চলে যেতে দেওয়ার জন্য প্রশিক্ষণ
“যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ,” বাইবেলের গীতরচক লিখেছিলেন। (গীতসংহিতা ১২৭:৪) একটি বাণ এর লক্ষ্যস্থলে দৈবক্রমে পৌঁছায় না। এর জন্য অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য স্থির করতে হবে। একইভাবে, সন্তানেরা পিতামাতার পরিচালনা ব্যতিরেকে দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারে না। বাইবেল পরামর্শ দেয়, “বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।”—হিতোপদেশ ২২:৬.
শৈশবের পরনির্ভরতা থেকে স্বাবলম্বী প্রাপ্তবয়স্কে রাতারাতি রূপান্তরিত করা যায় না। সুতরাং কখন পিতামাতাদের তাদের সন্তানদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ শুরু করা উচিত? প্রেরিত পৌল তীমথি নামে একজন যুবক ব্যক্তিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন: “তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে।” (২ তীমথিয় ৩:১৫) কল্পনা করুন, তীমথি যখন নিতান্তই একজন শিশু ছিলেন তখন থেকেই তার মা তাকে আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতে শুরু করেছিলেন!
অতএব, ছোট শিশুরা যদি আধ্যাত্মিক প্রশিক্ষণ থেকে উপকৃত হতে পারে, তবে এটি কি যুক্তিসংগত নয় যে সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যত শীঘ্র সম্ভব প্রশিক্ষণ দেওয়া উচিত? তা করার একটি উপায় হল তাদের নিজ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য দায়িত্বশীল হতে শিক্ষা দেওয়া।
দায়িত্বশীল হতে সন্তানদের শিক্ষা দেওয়া
আপনি কিভাবে আপনার সন্তানকে দায়িত্বশীল হতে উৎসাহিত করতে পারেন? জ্যাক ও নোরা নামে এক বিবাহিত দম্পতি তাদের মেয়ে সম্বন্ধে স্মরণ করেছিলেন: “সে যখন অল্প অল্প হাঁটতে পারত, তখনই সে তার মোজা বা ছোট জিনিসগুলি তার শোয়ারঘরে নিয়ে যেতে ও সেগুলি নিজস্ব ড্রয়ারে রাখতে শিখেছিল। সে তার খেলনা ও বইগুলি সেগুলির যথাযথ স্থানে রাখতেও শিখেছিল।” এগুলি ছিল ক্ষুদ্র আরম্ভ কিন্তু এর দ্বারা ইতিমধ্যে সন্তানটি দায়িত্বশীল সিদ্ধান্তগুলি নিতে শিখছিল।
একটি সন্তান যখন বড় হতে থাকে, সম্ভবত তখন তাকে কিছুটা গুরুত্বপূর্ণ দায়িত্বাদি দেওয়া যেতে পারে। তাই এব্রা ও এনিটা তাদের মেয়েকে একটি পোষা কুকুর রাখতে অনুমতি দিয়েছিলেন। ছোট মেয়েটি কুকুরের যত্নের জন্য দায়িত্বশীল ছিল এবং এমনকি এর রক্ষণাবেক্ষণের জন্য তার নিজস্ব হাতখরচ থেকে অর্থ ব্যয় করত। সন্তানদের তাদের দায়িত্বাদি অনুসারে কাজ করানোর জন্য প্রশিক্ষণ দিতে ধৈর্যের প্রয়োজন। কিন্তু এটি সময়োপযোগী ও তাদের মানসিক বৃদ্ধিতে অবদান রাখে।
গৃহস্থালীর কাজগুলি, সন্তানদের দায়িত্ব সম্বন্ধে শিক্ষা দেওয়ার আরেকটি সুযোগ প্রদান করে। কিছু পিতামাতা পারিবারিক কর্তব্যগুলি থেকে তাদের সন্তানদের প্রায় সম্পূর্ণরূপে অব্যাহতি দিয়ে থাকেন, এটি মনে করে যে তাদের জড়িত হওয়া সাহায্যের চেয়ে বরং বেশি ক্ষতিকর। অন্যেরা এই সিদ্ধান্তে আসেন যে তাদের সন্তানদের ‘শৈশবে তাদের যেমন ছিল তার চেয়ে এক অধিকতর উত্তম জীবন থাকা’ উচিত। এটি ভুল যুক্তি। শাস্ত্র বলে: “যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই দাস তাহার পুত্ত্র [“অকৃতজ্ঞ,” “NW”] হইয়া উঠে।” (হিতোপদেশ ২৯:২১) এই শাস্ত্রপদের নীতিটি নিঃসন্দেহে সন্তানদের প্রতি প্রযোজ্য। একজন অল্পবয়স্ক সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে কেবল “অকৃতজ্ঞ”-ই নয় কিন্তু সেই সাথে গৃহের অতি সাধারণ কাজগুলি পর্যন্ত পরিচালনা করতে অসমর্থ হয় তখন এটি দুঃখজনক।
বাইবেলের সময়ে অল্পবয়স্কদের সাধারণত গৃহস্থালীর কাজগুলির দায়িত্ব দেওয়া হত। উদাহরণস্বরূপ, কিশোর যোষেফ ১৭ বছর বয়সে পারিবারিক পশুপাল তত্ত্বাবধানের দায়িত্বে অংশ নিয়েছিলেন। (আদিপুস্তক ৩৭:২) এই দায়িত্বটি সামান্য ছিল না, কারণ তার পিতার পশুপাল বৃহৎ ছিল। (আদিপুস্তক ৩২:১৩-১৫) বড় হয়ে যোষেফ একজন ক্ষমতাবান নেতা হয়েছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এটি বিশ্বাস করা কঠিন নয় যে এই প্রাথমিক প্রশিক্ষণ এক ইতিবাচক উপায়ে তার চরিত্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অনুরূপভাবে ইস্রায়েলের ভাবী রাজা দায়ূদকে কিশোর অবস্থায় তার পারিবারিক পশুপালের দায়িত্ব দেওয়া হয়েছিল।—১ শমূয়েল ১৬:১১.
এগুলি পিতামাতাদের আজকে কী শিক্ষা দেয়? আপনার সন্তানদের অর্থপূর্ণ গৃহস্থালীর কাজগুলির দায়িত্ব দিন। সময় নিয়ে, কঠোর প্রচেষ্টা ও ধৈর্যসহকারে, আপনি অল্পবয়স্কদের পরিষ্কারের কাজ, রান্না, আঙ্গিনা রক্ষণাবেক্ষণ এবং গৃহ ও গাড়ি মেরামতের কাজে অংশ নেওয়ার জন্য শিক্ষা দিতে পারেন। এটি সত্য যে, এর অধিকাংশই সন্তানের বয়স এবং সামর্থ্যের উপর নির্ভর করে। কিন্তু এমনকি ছোট সন্তানেরাও সাধারণত ‘গাড়ি মেরামত করতে বাবাকে সাহায্য’ বা ‘খাবার রান্না করতে মাকে সাহায্য’ করায় অংশ নিতে পারে।
এছাড়াও গৃহস্থালীর কাজগুলি শেখানোর জন্য পিতামাতাদের সন্তানদেরকে একটি মহামূল্যবান উপহার দেওয়া প্রয়োজন যা হল তাদের সময়। একটি বিবাহিত দম্পতি, যারা দুটি সন্তানের পিতামাতা তাদের সফলতার সাথে সন্তানদের প্রশিক্ষণ দানের রহস্য সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা উত্তর দিয়েছিলেন: “সময়, সময় আর সময়!”
প্রেমপূর্ণ সংশোধন
সন্তানেরা যখন তাদের উপর আরোপিত কাজগুলি নিপুণভাবে সম্পন্ন করে বা অন্তত তা করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যায়, তখন উদার ও আন্তরিক প্রশংসার দ্বারা তাদের উৎসাহিত করুন। (মথি ২৫:২১ পদের সাথে তুলনা করুন।) অবশ্য, সন্তানেরা আরোপিত কাজগুলি খুব কমই প্রাপ্তবয়স্কদের মত যোগ্যরূপে করতে পারে। আর সন্তানদের যখন তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়া হবে, তখন তারা প্রায়ই ভুল করবে। কিন্তু অত্যধিক প্রতিক্রিয়াশীল হওয়া থেকে সতর্ক থাকুন! একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আপনি কি কোন ভুল করেননি? তাই আপনার সন্তান যখন ভুল করে তখন ধৈর্য প্রদর্শন করুন না কেন? (গীতসংহিতা ১০৩:১৩ পদের সাথে তুলনা করুন।) ভুল করতে দিন। সেগুলিকে প্রশিক্ষণ পদ্ধতিগুলির অংশ হিসাবে দেখুন।
লেখক মাইকেল শুলম্যান ও লেখিকা ইভা ম্যাকলার মন্তব্য করেন: “যে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করা হয়, তারা এই ভয় পায় না যে এক স্বাবলম্বী পদক্ষেপ নেওয়ার জন্য তাকে শাস্তি পেতে হবে।” কিন্তু, “উদাসীন বা কঠোর পিতামাতাদের সন্তানেরা বলতে গেলে উপকারী সহ যে কোন প্রকারের স্বতঃস্ফূর্ত কাজ করতে ভীত হয়, কারণ তারা এই ভেবে শঙ্কিত হয় যে তাদের কাজে পিতামাতারা কোন না কোন ভুল খুঁজে বের করবেন ও তাদের সমালোচনা করবেন বা শাস্তি দেবেন।” পিতামাতাদের প্রতি বাইবেলের সতর্কবাণীর সাথে এই মন্তব্যটি সংগতিপূর্ণ: “আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়।” (কলসীয় ৩:২১) সুতরাং সন্তানের প্রচেষ্টাগুলি যখন প্রত্যাশিত বস্তুগুলি অর্জনে ব্যর্থ হয়, তখন অন্তত চেষ্টা করেছে বলে তার প্রশংসা করুন না কেন? পরবর্তী সময়ে আরও ভাল করার জন্য তাকে উৎসাহিত করুন। তাকে জানতে দিন যে তার অগ্রগতি আপনার জন্য আনন্দের এক উৎস। তার প্রতি আপনার ভালবাসা সম্বন্ধে তাকে নিশ্চিত করুন।
অবশ্য, কখনও কখনও সংশোধনের প্রয়োজন হয়। এটি হয়ত কিশোর বয়সে বিশেষভাবে প্রয়োজন পড়ে যখন অল্পবয়স্কেরা নিজ যোগ্যতা বলে ব্যক্তিবিশেষ হিসাবে গ্রহণযোগ্য হওয়ার জন্য, তাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত করতে লড়াই করে থাকে। অতএব তাদের সর্বদা বিদ্রোহী হিসাবে আখ্যা দেওয়ার পরিবর্তে, স্বাবলম্বী হওয়ার এইধরনের প্রচেষ্টাগুলিকে উপলব্ধি সহকারে দেখার জন্য পিতামাতারা বিজ্ঞ হন।
এটি সত্য যে, অল্পবয়স্কেরা ঝোঁকের বশে কাজ বা “যৌবনকালের অভিলাষ”-গুলির প্রতি বশ্যতা স্বীকার করার প্রবণতাসম্পন্ন হয়। (২ তীমথিয় ২:২২) সুতরাং কৈশোরের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তা একটি সন্তানকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে; সে আত্মনিয়ন্ত্রণ ও আত্মশাসন শিখতে পারবে না। বাইবেল সতর্ক করে: “অশাসিত বালক মাতার লজ্জাজনক।” (হিতোপদেশ ২৯:১৫) কিন্তু উপযুক্ত শাসন যা প্রেমপূর্ণভাবে প্রদান করা হয়, তা উপকারজনক ও একটি কিশোরকে প্রাপ্তবয়স্ক হওয়ার চাহিদা ও চাপগুলির জন্য প্রস্তুত করে। বাইবেল পরামর্শ দেয়: “যে দণ্ড না দেয়, সে পুত্ত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।” (হিতোপদেশ ১৩:২৪) তবুও, মনে রাখবেন, শাসনের মূল বৈশিষ্ট্য হল শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া—শাস্তি দেওয়া নয়। এখানে “দণ্ড” শব্দটি সম্ভবত লাঠিকে নির্দেশ করে যা মেষপালকেরা তাদের পালগুলিকে পরিচালনা করার জন্য ব্যবহার করতেন। (গীতসংহিতা ২৩:৪) এটি প্রেমপূর্ণ নির্দেশনার একটি প্রতীক—কঠোর পাশবিকতার নয়।
জীবনের জন্য শিক্ষা
যখন সন্তানের শিক্ষার বিষয়টি আসে তখন পিতামাতার নির্দেশনা বিশেষভাবে প্রয়োজন পড়ে। আপনার সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ দেখান। তাকে বিদ্যালয়ের উপযুক্ত শিক্ষাপর্ব মনোনয়ন করতে এবং সম্পূরক শিক্ষা নেওয়ার প্রয়োজন হবে কি না সেই সম্বন্ধে দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।a
অবশ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা হল আধ্যাত্মিক শিক্ষা। (যিশাইয় ৫৪:১৩) প্রাপ্তবয়স্কদের জগতে টিকে থাকার জন্য সন্তানদের ঈশ্বরীয় মানগুলির প্রয়োজন। তাদের “জ্ঞানেন্দ্রিয় সকল” প্রশিক্ষিত হতে হবে। (ইব্রীয় ৫:১৪) এই ক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য পিতামাতারা অধিক কিছু করতে পারেন। যিহোবার সাক্ষীদের অন্তর্ভুক্ত পরিবারগুলিকে, তাদের সন্তানদের সাথে নিয়মিত বাইবেল অধ্যয়ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তীমথির মা, যিনি শিশুকাল থেকে শাস্ত্র সম্বন্ধে তাকে শিক্ষা দিয়েছিলেন তার উদাহরণ অনুসরণ করে, সাক্ষী পিতামাতারা অনুরূপভাবে তাদের ছোট সন্তানদের শিক্ষা দেন।
বারবারা নামে একজন একক মা তার সন্তানদের জন্য পারিবারিক বাইবেল অধ্যয়নটিকে সর্বাপেক্ষা আনন্দদায়ক উপলক্ষে পরিণত করেন। “সেই সন্ধ্যায় আমি মিষ্টি জাতীয় খাদ্য সহ সুস্বাদু খাবার সন্তানদের পরিবেশন করি যা তারা উপভোগ করে থাকে। উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমি রাজ্যের সংগীতের টেপগুলি চালাই। তারপর, প্রার্থনার দ্বারা শুরু করার পর, আমরা সাধারণত প্রহরীদুর্গ পত্রিকা অধ্যয়ন করি। কিন্তু যদি কোন বিশেষ প্রয়োজন পড়ে, তবে আমি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি)b বইটির মত প্রকাশনাগুলি ব্যবহার করে থাকি।” বারবারার বক্তব্য অনুসারে, বাইবেল অধ্যয়ন তার সন্তানদেরকে “বিষয়গুলি সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি অর্জন” করতে সাহায্য করে।
সন্তানদের ঈশ্বরের বাক্য, বাইবেলের জ্ঞান ও বোধগম্যতা প্রদান করার চেয়ে আর কোন উত্তম উপহার দেওয়া যেতে পারে না। এর মাধ্যমে “অবোধদিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়।” (হিতোপদেশ ১:৪) এইভাবে সজ্জিত হয়ে, একজন অল্পবয়স্ক ব্যক্তি নতুন চাপ ও পরিস্থিতিগুলি মোকাবিলা করার যোগ্যরূপে প্রাপ্তবয়স্ক হয়।
তাসত্ত্বেও, সন্তানের চলে যাওয়ার সংকেত অধিকাংশ পিতামাতার জীবনধারায় এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। শূন্য নীড়ে কিভাবে তারা নিজেদের সফলভাবে মানিয়ে নিতে পারেন তা আমাদের পরবর্তী প্রবন্ধে আলোচনা করা হয়েছে।
[পাদটীকাগুলো]
a ১৯৮৮ সালের, ৮ই সেপ্টেম্বরের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকায়, “পিতামাতারা—আপনাদেরও বাড়ির কাজ আছে!” নামক প্রবন্ধটি দেখুন।
b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
[৬ পৃষ্ঠার ব্লার্ব]
“উদাসীন বা কঠোর পিতামাতাদের সন্তানেরা বলতে গেলে উপকারী সহ যে কোন প্রকারের স্বতঃস্ফূর্ত কাজ করতে ভীত হয়, কারণ তারা এই ভেবে শঙ্কিত হয় যে তাদের কাজে পিতামাতারা কোন না কোন ভুল খুঁজে বের করবেন ও তাদের সমালোচনা করবেন বা শাস্তি দেবেন।”—এক সচ্চরিত্র সন্তান গড়ে তোলা (ইংরাজি), মাইকেল শুলম্যান ও ইভা ম্যাকলার দ্বারা প্রণীত
[৬ পৃষ্ঠার বাক্স]
একক পিতামাতাগণ—চলে যেতে দেওয়ার প্রতিদ্বন্দ্বিতা
রেবেকা নামে একজন একক মা মন্তব্য করেন: “একক পিতামাতাদের পক্ষে তাদের সন্তানদের চলে যেতে দেওয়া অত্যন্ত কঠিন। আমরা যদি নিজেদের সম্বন্ধে সতর্ক না হই, তবে আমরা হয়ত তাদের প্রয়োজনাতিরিক্ত সুরক্ষা প্রদান এবং বৃদ্ধিকে দমন করতে প্রবণ হই।” পারিবারিক সুখের রহস্য (ইংরাজি)c, বইটি ১০৬-৭ পৃষ্ঠায় এই উপকারজনক বক্তব্যগুলি পেশ করে:
“একক পিতামাতাদের পক্ষে তাদের সন্তানের সাথে বিশেষভাবে ঘনিষ্ঠ হওয়া স্বাভাবিক, তবুও পিতামাতা ও সন্তানদের মাঝে ঈশ্বর-নিরূপিত সীমাগুলি যাতে লঙ্ঘন করা না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা আবশ্যক। উদাহরণস্বরূপ, একজন একক মা যদি তার ছেলের কাছ থেকে এটি আশা করেন যে গৃহের মস্তকের দায়িত্বগুলি সে নেবে কিংবা তার মেয়েকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গণ্য করে ব্যক্তিগত সমস্যাগুলির দ্বারা তাকে ভারগ্রস্ত করেন তবে গুরুতর সমস্যাগুলি উৎপন্ন হতে পারে। তা করা অনুপযুক্ত, পীড়নকর এবং সম্ভবত একটি সন্তানকে কিংকর্তব্যবিমূঢ় করে।
“আপনার সন্তানদের নিশ্চিত করুন যে, পিতা বা মাতা হিসাবে আপনি তাদের যত্ন নেবেন—তারা নয়। (২ করিন্থীয় ১২:১৪ পদের সাথে তুলনা করুন।) কখনও কখনও, আপনার হয়ত পরামর্শ ও সমর্থনের প্রয়োজন হতে পারে। খ্রীষ্টীয় প্রাচীনবর্গ বা সম্ভবত পরিপক্ব খ্রীষ্টীয় স্ত্রীলোকেদের কাছ থেকে তা পাওয়ার চেষ্টা করুন, আপনার অল্পবয়স্ক সন্তানদের কাছ থেকে নয়।—তীত ২:৩.”
একক পিতামাতারা যখন সঠিক সীমাগুলি স্থাপন করেন ও তাদের সন্তানদের সাথে এক স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখেন, তখন চলে যেতে দেওয়া তাদের পক্ষে সাধারণত সহজ হয়।
[পাদটীকা]
c ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
[৭ পৃষ্ঠার চিত্র]
ব্যবহারিক প্রশিক্ষণ সন্তানদের অধিক দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হতে সাহায্য করতে পারে
[৮ পৃষ্ঠার চিত্র]
এক পারিবারিক বাইবেল অধ্যয়ন প্রাপ্তবয়স্ক জীবনের সাথে মোকাবিলা করার প্রয়োজনীয় প্রজ্ঞা সন্তানদের প্রদান করতে পারে