ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৭/১ পৃষ্ঠা ২৬-২৯
  • ফ্রান্সে এক অবিস্মরণীয় ঘটনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ফ্রান্সে এক অবিস্মরণীয় ঘটনা
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • যিহোবা বৃদ্ধি দান করেন
  • এক লক্ষণীয় সমাবেশ
  • “মরুভূমিতে এক মরূদ্যান”
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৭/১ পৃষ্ঠা ২৬-২৯

ফ্রান্সে এক অবিস্মরণীয় ঘটনা

“আমরা যিহোবা নগর চাই না!” শহরের সর্বত্র প্রদর্শিত পোস্টারগুলি ঘোষণা করেছিল। “যিহোবা প্রকল্পের বিরুদ্ধে এক হোন,” একটি বিরোধী দল আহ্বান করেছিল। সংবাদপত্রে বাস্তবিকই শত শত প্রবন্ধ এই বিষয়টি সম্বন্ধে জনগণকে সচেতন করেছিল। আবেদনপত্রে স্বাক্ষর করা হয়েছিল এবং এই প্রকল্পের বিষয়ে লিখিত পাঁচ লক্ষেরও বেশি ট্র্যাক্টে স্থানীয় ডাকবাক্সগুলি উপচে পড়েছিল। উত্তরপশ্চিম ফ্রান্সের শান্ত শহর লুভিয়ের নিস্তব্ধতায় ব্যাঘাত সৃষ্টিকারী এই প্রকল্পটি কী ছিল? প্রস্তাবিত প্রকল্পটি ছিল যিহোবার সাক্ষীদের একটি নতুন শাখাদপ্তর ও বাসভবন নির্মাণ করা।

যিহোবা বৃদ্ধি দান করেন

ফ্রান্সে যিহোবার সাক্ষীদের কার্যাবলি উনবিংশ শতাব্দীর শেষের দিকে শুরু হয়েছিল। ১৯০৫ সালে বাইবেল সাহিত্যাদি গচ্ছিত রাখার জন্য প্রথম স্থান দক্ষিণ ফ্রান্সের বোভেন গ্রামে খোলা হয়েছিল আর প্যারিসে ১৯১৯ সালে একটি ছোট কার্যালয় চালু করা হয়েছিল। সেই শহরে আনুষ্ঠানিকভাবে ১৯৩০ সালে একটি শাখাদপ্তর চালু করা হয়েছিল আর এর পরের বছর দপ্তরের কর্মীরা প্যারিসের উত্তরে এংহেইন-লেস-বেইন্‌সে স্থাপিত একটি বেথেল গৃহে বাস করতে শুরু করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বেথেল পরিবার আবার প্যারিসে ফিরে গিয়েছিল এবং ১৯৫৯ সালে শাখাদপ্তরকে রাজধানীর পশ্চিমপ্রান্তে বুলন-বিলানকোর্টের এক পাঁচ তলা বিশিষ্ট অট্টালিকায় স্থানান্তরিত করা হয়েছিল।

রাজ্যের প্রচার কাজে প্রসারের জন্য ১৯৭৩ সালে মুদ্রণ ও জাহাজযোগে মালপত্র প্রেরণের কার্যাবলি লুভিয়ে শহরে স্থানান্তরিত করা হয়েছিল যা প্যারিস থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, তবে দপ্তরের কর্মীরা তখনও বুলন-বিলানকোর্টেই ছিলেন। কিন্তু ১৯৭৮ ও ১৯৮৫ সালে সংযোজন সত্ত্বেও, ফ্রান্সে প্রকাশকের সংখ্যা বৃদ্ধি লুভিয়ে শহরে সম্পাদিত সুবিধাগুলিকে অপর্যাপ্ত প্রমাণ করেছিল। তাই এটিকে প্রসারিত করার এবং সম্পূর্ণ বেথেল পরিবারকে একত্রে একটি স্থানে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। শুরুতেই যেমন উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পটি সকলের পছন্দ হয়নি। এইধরনের বিরোধিতা সত্ত্বেও, ছাপাখানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে একটি জমি পাওয়া গিয়েছিল। ছয় বছরের কঠোর পরিশ্রম আর ২৩ বছর বিচ্ছিন্ন থাকার পর, সম্পূর্ণ বেথেল পরিবার অবশেষে ১৯৯৬ সালের আগস্ট মাসে লুভিয়ে শহরে একত্র হয়েছিল।

ফ্রান্স বেথেল পরিবারের ৩০০ জন সদস্য এবং অন্যান্য ৪২টি শাখা থেকে ৩২৯ জন প্রতিনিধি সহ ১,১৮৭ জনের এক সুখী দলের জন্য ১৯৯৭ সালের ১৫ই নভেম্বর, শনিবার, পরিচালক গোষ্ঠীর সদস্য ভাই লয়েড ব্যারির উৎসর্গীকরণ বক্তৃতা শুনতে একত্রিত হওয়া অত্যন্ত আনন্দের বিষয় ছিল। এই উৎসর্গীকরণ সমগ্র ফ্রান্সে যিহোবা সাক্ষীদের বিরুদ্ধে যে শত্রুতার সামনে ও বেশ কিছু সময় ধরে মাধ্যমগুলির দ্বারা প্রচারিত কলঙ্কপূর্ণ অভিযানের মুখে সংঘটিত হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে মনে করা হয়েছিল যে সমস্ত ফরাসি সাক্ষীদের এই বিজয় উদ্‌যাপনে অংশগ্রহণ করা উচিত। ফলস্বরূপ, ১৬ই নভেম্বর রবিবার “খ্রীষ্টের প্রেমে অবস্থিতি করুন” শিরোনামে, প্যারিসের ঠিক উত্তরে ভেলপ্যান্ট প্রদর্শনী কেন্দ্রে একটি বিশেষ সভার ব্যবস্থা করা হয়েছিল। বেলজিয়াম ও সুইজারল্যান্ডের সমস্ত ফরাসিভাষী সাক্ষী এবং সেইসঙ্গে ব্রিটেন, জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের মণ্ডলীগুলি সহ ফ্রান্সের সমস্ত যিহোবার সাক্ষীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

এক লক্ষণীয় সমাবেশ

সমাবেশের জন্য প্রস্তুতি ছয় মাস আগে থেকেই শুরু হয়েছিল। তারপর, উৎসর্গীকরণের মাত্র দুই সপ্তাহ আগে, ফরাসি ট্রাক চালকেরা ধর্মঘট ডেকেছিলেন যা রাজপথ অবরোধ ও জ্বালানীদ্রব্য সরবরাহে বাধার সৃষ্টি করেছিল। চেয়ার ও অন্যান্য সরঞ্জামাদি কি যথাসময়ে এসে পৌঁছেছিল? রাস্তা অবরোধ কি ভাইদের আসাকে বাধা দিতে পেরেছিল? সকলকে স্বস্তি দিয়ে, এক সপ্তাহের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল এবং রাস্তাগুলি আবার যানবাহন চলার জন্য মুক্ত করে দেওয়া হয়েছিল। উৎসর্গীকরণের পূর্বের সপ্তাহশেষের শুক্রবার সন্ধ্যায় ৩৮টি ট্রাক ৮৪,০০০ চেয়ার, অনুষ্ঠানটির জন্য ভাড়া করা দুটি বিশাল হলে নিয়ে এসেছিল। ৮০০ জনেরও বেশি ভাই ও বোনেরা আসন, মঞ্চ, শব্দ ব্যবস্থা এবং নয়টি বিশাল আকৃতির ভিডিও পর্দা স্থাপনের জন্য সারা রাত ধরে ও শনিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত কাজ করেছিলেন।

রবিবার, সকাল ৬:০০টায় দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল এবং স্রোতের ন্যায় জনতা প্রবেশ করতে শুরু করেছিলেন। বিশেষভাবে ভাড়াকৃত মোট ১৭টি ট্রেন ১৩,০০০ জনেরও বেশি সাক্ষীকে রাজধানীতে নিয়ে এসেছিল। ভ্রমণকারীদের শুভেচ্ছা জানানো ও সম্মেলন স্থানে দলে দলে তাদের সঙ্গী হওয়ার জন্য দুশো জনেরও বেশি স্থানীয় ভাইবোনেরা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন। একজন বোন বলেছিলেন যে এই প্রেমময় ব্যবস্থা তাদের “নিরাপত্তা ও মঙ্গলজনক এক অনুভূতি” প্রদান করেছিল।

অন্যেরা বিমানযোগে বা গাড়িতে করে প্যারিসে এসেছিলেন। কিন্তু অধিকাংশ ব্যক্তিই ৯৫৩টি বাসে করে এসেছিলেন, যদিও প্যারিস এলাকার সাক্ষীরা প্রদর্শনী কেন্দ্রে পৌঁছানোর জন্য জনসাধারণের যানবাহন ব্যবহার করেছিলেন। অনেকেই সারা রাত যাত্রা করেছিলেন অথবা খুব ভোরবেলা তাদের গৃহ ত্যাগ করেছিলেন, তবুও সভাতে যোগদানের জন্য তাদের উচ্ছ্বাস উল্লেখযোগ্য ছিল। আনন্দাশ্রু ও উষ্ণ আলিঙ্গন বন্ধুদের সঙ্গে পুনর্মিলনকে চিহ্নিত করেছিল যারা একে অপরকে অনেক বছর যাবৎ দেখেননি। রং বেরঙের জাতীয় পোশাক আনন্দিত জনতাকে এক আন্তর্জাতিক আস্বাদ প্রদান করেছিল। নিঃসন্দেহে, অসাধারণ কোন বিষয় ঘটে চলেছিল।

সকাল ১০:০০টার মধ্যে কার্যক্রম শুরু হয়েছিল এবং কোন আসনই খালি ছিল না, যদিও প্রতি মিনিটে শত শত ব্যক্তিরা আসছিলেন। একজন যে দিকেই তাকান না কেন, অসংখ্য প্রফুল্ল মুখ চোখে পড়ছিল। হাজার হাজার ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন অথবা পাকা মেঝেতে বসেছিলেন। অধিবেশনের বিষয়বস্তুর মনোভাব প্রদর্শন করে অনেক যুবক ব্যক্তি সদয়ভাবে দাঁড়িয়ে থেকে বয়স্কদের বসার সুযোগ দিয়েছিলেন। “যে ভাইবোনদের আমরা চিনতাম না কিন্তু যারা আমাদের অত্যন্ত প্রিয়, তাদের জন্য আসন ছেড়ে দিতে আমরা কত আনন্দিতই না হয়েছিলাম!” এক দম্পতি লিখেছিলেন। অনেকে এক আত্ম-ত্যাগমূলক মনোভাব দেখিয়েছিলেন: “শুক্রবার সারারাত ধরে যে চেয়ারগুলি আমরা সাজিয়েছিলাম, সারাদিন আমরা সেগুলির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু কেবল উপস্থিত থাকতে পেরেই আমরা যিহোবার প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠেছিলাম।”

ক্লান্তি বা অস্বাচ্ছন্দ্য বোধ করা সত্ত্বেও, প্রতিনিধিগণ অন্যান্য দেশের রিপোর্ট এবং ভাই লয়েড ব্যারি ও পরিচালক গোষ্ঠীর অন্য একজন সদস্য, ড্যানিয়েল সিডলিকের বক্তৃতা পূর্ণ মনোযোগের সঙ্গে শুনেছিলেন। ভাই ব্যারি “যিহোবা বল বৃদ্ধি করেন,” বিষয়টি তুলে ধরেছিলেন এবং বিভিন্ন পরীক্ষা সত্ত্বেও, যিহোবা কিভাবে তাঁর লোকেদের বৃদ্ধিদানের দ্বারা আশীর্বাদ করেছেন সেই বিষয়টির উপর স্পষ্টভাবে জোর দিয়েছিলেন। ভাই সিডলিকের বক্তৃতার শিরোনাম ছিল “সুখী সেই জাতি যিহোবা যার ঈশ্বর!” ফ্রান্সের যিহোবার সাক্ষীরা তখন যে বিরোধিতা ভোগ করছিলেন তার পরিপ্রেক্ষিতে, উভয় বক্তৃতাই বিশেষভাবে সময়োপযোগী ছিল। ভাই সিডলিক দেখিয়েছিলেন যে প্রকৃত সুখ বাহ্যিক বিষয়ের উপর নয় বরং যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক ও জীবনের প্রতি আমাদের মনোভাবের উপর নির্ভরশীল। “আপনারা কি সুখী?” শ্রোতাদের প্রতি তার এই প্রশ্নের সমর্থনসূচক উত্তরটি বজ্রপাতের ন্যায় ধ্বনিত হয়েছিল।

একজন বোন যিনি “তার আনন্দ হারিয়ে ফেলেছিলেন” তিনি পরবর্তী সময়ে লিখেছিলেন: “হঠাৎ আমি উপলব্ধি করেছিলাম যে সুখ আমার নাগালের মধ্যেই। আমি আমার প্রচেষ্টাকে ভুল পথে পরিচালিত করেছিলাম আর এই বক্তৃতার মাধ্যমে যিহোবা আমাকে দেখিয়েছিলেন যে আমার কিধরনের পরিবর্তনের প্রয়োজন ছিল।” আরেকজন ভাই ঘোষণা করেছিলেন: “যিহোবার হৃদয়কে আনন্দিত করার জন্য এখন আমি লড়াই করতে চাই। আমার হৃদয়ের গভীরে যে আনন্দ আমি অনুভব করতে শুরু করেছি তা হরণ করার জন্য কোন কিছুকেই আমি প্রশ্রয় দিতে চাই না।”

সভা যখন শেষের দিকে অগ্রসর হয়েছিল, সভাপতি পরম উদ্যমের সঙ্গে উপস্থিতি ঘোষণা করেছিলেন: ৯৫,৮৮৮ জন—ফ্রান্সে যিহোবার সাক্ষীদের সমাবেশের যে কোন সময়ের চেয়ে সর্বাধিক সংখ্যা!

আনন্দাশ্রু সহ অনেকে সমাপ্তির গান গাওয়ার ও সমাপ্তির প্রার্থনার পর, ভাইরা এক মিশ্র আবেগ নিয়ে গৃহের উদ্দেশে তাদের যাত্রা শুরু করেছিলেন। সমাবেশের উষ্ণ, বন্ধুত্বপরায়ণ পরিবেশ অলক্ষিত ছিল না। প্রতিনিধিদের আচরণের বিষয়ে বাস চালকেরা অনেক ইতিবাচক মন্তব্য করেছিলেন। এছাড়াও, সংগঠিত ব্যবস্থার দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন, যা ৯৫৩টি বাসকে কোন যানজট ছাড়াই দুই ঘন্টার মধ্যে প্রদর্শনী কেন্দ্র ছাড়তে সমর্থ করেছিল! রেলওয়ে এবং জনসাধারণের যানবাহনের কর্মকর্তাগণও প্রতিনিধিদের আচরণের অত্যন্ত প্রশংসা করেছিলেন। অনেক উত্তম আলোচনা শুরু হয়েছিল এবং চমৎকার সাক্ষ্যও প্রদান করা হয়েছিল।

“মরুভূমিতে এক মরূদ্যান”

প্রেরিত পৌল সহখ্রীষ্টানদের পরামর্শ দিয়েছিলেন: “আইস, আমরা পরস্পর মনোযোগ করি যেন, প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; . . . পরস্পরকে চেতনা দিই; . . . আর সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই।” (ইব্রীয় ১০:২৪, ২৫) নিশ্চিতভাবে, এই বিশেষ সভাটি সকলের কাছে এক প্রচুর উৎসাহের উৎস ছিল, একজন বোন এটিকে “মরুভূমিতে এক মরূদ্যান” হিসাবে বর্ণনা করেছিলেন। “যিহোবার সেবায় আনন্দ করতে যে কোন সময়ের চেয়ে আরও অধিক পুনরুজ্জীবিত, উৎসাহিত, শক্তিশালী ও দৃঢ়সংকল্পবদ্ধ হয়ে আমরা ফিরে এসেছিলাম,” টোগো শাখাদপ্তরের ভাইরা লিখেছিলেন। “যারা মনমরা ছিলেন তারা আনন্দিত অবস্থায় বাড়ি ফিরেছিলেন,” একজন সীমা অধ্যক্ষ বলেছিলেন। “ভাইরা উদ্দীপিত ও শক্তিশালী হয়েছিলেন,” আরেকজন ঘোষণা করেছিলেন। “এর আগে আর কখনও আমরা যিহোবার সংগঠনের সঙ্গে এত ঘনিষ্ঠতা অনুভব করিনি,” এক দম্পতি লিখতে প্রণোদিত হয়েছিলেন।

“আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে; আমি মণ্ডলীগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।” গীতরচক ঘোষণা করেছিলেন। (গীতসংহিতা ২৬:১২) এইধরনের খ্রীষ্টীয় সমাবেশ, প্রতিবন্ধকতার মুখেও সকলকে এক নিশ্চিত আধ্যাত্মিক অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম করে। “যে ক্লেশই আসুক না কেন,” একজন বোন নিশ্চয়তার সাথে বলেছিলেন, “এই বিশেষ মুহূর্তগুলি আমাদের হৃদয়ের গভীরে গেঁথে রয়েছে এবং আমাদের সান্ত্বনা দানের জন্য সর্বদা সেখানে থাকবে।” অনুরূপভাবে, একজন ভ্রমণ অধ্যক্ষ লিখেছিলেন: “যখন কঠিন সময় আসবে, পরমদেশের পূর্ব আস্বাদের এই স্মৃতি সেগুলির মোকাবিলা করতে আমাদের সাহায্য করবে।”

“হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর,” গীতসংহিতা ৯৬:৭ পদ পরামর্শ দেয়। ফ্রান্সে নতুন শাখাদপ্তরের উৎসর্গীকরণ নিঃসন্দেহে যিহোবার জন্য এক আলোড়ন-সৃষ্টিকারী বিজয়। এইধরনের দৃঢ় ও ব্যাপক বিরোধিতার মুখে একমাত্র তিনিই এই প্রকল্পকে বাস্তবে পরিণত করতে পারতেন। ফ্রান্সের যিহোবার সাক্ষীরা ‘খ্রীষ্টের প্রেমে অবস্থিতি’ করার জন্য এবং ‘তাদের দীপ্তি উজ্জ্বল’ করার জন্য অন্য যে কোন সময়ের চেয়ে আরও অধিক দৃঢ়সংকল্পবদ্ধ। (যোহন ১৫:৯; মথি ৫:১৬) উৎসর্গীকরণ কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলে নির্দ্বিধায় গীতরচকের অনুভূতির অংশী হন: “ইহা সদাপ্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত।”—গীতসংহিতা ১১৮:২৩.

[২৬ পৃষ্ঠার চিত্র]

ড্যানিয়েল সিডলিক

[২৬ পৃষ্ঠার চিত্র]

লয়েড ব্যারি

[২৬ পৃষ্ঠার চিত্র]

ভেলপ্যান্ট প্রদর্শনী কেন্দ্রের বিশেষ কার্যক্রমে ৯৫,৮৮৮ জন যোগদান করেছিলেন

[২৮ পৃষ্ঠার চিত্র]

হাজার হাজার যোগদানকারীরা দাঁড়িয়ে অথবা মেঝেতে বসে শুনেছিলেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার