জনসাধারণ্যে সাক্ষ্যদান করার জন্য নতুন ব্যবস্থা
১. প্রথম শতাব্দীর খ্রিস্টানরা কোন উদাহরণ স্থাপন করেছিলেন?
১ প্রথম শতাব্দীর খ্রিস্টানরা শুধুমাত্র ঘরে ঘরে প্রচার করার চেয়ে আরও বেশি কিছু করেছিলেন। তারা জনসাধারণ্যেও প্রচার করেছিলেন। (প্রেরিত ২০:২০) উদাহরণ স্বরূপ, তারা ধর্মধামে যেতেন, যেখানে অনেক লোকেদের পাওয়া যাবে বলে তারা জানতেন। (প্রেরিত ৫:৪২) আথীনীতে থাকাকালীন পৌল প্রতিদিন বাজারে যাদের সঙ্গে দেখা হতো, তাদের কাছে প্রচার করতেন। (প্রেরিত ১৭:১৭) আজকেও, সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রধান মাধ্যম হল, ঘরে ঘরে পরিচর্যা। কিন্তু সেইসঙ্গে আমরা পার্কিংয়ের জায়গায়, ব্যবসায়িক এলাকায়, পার্কে, ব্যস্ত রাস্তায় এবং অন্যান্য জায়গায় যাই, যাতে যেখানেই লোকেদের পাওয়া যায়, সেখানেই তাদের কাছে প্রচার করতে পারি। যদিও যেখানে সম্ভব সেখানে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার জন্য প্রত্যেক প্রকাশককে উৎসাহিত করা হয়, তবে অনেকে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার এক নতুন রোমাঞ্চকর ব্যবস্থায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
২. জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময় আমাদের কোন সতর্কতা অবলম্বন করা উচিত?
২ এই প্রবন্ধ জনসাধারণ্যে সাক্ষ্যদান করার কয়েকটা পদ্ধতির বিষয়ে তুলে ধরে। এর অর্থ এই নয় যে, পরিচর্যায় সতর্কতা অবলম্বন করার বিষয়ে ভারতের আমাদের রাজ্যের পরিচর্যা-র আগের সংখ্যাগুলোতে দেওয়া নির্দেশনাগুলো এখন বাতিল হয়ে গিয়েছে। সমস্ত নির্দেশনা এখনও প্রযোজ্য। ক্ষেত্রের পরিচর্যায় সমস্যায় জড়িয়ে পড়া এড়ানোর জন্য আমাদের প্রত্যেককে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের এলাকা কতটা স্পর্শকাতর এবং জনসাধারণ্যে এই ধরনের সাক্ষ্যদান তাদের এলাকায় নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা প্রাচীনগোষ্ঠীর সতর্কতার সঙ্গে বিবেচনা করে দেখা উচিত। (আরও তথ্যের জন্য প্রাচীনরা নভেম্বর ২৪, ২০১২ এবং ফেব্রুয়ারি ১৩, ২০১৪ তারিখের চিঠিগুলো দেখতে পারেন।) কোনো এলাকা প্রচার কাজের জন্য অনুকূল হোক বা না-ই হোক, এই ধরনের সাক্ষ্যদানে রত থাকার সময় প্রত্যেক প্রকাশকের কাছে যিহোবার সাক্ষিরা—আমাদের প্রতিবেশীদের কাছে সুসমাচার জানানোর ব্যাপারে আমাদের অধিকার ও দায়িত্ব শিরোনামের T-85 ব্রোশারের একটা কপি থাকা উচিত, ঠিক যেমনটা ঘরে ঘরে, রাস্তায় কিংবা অন্য কোনো ধরনের প্রচারে রত থাকার সময় রাখা হয়।
৩. দু-হাজার এগারো সালের নভেম্বর মাসে কোন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল?
৩ আমাদের ২০১৩ বর্ষপুস্তক-এর (ইংরেজি) ১৬ ও ১৭ পৃষ্ঠায় যেমন উল্লেখ করা হয়েছিল, ২০১১ সালের নভেম্বর মাসে নিউ ইয়র্কে জনসাধারণ্যে সাক্ষ্যদান করার এক ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল। বিভিন্ন ভাষার সাহিত্যাদি এবং আকর্ষণীয় পোস্টার-সহ টেবিল এবং ট্রলি এমন জায়গাগুলোতে রাখা হয়েছিল, যেখানে অনেক লোক যাওয়া-আসা করে। সেই জায়গাগুলোতে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করত, যাদের মধ্যে এমন লোকেরাও ছিল, যারা এমন অ্যাপার্টমেন্টগুলোতে থাকে, যেখানে সাক্ষিরা যেতে পারে না অথবা যারা প্রায়ই বাড়িতে থাকে না। এর ফলে চমৎকার ফল পাওয়া গিয়েছিল। শুধুমাত্র এক মাসেই ৩,৭৯৭ পত্রিকা এবং ৭,৯৮৬ বই বিতরণ করা হয়েছিল। অনেকে বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ করেছিল। যেহেতু প্রধান উদ্দেশ্য ছিল বাইবেল অধ্যয়ন শুরু করা, তাই আগ্রহী ব্যক্তিদের ঠিকানাগুলো সঙ্গেসঙ্গে উপযুক্ত মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে সেই ব্যক্তিদের সঙ্গে শীঘ্র সাক্ষাৎ করা যেতে পারে।
৪. এই ব্যবস্থা কীভাবে প্রসারিত করা হচ্ছে আর এক দম্পতি এতে অংশগ্রহণ করার মাধ্যমে কীভাবে উপকৃত হয়েছে?
৪ এই ব্যবস্থার সাফল্য দেখে, জনসাধারণ্যে সাক্ষ্যদান এখন বিশ্বের অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও শুরু করা হচ্ছে। এক দম্পতি লিখেছিলেন: “টেবিলের পাশে দাঁড়িয়ে প্রতিদিন হাজার হাজার লোককে হেঁটে যেতে দেখা আমাদের মনে করিয়ে দেয়, সারা বিশ্বের লোকেদের কাছে পৌঁছানোর জন্য কত বড়ো কাজ সম্পাদিত হচ্ছে। এত লোকেদের দেখা এবং যিহোবা কীভাবে প্রত্যেক ব্যক্তির প্রকৃত যত্ন নেন, তা চিন্তা করা আমাদের প্রচার কাজকে জীবনে প্রথম স্থানে রাখার বিষয়ে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। আমরা মনে করি, যেন যিহোবা যোগ্য লোকেদের খোঁজার জন্য টেবিলের পাশ দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির হৃদয় পরীক্ষা করছেন। আমরা আগে কখনো আমাদের সহকর্মী হিসেবে স্বর্গীয় দূতবাহিনীর এতটা নিকটবর্তী বোধ করিনি।”
৫. (ক) অনেক মণ্ডলীতে জনসাধারণ্যে সাক্ষ্যদানের জন্য কোন নতুন ধরনের ব্যবস্থা করা হচ্ছে? (খ) জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময় মণ্ডলীগুলো কীভাবে সহযোগিতা করতে পারে?
৫ স্থানীয়ভাবে আয়োজিত জনসাধারণ্যে সাক্ষ্যদান: অনেক প্রাচীনগোষ্ঠী তাদের স্থানীয় এলাকায় এই নতুন ব্যবস্থার আয়োজন করেছে। এই ক্ষেত্রে প্রকাশকরা মণ্ডলীর এলাকার মধ্যে কোনো ব্যস্ত জায়গায় একটা টেবিল কিংবা ট্রলি ব্যবহার করে।—“উত্তম সহযোগিতা প্রয়োজন” শিরোনামের বাক্সটা দেখুন।
৬. যেখানে জনসাধারণ্যে সাক্ষ্যদানের আয়োজন করা যুক্তিযুক্ত, সেখানে কীভাবে প্রাচীনরা স্থানীয়ভাবে তা করতে পারেন?
৬ মণ্ডলীর এলাকার মধ্যে এমন কোনো জায়গা আছে কি না, যেখানে বহুসংখ্যক লোক যাতায়াত করে, তা বিবেচনা করার এবং সেখানে জনসাধারণ্যে সাক্ষ্যদানের আয়োজন করা যুক্তিযুক্ত হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রাচীনদের। যে-জায়গাগুলোতে টেবিল কিংবা ট্রলি রাখা যেতে পারে, সেগুলোর অন্তর্ভুক্ত হল পরিবহণ কেন্দ্র, লোকজনের আনাগোনা রয়েছে এমন জায়গা, পার্ক, ব্যস্ত রাস্তা, শপিং মল, কলেজ ক্যাম্পাস, বিমানবন্দর এবং এমন স্থানগুলো যেখানে বিভিন্ন উপলক্ষ্যে লোকেরা একত্রিত হয়। কোনো নির্দিষ্ট জায়গায় সপ্তাহের একই দিনে একই সময়ে টেবিল অথবা ট্রলি রাখার অনেক সুবিধে রয়েছে। দেখা গিয়েছে যে, একটা বড়ো দোকানের সামনে টেবিল অথবা ট্রলি নিয়ে দাঁড়ানোর চেয়ে কোনো শপিং মলের কাছে দাঁড়ানো অনেক বেশি কার্যকর, কারণ লোকেরা সাধারণত নির্দিষ্ট কিছু জিনিস কেনার জন্যই দোকানে আসে, যখন কিনা শপিং মলে তুলনামূলকভাবে অনেক বেশি লোক আসে। ছোটো ট্রলির ব্যবহার কিছু কিছু জায়গায়, যেমন ফুটপাথগুলোতে হয়তো সাহায্যকারী হতে পারে। প্রাচীনরা আমাদের ওয়েবসাইট থেকে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা এবং বাইবেল শিক্ষা দেয় বইয়ের পোস্টারের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। এই ফাইলগুলো বিশেষভাবে জনসাধারণ্যে এই ধরনের সাক্ষ্যদানের জন্যই প্রস্তুত করা হয়েছে। এমন পোস্টারগুলো বেছে নিন, যেগুলো স্থানীয় লোকেদের অনুভূতিতে আঘাত দেবে না বরং তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। যারা অংশগ্রহণ করবে, তাদের পরিচর্যা অধ্যক্ষের নির্দেশনা ভালোভাবে অনুসরণ করা উচিত। তারা যদি এমন কোনো আগ্রহী ব্যক্তির ঠিকানা পায়, যিনি তাদের মণ্ডলীর এলাকার মধ্যে থাকেন না, তাহলে তাদের সঙ্গেসঙ্গে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্ম পূরণ করে সচিবকে দেওয়া উচিত।
৭. কীভাবে জনসাধারণ্যে এই ধরনের সাক্ষ্যদান করা হয়ে থাকে?
৭ যেভাবে সাক্ষদান করা হয়: বড়ো শহরগুলোতে জনসাধারণ্যে বিশেষ সাক্ষ্যদানে যারা অংশগ্রহণ করে, তারা সাধারণত অপেক্ষা করে, যেন কেউ তাদের টেবিল অথবা ট্রলির কাছে আসেন। কেউ যখন এগিয়ে আসেন, তখন তাকে তার কাছে আগ্রহজনক এমন যেকোনো সাহিত্য নিতে আমন্ত্রণ জানানো হয়। তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রকাশকরা আনন্দের সঙ্গে শাস্ত্র থেকে সেগুলোর উত্তর দেয়। তিনি যদি কোনো সাহিত্য নেন, তাহলে প্রকাশকরা দানের ব্যবস্থার বিষয়ে উল্লেখ করে না। কিন্তু তিনি যদি জানতে চান যে, আমাদের কাজের জন্য কীভাবে অর্থ জোগানো হয়, তাহলে তারা হয়তো বলতে পারে যে, দানগুলো সাহিত্যে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেওয়া যেতে পারে। সম্ভব হলে প্রকাশকরা জিজ্ঞেস করে: “আপনি কি চান, কেউ আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করুক?” অথবা “আপনি কি এই প্রকাশনার ওপর ভিত্তি করে শাস্ত্র থেকে আলোচনা করতে চান?”
৮. এই নতুন ব্যবস্থায় অংশ নেওয়া কীভাবে ভালো ফল নিয়ে এসেছে?
৮ এই ব্যবস্থায় অংশ নেওয়া ভালো ফল নিয়ে আসে। ভারতের একটা মণ্ডলী এই ধরনের সাক্ষ্যদান করার সময় এক ঘন্টার মধ্যে ১,০০০-রও বেশি পত্রিকা অর্পণ করেছিল এবং প্রায় ২০০ জন আগ্রহী ব্যক্তির ঠিকানা নিয়েছিল। ব্যাঙ্গালোরে একটা শপিং মলের সামনে রাখা একটা টেবিলের দিকে একজন ট্রাফিক পুলিশ এগিয়ে এসেছিলেন এবং যে-কাজ করা হচ্ছিল, তা দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি পারিবারিক সুখ এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বই নিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশে একজন আগ্রহী ব্যক্তি অনেক দিন ধরে সাক্ষিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। জনসাধারণ্যে সাক্ষ্যদান করার সময় তার সঙ্গে যোগাযোগ করা হয় আর এখন তিনি বাইবেল অধ্যয়ন করছেন এবং সভাগুলোতে যোগদান করছেন।
৯. জনসাধারণ্যে সাক্ষ্যদান করার জন্য মণ্ডলী থেকে যদি কোনো আয়োজন করা না হয়ে থাকে, তবুও জনসাধারণ্যে সাক্ষ্যদান করার কোন সুযোগগুলো খোলা রয়েছে?
৯ আপনার ব্যক্তিগত পরিচর্যায় জনসাধারণ্যের সাক্ষ্যদান: কিছু কিছু মণ্ডলীর এলাকায় হয়তো টেবিল রাখার অথবা ট্রলি নিয়ে সাক্ষ্যদান করার মতো যথেষ্ট জনবহুল জায়গা নেই। কিন্তু, এমনকী সেই মণ্ডলীর প্রকাশকদেরও তাদের ব্যক্তিগত পরিচর্যায় জনসাধারণ্যে সাক্ষ্যদান করার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আপনার এলাকায় কি কেনাকাটা করার কোনো জায়গা অথবা অনেক লোক আসে এমন দোকান রয়েছে? এমন কোনো পার্ক অথবা জায়গা রয়েছে, যেখানে লোকেরা একত্রিত হয়? আপনার এলাকায় কি এমন কোনো জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন উপলক্ষ্যে লোকেরা একত্রিত হয়? যদি তা-ই হয়, তাহলে প্রাচীনদের পরামর্শ অনুসারে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে আপনিও জনসাধারণ্যে সাক্ষ্যদান করা উপভোগ করতে পারবেন।
১০. আমরা যেখানেই লোকেদের পাই, সেখানেই তাদের কাছে প্রচার করার জন্য কেন আমাদের সচেতন থাকা উচিত?
১০ যিহোবার ইচ্ছা হল যেন, “সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:৪) তাই, আমরা শেষ আসার আগে যত বেশি সম্ভব লোকের কাছে রাজ্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। (মথি ২৪:১৪) অনেক জায়গায় লোকেদের বাড়িতে পাওয়া কঠিন। তবে, বাড়ির বাইরে জনসাধারণ্যে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। হয়তো একমাত্র জনসাধারণ্যে সাক্ষ্যদানের মাধ্যমেই কিছু লোক সুসমাচার শোনার সুযোগ পাবে। তাই, আমরা যেন যেখানেই লোকেদের পাই, সেখানেই তাদের কাছে প্রচার করার দ্বারা পুরোপুরিভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করি।—২ তীম. ৪:৫.