Justin Paget/Stone via Getty Images
একাকিত্ব পৃথিবীব্যাপী এক সমস্যা—আপনি কীভাবে মোকাবিলা করতে পারেন?
“মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় অর্ধেকই বলেছে যে, তারা একাকিত্বে ভুগছে আর এটা বিশেষভাবে যুবকবয়সিদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে।”—আওয়ার এপিডেমিক অভ্ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন: দা ইউ. এস. সার্জন জেনারেল’স অ্যাডভাইসরি অন দা হিলিং এফেক্টস অভ্ সোশ্যাল কানেকশন অ্যান্ড কমিউনিটি, ২০২৩.
“[বিশ্ব স্বাস্থ্য সংস্থা] একটা নতুন কমিশন গঠন করার কথা ঘোষণা করেছে, যাতে সেটা একাকিত্বকে একটা গুরুতর স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচনা করে গবেষণা শুরু করে, লোকদের সামাজিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সচেতন করে এবং ধনী-দরিদ্র সব দেশের জন্যই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যান্য আরও ভালো উপায় খুঁজে বের করে।”—বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নভেম্বর ১৫, ২০২৩.
বাইবেলে এমন অনেক পরামর্শ রয়েছে, যেগুলো আমাদের অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আর এভাবে আমরা একাকিত্ব কাটিয়ে উঠতে পারি।
আপনাকে সাহায্য করবে এমন কিছু বাইবেলের নীতি
এমন কাজগুলো করা কমিয়ে দিন, যেগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এমন কাজগুলোর মধ্যে একটা হল, অতিরিক্ত পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। এর পরিবর্তে, লোকদের সঙ্গে সামনাসামনি দেখা করুন এবং এভাবে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলুন।
বাইবেলের নীতি: “প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায় আর সে বিপদের সময়ে নিজের ভাই বলে প্রমাণিত হয়।”—হিতোপদেশ ১৭:১৭.
অন্যদের সাহায্য করার জন্য সুযোগ খুঁজুন। যখন আমরা অন্যদের জন্য ভালো কিছু করি, তখন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হয় আর আমরা অনেক আনন্দও পাই।
বাইবেলের নীতি: “নেওয়ার চেয়ে বরং দেওয়ার মধ্যে আরও বেশি সুখ।”—প্রেরিত ২০:৩৫.
কীভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা যায়, সেই বিষয়ে বাইবেল থেকে আরও জানার জন্য আমাদের ওয়েবসাইট দেখুন।