“আমি আগ্রহী নই”
১ কিছু এলাকায় আমাদের বার্তার প্রতি এটা হল এক সাধারণ প্রতিক্রিয়া। এলাকায় এই ধরনের উদাসীনতার মুখোমুখি হওয়ার সময় কোন বিষয়টা আমাদেরকে নিরুৎসাহিত হয়ে পড়া এড়িয়ে চলতে সাহায্য করবে? কীভাবে আমরা সুসমাচারের প্রতি আগ্রহকে জাগিয়ে তুলতে পারি?
২ আনন্দ বজায় রাখুন: যেকারণে অনেকে উদাসীন সেই কথা স্মরণে রাখা আমাদেরকে আনন্দ বজায় রাখতে সাহায্য করবে। যে-লোকেরা বিবর্তনের শিক্ষা লাভ করেছে অথবা যারা এক নাস্তিক সমাজে বড় হয়ে উঠেছে, তারা হয়তো বাইবেলের মূল্যকে বিবেচনা করেনি। অন্যেরা হয়তো ধর্মের মধ্যে যে-ভণ্ডামি লক্ষ করেছে, তা দেখে হতাশ হয়ে পড়েছে। কারো কারো ক্ষেত্রে তাদের এই উদাসীনতা হয়তো হতাশা এবং নিরাশাকে প্রতিফলিত করতে পারে। (ইফি. ২:১২) কেউ কেউ ‘বুঝিতে পারে না’ কারণ তারা জীবনের উদ্বেগগুলোর দ্বারা ভারগ্রস্ত।—মথি ২৪:৩৭-৩৯.
৩ কারো কারো নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও, আমরা পরিচর্যায় আনন্দ বজায় রাখতে পারি কারণ আমরা জানি যে, আমাদের প্রচেষ্টা যিহোবাকে গৌরবান্বিত করে। (১ পিতর ৪:১১) অধিকন্তু, এমনকি যারা এখনও সত্যকে উপলব্ধি করে না, তাদের কাছে সত্য সম্বন্ধে কথা বলা আমাদের নিজেদের বিশ্বাসকে শক্তিশালী করে। তাই, আসুন আমরা এলাকার লোকেদেরকে যিহোবার মতো করে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নীনবীর সেই লোকেদের জন্য যিহোবার দুঃখ হয়েছিল, যারা ‘দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানিত’ না। (যোনা ৪:১১) আমাদের এলাকায় যারা বাস করে তাদের সুসমাচারের প্রয়োজন! তাই, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং বাইবেলের বার্তার প্রতি তাদের আগ্রহকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা করা উচিত।
৪ স্থানীয় উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করুন: আপনার ভূমিকায় আপনি হয়তো স্থানীয় কোনো উদ্বেগের বিষয় উল্লেখ করতে পারেন এবং গৃহকর্তাকে তার মতামত প্রকাশ করার জন্য বলতে পারেন। তিনি যখন কথা বলেন, তখন তা শুনুন, তারপর তার উদ্বেগের বিষয়গুলোর উত্তরে তাকে বাইবেল থেকে সান্ত্বনার বার্তা জানান। স্থানীয় এক দুঃখজনক ঘটনার পর, একজন সাক্ষি প্রত্যেকটা দরজায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছিলেন। “হঠাৎ-ই, লোকেরা কথা বলতে শুরু করেছিল,” তিনি বলেছিলেন। “সেইদিন আমি অনেক সুন্দর কথোপকথন করতে পেরেছিলাম কারণ আমি তাদের জীবন সম্পর্কে আগ্রহ দেখিয়েছিলাম।”
৫ মানবজাতি যে-সমস্যার মুখোমুখি হচ্ছে, তার প্রত্যেকটা ঈশ্বরের রাজ্যের দ্বারা সমাধান হবে। যে-সমস্যাটা গৃহকর্তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, সেটা নির্ণয় করার চেষ্টা করুন। তিনি হয়তো আপনাকে বাইবেলের আশার বার্তাকে ব্যাখ্যা করার সুযোগ দেবেন। যদি তা না হয়, তা হলে তিনি হয়তো “আর একবার” শুনতে ইচ্ছুক হবেন।—প্রেরিত ১৭:৩২.