ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ১২/১ পৃষ্ঠা ৬-১১
  • অনুকরণযোগ্য নম্রতার উদাহরণ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনুকরণযোগ্য নম্রতার উদাহরণ
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা ঈশ্বর হলেন নম্র
  • খ্রীষ্টের নম্রতার উদাহরণ
  • নম্রতার এক উত্তম উদাহরণ, প্রেরিত পৌল
  • আধুনিক-দিনের উদাহরণগুলি
  • অকৃত্রিম নম্রতা গড়ে তোলার প্রচেষ্টা করুন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন নম্রতা পরিধান করা উচিৎ?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা তাঁর নম্র দাসদের মূল্যবান হিসেবে দেখেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • যিশু নম্রতার দৃষ্টান্ত স্থাপন করেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ১২/১ পৃষ্ঠা ৬-১১

অনুকরণযোগ্য নম্রতার উদাহরণ

“তোমার নিজ নম্রতা আমাকে মহান্‌ করবে।”—গীতসংহিতা ১৮:৩৫, NW.

১. নম্রতার কী নজির ওয়াচ টাওয়ার সমিতির প্রাক্তন সভাপতির মধ্যে দেখা যায়?

যোসেফ এফ্‌. রাদারফোর্ড বেশ ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ ছিলেন, ছয় ফুটের বেশি লম্বা এবং ওজনে ৯০ কেজিরও অনেক বেশি। তার কণ্ঠস্বরও বেশ গম্ভীর ছিল, যা ব্যবহার করে তিনি শুধুমাত্র যিহোবার নাম ঘোষণা করেননি, কিন্তু খ্রীষ্টজগতের ধর্মীয় নেতাদের কাপট্যও উন্মোচন করে তাদের ধর্মকে “একটি ফাঁদ ও ব্যবসা” বলেছিলেন। কিন্তু তার বক্তৃতা যতই শক্তিশালী হোক না কেন, প্রধান কার্যালয়ের বেথেল পরিবারের সঙ্গে যখন তিনি প্রার্থনা করতেন তখন ঠিক মনে হত যেন একটি ছোট ছেলে তার বাবার সাথে কথা বলছে, যার মাধ্যমে স্রষ্টার সাথে তার আন্তরিক সম্পর্ক এবং নম্রতা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তিনি একটি ছোট শিশুর মত নম্র ছিলেন।—মথি ১৮:৩, ৪.

২. কোন্‌ নির্দিষ্ট অর্থে যিহোবার সেবকেরা ব্যক্তিগতভাবে জগতের থেকে আলাদা?

২ নিঃসন্দেহে, যিহোবা ঈশ্বরের সকল সত্য সেবকেরা নম্র। এই বিষয়ে তারা জগতের থেকে আলাদা, যা বিশেষত এখন, অহঙ্কারী লোকেদের দ্বারা পরিপূর্ণ। অভিজাত ও ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা, ধনী ও শিক্ষিত ব্যক্তিরা, এমনকি অনেক দরিদ্র এবং অভাবগ্রস্ত লোকেরাও অহঙ্কারী হয়।

৩. অহঙ্কারের ফল সম্বন্ধে কী বলা যেতে পারে?

৩ অহঙ্কার অত্যন্ত ঝগড়াবিবাদ ও দুদর্শার সৃষ্টি করে। বস্তুতপক্ষে, এই মহাবিশ্বে সমস্ত বিপর্যয় শুরু হয়েছিল যখন একটি স্বর্গদূত অহঙ্কারী হয়ে, যে উপাসনা একমাত্র স্রষ্টা যিহোবা ঈশ্বরের পাওয়ার কথা, সেই উপাসনা পেতে চেয়েছিল। (মথি ৪:৯, ১০) তাছাড়া, যে নিজেকে দিয়াবল ও শয়তান করে তুলেছিল, সে কি নিষিদ্ধ ফল খাওয়ার মাধ্যমে প্রথম নারী হবা যে ঈশ্বরের মত হতে পারবে, ভাল-মন্দ বিচার করতে পারবে বলে তার মধ্যে অহঙ্কার জাগিয়ে তুলে তাকে প্রলুব্ধ করতে সক্ষম হয়নি? হবা যদি নম্র হত, তাহলে সে বলত, ‘আমি কেন ঈশ্বরের মত হতে চাইব?’ (আদিপুস্তক ৩:৪, ৫) বর্তমানে মানবজাতির দৈহিক, মানসিক এবং নৈতিক দুরবস্থা বিবেচনা করলে, মানুষের মনে অহঙ্কার কতই ক্ষমারহিত বলে মনে হয়! কোন আশ্চর্যের বিষয় নয় যে আমরা পড়ি, যিহোবা “অহঙ্কার, দাম্ভিকতা” ঘৃণা করেন! (হিতোপদেশ ৮:১৩) অহঙ্কারী ব্যক্তিদের বিপরীতে, নম্রতার উদাহরণ ঈশ্বরের বাক্য বাইবেলে পাওয়া যায়।

যিহোবা ঈশ্বর হলেন নম্র

৪. কোন্‌ শাস্ত্র পদগুলি দেখায় যে যিহোবা হলেন নম্র?

৪ সর্বোচ্চ, সার্বিক সার্বভৌম, অনন্তকালীন রাজা—যিহোবা হলেন নম্র। (আদিপুস্তক ১৪:২২) তা কি হতে পারা সম্ভব? হ্যাঁ, বাস্তবিকই তা সম্ভব! রাজা দায়ূদ, যেমন গীতসংহিতা ১৮:৩৫ পদে লিপিবদ্ধ করেন: “তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে।” স্পষ্টরূপে, রাজা দায়ূদ যিহোবার নম্রতার প্রসংশা করেন, তাঁকে মহান দায়ূদ হিসাবে সম্বোধন করে। তারপর, আবার আমরা গীতসংহিতা ১১৩:৬ পদে পড়ি যে যিহোবা “অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে।” অন্যান্য অনুবাদগুলিতে লেখা আছে, “উচ্চ পদ থেকে নেমে এসে দৃষ্টিপাত করেন,” (নিউ ইন্টারন্যাশনাল ভারশন) “অবনত হয়ে দৃষ্টিপাত করেন।”—নিউ ইংলিশ বাইবেল।

৫. কোন্‌ ঘটনাগুলি যিহোবার নম্রতার বিষয়ে সাক্ষ্য দেয়?

৫ অব্রাহামের সঙ্গে যিহোবা ঈশ্বরের আচরণের ক্ষেত্রে, মন্দ শহর সদোম ও ঘমোরা ধ্বংস করার সময়ে অব্রাহামকে তাঁর ধার্মিকতা সম্পর্কে প্রশ্ন করতে অনুমতি দিয়ে যিহোবা নিশ্চিতরূপে নম্রতা দেখিয়েছিলেন।a (আদিপুস্তক ১৮:২৩-৩২) আর যখন যিহোবা ইস্রায়েল জাতিকে ধ্বংস করতে তাঁর ইচ্ছা প্রকাশ করেন—একবার প্রতিমাপূজার জন্য, আর একবার বিদ্রোহের জন্য—সেই সময়ে প্রত্যেকটি ক্ষেত্রে মোশি যিহোবার সাথে যুক্তি করেছিলেন যেন তিনি অন্য মানুষের সাথে কথা বলছিলেন। প্রতিটি ক্ষেত্রেই, যিহোবা সম্মতি জানিয়েছিলেন। তাঁর জাতি ইস্রায়েলের সম্পর্কে মোশির অনুরোধ মেনে নেওয়ার ক্ষেত্রে তাঁর নম্রতা প্রদর্শিত হয়েছিল। (যাত্রাপুস্তক ৩২:৯-১৪; গণনাপুস্তক ১৪:১১-২০) ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে যিহোবার নম্রতার আরও উদাহরণ দেখা যায়, যেমন তাঁর সাথে গিদিয়োন ও যোনার সম্পর্কের ক্ষেত্রে, যা বিচারকর্ত্তৃগণ ৬:৩৬-৪০ এবং যোনা ৪:৯-১১ পদে লিপিবদ্ধ আছে।

৬. যিহোবার আর কোন্‌ বৈশিষ্ট্য তাঁর নম্রতাকে প্রকাশ করে?

৬ বাস্তবিকই, অন্ততপক্ষে নয় বার, যিহোবাকে “ক্রোধে ধীর” বলা হয়েছে।b হাজার হাজার বছর ধরে অসিদ্ধ মানবজাতির সাথে আচরণে যিহোবার দীর্ঘ-সহিষ্ণুতা, ক্রোধে ধীরতা, তাঁর নম্র সত্তাকে প্রমাণ করে। অহঙ্কারী ব্যক্তিরা অসহিষ্ণু, সহজেই রেগে যায়, দীর্ঘসহিষ্ণুতা থেকে অনেক আলাদা। যিহোবার নম্রতা অহঙ্কারী অসিদ্ধ মানবজাতির কাছে কতই না হাস্যকর! যেহেতু আমাদের বলা হয়েছে ‘প্রিয় বৎসের ন্যায় ঈশ্বরের অনুকারী হতে,’ তাই আমাদের অবশ্যই নম্র হতে হবে, ঠিক যেমন তিনি নম্র।—ইফিষীয় ৫:১.

খ্রীষ্টের নম্রতার উদাহরণ

৭, ৮. যীশু খ্রীষ্টের নম্রতা সম্বন্ধে শাস্ত্র কী বলে?

৭ আমাদের জন্য অনুকরণযোগ্য নম্রতার সবচেয়ে লক্ষণীয় দ্বিতীয় উদাহরণ, ১ পিতর ২:২১ পদে উল্লেখ করা হয়েছে: “কারণ তোমরা ইহারই নিমিত্ত আহূত হইয়াছ; কেননা খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর।” পৃথিবীতে মানুষরূপে আসার বহুপূর্বে, তাঁর সম্পর্কে সখরিয় ৯:৯ পদে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল: “হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন; তিনি ধর্ম্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দ্দভে উপবিষ্ট।“ যদি যীশু খ্রীষ্ট অহঙ্কারী হতেন, তাহলে তিনি একবার উপাসনা করার পরিবর্তে দিয়াবলের দেওয়া জগতের সমস্ত রাজ্যগুলি হয়ত গ্রহণ করতে পারতেন। (মথি ৪:৯, ১০) তিনি আরও তাঁর নম্রতা দেখিয়েছিলেন তাঁর শিক্ষার সমস্ত কৃতিত্ব যিহোবাকে দিয়ে এই বলে: “যখন তোমরা মনুষ্যপুত্ত্রকে উচ্চে উঠাইবে, তখন জানিবে যে, আমিই তিনি আর আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়াছেন, তদনুসারে এই সকল কথা কহি।”—যোহন ৮:২৮.

৮ তাই তিনি উপযুক্তরূপে তাঁর শ্রোতাদের বলতে পেরেছিলেন: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।” (মথি ১১:২৯) আর মানুষ হিসাবে শিষ্যদের সাথে থাকার শেষ সন্ধ্যায়, তাদের পা ধুইয়ে দিয়ে নম্রতার কী সুন্দর উদাহরণই না তিনি দেখিয়েছেন! (যোহন ১৩:৩-১৫) “নম্রচিত্তের” এক উদাহরণ হিসাবে যীশু খ্রীষ্টকে উল্লেখ করে ফিলিপীয় ২:৩-৮ পদে প্রেরিত পৌল উপযুক্তরূপে খ্রীষ্টানদের উপদেশ দেন: “খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তাহা তোমাদিগেতেও হউক। ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন; এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন।” যখন জীবনের সবচেয়ে কষ্টকর অবস্থার সম্মুখীন হন, তিনি নম্রতার সাথে তাঁর পিতার কাছে প্রার্থনা করেন: “আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক।” (মথি ২৬:৩৯) নিঃসন্দেহে, খ্রীষ্টের অনুকারী হয়ে, তাঁর পদচিহ্ন অনুসরণ করতে আমাদের অবশ্যই নম্র হতে হবে।

নম্রতার এক উত্তম উদাহরণ, প্রেরিত পৌল

৯-১২. প্রেরিত পৌল কিভাবে নম্রতার এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন?

৯ প্রেরিত পৌল লিখেছিলেন: “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।” (১ করিন্থীয় ১০:৩৪) প্রেরিত পৌল কি বিনয়ী হয়ে যীশু খ্রীষ্টকে অনুসরণ করেছিলেন, যার ফলে নম্রতার অনুকরণযোগ্য আর একটি উদাহরণ আমরা পেতে পারি? অবশ্যই তিনি তা করেছিলেন। শুরুতেই, তিনি নম্রভাবে স্বীকার করেছিলেন যে তিনি ছিলেন যীশুর খ্রীষ্টের দাস। (ফিলিপীয় ১:১) তিনি ইফিষে প্রাচীনবর্গকে তার সম্বন্ধে বলেছিলেন “সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত এবং যিহূদীদের ষড়যন্ত্র হইতে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থাকিয়া প্রভুর দাস্যকর্ম্ম করিয়াছি।” (প্রেরিত ২০:১৭-১৯) যদি তিনি নম্র না হতেন, তাহলে তিনি কখনও এরূপ লিখতে পারতেন না যা রোমীয় ৭:১৮, ১৯ পদে পাওয়া যায়: “যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার মাংসে, উত্তম কিছুই বাস করে না . . . কেননা আমি যাহা ইচ্ছা করি, সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু আমাতে বসবাসকারী পাপ তাহা করে।”

১০ এছাড়াও, পৌল করিন্থীয় খ্রীষ্টানদের প্রতি যা লিখেছিলেন, তা তার নম্রতাকে ইঙ্গিত করে, যেমন ১ করিন্থীয় ২:৩ পদে লিপিবদ্ধ আছে: “আমি তোমাদের কাছে দুর্ব্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম।” খ্রীষ্টান হওয়ার পূর্বে তার অতীত জীবন সম্পর্কে তিনি নম্রতার সাথে বলতে গিয়ে লিখেছিলেন: “পূর্ব্বে আমি ধর্ম্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম। . . . খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন; তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য।”—১ তীমথিয় ১:১৩, ১৫.

১১ তার প্রচেষ্টার সমস্ত সাফল্য তিনি যিহোবাকে দিয়ে নম্রতা দেখিয়েছিলেন। তিনি তার পরিচর্যার বিষয়ে লিখেছিলেন: “আমি রোপণ করিলাম, আপল্লো জলসেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার।” (১ করিন্থীয় ৩:৬, ৭) তিনি তার ভাইয়েদের তার জন্য প্রার্থনা করতে বলেছিলেন যেন তিনি উত্তম সাক্ষ্য দিতে পারেন, যেমন আমরা ইফিষীয় ৬:১৮-২০ পদে পড়ি: “প্রার্থনা কর . . . আমার পক্ষে বিনতি কর, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহস পূর্ব্বক সেই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করিতে পারি।”

১২ অন্যান্য প্রেরিতদের সাথে সহযোগিতা করেও পৌল তার নম্রতা দেখিয়েছিলেন: “যাকোব, কৈফা ও যোহন . . . আমাকে ও বার্ণবাকে সহযোগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই, আর তাঁহারা ছিন্নত্বক্‌দের কাছে যান।” (গালাতীয় ২:৯) এছাড়াও তিনি চারজন যুবকের সাথে মন্দিরে গিয়ে তাদের একটি মানত পূর্ণ করার খরচ বহন করে, যিরূশালেম মণ্ডলীর প্রাচীনদের সাথে সহযোগিতা করার ইচ্ছা দেখিয়েছিলেন।—প্রেরিত ২১:২৩-২৬.

১৩. পৌলের নম্রতাকে কী এত লক্ষণীয় করেছিল?

১৩ পৌলের নম্রতা সমস্ত কিছুর থেকে আরও লক্ষণীয় হয়ে ওঠে যখন আমরা দেখি যিহোবা তাকে কত প্রবলভাবে ব্যবহৃত করেছিলেন। উদাহরণস্বরূপ, আমরা পড়ি যে “ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম-কার্য্য সাধন করিতেন।” (প্রেরিত ১৯:১১, ১২) বস্তুতপক্ষে, তাকে অতিপ্রাকৃত দর্শন ও প্রত্যাদেশ দেওয়া হয়েছিল। (২ করিন্থীয় ১২:১-৭) এছাড়া আমাদের খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রের ১৪ থেকে ২৭ অনুপ্রাণিত বইগুলির (আসলে পত্রগুলির) লেখাকে উপেক্ষা করা উচিত নয়। এই সমস্ত তাকে অযথা গর্বিত করেনি। তিনি নম্র ছিলেন।

আধুনিক-দিনের উদাহরণগুলি

১৪-১৬. (ক) ওয়াচ টাওয়ার সমিতির প্রথম সভাপতি কিভাবে নম্রতার এক উত্তম উদাহরণ ছিলেন? (খ) তার উদাহরণ কার থেকে আলাদা ছিল?

১৪ ইব্রীয় ১৩:৭ পদে আমরা প্রেরিত পৌলের উপদেশ পড়ি: “যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও।” এই নীতির সাথে মিল রেখে, আমরা আধুনিক-দিনের ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির প্রথম সভাপতি চার্লস টেজ্‌ রাসেলের উদাহরণ দিতে পারি, যার বিশ্বাস আমরা অনুকরণ করতে পারি। তিনি কি একজন নম্র ব্যক্তি ছিলেন? অবশ্যই ছিলেন! ভাল করে লক্ষ্য করলে দেখা যায়, ছয় খণ্ডের ৩,০০০ পৃষ্ঠার তার স্টাডিজ্‌ ইন দি স্ক্রিপচার্সএ একবারও নিজেকে তার লেখক বলে তিনি উল্লেখ করেননি। বর্তমানে, ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির প্রকাশনাগুলি এই নীতি অনুসরণ করে তাদের লেখকদের নাম উল্লেখ করে মানুষের প্রতি মনোযোগ আকর্ষণ করে না।

১৫ প্রহরীদুর্গে একবার রাসেল লিখেছিলেন যে তিনি “রাসেলইজম্‌” এবং “রাসেলাইট্‌স্‌” বলে অভিব্যক্তিগুলি জানতেন না, যা তার বিরোধীরা ব্যবহার করেছিল কিন্তু যেগুলি তিনি প্রবলভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি লিখেছিলেন: “আমাদের কাজ . . . ছিন্নভিন্ন টুকরো-টুকরো সত্যকে একত্রিত করা এবং তা প্রভুর লোকেদের কাছে তুলে ধরা—নতুন হিসাবে নয়, আমাদের নিজের হিসাবে নয় কিন্তু আমাদের প্রভুর বলে . . . যে কাজে প্রভু আমাদের সামান্য দক্ষতা ব্যবহার করতে খুশি হয়েছেন, সেই কাজ নতুন কিছু নয়, কিন্তু পুনরায় গড়ে তোলা, সুসংগঠিত করা এবং সুবিন্যস্ত করার কাজ।” সত্যই, তিনি প্রেরিত পৌলের মনোভাবকে ব্যক্ত করেছিলেন, যেমন ১ করিন্থীয় ৩:৫-৭ পদে পাওয়া যায়।

১৬ তার মনোভাব সম্পূর্ণরূপে চার্লস ডারউইনের বিপরীত ছিল। আঠারোশো উনষাট সালে প্রকাশিত দি অরিজিন্‌ অফ স্পাইসিজ্‌-এর প্রথম সংস্করণে, তার পূর্বে যারা ক্রমবিবর্তনবাদ সম্বন্ধে বলেছিলেন তাদের মতামত তুচ্ছ করে ডারউইন বার বার “আমার” মতবাদ বলে উল্লেখ করেছিলেন। ঐ শতাব্দীর এক বিশিষ্ট লেখক স্যামুয়েল বাটলার, ডারউইনকে অনুযুক্ত করে বলেছিলেন যে অন্যান্য অনেকেই বিবর্তনবাদের মতবাদ পূর্বেই উল্লেখ করেছিলেন; ডারউইন কোনভাবেই এর উৎস ছিলেন না।

১৭. ভাই রাদারফোর্ডের নম্রতার আরও কিছু উদাহরণ কী কী?

১৭ আধুনিক সময়ের আর একজন বিশ্বস্ত দাস যাকে যিহোবা প্রচুরভাবে ব্যবহার করেছিলেন, তিনি হলেন যোসেফ এফ. রাদারফোর্ড, শুরুতেই যার কথা উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন বাইবেল সত্যের এবং বিশেষত যিহোবার নামের এক সাহসী সমর্থক। যদিও তিনি ব্যাপকভাবে জজ্‌ রাদারফোর্ড নামে পরিচিত ছিলেন, কিন্তু তিনি নম্র-চিত্তের মানুষ ছিলেন। উদাহরণস্বরূপ, একবার তিনি খ্রীষ্টীয় ধর্মমতসংক্রান্ত কিছু বিবৃতি দেন যা খ্রীষ্টানেরা ১৯২৫ সালে আশা করতে পারত। যখন ঘটনাবলী তার আশানুযায়ী হয়নি, তিনি নম্রতার সাথে ব্রুকলিং বেথেল পরিবারকে বলেছিলেন যে তিনি নির্বুদ্ধিতার কাজ করেছেন। একজন অভিষিক্ত খ্রীষ্টান যিনি তার খুব নিকট সঙ্গী ছিলেন, তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে কোন সহখ্রীষ্টানকে অবিবেচনাপূর্ণ কথা বলার জন্য, ভাই রাদারফোর্ডকে অনেক বার জনসাধারণ্যে ও ব্যক্তিগতভাবে মথি ৫:২৩, ২৪ পদের কথা অনুযায়ী নিজের ভুল স্বীকার করতে তিনি শুনেছিলেন। যিনি ক্ষমতায় আছেন, তার অধীনস্ত ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, তার পক্ষে সত্যিই নম্রতার প্রয়োজন। মণ্ডলীতে, সীমা কাজে অথবা সমিতির শাখাগুলিতেই হোক, সকল অধ্যক্ষদের জন্য ভাই রাদারফোর্ড এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন।

১৮. কোন্‌ অভিব্যক্তি সমিতির তৃতীয় সভাপতির নম্র মনের পরিচয় দেয়?

১৮ ওয়াচ টাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সমিতির তৃতীয় সভাপতি নেথান এইচ. নর যিহোবার লোকেদের মাঝে এক বিশিষ্ট ব্যক্তি হয়েও তার পদের জন্য নিজেকে মহিমান্বিত মনে করেননি। যদিও সাংগঠনিক ক্ষমতা ও জনসাধারণে বক্তৃতা দানে তিনি পরমোৎকৃষ্ট ছিলেন, তবুও অন্যান্যরা যা কিছু করেছিলেন তার প্রতি তার গভীর সম্মান ছিল। এইভাবে, তিনি একবার রচনা বিভাগের এক সদস্যের অফিসে এসে তাকে বলেছিলেন: “এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন কাজ সম্পন্ন হচ্ছে। সেই কারণে আমি এই কাজ সামান্যই করি।” হ্যাঁ, তিনি নম্রতার সাথে ফিলিপীয় ২:৩ পদের উপদেশ প্রয়োগ করেছিলেন যে ‘নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।’ তিনি উপলব্ধি করেছিলেন যে যদিও সমিতির সভাপতি হিসাবে সেবা করা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য কাজগুলিও গুরুত্বপূর্ণ ছিল। এই মনোভাব রাখার জন্য তার পক্ষে নম্রতার প্রয়োজন ছিল এবং তা তিনি অনেক বার স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন সকলের অনুকরণযোগ্য আর একটি উত্তম উদাহরণ, বিশেষ করে যারা তত্ত্বাবধায়কের বিশিষ্ট পদে নিযুক্ত।

১৯, ২০. (ক) সমিতির চতুর্থ সভাপতি নম্রতার কী উদাহরণ স্থাপন করেছিলেন? (খ) নম্রতা অভ্যাসে পরবর্তী প্রবন্ধ আমাদের কী সাহায্য দেবে?

১৯ সমিতির চতুর্থ সভাপতি, ফ্রেড ডবলিউ. ফ্রানজ্‌ও ছিলেন নম্রতার এক উত্তম উদাহরণ। সমিতির উপসভাপতি হিসাবে ৩২ বছর, তিনি পত্রিকাগুলিতে ও সম্মেলনের কার্যক্রমের জন্য যথেষ্ট লিখেছিলেন; তথাপি তিনি এই বিষয়ে সর্বদাই নিজেকে আড়ালে রেখেছিলেন এবং মনোযোগের কেন্দ্র হতে অন্যান্যদের সুযোগ দিয়েছিলেন। একটি তুলনামূলক প্রাচীন উদাহরণ উল্লেখ করা যেতে পারে। যখন যোয়াব রাব্বাতে আম্মোনীয়দের পরাজিত করেছিলেন, তিনি নিশ্চিত করেছিলেন যে জয়ের কৃতিত্ব যেন রাজা দায়ূদ পান।—২ শমূয়েল ১২:২৬-২৮.

২০ সত্যই, অতীতের ও বর্তমানের বহু উত্তম উদাহরণ আমাদের নম্র হতে দৃঢ় যুক্তি দেয়। যাইহোক, আমাদের নম্র হওয়ার আরও অনেক যুক্তি রয়েছে এবং পরবর্তী প্রবন্ধে এইগুলি ও আমাদের নম্র হওয়ার উপাদানগুলি বিবেচনা করা হবে। (w93 12/1)

[পাদটীকাগুলো]

a “উচ্চাসন থেকে নিম্নে অবতরণ” প্রায়ই ব্যবহৃত হয় “আকাশের কর্তৃত্বের গ্রহণ” এর অর্থের সাথে। কিন্তু এর মূল অর্থ—এবং নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশনে এর অর্থ হল “শিথিল হওয়া,” “পদমর্যাদার সুযোগগুলিকে ত্যাগ করা।”—ওয়েবস্‌টারস্‌ নাইন্থ নিউ কলেজিয়েট ডিক্শনারী

b যাত্রাপুস্তক ৩৪:৬; গণনাপুস্তক ১৪:১৮; নহিমিয় ৯:১৭; গীতসংহিতা ৮৬:১৫; ১০৩:৮; ১৪৫:৮; যোয়েল ২:১৩; যোনা ৪:২; নহূম ১:৩.

আপনি কী মনে করতে পারেন?

▫ অহঙ্কারের ফল কী হয়েছে?

▫ নম্রতার সবচেয়ে উত্তম উদাহরণ কে স্থাপন করেছেন?

▫ কী দেখায় যে নম্রতার দ্বিতীয় মহান উদাহরণ কে ছিলেন?

▫ প্রেরিত পৌল নম্রতার কী উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন?

▫ আধুনিক-দিনে নম্রতার কী বিশিষ্ট উদাহরণ আমাদের কাছে আছে?

[Pictures on page 7]

যীশু নম্রতার এক উত্তম উদাহরণ দিয়েছিলেন

[Pictures on page 8]

পৌল নম্রতার এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন

[Pictures on page 9]

ভাই রাসেল যা কিছু লিখেছিলেন তার জন্য তিনি নিজে প্রসংশা নেননি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার