কেন যিহোবার সাক্ষিরা তাদের উপর আসা প্রতিটা অভিযোগকে মিথ্যা প্রমাণ করে না?
বাইবেলে এমন অনেক পরামর্শ রয়েছে, যেগুলো মেনে চলার মাধ্যমে যিহোবার সাক্ষিরা তাদের উপর আসা প্রতিটা অভিযোগকে মিথ্যা প্রমাণ করে না। এ ছাড়া, যারা তাদের নিয়ে হাসিঠাট্টা করে, তাদেরও মিথ্যা প্রমাণ করে না। উদাহরণ হিসেবে, বাইবেল বলে: “যে উপহাসকারীকে সংশোধন করে, প্রতিদানে সে নিজেই অপমানিত হয়।” (হিতোপদেশ ৯:৭, ৮; ২৬:৪) এই কারণে প্রতিটা অভিযোগকে মিথ্যা প্রমাণ করার পরিবর্তে আমরা ঈশ্বরকে খুশি করার উপর মনোযোগ দিই।—গীতসংহিতা ১১৯:৬৯.
বাইবেল এও বলে, “চুপ করে থাকার সময় এবং কথা বলার সময়” আছে। (উপদেশক ৩:৭) তাই, যখন কেউ সত্য জানার উদ্দেশ্য নিয়ে আমাদের কিছু জিজ্ঞেস করে, তখন আমরা তাদের উত্তর দিয়ে থাকি। তবে, আমরা অযথা তাদের সঙ্গে তর্ক করি না। এভাবে আমরা যিশু এবং প্রথম শতাব্দীর খ্রিস্টানদের উদাহরণ অনুকরণ করি।
পীলাতের সামনে যখন যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল, তখন তিনি কোনো উত্তর দেননি। (মথি ২৭:১১-১৪; ১ পিতর ২:২১-২৩) যখন লোকেরা তাঁকে পেটুক ও মদ্যপায়ী বলেছিল, তখন তিনি তাদেরও কোনো উত্তর দেননি। তিনি তাঁর কাজের মাধ্যমে এই অভিযোগকে মিথ্যা প্রমাণ করেছিলেন। তিনি বাইবেলের এই নীতি কাজে লাগিয়েছিলেন, “প্রজ্ঞা নিজ ফলের মাধ্যমেই সঠিক বলে প্রমাণিত হয়।” (মথি ১১:১৯, পাদটিকা) কিন্তু, প্রয়োজনে যিশু সেই লোকদের দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন, যারা তাঁর উপর মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করেছিল এবং তাঁকে বদনাম করতে চেয়েছিল।—মথি ১৫:১-৩; মার্ক ৩:২২-৩০.
যিশু তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন, কেউ যদি তাদের উপর মিথ্যা অভিযোগ নিয়ে আসে, তা হলে তারা যেন নিরুৎসাহিত হয়ে না পড়ে। তিনি বলেছিলেন: “সুখী তোমরা, যখন লোকেরা আমার জন্য তোমাদের অপমান করে, তাড়না করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সমস্ত ধরনের মন্দ কথা বলে।” (মথি ৫:১১, ১২) যিশু এটাও বলেছিলেন, এমন পরিস্থিতিতে সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকলে আমরা যেন অবশ্যই সাক্ষ্য দিই। আর এটা করতে তিনি আমাদের সাহায্য করবেন। যিশু প্রতিজ্ঞা করেন, “আমি তোমাদের এমন কথা ও প্রজ্ঞা জুগিয়ে দেব যে, তোমাদের সমস্ত বিরোধী একত্রে মিলেও তা প্রতিরোধ করতে অথবা খণ্ডন করতে পারবে না।”—লূক ২১:১২-১৫.
প্রেরিত পৌল খ্রিস্টানদের পরামর্শ দিয়েছিলেন, তারা যেন বিরোধীদের সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে না পড়ে। কারণ এই ধরনের তর্কবিতর্ক ও ঝগড়া “নিষ্ফল ও অসার।”—তীত ৩:৯; রোমীয় ১৬:১৭, ১৮.
প্রেরিত পিতর খ্রিস্টানদের উৎসাহিত করেছিলেন যে, যখনই সম্ভব তারা যেন তাদের বিশ্বাসের বিরুদ্ধে ওঠা প্রশ্নের উত্তর দেয়। (১ পিতর ৩:১৫) তবে তিনি এও বলেছিলেন যে, এটা করার সবচেয়ে ভালো উপায় হল, কথার চেয়ে কাজে তা প্রমাণ করা। পিতর লিখেছিলেন, “তোমরা ভালো কাজ করার মাধ্যমে সেই নির্বোধ লোকদের মুখ বন্ধ করে দাও, যারা না জেনে কথা বলে।”—১ পিতর ২:১২-১৫.