অধ্যয়ন প্রবন্ধ ৪৪
গান ১৩৮ পাকা চুল শোভার মুকুট
বৃদ্ধবয়সে আপনার আনন্দ বজায় রাখুন
“ বৃদ্ধবয়সেও তারা ফল উৎপন্ন করবে।”—গীত. ৯২:১৪, NW.
আমরা কী শিখব?
বয়স্ক ভাই-বোনদের জন্য আনন্দ বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ আর এই আনন্দ বজায় রাখার জন্য তারা কী করতে পারে?
১-২. যিহোবা তাঁর সেই সেবকদের কোন দৃষ্টিতে দেখেন, যাদের বয়স হয়ে যাচ্ছে? (গীতসংহিতা ৯২:১২-১৪) ( ছবিও দেখুন।)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু লোক তাদের পাকা চুল দেখে খুশি হয়, আবার অনেকে চিন্তায় পড়ে যায়। মনে করে দেখুন, প্রথম বার যখন আপনি আপনার মাথায় পাকা চুল দেখেছিলেন, তখন আপনি কী করেছিলেন? অন্য কেউ দেখতে পাওয়ার আগে, আপনি হয়তো সেই পাকা চুল তুলে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু সত্যিটা হল, আপনি যতই আপনার পাকা চুল লুকোনোর চেষ্টা করুন না কেন, আপনার বয়সকে আপনি ধরে রাখতে পারবেন না।
২ কিন্তু, যিহোবা তাঁর সেই সেবকদের কোন দৃষ্টিতে দেখেন, যাদের বয়স হয়ে যাচ্ছে? (হিতো. ১৬:৩১) বাইবেলে যিহোবা বয়স্ক ব্যক্তিদের ফলবান গাছের সঙ্গে তুলনা করেছেন। (পড়ুন, গীতসংহিতা ৯২:১২-১৪.) আমরা কেন বলতে পারি, এইভাবে তুলনা করাটা সঠিক? আপনি হয়তো লক্ষ করেছেন যে, কিছু গাছ যত পুরোনো হয়, ততই সেটা পাতায় ও ফুলে ভরে ওঠে আর সেটা দেখতে খুব সুন্দর লাগে। জাপানে এইরকমই একটা গাছ দেখা যায়, যেটা হল চেরি ব্লসম। এই গাছগুলোর মধ্যে কিছু গাছ ১,০০০ বছরেরও বেশি পুরোনো, কিন্তু সেগুলো দেখতে এত সুন্দর যে মন ভরে যায়। ঠিক এই পুরোনো গাছগুলোর মতো যিহোবা তাঁর সেই বিশ্বস্ত বয়স্ক সেবকদেরও খুব সুন্দর বলে মনে করেন। যিহোবা তাঁর এই সেবকদের পাকা চুল নয় বরং তাদের হৃদয় দেখেন। তিনি লক্ষ করেন এই সেবকেরা বছরের পর বছর ধৈর্য ধরে তাঁর সেবা করে আসছে। আর তাই যিহোবা তাদের খুবই মূল্যবান বলে মনে করেন।
কিছু গাছ যত পুরোনো হয়, ততই সেটা পাতায় ও ফুলে ভরে ওঠে আর সেটা দেখতে খুব সুন্দর লাগে। একইভাবে, বিশ্বস্ত বয়স্ক সেবকেরা তাদের বয়সের সঙ্গে সঙ্গে সুন্দর ও মূল্যবান হয়ে ওঠে (২ অনুচ্ছেদ দেখুন)
৩. উদাহরণের সাহায্যে বোঝান যে, যিহোবা কীভাবে তাঁর বয়স্ক সেবকদের মাধ্যমে নিজের উদ্দেশ্য পূরণ করেছিলেন।
৩ একজন ব্যক্তির যত বয়সই হোক না কেন, যিহোবার দৃষ্টিতে তার মূল্য কখনো কমে যায় না।a অতীতে, অনেক বার যিহোবা তাঁর বয়স্ক সেবকদের মাধ্যমে তাঁর উদ্দেশ্য পূরণ করেছিলেন। উদাহরণ স্বরূপ, সারার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল, তখন যিহোবা বলেছিলেন যে, সারা এক পুত্র সন্তানের জন্ম দেবেন। শুধু তা-ই নয়, এই পুত্র সন্তানের মাধ্যমে একটা বড়ো জাতির সৃষ্টি হবে এবং সারার বংশ থেকেই মশীহ আসবেন। (আদি. ১৭:১৫-১৯) এ ছাড়া, মোশির যখন অনেক বয়স হয়ে গিয়েছিল, তখন ঈশ্বর তাকে এই আজ্ঞা দিয়েছিলেন যে, তিনি যেন ইজরায়েলীয়দের মিশর থেকে বের করে আনেন। (যাত্রা. ৭:৬, ৭) প্রেরিত যোহনও অনেক বৃদ্ধ ছিলেন, যখন যিহোবা তাঁর পবিত্র শক্তির মাধ্যমে তাকে দিয়ে বাইবেলের পাঁচটা বই লিখিয়েছিলেন।
৪. হিতোপদেশ ১৫:১৫ পদ অনুযায়ী কোন বিষয়টা বয়স্ক ভাই-বোনদের বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে? (ছবিও দেখুন।)
৪ যতই বয়স বাড়তে থাকে, ততই বয়স্ক ব্যক্তিদের নানা ধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হয়। একজন বোন মজা করে বলেন, “বৃদ্ধ হওয়া কোনো সহজ বিষয় নয়!” কিন্তু, বয়স্ক ব্যক্তিরা যদি তাদের আনন্দ বজায় রাখে,b তা হলে তাদের পক্ষে সমস্যার সঙ্গে মোকাবিলা করা অনেকটা সহজ হয়ে উঠতে পারে। (পড়ুন, হিতোপদেশ ১৫:১৫.) এই প্রবন্ধে আমরা কিছু পরামর্শ নিয়ে আলোচনা করব, যেগুলো কাজে লাগালে বয়স্ক ভাই-বোনেরা তাদের আনন্দ বজায় রাখতে পারবে। আমরা এটাও জানব যে, মণ্ডলীর অন্য ভাই-বোনেরা বয়স্ক ভাই-বোনদের জন্য কী করতে পারে। তবে, আসুন প্রথমে আমরা দেখি যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ বজায় রাখা কেন কঠিন হতে পারে?
বয়স্ক ব্যক্তিদের মনে যদি আনন্দ থাকে, তা হলে তারা বার্ধক্যের কারণে আসা সমস্যাগুলোর সঙ্গে সহজেই মোকাবিলা করতে পারবে ( ৪ অনুচ্ছেদ দেখুন)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ বজায় রাখা কেন কঠিন হতে পারে?
৫. বয়স্ক ভাই-বোনেরা হয়তো কোন কারণে নিরুৎসাহিত হয়ে পড়ে?
৫ আপনি যদি নিজে একজন বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, তা হলে এটা ভেবে হতাশ হতে পারেন যে, আপনি আগে যতটা করতে পারতেন, এখন আর ততটা করতে পারেন না। আপনি হয়তো চিন্তা করতে পারেন, ‘যদি কোনোভাবে আমি আমার যৌবন আবার ফিরে পেতাম, যখন আমার স্বাস্থ্য ভালো ছিল, তা হলে কতই না ভালো হত।’ (উপ. ৭:১০) রুবি নামে একজন বোন বলেন, “একেক সময় আমার গা-হাত পায়ে এত যন্ত্রণা হয় যে, কাপড় পরতেও আমার অসুবিধা হয়। এমনকী মোজা পরার জন্য পা ওঠাতেও আমার কষ্ট হয়। আমার হাত একেবারে অবশ হয়ে যায়। বাতের ব্যথার জন্য ছোটোখাটো কাজ করাও আমার পক্ষে খুবই কষ্টকর।” ভাই হ্যারল্ড যিনি বেথেলে সেবা করতেন, তিনি বলেন: “আমার নিজের অবস্থা দেখে, একেক সময় নিজের উপর রাগ হয় আর আমি খুবই নিরুৎসাহিত হয়ে পড়ি।” আমি যখন যুবক ছিলাম, তখন খেলাধুলা করতে খুব ভালোবাসতাম। বেসবল খেলার সময় লোকেরা বলত, ‘হ্যারল্ডকে বল দাও, ও ঠিক আমাদের জিতিয়ে দেবে।’ কিন্তু, এখন আমার বেসবল খেলা তো দূরের কথা, বল ছোড়ারও শক্তি নেই।”
৬. (ক) বয়স্ক ভাই-বোনেরা আর কোন কারণে নিরুৎসাহিত হতে পারে? (খ) বয়স্ক ভাই-বোনেরা কীভাবে স্থির করতে পারে যে, তাদের গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত কি না? (এই সংখ্যায় দেওয়া “আমার কি এখন গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।)
৬ হতে পারে, আপনার কিছুটা স্বাধীনতা চলে গিয়েছে, যে-কারণে আপনি হতাশ হয়ে পড়েছেন। এটা বিশেষ করে তখন হয়, যখন আপনার দেখাশোনা করার জন্য কাউকে রাখা হয় অথবা আপনি যখন বার্ধক্যের কারণে সন্তানদের কাছে নিজেকে একটা বোঝা বলে মনে করেন। এটাও হতে পারে, শরীর দুর্বল হয়ে যাওয়ার কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে আপনি এখন আর একা চলাফেরা করতে অথবা গাড়ি চালাতে পারেন না। আর এর জন্য আপনি হয়তো খুবই নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত কারণে যিহোবার এবং অন্যদের কাছে আপনার মূল্য কোনোভাবেই কমে যায় না। যিহোবা আপনার অনুভূতি খুব ভালোভাবে বোঝেন এবং তাঁর কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ যে, ব্যক্তি হিসেবে আপনি কেমন। তিনি শুধুমাত্র এটা দেখেন, তাঁর প্রতি এবং ভাই-বোনদের প্রতি আমাদের কতটা ভালোবাসা ও উপলব্ধিবোধ রয়েছে। আর এই কারণে যিহোবা আমাদের খুবই মূল্যবান হিসেবে দেখেন।—১ শমূ. ১৬:৭.
৭. আপনি যদি এই ভেবে নিরুৎসাহিত হন যে, আপনি বেঁচে থাকতে থাকতে শেষ হয়তো আসবে না, তা হলে আপনি কোন বিষয়টা মনে রাখতে পারেন?
৭ এটাও হতে পারে, আপনি এই ভেবে নিরুৎসাহিত হচ্ছেন যে, আপনি বেঁচে থাকতে থাকতে শেষ হয়তো আসবে না। মনে রাখবেন, যিহোবাও এই দুষ্ট জগৎকে শেষ করতে চান, তবে তিনি ধৈর্য ধরছেন। (যিশা. ৩০:১৮) এই ধৈর্যের পিছনে একটা কারণ আছে। সেটা কী? তিনি লক্ষ লক্ষ ব্যক্তিকে সুযোগ দিচ্ছেন যেন তারা তাঁকে জানতে এবং তাঁর সেবা করতে পারে। (২ পিতর ৩:৯) তাই, এই কারণে আপনি যখন নিরুৎসাহিতবোধ করেন, তখন চিন্তা করুন, যিহোবা ধৈর্য ধরছেন বলে শেষ আসার আগে কত লোক উপকৃত হবে। কে জানে, এর মধ্যে আপনার পরিবারের লোকেরাও হয়তো থাকবে!
৮. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক ব্যক্তিরা অনেকসময় কী করে ফেলে?
৮ আমরা যুবক বা বৃদ্ধ যে-ই হই না কেন, আমাদের শরীর যখন খারাপ থাকে, তখন আমরা হয়তো এমন কিছু বলে ফেলি বা করে ফেলি, যেটার জন্য পরে আমাদের আপশোস করতে হয়। (উপ. ৭:৭; যাকোব ৩:২) বাইবেল জানায়, যখন ইয়োব কষ্টের মধ্যে ছিলেন, তখন তার মুখ থেকে “উলটোপালটা কথা” বের হয়েছিল। (ইয়োব ৬:১-৩) কখনো কখনো বয়স্ক ব্যক্তিরা কোনো ওষুধের কারণে অথবা অসুস্থতার জন্য এমন কিছু বলে ফেলে বা করে ফেলে, যেটা সাধারণত তারা স্বাভাবিক অবস্থায় করে না। দয়া করে মনে রাখবেন, অসুস্থতা বা বার্ধক্যের অজুহাত দিয়ে আমরা যেন কখনোই অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার না করি এবং তাদের কাছ থেকে অতিরিক্ত আশা না করি। যদি আমরা বুঝতে পারি, অজান্তে আমরা কাউকে দুঃখ দিয়ে ফেলেছি, তা হলে কোনোরকম দেরি না করে, তার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।—মথি ৫:২৩, ২৪.
কীভাবে নিজের আনন্দ বজায় রাখবেন?
বার্ধক্যের কারণে আসা সমস্যাগুলো সত্ত্বেও আপনি কীভাবে নিজের আনন্দ বজায় রাখতে পারেন? ( ৯-১৩ অনুচ্ছেদ দেখুন)
৯. কেন আপনার অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করা উচিত? (ছবিগুলোও দেখুন।)
৯ অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করুন। (গালা. ৬:২) প্রথম প্রথম আপনার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন হতে পারে। গ্রেটেল নামে একজন বোন বলেন, “কখনো কখনো অন্যদের কাছ থেকে সাহায্য নিতে আমার খারাপ লাগে। মনে হয়, আমি যেন তাদের কাছে একটা বোঝা হয়ে যাব। আমাকে এই চিন্তাধারা বদলাতে হয়েছিল এবং আমার যে সাহায্যের প্রয়োজন, সেটা মেনে নিতে সময় লেগেছিল।” আপনি যখন অন্যদের সাহায্য গ্রহণ করেন, তখন আপনি তাদের সেই আনন্দ দেন, যেটা শুধুমাত্র দেওয়ার মাধ্যমে পাওয়া যায়। (প্রেরিত ২০:৩৫) আর এটা দেখে আপনিও অনেক খুশি হন যে, অন্যেরা আপনাকে ভালোবাসে এবং আপনার জন্য অনেক চিন্তা করে।
( ৯ অনুচ্ছেদ দেখুন
১০. কেন অন্যদের প্রতি আপনার কৃতজ্ঞতা দেখানো উচিত? (ছবিগুলোও দেখুন।)
১০ এটা দেখান যে আপনি কৃতজ্ঞ। (কল. ৩:১৫; ১ থিষল. ৫:১৮) কেউ যখন আমাদের জন্য কিছু করে, তখন আমাদের খুবই ভালো লাগে। কিন্তু, অনেকসময় হয়তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে ভুলে যাই। তাই, যখন আমাদের সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়, তখন যদি আমরা তাকে হাসিমুখে ধন্যবাদ জানাই, তা হলে সে বুঝতে পারবে যে, আমরা তার প্রতি কতটা কৃতজ্ঞ। বোন লিয়ার কথা চিন্তা করুন, যিনি বেথেলে বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করেন। তিনি বলেন, “আমি যে-বোনদের দেখাশোনা করি, তাদের মধ্যে একজন আমাকে সবসময় থ্যাঙ্ক ইউ কার্ড দেন। তিনি কার্ডের মধ্যে বেশি কিছু লেখেন না, কিন্তু যা-ই লেখেন, সেটা আমার হৃদয় স্পর্শ করে। যখনই আমি কার্ড পাই, আমি বলে বোঝাতে পারব না যে, আমি কতটা খুশি হই। আমার এটা ভেবে আনন্দ হয় যে, তিনি আমার পরিশ্রমকে উপলব্ধি করেন।”
(১০ অনুচ্ছেদ দেখুন)
১১. কীভাবে আপনি অন্যদের সাহায্য করতে পারেন? (ছবিগুলোও দেখুন।)
১১ অন্যদের সাহায্য করুন। আপনি যখন অন্যদের জন্য চিন্তা করবেন এবং তাদের সাহায্য করার চেষ্টা করবেন, তখন আপনি দেখতে পাবেন যে, আপনার মন অন্যদিকে চলে গিয়েছে এবং আপনি নিজেকে নিয়ে বেশি ভাবছেন না। আফ্রিকার একটা প্রবাদ আছে, বয়স্ক লোকেরা অনেকটা লাইব্রেরির মতো, যেখানে জ্ঞান ও বুদ্ধির বিরাট ভাণ্ডার রয়েছে। কিন্তু, লাইব্রেরিতে যে-বইগুলো আছে, সেগুলো যদি শুধুমাত্র তাকের উপর পড়ে থাকে, তা হলে এতে কারো লাভ হবে না। তাই, আপনি নিজে এগিয়ে গিয়ে অল্পবয়সিদের সঙ্গে কথা বলুন। আপনি যা জানেন এবং যা শিখেছেন, সেগুলো তাদের বলুন। তাদের প্রশ্ন করুন এবং মন দিয়ে তাদের কথা শুনুন। তাদের বলুন, যিহোবার বাধ্য হওয়ার ফলে আপনি কোন কোন উপকার পেয়েছেন এবং এও বলুন তারা যদি এমনটা করে, তা হলে তারাও অনেক আনন্দ লাভ করবে। এভাবে আপনি যখন আপনার অল্পবয়সি বন্ধুদের উৎসাহ ও সান্ত্বনা দেবেন, তখন আপনিও অনেক আনন্দ লাভ করবেন।—গীত. ৭১:১৮.
(১১ অনুচ্ছেদ দেখুন)
১২. যিহোবা তাঁর বয়স্ক সেবকদের কাছে কোন প্রতিজ্ঞা করেছেন? (যিশাইয় ৪৬:৪) (ছবিগুলোও দেখুন।)
১২ শক্তির জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। কখনো কখনো আপনি হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েন এবং আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। কিন্তু মনে রাখবেন, যিহোবা “কখনো ক্লান্ত হন না কিংবা তাঁর শক্তি কখনো শেষ হয়ে যায় না।” (যিশা. ৪০:২৮, NW) তাঁর কাছে অসীম শক্তি রয়েছে। কিন্তু, যিহোবা কি এই শক্তি শুধুমাত্র নিজের কাছেই রেখে দেন? কখনোই না! তিনি তাঁর বয়স্ক সেবকদের প্রচুর শক্তি দেন। (যিশা. ৪০:২৯-৩১) যিহোবা বয়স্ক ব্যক্তিদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে, তিনি সবসময় তাদের যত্ন নেবেন। (পড়ুন, যিশাইয় ৪৬:৪.) আর যিহোবা যেকোনো পরিস্থিতিতে তাঁর প্রতিজ্ঞা পূরণ করেন। (যিহো. ২৩:১৪; যিশা. ৫৫:১০, ১১) আপনি যখন যিহোবার কাছে প্রার্থনা করবেন, তখন তিনি আপনাকেও সাহায্য করবেন। এভাবে আপনি অনুভব করতে পারবেন, যিহোবা আপনাকে কতটা ভালোবাসেন আর এর ফলে আপনি অনেক আনন্দ লাভ করবেন।
(১২ অনুচ্ছেদ দেখুন)
১৩. দ্বিতীয় করিন্থীয় ৪:১৬-১৮ পদ অনুযায়ী আমাদের কোন বিষয়টা মনে রাখতে হবে? (ছবিগুলোও দেখুন।)
১৩ মনে রাখবেন, আপনি চিরকাল বৃদ্ধ থাকবেন না। আপনি যখন এই কথাটা মনে রাখবেন, তখন দেখবেন যে, আপনার পক্ষে সমস্যাগুলো মোকাবিলা করা অনেক সহজ হয়ে গিয়েছে। বাইবেল আমাদের এই নিশ্চয়তা দেয়, বার্ধক্য ও অসুস্থতা মাত্র কিছুদিনের জন্য। (ইয়োব ৩৩:২৫; যিশা. ৩৩:২৪) তাই, এটা জেনে খুশি হন যে, আপনার জীবন থেকে আনন্দের দিনগুলো চলে যায়নি বরং আগামী দিনগুলো আপনার জন্য অনেক বেশি আনন্দের হবে! (পড়ুন, ২ করিন্থীয় ৪:১৬-১৮.) এখন প্রশ্ন হল, মণ্ডলীর ভাই-বোনেরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারে?
(১৩ অনুচ্ছেদ দেখুন)
মণ্ডলীর ভাই-বোনেরা কীভাবে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে পারে?
১৪. বয়স্ক ভাই-বোনদের ফোন করা এবং তাদের সঙ্গে দেখা করতে যাওয়া কেন গুরুত্বপূর্ণ?
১৪ নিয়মিতভাবে বয়স্ক ভাই-বোনদের ফোন করুন এবং তাদের সঙ্গে দেখা করতে যান। (ইব্রীয় ১৩:১৬) বয়স্ক ব্যক্তিরা প্রায়ই একাকিত্বে ভোগে। ভাই কেমি যিনি সবসময় বাড়িতেই থাকেন, তিনি বলেন: “আমি সকাল থেকে সন্ধ্যা অবধি ঘরের মধ্যে থাকতে থাকতে খুবই বোর হয়ে যাই। কখনো কখনো আমার মনে হয়, আমি যেন একটা বুড়ো সিংহ, যেটাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। প্রায় আমি বিরক্ত হয়ে যাই এবং নিজের উপর খুব রাগ হয়।” আমরা যখন বয়স্ক ভাই-বোনদের সঙ্গে দেখা করতে যাই, তখন আমরা তাদের বলতে পারি যে, আমরা তাদের খুব ভালোবাসি এবং তারা আমাদের কাছে খুবই মূল্যবান। কিন্তু, কখনো কখনো আমাদের মনে হয় যে, আমরা কোনো বয়স্ক ভাই-বোনকে ফোন করব অথবা তাদের সঙ্গে দেখা করতে যাব, তবে এটা করতে আমরা ভুলে যাই। আপনার সঙ্গেও হয়তো এমনটা হয়েছে। আমরা সবাই সারাদিন খুব ব্যস্ত থাকি, কিন্তু বয়স্ক ব্যক্তিদের সঙ্গে দেখা করা হল, ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর’ মধ্যে একটা। (ফিলি. ১:১০) তাহলে, আমরা কী করতে পারি, যাতে আমরা আমাদের প্রিয় বয়স্ক ভাই-বোনদের ভুলে না যাই? কখনো এমনটা চিন্তা করবেন না, যখন সময় পাব, তখন আমি মণ্ডলীর বয়স্ক ভাই-বোনদের সঙ্গে দেখা করতে যাব। এর পরিবর্তে, আপনার ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন, আপনি কখন তাদের ফোন করবেন বা মেসেজ পাঠাবেন। শুধু তা-ই নয়, আপনি একটা সময় ঠিক করে নিতে পারেন যে, কখন আপনি তাদের সঙ্গে দেখা করতে যাবেন।
১৫. অল্পবয়সিরা এবং বয়স্ক ব্যক্তিরা একসঙ্গে মিলে কী করতে পারে?
১৫ আপনি যদি একজন অল্পবয়সি হন, তা হলে আপনার হয়তো মনে হতে পারে যে, “আমি বয়স্ক ভাই-বোনদের সঙ্গে কী কথা বলব অথবা তাদের সঙ্গে কীভাবে সময় কাটাব?” কিন্তু, এই বিষয়ে অতিরিক্ত চিন্তা করবেন না বরং তাদের ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন। (হিতো. ১৭:১৭) সভার আগে ও পরে তাদের সঙ্গে কথা বলুন। আপনি যদি চান, তা হলে তাদের জিজ্ঞেস করতে পারেন যে, তাদের প্রিয় শাস্ত্রপদ কোনটা। এ ছাড়া, তাদের ছোটোবেলার কোনো মজার ঘটনা সম্বন্ধে বলতে বলুন। আপনি তাদের সঙ্গে সেই মাসের JW ব্রডকাস্টিং দেখতে পারেন। আপনি অন্যান্য উপায়েও তাদের সাহায্য করতে পারেন। যেমন, আপনি তাদের ফোন আপডেট করে দিতে পারেন অথবা নতুন প্রকাশনা এলে, সেগুলো ডাউনলোড করে দিতে পারেন। ক্যারল নামে একজন বয়স্ক বোন অল্পবয়সিদের বলেন, “তোমাদের যেটা ভালো লাগে, তোমরা সেটাই করো। যদিও আমার বয়স হয়ে গিয়েছে, তবুও আমার আনন্দ করতে ভালো লাগে। আমার কেনাকাটা করতে, বাইরে খাওয়া-দাওয়া করতে এবং ঘুরে বেড়াতে খুব ভালো লাগে।” মাইরা নামে একজন বোন বলেন, “আমার একজন বন্ধু আছে, যার বয়স ৯০ বছর। সে আমার চেয়ে ৫৭ বছরের বড়ো। কিন্তু, যখন আমাদের দেখা হয়, তখন আমি ভুলেই যাই যে, তার চেয়ে আমি কতটা ছোটো। আমরা একসঙ্গে গল্প করি, হাসি এবং সিনেমাও দেখি। আর যখন আমরা কোনো সমস্যায় পড়ি, তখন একে অপরকে জিজ্ঞেস করি যে, আমাদের কী করা উচিত।”
১৬. যখন বয়স্ক ব্যক্তিরা ডাক্তারের কাছে যায়, তখন তাদের সঙ্গে যাওয়া কেন ভালো হবে?
১৬ যখন তারা ডাক্তারের কাছে যায়, তখন তাদের সঙ্গে যান। আপনি তাদের গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। এ ছাড়া, আপনি এই বিষয়টা খেয়াল রাখতে পারেন, ডাক্তাররা ও নার্সরা যেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং তাদের ভালোভাবে যত্ন নেয়। (যিশা. ১:১৭) আর ডাক্তাররা যখন কিছু জানায় কিংবা কিছু করার জন্য বলে, তখন আপনি তাদের জন্য সেগুলো লিখে রাখতে পারেন। রুথ নামে একজন বোন বলেন, “প্রায়ই এমনটা হয়, আমি যখন একা ডাক্তারের কাছে যাই, তখন তারা আমার কথা মন দিয়ে শোনে না। কখনো কখনো তারা বলে, ‘আপনার তো কিছুই হয়নি, আপনি তো একেবারে ঠিক আছেন। এটা আপনার ভুল ধারণা।’ কিন্তু, আমি যখন আমার সঙ্গে কাউকে নিয়ে যাই, তখন ডাক্তাররা আমার কথা মন দিয়ে শোনে এবং আমার সঙ্গে ভালো ব্যবহার করে। আমি সেই সমস্ত ভাই-বোনের কাছে খুবই কৃতজ্ঞ, যারা সময় বের করে আমার সঙ্গে ডাক্তারের কাছে যায়!”
১৭. বয়স্ক ভাই-বোনদের সঙ্গে প্রচার করার জন্য আপনি কী কী করতে পারেন?
১৭ তাদের সঙ্গে প্রচার করুন। কিছু বয়স্ক ভাই-বোনের পক্ষে ঘরে ঘরে প্রচার করা খুবই কঠিন হতে পারে। এইরকম ক্ষেত্রে আপনি কি ট্রলি প্রচারে তাদের নিয়ে যেতে পারেন? আপনি সঙ্গে করে একটা চেয়ার রাখতে পারেন, যাতে তারা ট্রলির পাশে বসতে পারে। অথবা আপনি তাদের আপনার বাইবেল অধ্যয়নে নিয়ে যেতে পারেন কিংবা তাদের বাড়িতে গিয়ে আপনি বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারেন। প্রাচীনেরাও বয়স্ক ভাই-বোনদের সাহায্য করতে পারেন। তারা তাদের বাড়িতে ক্ষেত্রের পরিচর্যা সভার ব্যবস্থা করতে পারেন, যাতে সেই বয়স্ক ভাই-বোনেরা সহজেই সেখানে অংশ নিতে পারে। আমরা বয়স্ক ভাই-বোনদের সাহায্য করার জন্য যে-পরিশ্রম করি, সেটা দেখে যিহোবা খুব খুশি হন।—হিতো. ৩:২৭; রোমীয় ১২:১০.
১৮. পরের প্রবন্ধে আমরা কী জানতে পারব?
১৮ এই প্রবন্ধে আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, যিহোবা বয়স্ক ব্যক্তিদের খুব ভালোবাসেন এবং তাদের মূল্যবান হিসেবে দেখেন। মণ্ডলীর সমস্ত ভাই-বোনও এমনটাই অনুভব করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সমস্যা দেখা দেয় এবং সেগুলো সহ্য করা সহজ নয়। কিন্তু, যিহোবার সাহায্যে আমরা সেগুলো মোকাবিলা করতে পারি এবং নিজেদের আনন্দ বজায় রাখতে পারি। (গীত. ৩৭:২৫) মনে রাখবেন, আপনার জীবন থেকে আনন্দের দিনগুলো চলে যায়নি বরং আগামী দিনগুলো আপনার জন্য অনেক বেশি আনন্দের হবে! কিন্তু, কিছু ভাই-বোন তাদের পরিবারের বয়স্ক ব্যক্তিদের, সন্তানদের কিংবা কোনো অসুস্থ বন্ধুর দেখাশোনা করে, তারা কীভাবে নিজেদের আনন্দ বজায় রাখতে পারে? পরের প্রবন্ধে আমরা এই বিষয়ে জানতে পারব।
গান ৩০ যিহোবা আমার পিতা, ঈশ্বর ও বন্ধু
a jw.org এবং JW লাইব্রেরিতে দেওয়া বয়স্ক ব্যক্তিরা—আপনাদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিরোনামের ভিডিওটা দেখুন।
b এটার মানে কী? আনন্দ হল ঈশ্বরের পবিত্র শক্তির একটা ফল। (গালা. ৫:২২) যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মাধ্যমেই প্রকৃত আনন্দ লাভ করা যায়।