চলে যেতে দেওয়ার বেদনা
“প্রথম সন্তান জন্ম হওয়ার দিন আমার স্বামী আমাকে সতর্ক করেছিলেন—‘ওগো সন্তান পালন করা, চলে যেতে দেওয়ার একটি দীর্ঘ প্রক্রিয়া।’”
—আমরা ও আমাদের সন্তানেরা—পিতামাতাদের দ্বারা প্রণীত এবং পিতামাতাদের জন্য একটি বই (ইংরাজি)।
অধিকাংশ পিতামাতারা সুখী—এমনকি উচ্ছ্বসিত হন—যখন তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে। পিতৃমাতৃত্ব যে ঝামেলা, হয়রানি, যন্ত্রণা, হতাশা ও উদ্বিগ্নতা নিয়ে আসে সেগুলি সত্ত্বেও সন্তানেরা মহা আনন্দের এক উৎস হতে পারে। প্রায় তিন হাজার বছর আগে, বাইবেল ঘোষণা করেছিল: “সন্তানেরা প্রভু দত্ত উপহার; তারা এক প্রকৃত আশীর্বাদ।”—গীতসংহিতা ১২৭:৩, টুডেস ইংলিশ ভারসন।
তাসত্ত্বেও, বাইবেল এই গাম্ভীর্যপূর্ণ ভবিষ্যদ্বাণীটিও করে: ‘মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিবে।’ (আদিপুস্তক ২:২৪) বয়ঃপ্রাপ্ত সন্তানেরা সাধারণত বিভিন্ন কারণে,—যেমন শিক্ষা বা কর্মজীবন অনুধাবন, তাদের খ্রীষ্টীয় পরিচর্যা প্রসারিত ও বিয়ে করার জন্য গৃহ ত্যাগ করে থাকে। কিন্তু কিছু পিতামাতার জন্য এই বাস্তবতা সত্যই অত্যন্ত বেদনাদায়ক। একজন লেখিকার বক্তব্য অনুসারে, তারা যখন তাদের সন্তানদের স্বাবলম্বী হওয়ার সহজাত লড়াইকে প্রত্যক্ষ করেন, তখন “অপমান, আঘাত, অপ্রস্তুত, ভয় ও পরিত্যক্ত বোধ” করার প্রবণতাকে তারা প্রতিরোধ করেন না। এগুলি প্রায়ই সীমাহীন পারিবারিক বিবাদ ও চাপ নিয়ে আসে। তাদের সন্তানেরা যে দিন গৃহ ত্যাগ করবে সেই দিনের মুখোমুখি হতে অসম্মত হওয়ায়, কিছু পিতামাতা তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রস্তুত করতে ব্যর্থ হন। এইধরনের অসম্মতির ফলাফল অত্যন্ত মন্দ হতে পারে: তা হয়ত এমন প্রাপ্তবয়স্কদের গড়ে তুলতে পারে যারা একটি গৃহ পরিচালনা করা, পরিবারের যত্ন নেওয়া বা এমনকি একটি চাকরি পাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুত হয়নি।
পৃথক হওয়ার বেদনা হয়ত একক পিতামাতার পরিবারগুলিতে তীব্র হতে পারে। ক্যারেন নামে একজন একক মা বলেন: “আমি ও আমার মেয়ে অত্যন্ত অন্তরঙ্গ; আমরা বন্ধুত্বের এক প্রকৃত বন্ধন গড়ে তুলেছিলাম। যেখানেই যেতাম, আমি তাকে সঙ্গে নিতাম।” একক-পিতামাতার গৃহগুলিতে পিতামাতা-সন্তানের অন্তরঙ্গ সম্পর্ক খুবই সাধারণ। তাই এটি সহজেই বোঝা যায় যে, এইধরনের অন্তরঙ্গতা হারানোর চিন্তা হয়ত অসহায় বোধ করাতে পারে।
কিন্তু, একটি স্বাস্থ্যকর পরিবারের বৈশিষ্ট্যগুলি (ইংরাজি) নামক বইটি পিতামাতাদের স্মরণ করিয়ে দেয়: “মূলত এটিই হল পারিবারিক জীবন: একটি পরনির্ভর শিশুকে একজন স্বাবলম্বী প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রতিপালন করা।” এটি পরে সতর্ক করে: “চলে যেতে দেওয়ার ক্ষেত্রে পিতামাতার অক্ষমতার জন্য পরিবারগুলিতে বিভিন্ন সমস্যা উত্থাপিত হয়।”
আপনার সম্বন্ধে কী বলা যায়? আপনি কি একজন পিতা বা মাতা? যদি তা হন, তবে আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত যে দিন আপনাকে আপনার সন্তানদের চলে যেতে দিতে হবে। আর আপনার সন্তানদের সম্বন্ধেই বা কী বলা যায়? আপনি কি তাদের নিজ চেষ্টায় সফলভাবে জীবনযাপন করার জন্য প্রস্তুত করছেন?