ঈশ্বরের বাক্য থেকে শিখুন
বিচার দিনে কী ঘটবে?
এই প্রবন্ধে আপনার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং দেখানো হবে, বাইবেলের কোথায় আপনি সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন। যিহোবার সাক্ষিরা আপনাকে এই উত্তরগুলো জানাতে পেরে খুশি হবে।
১. বিচার দিন কী?
ডান দিকের ছবিতে যেমন দেখানো হয়েছে, কোটি কোটি ব্যক্তিকে ঈশ্বরের সিংহাসনের সামনে বিচার করা হবে। এদের মধ্যে কাউকে কাউকে স্বর্গে জীবন দেওয়া হবে আবার কেউ কেউ নরকে যাতনা ভোগ করবে। তবে, বাইবেল দেখায়, বিচার দিনের উদ্দেশ্য হল, মানুষকে অবিচারের হাত থেকে উদ্ধার করা। (গীতসংহিতা ৯৬:১৩) ঈশ্বর যিশুকে বিচারক হিসেবে মনোনীত করেছেন আর তিনি মানবজাতির জন্য ন্যায়বিচার পুনর্স্থাপন করবেন।—পড়ুন, যিশাইয় ১১:১-৫; প্রেরিত ১৭:৩১.
২. কীভাবে বিচার দিন ন্যায়বিচার পুনর্স্থাপিত করবে?
প্রথম মানব আদম যখন ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন তার বংশধরেরা পাপ, দুঃখকষ্ট ও মৃত্যুর অধীনে এসেছিল। (রোমীয় ৫:১২) ন্যায়বিচার পুনর্স্থাপিত করার জন্য যিশু কোটি কোটি মৃত ব্যক্তিকে পুনরুত্থিত করবেন অর্থাৎ তাদের জীবন ফিরিয়ে দেবেন। প্রকাশিত বাক্য বই জানায় যে, এই ঘটনা যিশুর হাজার বছর রাজত্বের সময় ঘটবে।—পড়ুন, প্রকাশিত বাক্য ২০:৪, ১১, ১২.
পুনরুত্থিত ব্যক্তিরা তাদের পূর্বের জীবনধারা অনুযায়ী বিচারিত হবে না বরং প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ে বর্ণিত “গোটানো পুস্তক” অনুযায়ী তারা যেভাবে জীবনযাপন করবে, সেই অনুযায়ী বিচারিত হবে। (রোমীয় ৬:৭) যারা জীবন ফিরে পাবে এবং ঈশ্বর সম্বন্ধে জানার সুযোগ পাবে, তাদের মধ্যে ‘ধার্মিক ও অধার্মিক উভয় প্রকার লোক’ থাকবে, যেমনটা প্রেরিত পৌল বলেছিলেন।—পড়ুন, প্রেরিত ২৪:১৫.
৩. বিচার দিন কী সম্পন্ন করবে?
যারা যিহোবা সম্বন্ধে জানার এবং তাঁর সেবা করার সুযোগ না পেয়ে মারা গিয়েছিল, তারা পুনরুত্থিত হয়ে নিজেদের জীবনে পরিবর্তন করার এবং ভালো কাজ করার সুযোগ পাবে। তারা যদি তা করে, তা হলে তারা “অনন্তজীবন লাভ করবে।” তবে কোনো কোনো পুনরুত্থিত ব্যক্তি যিহোবার পথ সম্বন্ধে জানতে চাইবে না। তাদের “বিচার করা হবে।”—পড়ুন, যোহন ৫:২৮, ২৯; যিশাইয় ২৬:১০; ৬৫:২০.
হাজার বছরের বিচারের দিন শেষ হলে, যিহোবা বাধ্য মানবজাতিকে তাদের সিদ্ধ অবস্থা ফিরিয়ে দেবেন। (১ করিন্থীয় ১৫:২৪-২৮) সমস্ত বাধ্য ব্যক্তির জন্য কী অপূর্ব এক প্রত্যাশা! চূড়ান্ত পরীক্ষার সময় ঈশ্বর শয়তানকে কারাগার থেকে মুক্ত করবেন, যেখানে তাকে হাজার বছরের জন্য বন্দি করে রাখা হয়েছিল। পুনরায়, শয়তান মানুষকে যিহোবার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যারা তাকে প্রত্যাখ্যান করবে, তারা চিরকাল এই পৃথিবীতে জীবন উপভোগ করবে।—পড়ুন, যিশাইয় ২৫:৮; প্রকাশিত বাক্য ২০:৭-৯.
৪. কীভাবে আরেকটা বিচার দিন মানুষের উপকার নিয়ে আসবে?
এ ছাড়া, বাইবেল সেই ঘটনাকেও ‘বিচার দিন’ বলে থাকে, যখন বর্তমান বিধিব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এই বিচার দিন ঠিক নোহের দিনের জলপ্লাবনের মতো হঠাৎ আসবে, যখন সম্পূর্ণ এক দুষ্ট বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। আনন্দের বিষয় হল, “ঈশ্বরভক্তিহীন লোকদের” যখন ধ্বংস করা হবে, তখন এমন এক নতুন পরিবেশ তৈরি হবে, “যেখানে প্রত্যেকে যা সঠিক, তা-ই করবে।”—পড়ুন, ২ পিতর ৩:৬, ৭, ১৩.