রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
“বাজারে প্রতিদিন”
প্রেরিত পৌল রাজ্যের বার্তা প্রচার করার জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করতেন। যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তিনি “সমাজ-গৃহে যিহূদী . . . এবং বাজারে প্রতিদিন যাহাদের সঙ্গে দেখা হইত” তাদের সঙ্গে কথা বলতেন।—প্রেরিত ১৭:১৭.
এইধরনের উদ্যোগ সা.কা. প্রথম শতাব্দী থেকে যিহোবার সত্য উপাসকদের এক শনাক্তিকরণ চিহ্ন হয়ে এসেছে। (মথি ২৮:১৯, ২০) অনুরূপভাবে আজকে, যিহোবার সাক্ষীরা উদ্যোগের সঙ্গে সৎহৃদয়বান ব্যক্তিদের সত্যের যথার্থ জ্ঞান জানাতে সাহায্য করার সময় বিভিন্ন প্রকার পদ্ধতি ব্যবহার করে থাকেন। (১ তীমথিয় ২:৩, ৪) নিম্নে অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞতাটি তাই প্রদর্শন করে।
সিডনী রেলওয়ে স্টেশনের পাশে সপ্তাহে পাঁচদিন, সিড এবং হ্যারাল্ড পালাক্রমে বাইবেল সাহিত্যাদির ক্ষুদ্র প্রদর্শনী করেন। এই পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে তারা এই উপায়ে ঈশ্বরের রাজ্যের সুসমাচার বন্টন করে আসছেন। ৯৫ বছর বয়স্ক সিড বলেন: “আমি যখন ৮৭ বছরে পা দিই, আমার পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ে। সেটি আমাকে হতাশ করেছিল কারণ জনসাধারণ্যে সাক্ষ্যদানের কাজ আমি উপভোগ করতাম। একদিন কাটুম্বার ইকো পয়েন্ট নামে এক জনপ্রিয় পর্যটন এলাকার কাছে, একজন শিল্পীকে আমি প্রাকৃতিক দৃশ্যের চিত্র বিক্রি করতে দেখি। আমি মনোযোগের সঙ্গে চিত্রগুলি লক্ষ্য করি এবং মনে মনে ভাবি, ‘আমার প্রচারের ব্যাগে এর চেয়েও সুন্দর সুন্দর ছবি রয়েছে—আর সেগুলির মূল্যও অনেক কম!’ তাই আমি একটি ছোট প্রদর্শনী স্থান স্থাপন করার সিদ্ধান্ত নিই, এটিকে জনবহুল এলাকায় স্থাপন করি এবং যিহোবার সাক্ষীদের দ্বারা পরিবেশিত সুন্দর সুন্দর চিত্রসম্বলিত বাইবেল সাহিত্যাদি নেওয়ার জন্য পথচারীদের প্রস্তাব দিই।
“চার বছর আগে আমি সিডনীতে স্থানান্তরিত হই এবং সেখানে হ্যারাল্ড আমার সঙ্গে যোগ দেন। আমরা পালাক্রমে এটি করি ও আমাদের স্থানীয় মণ্ডলীর সঙ্গে আমরা কাজ করে চলেছি।” বর্তমানে ৮৩ বছর বয়স্ক হ্যারাল্ড বলেন: “সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খুব অল্পসংখ্যক লোকেরাই ঘরে থাকেন। তাই এই উপায়ে রাজ্যের বার্তা বন্টন করা আমাদের যেখানে লোকেদের পাওয়া যায় সেখানেই পৌঁছাতে সক্ষম করে। স্বাভাবিকভাবেই আমরা উত্তম ফলাফল লাভ করি। এই দেশে আমাদের সাহিত্য অর্পণের সংখ্যা বেশ উল্লেখযোগ্য।”
“যদিও সারা বছরে আমরা চার বা পাঁচটি বিভিন্ন স্থান পরিবর্তন করেছি,” সিড বলেন, “কিন্তু আমাদের সম্বন্ধে লোকেরা খুব শীঘ্রই জেনে যান। কিছু লোক সাহিত্য নেওয়ার জন্য আমাদের কাছে আসেন। অন্যেরা বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চান। আর কেউ কেউ কেবল কয়েক মিনিট কথা বলতে চান। কেবল এইসময়েই আমার পুনর্সাক্ষাৎগুলি নিজেরাই আমার কাছে আসেন,” মৃদু হেসে তিনি বলেন।
“অনেক লোক বাইবেলের প্রতি প্রকৃতই আগ্রহ দেখান,” হ্যারাল্ড যোগ দেন। আমাদের কাছ থেকে সাহিত্য লাভ করায় ও বাইবেল থেকে আমরা তাদের প্রশ্নগুলির উত্তর দিতে সমর্থ হওয়ায়, এক মাসে চারজন ব্যক্তি সাক্ষীদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। এইধরনের অভিজ্ঞতাগুলি আমাদের প্রচুররূপে উৎসাহ প্রদান করে।”
সিড ও হ্যারাল্ড—এবং প্রেরিত পৌলের মত—যিহোবার সাক্ষীরা তাদের গুরুত্বপূর্ণ বার্তা প্রচারের জন্য সর্বত্র যথাসম্ভব প্রতিটি উপায় ব্যবহার করে থাকেন। ফলে “রাজ্যের . . . সুসমাচার” ক্রমান্বয়ে “সমুদয় জগতে” প্রচারিত হয়ে চলেছে।—মথি ২৪:১৪.