মুক্তির মূল্যের বিষয়টাকে উপলব্ধি সহকারে স্মরণ করা
১ যিশুর আদেশের বাধ্য হয়ে, ২০০৮ সালের ২২ মার্চ, শনিবার সূর্যাস্তের পর, পৃথিবীব্যাপী খ্রিস্টানরা যিশু খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ উদ্যাপন করার জন্য একত্রিত হবে। (লূক ২২:১৯; ১ করি. ১১:২৩-২৬) ১,৯৭৫ বছর আগে এই তারিখে যা সম্পাদিত হয়েছিল, সেই সমস্তকিছুর জন্য গভীর উপলব্ধি থাকায় আমরা তা করতে অনুপ্রাণিত হয়েছি। যাতনাদণ্ডে এক বেদনাদায়ক মৃত্যু সহ্য করে সম্পূর্ণ নীতিনিষ্ঠা বজায় রাখার দ্বারা যিশু তাঁর পিতার নামকে পবিত্রীকৃত করেছিলেন আর এর দ্বারা শয়তানের টিটকারির উত্তম জবাব দিতে পেরেছিলেন।—ইয়োব ১:১১; হিতো. ২৭:১১.
২ যিশুর পাতিত রক্ত নতুন নিয়ম বা চুক্তিকে কার্যকর করেছিল আর অসিদ্ধ মানুষদেরকে খ্রিস্টের স্বর্গীয় রাজ্যে তাঁর সঙ্গে শাসন করার আশা নিয়ে ঈশ্বরের দত্তক পুত্র হতে সমর্থ করেছিল। (যির. ৩১:৩১-৩৪; মার্ক ১৪:২৪) অধিকন্তু, মানবজাতির প্রতি ঈশ্বরের ভালবাসার গভীরতা তাঁর প্রিয় পুত্রকে বলিদানস্বরূপ দেওয়ার মধ্যে দিয়েও স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছিল, যেমন যিশু নিজে নীকদীমের কাছে ব্যাখ্যা করেছিলেন।—যোহন ৩:১৬.
৩ অন্যদের আমন্ত্রণ জানান: আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যায় দেওয়া ইনসার্টে পরিচিতদের একটা তালিকা বানানোর এবং নিজে গিয়ে তাদের প্রত্যেককে আমন্ত্রণপত্র দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি কি সেই তালিকা বানিয়েছেন এবং আপনার তালিকায় অন্তর্ভুক্ত লোকেদের আমন্ত্রণ জানাতে শুরু করেছেন? স্মরণার্থ সভায় লোকেদেরকে আমন্ত্রণ জানানোর যে-অভিযান ১ মার্চ থেকে শুরু হবে, তাতে অংশ নেওয়ার জন্য আপনি কি ব্যবস্থা করছেন? যারা সেখানে উপস্থিত থাকবে, তারা শাস্ত্রভিত্তিক তথ্য শুনতে পারবে, যা মুক্তির মূল্যের ওপর তাদের বিশ্বাস গড়ে তুলতে পারে, যেটা কিনা শেষপর্যন্ত অনন্তজীবনের দিকে পরিচালিত করবে।—রোমীয় ১০:১৭.
৪ যারা এই বিশেষ আমন্ত্রণপত্র গ্রহণ করেছে, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য যাদের পক্ষে সম্ভব, তাদের তাড়াতাড়ি আসার পরিকল্পনা করা উচিত। স্মরণার্থ সভায় অনেক লোকের উপস্থিতি আমাদেরকে নতুন ব্যক্তিদের প্রতি ও সেইসঙ্গে যারা মাঝে মাঝে সভাগুলোতে যোগ দেয়, তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়াকে অতি গুরুত্বপূর্ণ করে তোলে।
৫ আপনার হৃদয়কে প্রস্তুত করুন: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৮ পুস্তিকাতে এবং ২০০৮ সালের ক্যালেন্ডার-এ (ইংরেজি) ১৭ মার্চ থেকে যে-বিশেষ স্মরণার্থ বাইবেল পাঠ শুরু হবে, সেটার এক তালিকা রয়েছে। যিশুর পার্থিব জীবনের শেষ দিনগুলোতে যে-গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, সেগুলো বিবেচনা করা আপনাকে স্মরণার্থ উদ্যাপনের জন্য আপনার হৃদয়কে সুস্থির বা প্রস্তুত করতে সাহায্য করতে পারে। (ইষ্রা ৭:১০) বাইবেলের এই বিবরণগুলো সম্বন্ধে প্রার্থনাপূর্বক ধ্যান করা, মুক্তির মূল্য প্রদান করার পিছনে যিহোবার এবং তাঁর পুত্রের ভালবাসার প্রতি আপনার উপলব্ধিকে আরও গভীর করবে।—গীত. ১৪৩:৫.
৬ স্মরণার্থ উদ্যাপন যতই এগিয়ে আসছে, ততই আমরা যেন এই গুরুত্বপূর্ণ উপলক্ষের জন্য নিজেদের এবং অন্যদেরকে মনোযোগপূর্বক প্রস্তুত করি। মুক্তির মূল্যের বিষয়টা উপলব্ধি সহকারে স্মরণ করা যিহোবা এবং তাঁর পুত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করবে। (২ করি. ৫:১৪, ১৫) এ ছাড়া, এটা আমাদেরকে অন্যদের প্রতি আত্মত্যাগমূলক ভালবাসা দেখানোর ক্ষেত্রে তাঁদেরকে অনুকরণ করতে অনুপ্রাণিত করবে।—১ যোহন ৪:১১.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. মুক্তির মূল্যের বিষয়টাকে উপলব্ধি সহকারে স্মরণ করার কোন কারণগুলো আমাদের রয়েছে?
৩. স্মরণার্থ সভায় যারা উপস্থিত থাকবে, তারা কীভাবে উপকৃত হবে?
৪. স্মরণার্থ সভার জন্য কেন আমাদের তাড়াতাড়ি আসা উচিত?
৫. এই উপলক্ষের জন্য কীভাবে আপনি আপনার হৃদয়কে প্রস্তুত করতে পারেন?
৬. মুক্তির মূল্যের প্রতি উপলব্ধি গড়ে তোলা কীভাবে আমাদেরকে প্রভাবিত করবে?