আপনাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করলেই কি আমাকে একজন যিহোবার সাক্ষি হতে হবে?
না, তা নয়। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ব্যক্তি আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করে, কিন্তু প্রত্যেকেই যিহোবার সাক্ষি হয় না।a এই অধ্যয়নের মাধ্যমে আমরা আপনাকে বুঝতে সাহায্য করব যে, বাইবেল কী শিক্ষা দেয়। এরপর, আপনি একজন যিহোবার সাক্ষি হতে চান কি না, তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। প্রত্যেকের এই বিষয়ে বাছাই করার অধিকার রয়েছে যে, সে কী বিশ্বাস করবে এবং কী বিশ্বাস করবে না আর আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করি।—যিহোশূয়ের পুস্তক ২৪:১৫.
অধ্যয়নের সময়ে আমি কি আমার ব্যক্তিগত বাইবেল ব্যবহার করতে পারি?
অবশ্যই করতে পারেন। তবে, আমরা পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ ব্যবহার করতে পছন্দ করি, কারণ এটি আধুনিক ভাষা অনুযায়ী অনুবাদ করা হয়েছে। আপনি যদি এই বাইবেলের একটা কপি চান, তা হলে আমরা বিনা মূল্যে তা দিতে পারি। কিন্তু, আপনি যদি আপনার ব্যক্তিগত বাইবেল থেকে অধ্যয়ন করতে চান, তা হলে তা ব্যবহার করতে পারেন। বাইবেলে ভবিষ্যতের বিষয়ে যে-আশার কথা বলা হয়েছে এবং আমাদের উদ্ধারের বিষয়ে যা বলা রয়েছে, সেগুলো আমরা বাইবেলের যেকোনো অনুবাদ থেকে শিখতে পারি।
যখন আপনারা জানেন যে, বেশিরভাগ লোক যিহোবার সাক্ষি হবে না, তারপরও কেন আপনারা অন্যদের শেখাতে চান?
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, আমরা আমাদের ঈশ্বর যিহোবাকে ভালোবাসি আর তিনি চান, আমরা যা শিখি, তা অন্যদেরও শিখতে সাহায্য করি। (মথি ২২:৩৭, ৩৮; ২৮:১৯, ২০) আমাদের কাছে এটা অনেক সম্মানের বিষয় যে, আমরা “ঈশ্বরের সহকর্মী” হয়ে অন্যদের বাইবেলের সত্য শিখতে সাহায্য করি।—১ করিন্থীয় ৩:৬-৯.
আমরা আমাদের প্রতিবেশীদেরও ভালোবাসি। (মথি ২২:৩৯) বাইবেল থেকে আমরা যে-চমৎকার বিষয়গুলো শিখেছি, তা অন্যদের জানাতে পেরে আমরা অনেক খুশি হই।—প্রেরিত ২০:৩৫.
a আপনার তথ্যের জন্য আমরা আপনাকে জানাতে চাই যে, ২০২৫ সালে প্রতি মাসে ৭৬,০৩,১৮২ জন ব্যক্তি আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করেছিল, কিন্তু তাদের মধ্যে কেবল ৩,০৪,৬৪৩ জন ব্যক্তিই যিহোবার সাক্ষি হয়েছিল।