সুপরিচিত এবং সর্বত্র সম্মানিত এক বয়স্ক সরকারি উকিলকে তাদের কাছে আসতে দেখে অবাক হন। তিনি তাদের নির্জনে নিয়ে গিয়ে বলেন যে ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে যে আইন, তার কোন ভিত্তি নেই আর তা গ্রীক আদালত ব্যবস্থায় বিভ্রান্তির কারণ হয়েছে। তিনি আন্তরিকভাবে করমর্দন করে তাদের ধন্যবাদ জানান।

গ্রীসের উত্তরে, একজন সরকারি উকিল খুবই বন্ধুত্বপরায়ণ ছিলেন এবং সাহিত্য গ্রহণ করেছিলেন। যখন তিনি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) বইটির পৃষ্ঠা উল্টান, তিনি সূচীপত্রে বিভিন্ন অধ্যায়গুলি দেখে অবাক হয়ে যান। তিনি মন্তব্য করেন: “এই বইটি যা তুলে ধরে তা আমি কোন অর্থোডক্স গির্জাগুলিতে দেখিনি।”

বিয়োশিয়ায় একজন সরকারি উকিল স্বীকার করেন যে অতীতে তিনি, তাদের ইচ্ছার বিরুদ্ধে রক্তগ্রহণের জন্য যিহোবার সাক্ষীদের আদেশ দিয়েছিলেন। কিন্তু বিষয়টির উপর ভাইয়েরা তার সাথে যুক্তি করার পর, তিনি ঘোষণা করেন: “ভবিষ্যতে আমি কখনও এইধরনের আদেশ দেব না!” তিনি এই মীমাংসায় আসেন যে যিহোবার সাক্ষীদের স্থানীয় হসপিটাল লিয়েসন কমিটির সাথে আলোচনা করতে হবে যাতে করে রক্তের জন্য সমস্ত বিকল্পগুলিকে অনুসন্ধান করা যেতে পারে। তিনি আনন্দের সাথে যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইটি গ্রহণ করেন।

গ্রন্থাগারিকদের প্রতিক্রিয়া

বহু গ্রন্থাগারিকদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছিল। এথেন্সে একটি গ্রন্থাগারে, একজন নম্র গ্রন্থাগারিক সাহিত্য গ্রহণ করে মন্তব্য করেন: “এটি খুব ভাল যে আপনারা আমাদের কাছে আপনাদের বইগুলি এনেছেন কারণ আমাদের গ্রন্থাগারে যে বইগুলি আছে তার অধিকাংশই আপনাদের বিরুদ্ধে। . . . গ্রন্থাগারে আপনাদের বইগুলি দেখে একজন পুরোহিত খুব বিপর্যস্ত হয়ে পড়েন। . . . তাতে কিছু এসে যায় না। সমস্ত মতামতই শোনা উচিত।”

ক্রিটে একটি মিউনিসিপ্যাল গ্রন্থাগারের একজন আধিকারিক, যিনি এক সামরিক ক্যাম্পে যিহোবার সাক্ষীদের বিষয় জানতে পারেন, তিনি ভাইয়েদের বলেছিলেন যে যুদ্ধে অংশ নিতে সাক্ষীদের প্রত্যাখ্যানের দ্বারা তিনি প্রভাবিত হন। তিনি নিজেকে জিজ্ঞাসা করতেন, ‘কেন এই লোকেদের কষ্ট পাওয়া উচিত?’ তিনি ভাইয়েদের কাছ থেকে সাহিত্য গ্রহণ করে তাদের সম্প্রতি অভিযান সম্বন্ধে বলেন: “আপনারা সর্বোত্তম কাজ করেছেন আর এই কাজ আরও অনেক বছর আগে হওয়া উচিত ছিল। . . . গ্রীসে বহু কুসংস্কার রয়েছে।” তিনি ভাইয়েদের পুনরায় শীঘ্রই তার সাথে সাক্ষাৎ করতে বলেন।

এই বিশেষ অভিযান চলাকালীন, ভাইয়েরা ১,০০০ এর বেশি ঘোষণাকারী বই, ১,৬০০ এর বেশি গ্রীসে যিহোবার সাক্ষীবৃন্দেরা ব্রোশার, সেইসঙ্গে শত শত বই এবং পত্রিকা অর্পণ করেছিল। আরও কার্যকারী বিষয় হল তারা শত শত গ্রীক কর্মীদের সাথে সরাসরি কথা বলেছিল। এখন গ্রীসে এবং সারা পৃথিবীতে যিহোবার বিশ্বস্ত দাসেদের এটাই হল আশা যে গ্রীসে সহৃদয় কর্তৃপক্ষেরা যিহোবার সাক্ষীদের বিষয়ে আরও পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি পোষণ করবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার