বিশ্ব নিরীক্ষা
সরকারের প্রতি অবিশ্বাস
সম্প্রতি ওয়াশিংটন পোস্ট বলে, “পৃথিবীর চারিদিকে লোকে শাসন ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে,” তা আরও বলে, “সব জায়গায় সরকার শব্দটি হল অপ্রিয় শব্দ।” সম্প্রতি বছরগুলিতে জনসাধারণের কাছ থেকে নেওয়া কিছু বক্তব্যের উপর মন্তব্য করে পত্রিকাটি বলে: “কানাডা থেকে জাপান পর্যন্ত এবং মধ্যবর্তী অংশেও, অনেকসময় প্রচুর সংখ্যায় নাগরিকেরা মতগ্রহণকারীদের বলছে যে তাদের সরকারের প্রতি বিশ্বাস করা যায় না এবং তাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে এবং পরিস্থিতি ভাল হবে না কিন্তু মন্দ হতে থাকবে।” উদাহরণস্বরূপ, ফ্রান্সে যাদের মতগ্রহণ করা হয় তাদের মধ্যে ৬০ শতাংশ জানায় ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর প্রায় সম সংখ্যক লোক যেভাবে সরকার চলছে সেই সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন। ইটালিতে ৭৫ শতাংশ মনে করেন পাঁচ বা দশ বছর আগে সরকার যেমন চলত এখন সেইরূপ চলছে না। কানাডাতে পঞ্চাশ শতাংশেরও বেশি লোক মনে করেন যে তাদের পরবর্তী বংশ এমনকি তাদের থেকেও খারাপ অর্থনৈতিক অবস্থায় থাকবে। (g94 3/22)
প্ল্যাসীবোর শক্তি
চিকিৎসা-সংক্রান্ত গবেষণাকারীগণ বহুকালব্যাপি বিশ্বাস করে আসছেন যে প্রায় এক তৃতীয়াংশ রোগী প্ল্যাসীবো (মনোতৃপ্তির ঔষধ) দিলে উন্নতি করে, যে চিকিৎসার কোন প্রকৃত ঔষধের গুণ নেই। কিন্তু, নতুন এক গবেষণা দেখায় যে প্ল্যাসীবোর আরও শক্তিশালী প্রভাব থাকতে পারে। সম্প্রতি দ্যা নিউ ইয়র্ক টাইমস্ বলে যে ইউ.এস.এ, ক্যালিফোর্নিয়ার লা জোলা-র বিজ্ঞানীরা ৭,০০০ জন রোগীদের উপর গবেষণা করেন যাদের এই নতুন, পরীক্ষামূলক চিকিৎসা করা হয় যেটি পরবর্তীকালে চিকিৎসা-সংক্রান্তে অব্যবহার্যরূপে বিবেচনা করা হয়েছিল। গবেষণা দেখায় যে চিকিৎসার জন্য দুই তৃতীয়াংশ রোগী অন্তত সাময়িককালের জন্য উন্নতি করে। এই প্ল্যাসীবো প্রতিক্রিয়ায় কিছু জনের ক্ষেত্রে প্রকৃতই স্বাস্থ্যের উন্নতি হলেও, বিজ্ঞানীরা সাবধান করে দেন যে তা অনেকসময় ডাক্তারকে স্বাস্থ্যের উন্নতি সম্পর্কে বলে সন্তুষ্ট করতে রোগীর ইচ্ছাকে প্রকাশ করে। সুতরাং, নতুন চিকিৎসা সম্পর্কে কড়া পরীক্ষা করার কারণ সম্বন্ধে জোর দেওয়ার জন্য কিছু গবেষকেরা এই গবেষণাটি সম্পর্কে উল্লেখ করেন। (g94 3/22)
গঠনমূলক অভিজ্ঞতাগুলি স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে
“প্রচণ্ড মানসিক চাপ ও আবেগজনিত সমস্যা শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতাকে কমিয়ে দেয় কিন্তু আনন্দ ও প্রফুল্লতা সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে উদ্দীপিত করে ও রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে শক্তিশালী করে।” এইভাবেই জার্মান সংবাদপত্র নাসাউইশে নিইউ প্রেসে মনোস্নায়ুসংক্রমণরোধবিজ্ঞানের নব বিজ্ঞান (psychoneuroimmunology) দ্বারা সংকলিত প্রমাণগুলিকে সংক্ষেপে বলে। কর্মস্থলে ও ঘরে নেতিবাচক প্রভাবগুলি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। অপরপক্ষে, অধ্যাপক ও জীবাণুবিজ্ঞানী, ডা. আ্যন্টন্ মায়র্ অনুসারে, গঠনমূলক আবেগ ও অভিজ্ঞতা শক্তিশালী করে। তার কিছু উদাহরণ যা তিনি বলেন: “বিশ্বাস, আশা, প্রেম, আস্থা, সুরক্ষা, ভাব-বিনিময়, জীবনে গঠনমূলক উদ্দীপক, মনোরঞ্জন—বেঁচে থাকার ও স্বাস্থ্যবান থাকার ইচ্ছা।” (g94 3/22)
বৃষ্টি দেবতারা নিরাশ করে
প্রচণ্ড অনাবৃষ্টি হওয়ার পর, ভারতের দক্ষিণপূর্বাঞ্চলের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বৃষ্টি আনার জন্য সম্প্রতি এক অস্বাভাবিক কৌশলের আশ্রয় নেয়। ইণ্ডিয়া টুডে পত্রিকা অনুসারে, “বৃষ্টি দেবতাদের সন্তুষ্ট করার প্রাচীন বৈদিক আচারানুষ্ঠানকে” রাজ্য সরকার আর্থিক সাহায্য দান করে। রাজ্যের বৃত্তি মন্ত্রী যুক্তি করেন: “দেবতা আমাদের উদ্ধার করবেন।” মনোনীত ৫০টি মন্দিরের পুরোহিতেরা ১১ দিন ব্যাপী আচারানুষ্ঠান করলেন। ফলাফল? ইণ্ডিয়া টুডে বলে: “দেবতারা অবশ্যই সন্তুষ্ট হননি। . . . ধর্ম ব্যর্থ হওয়াতে সরকার বিজ্ঞানসম্মত উপায় গ্রহণ করতে সিদ্ধান্ত নিয়েছে।” মেঘ-বীজ গবেষণায় “নকল-বৃষ্টি সৃষ্টি করতে সরকার পদক্ষেপ নিয়েছে।” (g94 3/22)
একের পর এক আপোশ
যুক্তরাষ্ট্রের লুথেরান এবং ব্রিটেনের মেথডিস্ট উভয়েই সম্প্রতি সমকামীদের প্রতি মনোযোগ দেয়। ব্রিটেনে একটি মেথডিস্ট সম্মেলন এক অস্পষ্ট সিদ্ধান্তে আসে। তারা সিদ্ধান্ত নেয় যে সমকামী পুরুষ ও স্ত্রীদের তারা পাদ্রি হিসাবে নিযুক্ত করবেন না; কিন্তু একই সময়ে তারা ঘোষণা করে যে গির্জা “সমকামী স্ত্রী ও সমকামী পুরুষদের গির্জায় অংশগ্রহণ ও পরিচর্যা স্বীকার, সমর্থন ও ঘোষণা করে।” যুক্তরাষ্ট্রে, লুথেরান গির্জার এক কার্য দল, ২১ পৃষ্ঠার এক রিপোর্ট প্রকাশ করে যা গির্জার ১৯,০০০ পাদ্রিকে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পাঠানো হবে। সহযোগী প্রেস অনুসারে, রিপোর্ট ঘোষণা করে যে বাইবেল সমকামী মিলনকে সমর্থন করে। রিপোর্ট আরও ঘোষণা করে যে হস্তমৈথুন “সাধারণত উপযুক্ত ও স্বাস্থ্যকর।” এই ঘোষণা ও এই দাবিতে, রিপোর্ট এই সম্পর্কে বাইবেলের মনোভাবের বিরুদ্ধে বলে।—রোমীয় ১:২৬, ২৭; ১ করিন্থীয় ৬:৯, ১০; কলসীয় ৩:৬, ৭. (g94 3/22)
রোমান সম্পদ ব্রিটেনে পাওয়া যায়
ইংলণ্ডের সাফোক্ অঞ্চলে এক খামারে ১৪,৭৮০টি সোনা, রূপা, তামার মুদ্রা ও তার সাথে তিন ফুট লম্বা একটি সোনার হার, ১৫টি সোনার ব্রেসলেট এবং প্রায় ১০০টি রূপার চামুচের এক গুপ্ত সম্পদ পাওয়া গেছে। এক অবসরপ্রাপ্ত মালী এই সম্পদটি আবিষ্কার করেন, যিনি হারিয়ে যাওয়া হাতুড়ি খুঁজে পাওয়ার জন্য ধাতু আবিষ্কারক ব্যবহার করছিলেন। এক পণ্ডিত খুঁজে পাওয়া বস্তুর মূল্য গণনা করেন অন্তত ১.৫ কোটি ডলার। এক জুরি নির্ধারণ করে যে সম্পদটি ব্রিটিশ সরকারের সম্পত্তি হবে, অর্থাৎ ৭০ বছর বয়স্ক এরিক্ লোজ্, যিনি সম্পদটি পান তিনি সেটির বর্তমান বাজার দর অনুসারে সমমূল্য সৌজন্য হিসাবে পাবেন। সম্পদটি জনসাধারণের দেখার জন্য ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে, গার্ডিয়ান উইকলি বলে। (g94 4/8)
বিশ্ব স্বাস্থ্য রিপোর্ট
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির অষ্টম রিপোর্ট-এ রোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের এক নীরস চিত্র অঙ্কন করার সময় বলে: “ক্রান্তীয় রোগগুলি প্রচুরভাবে দেখা যাচ্ছে, এই শতাব্দীতে প্রথমবার কলেরা আমেরিকাতে ছড়িয়ে পড়েছে, . . . ইয়োলো ফিভার ও ডেঙ্গু জ্বরের মহামারী বহু সংখ্যায় লোকেদের আক্রমণ করছে এবং ম্যালেরিয়ার পরিস্থিতি মন্দতর হচ্ছে . . . এইডস মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে . . . পালমোনারী যক্ষ্মা বেড়েই চলেছে . . . উন্নত দেশগুলির থেকে উন্নতিশীল দেশগুলিতে ক্যানসার রোগীর সংখ্যা প্রথমবার বেশি দেখা যাচ্ছে। চারিদিকে বহুমূত্র রোগ বৃদ্ধি পাচ্ছে।” উনিশশো পঁচাশি থেকে নব্বই সালের মধ্যবর্তী সময়কালে রিপোর্ট দেখায় যে ৫ কোটি মৃত্যুর মধ্যে ৪ কোটি ৬৫ লক্ষ মৃত্যু অসুস্থতা ও রোগের কারণে হয় এবং প্রতি বছর যে ১৪ কোটি শিশু জন্মায় তাদের মধ্যে প্রায় ৪০ লক্ষ জন্মাবার কিছু ঘন্টা বা দিনের মধ্যে মারা যায়। প্রতি বছর ক্যানসারে আক্রান্ত ৭০ লক্ষ নতুন কেস দেখা যায় এবং বছরে দশ কোটিরও বেশি লোক এইচ.আই.ভি ঘটিত এইডস রোগে সংক্রামিত হয়। উজ্জ্বল দিকটি হল, বিশেষ শিশুরোগগুলি, যেমন হাম ও ঘুংড়ি কাশি কমে যাচ্ছে এবং বেঁচে থাকার ক্ষমতা ২ থেকে ৩ বছর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জগদ্ব্যাপী আয়ুর গড় হল ৬৫ বছর। (g94 4/8)
যুক্তরাষ্ট্রে ধূমপানঘটিত মৃত্যু কমে যাচ্ছে
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক কেন্দ্র (সি.ডি.সি) ধূমপানঘটিত মৃত্যু কমে যাচ্ছে বলে ঘোষণা করে—১৯৮৫ সালে রেকর্ড রাখতে আরম্ভ করার পর প্রথমবারের জন্য। ধূমপানের জন্য প্রতি বছর যেখানে ৪,১৯,০০০ জন আমেরিকানদের মৃত্যু হত এখন ১৯৯০ সালে তার সংখ্যা নেমে গেছে ১৫,০০০-এ, প্রধানত কারণ হল ধূমপানঘটিত হৃদরোগ কমে গেছে। প্রায় ৪২.৪ শতাংশ আমেরিকান ১৯৬৫ সালে ধূমপান করত। উনিশশো নব্বই সালে তার সংখ্যা দাঁড়ায় ২৫.৫ শতাংশ। কিন্তু, প্রতিরোধ করা যায় এমন রোগ ও মৃত্যুর এখনও বিরাট কারণ হল ধূমপান এবং এটি স্বাস্থ্য সম্পর্কে ব্যয় প্রায় ২,০০০ কোটি ডলার বৃদ্ধি করে। সরকার ধূমপানের বিরুদ্ধে বিজ্ঞাপন দিতে বছরে ১০ লক্ষ ডলার ব্যয় করলেও, তামাক শিল্প ৪০০ কোটি ডলার ধূমপান বৃদ্ধি ও উদ্দীপিত করতে ব্যয় করে। সি.ডি.সি রিপোর্ট করে ধূমপানের জন্য প্রতি ধূমপানকারীর আয়ু গড়ে পাঁচ বছর কমে যায়। (g94 4/8)
চলমান হাসপাতাল
এক অস্বাভাবিক হাসপাতাল ভারতের অসুস্থ ব্যক্তিদের সাহায্য করছে: একটি রেলগাড়ি যার নাম হল লাইফলাইন এক্সপ্রেস। স্বেচ্ছাসেবক ডাক্তারদের নিয়ে এই রেল “প্রকৃতপক্ষে চলমান হাসপাতাল,” বলে এশিয়াউইক পত্রিকা। এটি গ্রামে গ্রামে এক মাস থেকে দেড় মাস থামে, সেখান থেকে পরের গ্রামে যাওয়ার আগে এর শল্য চিকিৎসকেরা অন্তত ৬০০ জন রোগীকে চিকিৎসা করার সময় দেয়। ইম্প্যাক্ট ইণ্ডিয়া ফাউণ্ডেশন নামক, লাভ গ্রহণকারী নয় এমন এক দল দ্বারা চালিত এই ভ্রাম্যমান হাসপাতাল এখনও পর্যন্ত প্রায় ৪,০০,০০০ লোকেদের সাহায্য করেছে। ইম্প্যাক্ট ইণ্ডিয়ার জেলমা লাজারাস্ বলেন: “এই প্রকল্পটি শীঘ্রই প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশগুলিও এখন আমাদের এই ধরনের চলমান হাসপাতাল ব্যবস্থা স্থাপন করতে বলছে।” (g94 3/22)
শেষ দেখা যাচ্ছে না
ক্রেগ শারগোল্ড নামক সাত বছর বয়সী এক ব্রিটিশ বালক ১৯৮৯ সালে মস্তিষ্কের টিউমারে ভুগছিল ও তার বাঁচার আশা ছিল না। তার ইচ্ছা ছিল যে সে সবচেয়ে বেশি সুস্থ-হও সুভেচ্ছা-জ্ঞাপন কার্ড পেয়ে বিশ্ব রেকর্ড ভাঙ্গবে। প্রচার মাধ্যম ও আটলান্টায় অবস্থিত চিল্ড্রেনস উইশ ফাউণ্ডেশন ইন্টারনেশনালের মাধ্যমে ঘোষণা করে সেই রেকর্ড কয়েক মাসের মধ্যে ভাঙ্গা হয়। প্রথম বছরে ১ কোটি ৬০ লক্ষেরও বেশি শুভেচ্ছা-জ্ঞাপন কার্ড আসে, ১৯৯২ সাল পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ কার্ড আসে। তারা এখনও প্রতি সপ্তাহে ৩,০০,০০০ কার্ড পেয়ে চলেছে যদিও দুই বছর আগে কার্ড না পাঠাবার জন্য অনুরোধ করা হয়। ছয় কোটির পর গণনা করা বন্ধ করে দেওয়া হয়। “আমাদের ৯০০ বর্গ মিটারের গুদামঘর ছাদ পর্যন্ত খামে ভরে রয়েছে যা এখনও খোলা হয়নি,” বলেন আর্থার স্টাইন্, ফাউণ্ডেশনের সভাপতি। একজন দাতার সহায়তায় ১৯৯১ সালের প্রথমদিকে ক্রেগের অপারেশন হয় এবং ৯০ শতাংশ টিউমার বার করে দেওয়া হয়। (g94 4/8)