পৌলের সহকার্যকারীরা—তারা কারা ছিলেন?
বাইবেলে প্রেরিতদের বই ও পৌলের পত্রগুলোতে প্রায় একশ জন ব্যক্তির নাম আছে, যারা প্রথম শতাব্দীতে খ্রীষ্টীয় মণ্ডলীর সদস্য ছিলেন আর যারা “পরজাতীয়দের জন্য প্রেরিত” পৌলের সঙ্গে মেলামেশা করেছিলেন। (রোমীয় ১১:১৩) তাদের মধ্যে বেশ কিছুজন সম্বন্ধে অনেক কিছু জানা যায়। আপনি হয়তো আপল্লো, বার্ণবা এবং সীলের কাজ সম্বন্ধে অনেক কিছু জানেন। কিন্তু, আপনি হয়তো আর্খিপ্প, ক্লৌদিয়া, দামারী, লীন, পর্ষী, পুদেন্ত ও সোপাত্র সম্বন্ধে বেশি কিছু বলতে পারবেন না।
বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে, অনেক ব্যক্তিরা পৌলকে পরিচর্যায় সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। আরিষ্টার্খ, লূক ও তীমথিয়ের মতো কয়েকজন ব্যক্তি অনেক বছর ধরে প্রেরিতের সঙ্গে কাজ করেছিলেন। এদের মধ্যে কেউ কেউ তার সঙ্গে কারাগারে ছিলেন বা তিনি যখন ভ্রমণ করতেন সেইসময় তার সঙ্গে যেতেন বা তাকে আতিথেয়তা দেখিয়েছিলেন। দুঃখের বিষয় যে আলেক্সান্দর, দীমা, হর্ম্মগিনি ও ফুগিল্লের মতো কিছুজন খ্রীষ্টীয় বিশ্বাস ত্যাগ করেছিলেন।
পৌলের অন্যান্য বন্ধুদের মধ্যে, যেমন অসুঙ্কিত, হর্ম্মা, যুলিয়া, ফিললগ বা এমন আরও কয়েকজনের নাম ছাড়া আমরা তাদের বিষয়ে বেশি কিছু জানি না। আর নীরিয়ের বোন বা রূফের মা অথবা ক্লোয়ীর পরিজনদের বিষয়ে এমনকি আমরা সেটুকুও জানি না। (রোমীয় ১৬:১৩-১৫; ১ করিন্থীয় ১:১১) কিন্তু তা সত্ত্বেও, এই প্রায় একশজন ব্যক্তিদের বিষয়ে আমাদের কাছে কম-বেশি যতটুকু তথ্য আছে তা পরীক্ষা করলে জানতে পারা যায় যে প্রেরিত পৌল কীভাবে কাজ করেছিলেন। এর থেকে আমরা এটাও শিখি যে অনেক সহ বিশ্বাসীদের মাঝে থাকা ও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে অনেক উপকার পাওয়া যায়।
অনেক ভ্রমণ সঙ্গী, অতিথিসেবক ও সেবিকা
প্রেরিত পৌল পরিচর্যার জন্য অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন। একজন লেখক বলেন যে, কেবল প্রেরিতের বইয়েই পৌলের যত ভ্রমণের কথা বলা রয়েছে তা হিসাব করলে দেখা যায় যে তিনি সড়ক ও সমুদ্র মিলে প্রায় ১৬,০০০ কিলোমিটার পথ যাত্রা করেছিলেন। তখনকার দিনে ভ্রমণ করা শুধু ক্লান্তিকরই ছিল না বরং বিপদজনকও ছিল। পৌল নানা রকমের সংকটের মুখে পড়েছিলেন যেমন তার মধ্যে ছিল জাহাজডুবি, নদী সংকট, দস্যু সংকট, মরু সংকট ও সমুদ্র সংকট। (২ করিন্থীয় ১১:২৫, ২৬) তাই এটা ভাল ছিল যে তার ভ্রমণের সময় পৌল খুব কম সময়ই একা ছিলেন।
পৌল এই ভ্রমণ সঙ্গীদের কাছ থেকে সাহচর্য ও উৎসাহ পেতেন আর তা পরিচর্যায় তাকে খুবই সাহায্য করেছিল। কখনও কখনও, পৌল তাদেরকে রেখে আসতেন যাতে তারা নতুন বিশ্বাসীদের আধ্যাত্মিক চাহিদাগুলো মেটাতে পারেন। (প্রেরিত ১৭:১৪; তীত ১:৫) কিন্তু নিরাপত্তার জন্য এবং ভ্রমণে কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য হয়তো সঙ্গীদের তার সঙ্গে থাকা জরুরি ছিল। তাই পৌলের সঙ্গীরা তার পরিচর্যাকে সফল করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আর সোপাত্র, সিকুন্দ, গায় এবং ত্রফিমের কথা আমরা জানি যারা পৌলের ভ্রমণ সঙ্গী হয়েছিলেন।—প্রেরিত ২০:৪.
একইভাবে অতিথিসেবক ও সেবিকারা তাকে অনেক সাহায্য করেছিলেন। পৌল যখন এমন কোন নগরে এসে পৌঁছাতেন যেখানে তিনি কিছু সময়ের জন্য প্রচার করার কথা ভাবছেন বা একটা রাত কাটাতে চান, সেখানে তার থাকার জন্য একটা জায়গার দরকার হতো। যারা পৌলের মতো এত দূরে-দূরে ভ্রমণ করতেন তাদেরকে সত্যিই কত বিছানাতেই না ঘুমাতে হতো। তিনি যে কোন পান্থশালায় থাকতে পারতেন কিন্তু ঐতিহাসিকদের মতে এগুলো “বিপদজনক আর নোংরা জায়গা” ছিল তাই, যখনই সম্ভব হতো পৌল হয়তো তার খ্রীষ্টান ভাইবোনদের বাড়িতেই থাকতেন।
যারা পৌলকে অতিথিসেবা দেখিয়েছিলেন আমরা তাদের কয়েকজনের নাম জানি—আক্বিলা ও প্রিষ্কিল্লা, গায়, যাসোন, লুদিয়া, ম্নাসোন, ফিলীমন এবং ফিলিপ। (প্রেরিত ১৬:১৪, ১৫; ১৭:৭; ১৮:২, ৩; ২১:৮, ১৬; রোমীয় ১৬:২৩; ফিলীমন ১, ২২) ফিলিপী, থিষলনীকী এবং করিন্থে এইরকম থাকার ব্যবস্থা পৌলকে তার মিশনারি কাজ সুষ্ঠভাবে করতে সাহায্য করেছিল। এছাড়াও, করিন্থে তিতিয় যুষ্টের বাড়ি প্রেরিতের জন্য সবসময় খোলা ছিল যেখান থেকে তিনি তার প্রচার কাজ চালিয়ে যেতে পেরেছিলেন।—প্রেরিত ১৮:৭.
অসংখ্য বন্ধু
এতে অবাক হওয়ার কিছু নেই যে, পৌল তার পরিচিত ব্যক্তিদের আলাদা আলাদাভাবে মনে করেছিলেন যেহেতু আলাদা আলাদা পরিস্থিতিতে তিনি তাদের সঙ্গে ছিলেন। উদাহরণ হিসেবে বলা যায় মরিয়ম, পর্ষী, ফৈবী, ত্রুফেণা এবং ত্রুফোষা এরা সহ বিশ্বাসিনী ছিলেন যারা সবাই তাদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হয়েছিলেন। (রোমীয় ১৬:১, ২, ৬, ১২) পৌল ক্রীষ্প, গায় এবং স্তিফানের পরিজনদের বাপ্তিস্ম দিয়েছিলেন। দিয়নুষীয় ও দামারী আথীনীতে তার কাছ থেকে সত্যের বার্তা শুনেছিলেন। (প্রেরিত ১৭:৩৪; ১ করিন্থীয় ১:১৪, ১৬) আন্দ্রনীক ও যূনিয় “প্রেরিতদের মধ্যে সুপরিচিত” ছিলেন আর পৌলের চেয়ে অনেক আগে বিশ্বাসী হয়েছিলেন যাদেরকে পৌলের “সহবন্দি” হিসেবে বলা হয়েছে। হয়তো তারা কখনও তার সঙ্গে কারাগারে ছিলেন। হেরোদিয়োন, যাসোন লুকিয়, সোষিপাত্রের মতো এই দুজনকেও পৌল তার ‘স্বজাতীয়’ বলেছিলেন। (রোমীয় ১৬:৭, ১১, ২১) এখানে যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে “একই দেশের অধিবাসীও” হতে পারে কিন্তু এর মূল অর্থ হল “একই বংশের লোক যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে।”
পৌলের অনেক বন্ধু সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য অনেক দূরে দূরে যাত্রা করেছিলেন। তার ঘনিষ্ঠ সঙ্গীরা ছাড়াও আখায়িক, ফুর্তনাত ও স্তিফান করিন্থ থেকে ইফিষে এসেছিলেন যেন তারা তাদের নিজেদের মণ্ডলীর আধ্যাত্মিক অবস্থা সম্বন্ধে পৌলের সঙ্গে পরামর্শ করতে পারেন। আর্ত্তিমা ও তুখিক তীতের কাছে যাওয়ার জন্য যাত্রা করতে তৈরি ছিলেন যিনি ক্রীত দ্বীপে কাজ করছিলেন আর সীনা আপল্লোর সঙ্গে ভ্রমণ করেছিলেন।—১ করিন্থীয় ১৬:১৭; তীত ৩:১২, ১৩.
এমন আরও ব্যক্তিরা আছেন যাদের সম্বন্ধে পৌল ছোট কিন্তু আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন। উদাহরণ হিসাবে বলা যায়, আমাদেরকে জানানো হয়েছে যে ইপেনিত “এশিয়া দেশের অগ্রিমাংশ” ছিলেন, ইরাস্ত করিন্থীয়ের “ধনাধ্যক্ষ” ছিলেন, লূক একজন চিকিৎসক ছিলেন আর লুদিয়া বেগুনিয়া কাপড় বিক্রি করতেন এবং পৌল রোমীয়দের জন্য লেখা পত্র তর্ত্তিয়কে দিয়ে লিখিয়েছিলেন। (রোমীয় ১৬:৫, ২২, ২৩, ২৪; প্রেরিত ১৬:১৪; কলসীয় ৪:১৪) যারা এই ব্যক্তিদের সম্বন্ধে আরও কিছু জানতে চান তাদের জন্য এই ছোট ছোট তথ্যগুলো কৌতূহল জাগানোর মতো।
পৌলের অন্য কিছু সঙ্গীরা ব্যক্তিগত বার্তা পেয়েছিলেন যা বাইবেলে লেখা রয়েছে। যেমন, কলসীয়দের প্রতি তার পত্রে, পৌল আর্খিপ্পকে পরামর্শ দেন: “তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয়ে দেখিও, যেন তাহা সম্পন্ন কর।” (কলসীয় ৪:১৭) এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ইবদিয়া ও সুন্তুখীর মধ্যে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব ছিল যা তাকে মীমাংসা করতে হতো। অতএব, ফিলিপীতে নাম উল্লেখ না করা একজন ‘সহযুগ্যের’ মাধ্যমে পৌল তাদেরকে বলে পাঠিয়েছিলেন, যে তারা যেন ‘প্রভুতে একই বিষয় ভাবেন।’ (ফিলিপীয় ৪:২, ৩) সত্যিই, এটা আমাদের সবার জন্য ভাল পরামর্শ।
কারাবন্ধনে নিষ্ঠাপূর্ণ সমর্থন
পৌলকে বেশ কয়েকবার কারাবন্দি হতে হয়েছিল। (২ করিন্থীয় ১১:২৩) ওই সময়গুলোতে, যে খ্রীষ্টান ভাইবোনেরা কাছেপিঠে থাকতেন তারা তার কষ্টকে কমিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেন। পৌল যখন রোমে প্রথমবার কারাবন্দি হন তখন তাকে দুবছরের জন্য নিজে ঘর ভাড়া করে থাকার অনুমতি দেওয়া হয়েছিল আর সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারতেন। (প্রেরিত ২৮:২৯, ৩০) ওই সময়ে, তিনি ইফিষ, ফিলিপী এবং কলসীয় মণ্ডলীগুলোকে ও সেইসঙ্গে ফিলীমনকে পত্র লিখেছিলেন। এগুলো থেকে আমরা ওই ব্যক্তিদের বিষয়ে অনেক কিছু জানতে পারি, যারা পৌলের বন্দি থাকার সময়ে তার খুব কাছে ছিলেন।
উদাহরণ হিসেবে বলা যায়, আমরা জেনেছি যে রোমে পৌল ও তুখিকের সঙ্গে ফিলীমনের পলাতক দাস অনীষিমের দেখা হয়েছিল আর তুখিক অনীষিমকে তার কর্তার কাছে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। (কলসীয় ৪:৭-৯) এছাড়াও ইপাফ্রদীত তার মণ্ডলীর দেওয়া উপহার নিয়ে ফিলিপী থেকে অনেক দীর্ঘ পথ ভ্রমণ করেছিলেন আর পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। (ফিলিপীয় ২:২৫; ৪:১৮) রোমে পৌলের খুব কাছে থেকে যারা তার সঙ্গে কাজ করেছিলেন তাদের মধ্যে ছিলেন আরিষ্টার্খ, মার্ক এবং যীশু যাকে যুষ্ট বলা হয় আর তাদের সম্বন্ধে পৌল বলেছিলেন: “কেবল এই কয়েক জন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী; ইঁহারা আমার সান্ত্বনাজনক হইয়াছেন।” (কলসীয় ৪:১০, ১১) এইসমস্ত বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে তীমথিয় ও লূকও ছিলেন যারা আমাদের খুবই পরিচিত আর ছিলেন দীমা যিনি জগৎকে ভালবাসায় পরে পৌলকে ছেড়ে চলে গিয়েছিলেন।—কলসীয় ১:১; ৪:১৪; ২ তীমথিয় ৪:১০; ফিলীমন ২৪.
প্রকৃতপক্ষে এদের মধ্যে কেউই রোমের অধিবাসী ছিলেন না কিন্তু তারা রোমে পৌলের সঙ্গে সঙ্গে ছিলেন। কেউ কেউ হয়তো বিশেষ করে কারাযাপনের সময় তাকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। কোন সন্দেহ নেই যে কাউকে কাউকে তার কাছ থেকে খবরাখবর নিয়ে ছুটতে হয়েছিল, অন্যদের কোন কাজ দিয়ে দূরে পাঠানো হয়েছিল আর বাকি অনেককে দিয়ে পৌল তার পত্র লিখিয়েছিলেন। গভীর আনুগত্য ও নিষ্ঠার কত বড় সাক্ষ্যই না তারা ছিলেন যা তারা পৌল ও ঈশ্বরের কাজের জন্য দেখিয়েছিলেন!
পৌলের কিছু পত্রের উপসংহার থেকে, আমরা বুঝতে পারি যে আমরা যে অল্প কয়েকজনের নাম জানি তারা ছাড়াও পৌল সম্ভবত অনেক খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গী হিসাবে পেয়েছিলেন। বিভিন্ন সময়, তিনি লিখেছেন: “পবিত্র লোক সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন।” এবং “আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন।”—২ করিন্থীয় ১৩:১৩; তীত ৩:১৫; ফিলিপীয় ৪:২২.
রোমে পৌল যখন দ্বিতীয়বার কারাবন্দি ছিলেন আর তার মৃত্যু আসন্ন ছিল, তখনও তার সহকার্যকারীদের চিন্তা তার মনে ছিল। তখনও পর্যন্ত তিনি সক্রিয়ভাবে তাদের কয়েকজনের কাজের দেখাশোনা করছিলেন। তীত ও তুখিককে কার্যভার দিয়ে পাঠানো হয়েছিল, ক্রীষ্কেন্ত গালাতিয়ায় গিয়েছিলেন, ইরাস্ত করিন্থে থেকে গিয়েছিলেন, ত্রফিম অসুস্থ হওয়ায় তাকে মিলীতায় রেখে আসা হয়েছিল কিন্তু মার্ক ও তীমথিয়কে তার কাছে আসতে হয়েছিল। লূক যদিও পৌলের সঙ্গে সঙ্গেই ছিলেন, প্রেরিত যখন তীমথিয়কে তার দ্বিতীয় পত্র লেখেন, তখন ঊবুল, পুদেন্ত, লীন ও ক্লৌদিয়া এবং অন্য বিশ্বাসীরাও তাদের কাছে ছিলেন যারা তাদের মঙ্গলবাদ জানিয়েছিলেন। পৌলকে সাহায্য করার জন্য নিঃসন্দেহে তাদের যা কিছু করার ছিল, তার সবটুকুই তারা করেছিলেন। এই সময়ে, পৌল নিজে প্রিষ্কা ও আক্বিলাকে এবং অনীষিফরের পরিবারকে মঙ্গলবাদ পাঠিয়েছিলেন। কিন্তু, দুঃখের সঙ্গে বলতে হয় যে সেই সংকটপূর্ণ সময়ে, দীমা তাকে ছেড়ে চলে যান এবং আলেক্সান্দর তার ক্ষতি করেছিলেন।—২ তীমথিয় ৪:৯-২১.
“আমরা ঈশ্বরেরই সহকার্য্যকারী”
পৌল তার প্রচার কাজের সময়ে কদাচিৎ একা ছিলেন। মন্তব্যকারী ই. আর্ল এলিস বলেন: ‘ছবিটা বিপুল সংখ্যক সঙ্গীর সঙ্গে একজন মিশনারিকে দেখায়। সত্যিই পৌলকে কখনও সঙ্গহীন দেখা যায়নি।’ ঈশ্বরের পবিত্র আত্মার চালনায় পৌল অনেক লোককে একত্রিত করতে পেরেছিলেন আর তার মিশনারি কাজকে এমনভাবে করেছিলেন যা ফল নিয়ে এসেছিল। তার ঘনিষ্ঠ সহকারীরা ছিলেন, অল্প সময়ের সাহায্যকারীরা ছিলেন, কয়েকজন দৃঢ় ব্যক্তিত্বের লোকেরা তার সঙ্গে মেলামেশা করেছিলেন আবার অনেক নম্র সেবকেরা তার সঙ্গে ছিলেন। কিন্তু, এরা শুধু সহকারীই ছিলেন না। পৌলের সঙ্গে তারা কতটা কাজ করেছিলেন বা তার সঙ্গে কতখানি মেলামেশা করেছিলেন তা নির্বিশেষে তাদের খ্রীষ্টীয় প্রেমের বন্ধন ও ব্যক্তিগত বন্ধুত্ব ছিল অটুট।
প্রেরিত পৌলকে “বন্ধুত্বের দক্ষ কারিগর” বলা যায়। তিনি জাতিগণের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছেন কিন্তু তিনি একা একাই তা করার চেষ্টা করেননি। তিনি সংগঠিত খ্রীষ্টীয় মণ্ডলীর সঙ্গে থেকে কাজ করেছিলেন। ফলাফলের জন্য পৌল নিজে কখনও কৃতিত্ব নেননি বরং নম্রতার সঙ্গে স্বীকার করেছিলেন যে তিনি একজন সামান্য দাস আর সমস্ত সম্মান ঈশ্বরের কাছে যাওয়া উচিত যিনি বৃদ্ধিদাতা।—১ করিন্থীয় ৩:৫-৭; ৯:১৬; ফিলিপীয় ১:১.
আমাদের সময় থেকে পৌলের সময় আলাদা ছিল কিন্তু তবুও আজকে খ্রীষ্টীয় মণ্ডলীর কোন ব্যক্তির এমন চিন্তা করা উচিত নয় যে তিনি একাই পারবেন অথবা একা একা স্বাধীনভাবে কাজ করবেন। বরং, আমাদের সবসময় ঈশ্বরের সংগঠন, আমাদের স্থানীয় মণ্ডলী ও আমাদের খ্রীষ্টান ভাইবোনদের সঙ্গে কাজ করা উচিত। আমাদের সুখের সময়ে ও আমাদের দুঃখের সময়ে আমাদের তাদের সাহায্য, সমর্থন ও সান্ত্বনার দরকার আছে। আমরা কতই না আশীর্বাদপ্রাপ্ত যে আমাদের জন্য ‘জগতে অবস্থিত . . . ভ্রাতৃবর্গ’ আছেন। (১ পিতর ৫:৯) আমরা যদি তাদের সবার পাশাপাশি থেকে এবং প্রেম ও বিশ্বাস নিয়ে তাদের সঙ্গে কাজ করি, তাহলে ঠিক পৌলের মতো আমরাও বলতে পারব “আমরা ঈশ্বরেরই সহকার্য্যকারী।”—১ করিন্থীয় ৩:৯.
[৩১ পৃষ্ঠার চিত্র]
আপল্লো
আরিষ্টার্খ
বার্ণবা
লুদিয়া
অনীষিফর
তর্ত্তিয়
তুখিক