পাঠকদের থেকে প্রশ্নসকল
জুরির কাজের জন্য ডাকা হলে একজন খ্রীষ্টানের কী করা উচিত?
কিছু দেশে, বিচার ব্যবস্থা জুরি হিসাবে নাগরিকদের মধ্যে থেকে নির্বাচিত ব্যক্তিদের ব্যবহার করে থাকে। যেখানে এই ব্যবস্থা বিদ্যমান, সেখানে একজন খ্রীষ্টানকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, যখন জুরির কাজের জন্য উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয় তখন কিভাবে তিনি সাড়া দেবেন। উত্তম বিবেক সম্পন্ন অনেক খ্রীষ্টানেরা এই সিদ্ধান্তে উপনীত হন যে বাইবেলের নীতিগুলি উপস্থিত হতে নিষেধ করে না, ঠিক যেমন শদ্রক, মৈশক এবং অবেদ-নগো দূরা সমস্থলীতে উপস্থিত হওয়া সম্বন্ধে বাবলনীয় সরকারের নির্দেশের প্রতি বাধ্য হয়েছিলেন এবং যেভাবে যোষেফ ও মরিয়ম রোমীয় কর্তৃপক্ষের নির্দেশে বৈৎলেহমে গিয়েছিলেন। (দানিয়েল ৩:১-১২; লূক ২:১-৪) তবুও, কয়েকটি বিষয় রয়েছে যা আন্তরিক খ্রীষ্টানেরা বিবেচনা করতে পারেন।
জুরিদের ব্যবহার সর্ব স্থানে নেই। কিছু দেশে, বেসামরিক এবং অপরাধী মামলাগুলি পেশাদার বিচারক অথবা বিচারক গোষ্ঠীর মাধ্যমে মীমাংসা করা হয়। অন্যত্র যা সাধারণ আইন হিসাবে পরিচিত তা বিদ্যমান এবং জুরিরা বিচার প্রণালীর অংশ। তবুও, অধিকাংশ লোকেদের জুরিরা কিভাবে নির্বাচিত হয় এবং তারা কী করে, সেই সম্বন্ধে শুধুমাত্র এক অস্পষ্ট ধারণা রয়েছে। সুতরাং, আপনি জুরির কাজের মুখোমুখি হোন বা নাই হোন এক পূর্ণবিবরণ সাহায্যকারী হবে।
ঈশ্বরের লোকেরা যিহোবাকে সর্বোচ্চ বিচারক হিসাবে স্বীকার করে। (যিশাইয় ৩৩:২২) প্রাচীন ইস্রায়েলে অভিজ্ঞ পুরুষেরা যারা ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ ছিলেন, তারা বিবাদ এবং আইন সংক্রান্ত প্রশ্নগুলির সমাধান করতে বিচারক হিসাবে সেবা করতেন। (যাত্রাপুস্তক ১৮:১৩-২২; লেবীয় পুস্তক ১৯:১৫; দ্বিতীয় বিবরণ ২১:১৮-২১) পরবর্তীকালে যীশু যখন পৃথিবীতে ছিলেন, বিচারসংক্রান্ত কার্যাবলী যিহূদী উচ্চ আদালত, মহাসভার দ্বারা পরিচালিত হত। (মার্ক ১৫:১; প্রেরিত ৫:২৭-৩৪) সাধারণ যিহূদীদের জন্য বেসামরিক জুরিতে থাকার কোন ব্যবস্থা ছিল না।
অন্যান্য দেশে নাগরিক দ্বারা গঠিত জুরিদের ব্যবহার করা হয়ে থাকে। সক্রেটিস ৫০১ জন জুরির দ্বারা বিচারিত হয়েছিলেন। জুরির দ্বারা বিচার রোমীয় প্রজাতন্ত্রেও বিদ্যমান ছিল, যদিও সম্রাটদের অধীনে এটি লোপ পেয়েছিল। পরবর্তীকালে, ইংল্যান্ডের রাজা হেনরী ৩য় অভিযুক্তকে তার প্রতিবেশীদের দ্বারা বিচারিত হওয়ার ব্যবস্থা করেছিলেন। এটি মনে করা হত যে, যেহেতু তারা অভিযুক্তদের জানত, তাই তাদের বিচার সেই পদ্ধতির চেয়ে আরও সুষ্ঠতর হবে যেখানে সে প্রতিদ্বন্দ্বিতা বা কিছু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দ্বারা তার নির্দোষ অবস্থা প্রমাণ করতে চেষ্টা করত। যতই সময় অতিবাহিত হতে থাকে, জুরি ব্যবস্থা এমন একটি ব্যবস্থায় পরিবর্তিত হয় যেখানে নাগরিকদের একটি দলকে মামলা শুনতে হত এবং প্রমাণের উপর ভিত্তি করে একটি রায় দিতে হত। একজন পেশাদার বিচারক তাদের প্রমাণের বিষয়গুলিতে পরিচালনা করতেন।
জুরিদের ধরন, জুরিবর্গের সংখ্যা এবং একটি সিদ্ধান্তে পৌঁছাতে হলে কী জড়িত তার মধ্যে বিভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে ১২ থেকে ২৩ জন সদস্য বিশিষ্ট জুরির দলটি একজনকে অপরাধী হিসাবে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে কি না, সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেয়; এটি কে দোষী অথবা নির্দোষী তা নির্ণয় করে না। অনুরূপভাবে মৃত্যুর কারণ তদন্তকারী জুরিতে (অনুসন্ধানের জন্য জুরি) জুরিবর্গ, একটি অপরাধ সংঘটিত হয়েছে কি না সেই সম্বন্ধে প্রমাণ মূল্যায়ন করে থাকে।
অধিকাংশ ব্যক্তিরা যখন একটি জুরি সম্বন্ধে চিন্তা করে তাদের মনে একটি বিচারের ক্ষেত্রে ১২ জন নাগরিকের এক গোষ্ঠীর ধারণা থাকে—একটি বেসামরিক বিবাদ বা অপরাধী মামলা যাই হোক না কেন—যারা অপরাধী অথবা নির্দোষী সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাক্ষ্য শুনে থাকে। ১২ থেকে ২৩ জন সদস্য বিশিষ্ট জুরির দলটির বিপরীতে এটি হচ্ছে ক্ষুদ্র (ছোট) জুরি। সাধারণতঃ আদালত জুরির কাজে উপস্থিত হওয়ার জন্য মতদান প্রদানকারী অনুমোদিত চালক অথবা এই ধরনের লোকেদের তালিকা থেকে নির্বাচিত ব্যক্তিদের বিজ্ঞপ্তি পাঠিয়ে থাকে। কেউ কেউ আপনা থেকেই অযোগ্য হতে পারে, যেমন দণ্ডিত অপরাধী এবং মানসিকভাবে অসমর্থ ব্যক্তি। স্থানীয় আইনের উপর ভিত্তি করে অন্যেরা—যেমন চিকিৎসক, যাজকবর্গ, আইনবিদগণ অথবা ক্ষুদ্র ব্যবসায়ের মালিকেরা—অব্যাহতি দাবি করতে পারে। (কেউ কেউ অব্যাহতি পেতে পারে কারণ জুরির কাজের প্রতি তাদের কঠোর নিজস্ব, বিবেকগত আপত্তি আছে।) কিন্তু, কর্তৃপক্ষেরা ক্রমবর্ধিতভাবে অব্যাহতি দেওয়াকে পরিহার করছেন যেন সকলেই জুরির কাজে উপস্থিত হতে বাধ্য হয়, হয়ত বছরে একাধিকবার।
জুরির কাজের জন্য উপস্থিত সকলেই অপরিহার্যরূপে জুরিবর্গ হিসাবে একটি বিচারে বসে না। জুরির কাজের জন্য আহূত একত্রিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ কোন নির্দিষ্ট মামলার জন্য সম্ভাব্য জুরিবর্গ হিসাবে পর পর নির্বাচিত হয়ে থাকে। তারপর বিচারক প্রতিপক্ষ ও তাদের উকিলদের পরিচিত করান এবং মামলার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা করেন। তিনি এবং উকীলেরা সম্ভাব্য জুরিবর্গের প্রত্যেককে পরীক্ষা করেন। যদি সেই মামলার প্রকৃতিগত কারণে একজনের উপস্থিত না থাকার বিবেকগত কারণ থাকে, তবে তা বলার এটিই হচ্ছে সময়।
দলটিকে সেই সংখ্যা পর্যন্ত কমিয়ে আনা প্রয়োজন যতজন প্রকৃতপক্ষেই ওই মামলার জন্য বসবে। মামলার প্রতি সম্ভাব্য আগ্রহ থাকার কারণে কারও নিরপেক্ষতা সম্বন্ধে যদি কোন প্রশ্ন ওঠে তবে বিচারক তাদের বাদ দেবেন। এছাড়া, প্রত্যেক পক্ষের উকিলদের কয়েকজন জুরিকে বাদ দেওয়ার বিশেষ অধিকার রয়েছে। যে কেউ সেই জুরির গোষ্ঠী থেকে বাদ পড়েছেন, তারা অন্যান্য মামলায় পর পর নির্বাচনের জন্য অপেক্ষারত একত্রিত জুরিদের দলে ফিরে আসেন। এই পরিস্থিতিতে কিছু খ্রীষ্টানেরা সময়টিকে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করে ব্যবহার করেছে। বেশ কিছু দিন পরে একজন ব্যক্তির জুরির কাজ পূর্ণ হয়, সে প্রকৃতপক্ষে একজন জুরি হিসাবে বসে থাকুক বা না থাকুক।
খ্রীষ্টানেরা প্রাণপণ চেষ্টা করে “আপন আপন কার্য্য করিতে,” “পরাধিকারচর্চ্চক” হতে নয়। (১ থিষলনীকীয় ৪:১১; ১ পিতর ৪:১৫) যখন একজন যিহূদী, উত্তরাধিকার সম্বন্ধে যীশুকে বিচার করতে বলেছিল, তিনি উত্তর দিয়েছিলেন: “মনুষ্য, তোমাদের উপরে বিচারকর্ত্তা বা বিভাগকর্ত্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে?” (লূক ১২:১৩, ১৪) যীশু এসেছিলেন রাজ্যের সুসমাচার ঘোষণা করতে, কোন আইন সংক্রান্ত বিষয়ে সালিশ করতে নয়। (লূক ৪:১৮, ৪৩) যীশুর উত্তর হয়ত সেই ব্যক্তিটিকে বিবাদের মীমাংসা করতে ঈশ্বরের আইনে যা ছিল সেই পদ্ধতি ব্যবহার করতে পরিচালিত করেছিল। (দ্বিতীয় বিবরণ ১:১৬, ১৭) এইধরনের বিষয়গুলি যুক্তিপূর্ণ যে, জুরির কাজের জন্য উপস্থিত হওয়ার নির্দেশের প্রতি সাড়া দেওয়া, একজনের পরাধিকারচর্চায় জড়িত হওয়ার চেয়ে ভিন্ন। এটি দানিয়েলের তিন সঙ্গীর পরিস্থিতির প্রায় অনুরূপ। বাবিলনীয় সরকার তাদের দূরা সমস্থলীতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তাদের তা করা ঈশ্বরের আইনকে লঙ্ঘন করেনি। বাইবেল যেমন দেখায় যে, তার পরে তারা যা করেছিল, তা ছিল অন্য বিষয়।—দানিয়েল ৩:১৬-১৮.
ঈশ্বরের দাসেরা মোশির আইনের অধীনে থাকা থেকে বিরত হওয়ার পর, তাদের বিভিন্ন দেশে জাগতিক আদালতের সম্মুখীন হতে হয়েছিল। প্রেরিত পৌল করিন্থের ‘পবিত্রগণকে’ মণ্ডলীর ভিতরেই বিদ্যমান বিবাদগুলির মীমাংসা করতে পরামর্শ দিয়েছিলেন। জাগতিক আদালতের বিচার কাজকে “অধার্ম্মিকদের” কাজ হিসাবে উদ্ধৃত করলেও পৌল অস্বীকার করেননি যে সেইগুলি জাগতিক বিষয়গুলিকে পরিচালনা করার যথাযোগ্য স্থান ছিল। (১ করিন্থীয় ৬:১) রোমীয় বিচার ব্যবস্থায় তিনি নিজে আত্মপক্ষ সমর্থন করেছিলেন, এমনকি তার বিষয়টি সম্বন্ধে কৈসরের কাছে আবেদন জানিয়ে। এটি এমন নয় যে, জাগতিক আদালতগুলি মূলগতভাবে ভুল।—প্রেরিত ২৪:১০; ২৫:১০, ১১.
জাগতিক আদালতগুলি হল “প্রাধান্যপ্রাপ্ত কর্ত্তৃপক্ষদের” একটি কার্যপ্রণালী। এইধরনের ব্যক্তিরা “ঈশ্বরনিযুক্ত,” এবং তারা আইন তৈরি ও কার্যকর করে। পৌল লিখেছিলেন: “সদাচরণের নিমিত্ত তিনি তোমার পক্ষে ঈশ্বরেরই পরিচারক। কিন্তু যদি মন্দ আচরণ কর, তবে ভীত হও, কেননা তিনি বৃথা খড়গ ধারণ করেন না; কারণ তিনি ঈশ্বরের পরিচারক, যে মন্দ আচরণ করে, ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা।” যেহেতু এটি বৈধ ক্রিয়াকলাপ সম্পাদন করে, তাই খ্রীষ্টানেরা ‘কর্ত্তৃত্বের প্রতিরোধ’ করে না, কারণ তারা ‘এর প্রতিরোধ করতে’ এবং বিচারাজ্ঞা প্রাপ্ত হতে চায় না।—রোমীয় ১৩:১-৪; তীত ৩:১.
বিষয়গুলিতে ভারসাম্য রেখে, তারা কৈসরের নির্দিষ্ট চাহিদাগুলির বশীভূত হতে পারে কি না, তা খ্রীষ্টানদের বিবেচনা করা উচিত। পৌল পরামর্শ দিয়েছিলেন: “যাহার [প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষ] যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর।” (রোমীয় ১৩:৭) অর্থ বিষয়ক করের ক্ষেত্রেও এটি স্পষ্ট। (মথি ২২:১৭-২১) যদি কৈসর বলেন যে নাগরিকদের রাস্তা পরিষ্কার অথবা অন্যান্য কাজ যা কৈসরের কার্যপ্রণালীর মধ্যে পড়ে তা করতে তাদের অবশ্যই সময় এবং প্রচেষ্টা দিতে হবে, তাহলে প্রত্যেক খ্রীষ্টানকে অবশ্যই সে বশীভূত হবে কি না তা স্থির করতে হবে।—মথি ৫:৪১.
কিছু খ্রীষ্টানেরা জুরির কাজকে সাধারণ অর্থে কৈসরের যা, তা কৈসরকে দেওয়া বলে মনে করে। (লূক ২০:২৫) জুরির কাজের দায়িত্ব হচ্ছে প্রমাণ সম্বন্ধে শোনা এবং বাস্তব তথ্য অথবা আইনের উপর একটি সৎ মতামত প্রদান করা। উদাহরণস্বরূপ, ১২ থেকে ২৩ জন সদস্য বিশিষ্ট জুরির দলে জুরিবর্গ স্থির করেন যে, প্রমাণ কাউকে বিচারে আনতে অনুমোদন করে কি না; তারা দোষকে নির্ধারণ করে না। একটি সাধারণ বিচার সম্বন্ধে কী বলা যায়? একটি বেসামরিক মামলার ক্ষেত্রে জুরি হয়ত ক্ষতি অথবা ক্ষতিপূরণ সম্বন্ধে রায় ঘোষণা করতে পারেন। একটি অপরাধমূলক মামলায় প্রমাণ এক দোষ বিষয়ক রায়কে সমর্থন করে কি না, সেই সম্বন্ধে নির্ধারণ করতে হয়। কখনও কখনও তারা আইনের দ্বারা নির্ধারিত কোন্ শাস্তিদণ্ডটি প্রয়োগ করা উচিত সেই বিষয়ে সুপারিশ করে। তারপর সরকার “যে মন্দ আচরণ করে, ক্রোধ সাধনের জন্য” অথবা “দুরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত” তার কর্তৃত্ব ব্যবহার করেন।—১ পিতর ২:১৪.
যদি একজন খ্রীষ্টান মনে করে যে তার বিবেক কোন একটি নির্দিষ্ট জুরির কাজে অংশ নিতে অনুমোদন করছে না, সে ক্ষেত্রে কী? বাইবেল জুরির কাজ সম্বন্ধে উল্লেখ করে না, তাই সে বলতে পারে না, ‘যে কোন জুরিতে কাজ করা আমার ধর্মবিরোধী।’ মামলার উপর ভিত্তি করে, তিনি হয়ত বলতে পারেন যে কোন একটি নির্দিষ্ট মামলার জন্য জুরিতে কাজ করা তার ব্যক্তিগত বিবেক বিরুদ্ধ কাজ। সেটি হতে পারে যদি একটি মামলা যৌন অনৈতিকতা, গর্ভপাত, নরহত্যা, অথবা অন্য কোন বিষয়ে হয়, যে বিষয়গুলিতে তার চিন্তাধারা বাইবেলের জ্ঞান দ্বারা পরিচালিত জাগতিক আইন দ্বারা নয়। তবুও, বাস্তবে এটি খুবই সম্ভব যে, যে বিচারটির জন্য সে নির্বাচিত হয়েছে তা এইধরনের বিষয়গুলিকে জড়িত করে না।
একজন পরিপক্ব খ্রীষ্টান আরও বিবেচনা করবেন যে, বিচারকদের দ্বারা প্রদানকৃত শাস্তির ব্যাপারে তিনি কোন দায়িত্ব গ্রহণ করবেন কি না। (তুলনা করুন আদিপুস্তক ৩৯:১৭-২০; ১ তীমথিয় ৫:২২.) যদি একটি অপরাধের রায় ভুল হয় এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়, তবে জুরির অন্তর্ভুক্ত একজন খ্রীষ্টান কি রক্তদোষের অংশীদার হবেন? (যাত্রাপুস্তক ২২:২; দ্বিতীয় বিবরণ ২১:৮; ২২:৮; যিরমিয় ২:৩৪; মথি ২৩:৩৫; প্রেরিত ১৮:৬) যীশুর বিচারে পীলাত “এই ধার্ম্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে . . . নির্দোষ” হতে চেয়েছিলেন। যিহূদীরা নির্দ্বিধায় বলেছিল: “উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্ত্তুক।”—মথি ২৭:২৪, ২৫.
যদি একজন খ্রীষ্টান সরকারের নির্দেশ অনুযায়ী জুরির কাজের জন্য উপস্থিত হন, কিন্তু তার ব্যক্তিগত বিবেকের কারণে কোন একটি নির্দিষ্ট মামলায় বিচারকের সনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও কাজ করতে অস্বীকার করেন, তবে সেই খ্রীষ্টানের তার পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত—সেটি জরিমানা অথবা কারাদণ্ড হতে পারে।—১ পিতর ২:১৯.
চূড়ান্ত বিশ্লেষণে, জুরির কাজের সম্মুখীন হন এমন প্রত্যেক খ্রীষ্টানকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে বাইবেল এবং তার নিজ বিবেকের বোধগম্যতার উপর ভিত্তি করে, কোন্ পথ তিনি অনুসরণ করবেন। কিছু খ্রীষ্টানেরা জুরির কাজের জন্য উপস্থিত হয়েছেন এবং কিছু নির্দিষ্ট জুরিতে কাজও করেছেন। অন্যেরা শাস্তির মুখেও তা অস্বীকার করার জন্য বাধ্যতা অনুভব করেছেন। নিজের জন্য প্রত্যেক খ্রীষ্টানকে স্থির করতে হবে, যে সে কী করবে এবং অন্যদের তার সিদ্ধান্তের সমালোচনা করা উচিত নয়।—গালাতীয় ৬:৫.