যিহোবার ভালবাসার প্রতি কৃতজ্ঞতা দেখানোর ফলে যে আশীর্বাদগুলো পাওয়া যায় —ভাগ ১
১ প্রেরিত যোহন লিখেছিলেন: “আমরা প্রেম করি, কারণ [যিহোবাই] প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন।” (১ যোহন ৪:১৯) যিহোবা আমাদেরকে যা কিছু দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা যখন চিন্তা করি, তখন সেটার প্রতিদানে আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা দেখাতে অনুপ্রাণিত হই। যীশু বাধ্যতার সঙ্গে ঈশ্বরের নাম ও রাজ্য সম্বন্ধে সাক্ষ্য দিয়ে এই ক্ষেত্রে এক উদাহরণ রেখেছেন। (যোহন ১৪:৩১) যিহোবার ভালবাসা ও এর ফলে যে আশীর্বাদগুলো আমরা পাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখানোর কয়েকটা উপায় নিয়ে আলোচনা করলে, তা আমাদের জন্য উপকারজনক হবে।
২ ঘরে-ঘরে যাওয়া: কীভাবে রাজ্যের প্রচার কাজ করতে হয়, সেই বিষয়ে যীশু তাঁর শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন। তাঁর নির্দেশনা স্পষ্টভাবে দেখায় যে তারা ঘরে-ঘরে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন। (লূক ৯:১-৬; ১০:১-৭) লোকেরা যখন আমাদের কথা শোনে না এবং আমাদের বিরোধিতা করে, তখন ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি ভালবাসাই আমাদেরকে ঘরে-ঘরে যেতে পরিচালিত করে। কিন্তু, ঘরে-ঘরে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে উপকার পাই কারণ এতে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়, আমাদের দৃঢ় প্রত্যয় আরও শক্তিশালী হয় এবং আমাদের আশা আরও উজ্জ্বল হয়।
৩ দূতেদের নির্দেশনায় এই কাজ করে আমরা এমন অনেক ব্যক্তিদেরকে খুঁজে পেয়েছি, যারা সত্যের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। (প্রকা. ১৪:৬) গৃহকর্তারা বলেছেন যে, যখনই তারা সাহায্যের জন্য প্রার্থনা করেছেন, তখনই কোন সাক্ষি তাদের ঘরে এসেছিলেন। দুজন সাক্ষি বোন একটা ছোট বাচ্চাকে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘরে-ঘরে প্রচার করছিলেন। বোনেরা যখন বাড়ি ফিরে যাবেন বলে ঠিক করেন, তখন সেই ছোট বাচ্চা এগিয়ে গিয়ে নিজে থেকেই পরের দরজায় কড়া নাড়ে। অল্পবয়সী একজন মহিলা দরজা খোলেন। তা দেখে বোনেরা এগিয়ে যান ও তার সঙ্গে কথা বলেন। তিনি তাদেরকে ভিতরে ডাকেন এবং বলেন যে এই মাত্র তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তাকে বাইবেল শেখানোর জন্য তিনি সাক্ষিদেরকে তার কাছে পাঠান!
৪ বাস্তায় সাক্ষ্যদান: যেহেতু কিছু কিছু এলাকায় লোকেদেরকে ঘরে পাওয়া খুব মুশকিল, তাই লোকেদের কাছে সাক্ষ্য দেওয়ার একটা ভাল উপায় হল রাস্তায় সাক্ষ্যদান। এছাড়া, অনেক লোক এমন এলাকায় থাকেন যেখানে ঢুকতে দেওয়া হয় না অথবা কড়া নিরাপত্তা থাকা বিল্ডিংগুলোতে থাকেন যেখানে আমরা ঘরে-ঘরে প্রচার করতে পারি না। কিন্তু, যিহোবার ভালবাসার প্রতি আমাদের উপলব্ধি রাজ্যের বার্তা নিয়ে লোকেদের কাছে পৌঁছানোর জন্য রাস্তায় সাক্ষ্যদান সহ সম্ভাব্য প্রত্যেকটা উপায়ের সুযোগ নিতে পরিচালিত করে।—হিতো. ১:২০, ২১.
৫ পুনর্সাক্ষাৎ করা: যেহেতু আমরা সেই লোকেদেরকে খুঁজছি যারা “তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন,” তাই সেই চাহিদা মেটানোর জন্য আমরা যথাসাধ্য করতে চাই। (মথি ৫:৩, NW) এর জন্য, আমরা সত্যের যে বীজ বুনে এসেছি সেখানে ফিরে গিয়ে তাতে জল দেওয়া দরকার। (১ করি. ৩:৬-৮) অস্ট্রেলিয়ায় একজন বোন এমন একজন মহিলাকে একটা ট্র্যাক্ট দিয়েছিলেন, যিনি খুব একটা আগ্রহ দেখাননি। তবুও, বাড়িতে তার সঙ্গে আবার দেখা করার জন্য সেই বোন চেষ্টা করেই চলেন। অবশেষে বোনের সঙ্গে যখন ওই মহিলার দেখা হয়, তখন তিনি দেখেন যে, বোনের সঙ্গে প্রথম সাক্ষাতের পর সেই মহিলা একটা দামি বাইবেল কিনেছেন। ওই বোন তার সঙ্গে অধ্যয়ন শুরু করেছিলেন!
৬ বাইবেল অধ্যয়ন করা: এটা আমাদের পরিচর্যার সবচেয়ে উপভোগ্য ও পুরস্কারজনক দিক হতে পারে। যিহোবা সম্বন্ধে জানতে লোকেদেরকে সাহায্য করা, তাঁকে খুশি করার জন্য তারা নিজেদের জীবনে যে পরিবর্তনগুলো করেন সেগুলো দেখা আর তারপর ঈশ্বরের কাছে উৎসর্গীকরণের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম নিতে দেখা কত বড় এক আশীর্বাদ!—১ থিষল. ২:২০; ৩ যোহন ৪.
৭ যিহোবার ভালবাসার প্রতি কৃতজ্ঞতা দেখানোর ফলে আরও যে উপায়গুলোতে আমরা আশীর্বাদ পেয়ে থাকি সেগুলো নিয়ে আমরা পরের সংখ্যায় আলোচনা করব।