ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১২৭
  • ঈশ্বরের বাক্য থেকে এক বার্তা—শরণার্থীদের জন্য আশা!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বাক্য থেকে এক বার্তা—শরণার্থীদের জন্য আশা!
  • অন্যান্য বিষয়
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের বাক্য থেকে সান্ত্বনা
  • ঈশ্বরের বাক্য থেকে আশা
  • ঈশ্বরের বাক্য থেকে প্রজ্ঞা
  • শরণার্থী সংকট—লক্ষ লক্ষ লোক ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে
    অন্যান্য বিষয়
  • ‘সানন্দে সদাপ্রভুর সেবা করিবার’ জন্য “বিদেশীদের” সাহায্য করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখতে শুরু করুন
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১২৭
একটা শরণার্থী শিবিরের বাইরে দু-জন শরণার্থী কয়েকটা ব্যাগে নিজেদের জিনিসপত্র নিয়ে মাটিতে বসে আছে। তারা সেই শিবিরটা আর সেইসঙ্গে অন্য শরণার্থীদের দিকে তাকিয়ে আছে।

Imagination World/stock.adobe.com

ঈশ্বরের বাক্য থেকে এক বার্তা—শরণার্থীদের জন্য আশা!

এটা প্রিন্ট করুন অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করুন

প্রতি বছর লক্ষ লক্ষ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। আপনার সঙ্গেও কি ঠিক এমনকিছুই ঘটেছে? যদি তা-ই হয়, তা হলে আপনি একা এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারবেন না। ঈশ্বর আপনাকে তা করার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। তিনি আপনাকে এক উত্তম জীবনের আশা দেন, যেটার বিষয়ে আপনি পবিত্র শাস্ত্রের মাধ্যমে জানতে পারবেন।

ইউরোপিয়ান ইউনিয়ানের এক কমিশনারa ক্রিস্টোস স্টিলিয়ানেডিস বলেন: “শরণার্থী এবং ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা ব্যক্তিদের যে-শুধুমাত্র জরুরি সাহায্যের প্রয়োজন হয়, তা-ই নয়, কিন্তু তাদের … ভবিষ্যৎ সম্বন্ধে আশাও দিতে হয়।”b যে-ব্যক্তিদের সামনে একটা আশা রয়েছে, তারা ভবিষ্যতের বিষয়ে সঠিক মনোভাব বজায় রাখতে পারে। তবে এই আশা থাকার পাশাপাশি, শরণার্থীদের এই বিষয়ে সান্ত্বনা দেওয়ারও প্রয়োজন হয়ে পড়ে যে, তারা তাদের জীবনে যে-কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা একদিন কাটিয়ে উঠতে পারবে।

“আমাকে যখন আমার দেশ এবং আমার পরিবার ছেড়ে পালিয়ে যেতে হয়, তখন সেই কষ্ট সহ্য করা আমার পক্ষে অসম্ভব ছিল। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম আর মনের কষ্ট ও উদ্‌বিগ্নতা আমাকে চেপে ধরত।”—ইম্ম্যানুয়েল, হাইতি।

আপনিও কি এইরকম অনুভব করেন? আপনাকেও যদি আপনার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়, তা হলে আপনারও এমন কিছুর প্রয়োজন, যেখান থেকে আপনি সান্ত্বনা ও আশা পেতে পারেন। কীভাবে ঈশ্বরের বাক্য বাইবেল আপনাকে সাহায্য করতে পারে?

ঈশ্বরের বাক্য থেকে সান্ত্বনা

একজন ব্যক্তির প্রতিচ্ছবি, যিনি বাইবেল পড়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন।

বাইবেল বলে: “যিহোবাc … বিদেশিদের ভালোবাসেন।”—দ্বিতীয় বিবরণ ১০:১৭, ১৮.

এর মানে আপনি একা নন। বাইবেলের গ্রন্থকার যিহোবা ঈশ্বর আপনার পরিস্থিতি বোঝেন, আপনাকে ভালোবাসেন আর সত্যি আপনার জন্য চিন্তা করেন।

বাইবেল বলে: “যিহোবা সেইসমস্ত ব্যক্তির কাছে রয়েছেন, যারা তাঁকে ডাকে।”—গীতসংহিতা ১৪৫:১৮.

এর মানে আপনি যখন প্রার্থনা করেন, তখন যিহোবা তা শোনেন। তিনি আপনাকে মনের শান্তি দিতে পারেন। এ ছাড়া, তিনি বাইবেলে এমন প্রজ্ঞার কথা লিখে রেখেছেন, যেগুলো আপনাকে কষ্টকর পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখতে সাহায্য করবে।

বাইবেল বলে: “এমনটা হতেই পারে না যে, সত্য ঈশ্বর মন্দ কাজ করবেন, … সর্বশক্তিমান অবিচার করেন না।”—ইয়োব ৩৪:১০, ১২.

এর মানে ঈশ্বর আপনার দুঃখকষ্টের জন্য দায়ী নন। তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন না কিংবা আপনার জীবনে সমস্যা নিয়ে এসে আপনাকে পরীক্ষা করছেন না।

ঈশ্বরের বাক্য থেকে আশা

একজন ব্যক্তির প্রতিচ্ছবি, যিনি বাইবেল থেকে যা পড়েছেন, সেটা নিয়ে পুনরায় চিন্তা করছেন।

বাইবেল জানায়, ঈশ্বর ভবিষ্যতে আমাদের জন্য কী করতে চলেছেন। এই আশা কীভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া ব্যক্তিদের সাহায্য করছে, তা নিয়ে চিন্তা করুন।

বাইবেল বলে: “[ঈশ্বর] তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.

এর মানে আমরা দুঃখকষ্ট থেকে মুক্তি পাব। আজ যে-সমস্যাগুলোর কারণে আপনি আশা হারিয়ে ফেলেছেন, ঈশ্বর সেইসমস্ত সমস্যার সমাধান করার প্রতিজ্ঞা করেছেন।

“আমাদের চারপাশে যে-সমস্ত অবিচার এবং মন্দ ঘটনাগুলো ঘটছে, ঈশ্বর খুব শীঘ্রই সেগুলোর সমাধান করবেন। এই আশা আমাকে সেই দিনের অপেক্ষায় থাকতে সাহায্য করে, যখন সমস্ত দুঃখকষ্ট শেষ হয়ে যাবে।”—কার্লা, এল সালভাডর।

বাইবেল বলে: “আগেকার বিষয়গুলো আর স্মরণে থাকবে না কিংবা সেগুলো মনেও পড়বে না।”—যিশাইয় ৬৫:১৭.

এর মানে কষ্টকর স্মৃতিগুলো আর আমাদের মনে পড়বে না। ঈশ্বর এই বিষয়ে লক্ষ রাখবেন, যাতে খারাপ ঘটনাগুলোর কথা চিন্তা করে আপনি চিরকাল ধরে কষ্ট না পান।

“বাইবেল প্রতিজ্ঞা করে, আমরা যে-কষ্টকর পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছি, সেগুলো এমনকী আমাদের মনেও পড়বে না। এই আশা আমাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে কারণ আমি জানি, খুব তাড়াতাড়ি এই সমস্ত কিছু পালটে যাবে।”—নাতালিয়া, ইউক্রেন।

বাইবেল বলে: “স্বর্গের ঈশ্বর এমন একটা রাজ্য স্থাপন করবেন যেটা … ঐ সব রাজ্যগুলোকে চুরমার করে শেষ করে দেবে।”—দানিয়েল ২:৪৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।

এর মানে একটা নিখুঁত স্বর্গীয় সরকার পৃথিবীর উপর শাসন করবে। খুব তাড়াতাড়ি ঈশ্বর মানব সরকারের জায়গায় নিজের শাসনব্যবস্থা আনবেন, যেটা স্বর্গ থেকে শাসন করবে। এই সরকার প্রকৃত শান্তি ও সুরক্ষা নিয়ে আসবে আর সমস্ত লোকের জন্য ন্যায়বিচার ও সুখ নিয়ে আসবে।—মীখা ৪:৩, ৪.

“আমি এটা জেনে উৎসাহিত হই যে, অবিচার, ভেদাভেদ, সন্দেহ এবং জাতিগত বৈষম্যের মতো সমস্যাগুলো আর থাকবে না। যিহোবার রাজ্য খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান করবে।”—মুস্তাফা, মধ্যপ্রাচ্য।

এক দম্পতি তাদের শরণার্থী শিবিরের তাঁবুতে বসে একসঙ্গে বাইবেল পড়ছেন।

বাইবেলে দেওয়া আশার বার্তা থেকে সান্ত্বনা লাভ করুন

ঈশ্বরের বাক্য থেকে প্রজ্ঞা

একজন ব্যক্তির প্রতিচ্ছবি, যিনি বাইবেল পড়ার সময় একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করছেন।

আপনি যখন ধীরে ধীরে আপনার সমস্যাগুলো কাটিয়ে উঠতে থাকেন, তখন বাইবেলের ব্যাবহারিক প্রজ্ঞা আপনাকে সাহায্য করতে পারে। আপনি ঘরবাড়ি সহ অনেক কিছু হারিয়েছেন আর বাইবেলের এই প্রজ্ঞা আপনাকে আপনার এখনকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। নীচে দেওয়া নীতিগুলো কীভাবে শরণার্থীদের সাহায্য করেছে, তা দেখুন:

বাইবেল বলে: “এমনকী একজন ব্যক্তির প্রচুর ধনসম্পত্তি থাকলেও সেগুলো তাকে জীবন দিতে পারে না।”—লূক ১২:১৫.

যেভাবে প্রজ্ঞার এই বাক্য আপনাকে সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে: বিপর্যয়ের শিকার হওয়ায় স্বাভাবিকভাবেই আপনি একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছেন আর সবকিছু হারিয়ে খুবই শোকের মধ্যে রয়েছেন। কিন্তু একটু থেমে চিন্তা করুন, আপনি প্রাণে বেঁচে গিয়েছেন। মনে রাখবেন, আপনার জীবনের মূল্য যেকোনো জিনিসপত্রের চেয়ে অনেক বেশি আর এটা আপনাকে যেকোনো জিনিস হারানোর শোক কাটিয়ে উঠতে সাহায্য করবে।

“যেকোনো জিনিসের চেয়ে জীবন আরও বেশি মূল্যবান। কোনো কোনো পরিস্থিতিতে সম্পত্তি কিংবা টাকাপয়সা কোনো সাহায্যেই আসে না।”—নাতালিয়া, ইউক্রেন।

বাইবেল বলে: “এমনটা বোলো না, ‘আগেকার দিনগুলো এখনকার চেয়ে আরও ভালো ছিল।’”—উপদেশক ৭:১০.

যেভাবে প্রজ্ঞার এই বাক্য আপনাকে সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে: হতে পারে, এখন আপনাকে অনেক সমস্যা ভোগ করতে হচ্ছে। কিন্তু আগের পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনা না করাই আপনার পক্ষে ভালো হবে কারণ তা করা আপনাকে কষ্ট ছাড়া আর কিছুই দেবে না।

“এখনকার পরিস্থিতিকে মেনে নেওয়ায় আমি সঠিক মনোভাব বজায় রাখতে পেরেছি।”—এলি, রুয়ান্ডা।

বাইবেল বলে: “খাদ্য ও বস্ত্র পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব।”—১ তীমথিয় ৬:৮.

যেভাবে প্রজ্ঞার এই বাক্য আপনাকে সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে: জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পেলে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। সন্তুষ্টির মনোভাব আপনাকে উদ্‌বিগ্নতা কম করতে সাহায্য করবে আর তা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে।

“বাইবেল আমাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করেছে। আমি কী হারিয়েছে, সেটা নিয়ে আমি আর বেশি চিন্তা করি না। আমি আর আমার স্ত্রী এতেই খুশি যে, আমরা বেঁচে আছি এবং সুরক্ষিত আছি।”—ইভান, ইউক্রেন।

বাইবেল বলে: “অতএব, সমস্ত ক্ষেত্রে লোকেরা তোমাদের প্রতি যা করুক বলে তোমরা চাও, তোমরাও তাদের প্রতি তা-ই কোরো।”—মথি ৭:১২.

যেভাবে প্রজ্ঞার এই বাক্য আপনাকে সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে: আপনি যদি অন্যদের সঙ্গে ভালোভাবে থাকতে চান, তা হলে আপনাকেও ধৈর্য ধরার এবং সদয় হওয়ার জন্য যথাসাধ্য করতে হবে। আপনি যদি তা করেন, তা হলে অন্যেরাও আপনাকে মেনে নেবে আর আপনার ব্যাপারে কোনো ভেদাভেদ করবে না।

“বেশিরভাগ লোকই চায়, আমরা যেন তাদের প্রতি সম্মান দেখাই এবং সদয়ভাবে ও প্রেমের সঙ্গে আচরণ করি। আমরা যদি তা করি, তা হলে স্থানীয় লোকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো হবে।”—অ্যাঞ্জেলো, শ্রীলঙ্কা।

বাইবেল বলে: “তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও; এতে ঈশ্বরের সেই শান্তি … তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে।”—ফিলিপীয় ৪:৬, ৭.

যেভাবে প্রজ্ঞার এই বাক্য আপনাকে সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে: নিজের অনুভূতি, প্রয়োজন, ভয় ও চিন্তার বিষয়গুলো প্রার্থনায় ঈশ্বরকে জানান। এভাবে প্রার্থনা করলে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় আপনি অযথা দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হতে পারবেন।

“যখনই আমি সমস্যায় পড়ি, তখনই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তিনি আমাকে উত্তর দেন। আমি বাইবেল থেকে যা-কিছু শিখেছি, সেগুলো আমাকে সত্যিই মনের শান্তি দিয়েছে।”—ইয়োল, দক্ষিণ সুদান।

“বাইবেলের উত্তম পরামর্শ আমাকে মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করেছে। আসলে এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার সময় আমার এটারই দরকার ছিল।”—ভ্যালেন্টিনা, ইউক্রেন।

“যিহোবা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আমাদের এক উত্তম জীবন দেবেন আর এটা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।”—ইম্ম্যানুয়েল, হাইতি

আপনি কি সান্ত্বনা ও আশার বিষয়ে বাইবেলের প্রতিজ্ঞা আর সেইসঙ্গে কেন আপনি সেই প্রতিজ্ঞার উপর আস্থা রাখতে পারেন, সেই সম্বন্ধে আরও জানতে চান? কোনো যিহোবার সাক্ষিকে অনুরোধ করুন, যাতে কেউ বিনা মূল্যে আপনার সঙ্গে যোগাযোগ করেন। তারা আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে।

বাইবেলের সময়কার শরণার্থী

বাইবেলে এমন ব্যক্তিদের বিবরণ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই বিবরণগুলো থেকে আমরা জানতে পারি, কীভাবে ঈশ্বর তাদের যত্ন নিয়েছিলেন।

  • অনেক বছর আগে, ঈশ্বরের লোকদের মিশরে বিদেশি হিসেবে বসবাস করতে হয়েছিল। পরবর্তী সময়ে তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। ঈশ্বর তাদের এই কষ্ট দেখেছিলেন এবং তাদের সেখান থেকে মুক্ত করেছিলেন। (যাত্রাপুস্তক ১:১৩, ১৪; ২:২৩-২৫) তারা যতদিন না তাদের নতুন দেশে ভালোভাবে বসবাস করতে শুরু করেছিল, ততদিন পর্যন্ত ঈশ্বর তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু জুগিয়েছিলেন। (গীতসংহিতা ১০৫:৪০, ৪১) পরে ঈশ্বর তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে, কীভাবে তিনি তাদের সঙ্গে আচরণ করেছিলেন আর তাই তিনি আশা করেছিলেন, তারাও যেন তাদের মধ্যে থাকা বিদেশিদের সঙ্গে ঠিক একইরকম আচরণ করে।—যাত্রাপুস্তক ২৩:৯.

  • বাইবেলের রূতের বিবরণে নয়মী এবং তার পরিবারকে দুর্ভিক্ষের সময় অন্য দেশে চলে যেতে হয়েছিল। পরে নয়মীর স্বামী এবং তার দুই ছেলে মারা যায়। ঈশ্বর নয়মীকে খুব ভালোবাসতেন আর তাই তিনি ব্যবস্থা করেন, যেন নয়মীর বউমা রূৎ তার যত্ন নেয়, ভরণ-পোষণ জোগায় এবং তাকে আনন্দে থাকতে সাহায্য করে।—রূতের বিবরণ ১:১-৫, ১৫, ১৬, ২০, ২১; ২:১১.

  • যিশু যখন খুবই ছোটো ছিলেন, তখন তাঁর বাবা-মাকে মিশরে পালিয়ে যেতে হয় কারণ তারা যেখানে থাকতেন, সেখানে দৌরাত্ম্য ছড়িয়ে পড়েছিল। ঈশ্বর তাদের সঠিক সময়ে পালিয়ে যেতে আর সেইসঙ্গে পরিবার-পরিজন থেকে বহু দূরে এক ভিন্ন দেশে থাকার সময় কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতেও সাহায্য করেছিলেন।—মথি ২:১৩-১৬.

বর্তমানে যারা ঈশ্বরকে ভালোবাসে এবং সম্মান করে, তাদের উপরও বিপর্যয় আসে। তারা এমনটা আশা করে না যে, ঈশ্বর অলৌকিকভাবে তাদের উপর আসা সমস্যাগুলো সরিয়ে দেবেন। তবে সেই সময়, ঈশ্বর তাদের সান্ত্বনা দেন, কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা দেন এবং ভবিষ্যতের এক উজ্জ্বল আশা দেন।

এটা প্রিন্ট করুন অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করুন। এটা উভয় দিকে প্রিন্ট করা যাবে। প্রিন্ট কপি ভাঁজ করুন এবং লিফলেটের মতো ব্যবহার করুন।

ডাউনলোড

a ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনার ফর হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট।

b ইউএন রিফিউজি এজেন্সি সেই ব্যক্তিদেরও শরণার্থী বলে উল্লেখ করে, যারা ঘরবাড়ি ছেড়ে নিজের দেশেরই অন্য কোনো জায়গায় অথবা নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অথচ তারা আইনত শরণার্থী হিসেবে স্বীকৃতি পায়নি।

c যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম। (গীতসংহিতা ৮৩:১৮) “ঈশ্বর কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার