পত্রিকা রুট—বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কার্যকারী
১. কেন যিহোবার সংগঠন দীর্ঘ সময় ধরে প্রকাশকদের পত্রিকা রুট আরম্ভ করার জন্য উৎসাহিত করছে?
১ অনেকে আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে চায় না, কিন্তু তারা আমাদের পত্রিকাগুলো পড়তে ভালোবাসে। সেইজন্য যিহোবার সংগঠন দীর্ঘ সময় ধরে প্রকাশকদের পত্রিকা রুট আরম্ভ করার জন্য উৎসাহিত করছে। লোকেরা যখন নিয়মিতভাবে আমাদের পত্রিকাগুলো পড়ে, তখন প্রায়ই তাদের ঈশ্বরের বাক্যের প্রতি লালসা বা আগ্রহ বৃদ্ধি পায়। (১ পিতর ২:২) একসময়, তারা যা পড়ে, তা হয়তো তাদের হৃদয়ে নাড়া দেয় এবং তারা একটা বাইবেল অধ্যয়ন শুরু করে।
২. কীভাবে আমরা হয়তো সেই ব্যক্তিদের আগ্রহ বৃদ্ধি করতে পারি, যাদেরকে আমরা নিয়মিতভাবে পত্রিকা দিয়ে থাকি?
২ সত্যের বীজে ‘জল সেচন করুন’: গৃহকর্তাকে শুধু পত্রিকা দিয়েই সঙ্গেসঙ্গে চলে আসার পরিবর্তে, তার সঙ্গে কথাবার্তা শুরু করুন এবং তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন। এটা আপনাকে তার পরিস্থিতি, আগ্রহের বিষয় এবং তার বিশ্বাস সম্বন্ধে জানতে সাহায্য করবে, যা আপনাকে বুদ্ধিপূর্বক কথা বলতে সমর্থ করবে। (হিতো. ১৬:২৩) প্রত্যেক বার পুনর্সাক্ষাৎ করার আগে প্রস্তুতি নিন। যদি সম্ভব হয়, তাহলে সংক্ষেপে পত্রিকা থেকে একটা বিষয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত শাস্ত্রপদ তুলে ধরার দ্বারা তার হৃদয়ে থাকা সত্যের বীজে জল সেচন করুন। (১ করি. ৩:৬) প্রত্যেকটা পুনর্সাক্ষাতের তারিখ, যে-সাহিত্য ছেড়ে এসেছেন এবং যে-বিষয় ও শাস্ত্রপদগুলো নিয়ে আলোচনা করেছেন, তা লিখে রাখুন।
৩. যাদের আমরা নিয়মিতভাবে পত্রিকা দিয়ে থাকি, তাদের কাছে কতদিন অন্তর আমাদের ফিরে যাওয়া উচিত?
৩ কতদিন অন্তর আমাদের ফিরে যাওয়া উচিত? সাম্প্রতিক পত্রিকা হাতে পেলেই আপনার সেই ব্যক্তিদের কাছে ফিরে যাওয়া উচিত, যাদের আপনি নিয়মিতভাবে পত্রিকা দিয়ে থাকেন। তবে, আপনার পরিস্থিতি এবং সেই ব্যক্তিদের আগ্রহের ওপর ভিত্তি করে, আপনি হয়তো তার আগেও ফিরে যেতে পারেন। উদাহরণ স্বরূপ, পত্রিকা দিয়ে আসার এক অথবা দুই সপ্তাহ পর, আপনি হয়তো তাদের কাছে গিয়ে বলতে পারেন, “আমি আপনাকে যে-পত্রিকা দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা বিষয় সংক্ষেপে আলোচনা করার জন্য আমি আবার এসেছি।” এটা কোনো নির্দিষ্ট প্রবন্ধ পড়ার জন্য তার আগ্রহকে বৃদ্ধি করবে। তিনি যদি ইতিমধ্যেই প্রবন্ধটা পড়ে থাকেন, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, সেই প্রবন্ধটা পড়ে তার কেমন লেগেছে আর তা নিয়ে সংক্ষেপে আলোচনা করতে পারেন। অথবা সেই ব্যক্তি যদি আমাদের সাহিত্য পড়তে ভালোবাসেন, তাহলে আপনি হয়তো পুনর্সাক্ষাৎ করার সময় তাকে ট্র্যাক্ট, ব্রোশার অথবা সেই মাসে আমরা যে-বই অর্পণ করছি, তা দিয়ে আসতে পারেন।
৪. যাদেরকে আমরা নিয়মিতভাবে পত্রিকা দিয়ে থাকি, তারা বাইবেল অধ্যয়ন শুরু করতে ইচ্ছুক কি না, তা জানার জন্য মাঝে মাঝে আমরা হয়তো কী করতে পারি?
৪ গৃহকর্তা নিজে থেকে আপনাকে অধ্যয়ন করার বিষয়ে বলবেন, এই ভেবে অপেক্ষা করবেন না। নিজে থেকে এগিয়ে যান। এমনকী তিনি যদি আগে বাইবেল অধ্যয়ন করতে প্রত্যাখ্যান করে থাকেন, তবুও মাঝে মাঝে আপনি তাকে প্রহরীদুর্গ পত্রিকার “বাইবেলের প্রশ্নের উত্তর” অংশটা দেখাতে পারেন এবং তিনি আপনার সঙ্গে আলোচনা করতে আগ্রহী কি না, তা দেখতে পারেন। আপনি হয়তো দরজায় দাঁড়িয়েই অধ্যয়ন শুরু করতে পারেন। তবে, আপনি যদি অধ্যয়ন শুরু করতে না-ও পারেন, আপনি তার আগ্রহ বজায় রাখার জন্য নিয়মিত পত্রিকাগুলো দিয়ে আসতে পারেন।