যুবক-যুবতীরা যারা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে
“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর।”—উপদেশক ১২:১.
১. একটি ১১ বছর বয়স্ক ছেলে কোন্ অভিব্যক্তি প্রকাশ করে যা দেখায় যে আমাদের সৃষ্টিকর্তা তার কাছে বাস্তব?
কতই না উত্তম যখন যুবক-যুবতীরা সেইভাবে কথা বলে এবং কাজ করে যা দেখায় যে তারা যিহোবা ঈশ্বরকে এক বাস্তব ব্যক্তি হিসাবে গণ্য করে থাকে, যাকে তারা শ্রদ্ধা করে ও সন্তুষ্ট করতে চায়! ১১ বছর বয়স্ক একটি ছেলে বলেছিল: “যখন আমি একা থাকি এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকাই, আমি লক্ষ্য করি যিহোবার সৃষ্টি কত চমৎকার। এরপর আমি কল্পনা করি ভবিষ্যতে পরমদেশ কত সুন্দর হবে এবং সেখানে কিভাবে আমি পশুদের স্পর্শ করতে পারব।” (যিশাইয় ১১:৬-৯) সে আরও বলেছিল: “যখন আমি একা থাকি, আমি যিহোবার কাছে প্রার্থনা করি। আমি জানি যে সর্বক্ষণ তাঁর সাথে কথা বলার জন্য তিনি আমার উপর বিরক্ত হবেন না। আমি জানি তিনি সবসময় আমার উপর লক্ষ্য রাখছেন।” আমাদের সৃষ্টিকর্তা কি তোমার কাছেও একইরকম বাস্তব যেমন তিনি এই ছেলেটির কাছে ছিলেন?
তোমার কাছে ঈশ্বর কতখানি বাস্তব?
২. (ক) কিভাবে আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে বাস্তব হতে পারেন? (খ) ঈশ্বর যে একজন বাস্তব ব্যক্তি তা তাদের সন্তানদের উপলব্ধি করতে সাহায্যের জন্য পিতামাতার কী ভূমিকা থাকতে পারে?
২ যিহোবা এবং তাঁর প্রতিজ্ঞাগুলি তোমার কাছে বাস্তব হতে হলে অবশ্যই প্রথমে তোমাকে তাঁর সম্বন্ধে এবং ধার্মিক নতুন জগতে এক অপূর্ব ভবিষ্যৎ, যা তিনি তোমাকে প্রদান করবেন যেমন বাইবেল বর্ণনা করে সেই সম্বন্ধে জানতে হবে। (প্রকাশিত বাক্য ২১:৩, ৪) যদি তোমার পিতামাতা এইসমস্ত বিষয় তোমাকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে তোমার কৃতজ্ঞ হওয়ার কারণ রয়েছে, যেহেতু এটি তোমাকে অনুপ্রাণিত আদেশের প্রতি মনোযোগী হতে সক্ষম করে: “তুমি . . . আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (উপদেশক ১২:১) একজন যুবতী তার পিতামাতার প্রারম্ভিক প্রশিক্ষণের বিষয়ে বলেছিল: “জীবনের সমস্ত কিছু সর্বদা যিহোবার কাছেই ফিরে আসত। এটিই ছিল আমার সৃষ্টিকর্তাকে মনে রাখার চাবিকাঠি।” অন্য আরেকজন যুবতী নারী মন্তব্য করেছিল: “যিহোবা যে একজন বাস্তব ব্যক্তি আমাকে তা শিক্ষা দেওয়ার জন্য আমি চিরকাল আমার পিতামাতার কাছে কৃতজ্ঞ থাকব। তারা আমাকে দেখিয়েছিলেন যে কিভাবে তাঁকে ভালবাসতে হয় এবং তাঁকে পূর্ণ-সময় সেবা করার আনন্দ সম্বন্ধে বলেছিলেন।”
৩, ৪. যিহোবাকে একজন বাস্তব ব্যক্তি হিসাবে চিন্তা করতে কী আপনাকে সাহায্য করতে পারে?
৩ তৎসত্ত্বেও, অনেকের পক্ষে ঈশ্বরকে এক সেইরূপ বাস্তব ব্যক্তি হিসাবে কল্পনা করা কষ্টকর যিনি তাদের প্রতি আগ্রহী। তুমিও কি তাই মনে কর? ব্যক্তিগতভাবে যিহোবা সম্বন্ধে চিন্তা করতে একজন যুবক সাহায্য পেয়েছিল প্রহরীদুর্গ পত্রিকার এই মন্তব্যটির দ্বারা: “যিহোবা ঈশ্বরের দেহ কত বৃহৎ, আমরা তা জানি না।” অবশ্যই, ঈশ্বরের মহত্ত্ব তাঁর আয়তন অথবা আকারের উপর নির্ভর করে না, যেমন ঐ প্রহরীদুর্গ পত্রিকার পরবর্তী বাক্যটি বলেছিল: “তাঁর প্রকৃত বিশালতা নির্ভর করে তিনি কিধরনের ঈশ্বর তার উপর,” প্রকৃতই, তিনি একজন বিশ্বস্ত, করুণাময়, প্রেমময় এবং ক্ষমাশীল ঈশ্বর।a (যাত্রাপুস্তক ৩৪:৬; দ্বিতীয় বিবরণ ৩২:৪; গীতসংহিতা ৮৬:৫; যাকোব ৫:১১) তুমি কি যিহোবাকে এইরকম একজন ব্যক্তি হিসাবে গণ্য কর, একজন নির্ভরযোগ্য বন্ধু যার সাথে তুমি একটি মূল্যবান সম্পর্ক স্থাপন করতে পার?—যিশাইয় ৪১:৮; যাকোব ২:২৩.
৪ যীশু তাঁর প্রাথমিক অনুগামীদের ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক উপভোগ করতে সাহায্য করেছিলেন। তাই যখন প্রেরিত যোহন স্বর্গীয় জীবনে তার প্রত্যাশিত পুনরুত্থান সম্বন্ধে লেখেন, তিনি মন্তব্য করেছিলেন: “আমরা [ঈশ্বরের] সমরূপ হইব; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব।” (১ যোহন ৩:২; ১ করিন্থীয় ১৫:৪৪) বর্তমানে যুবক-যুবতীদেরও সাহায্য করা যেতে পারে একজন বাস্তব ব্যক্তি হিসাবে ঈশ্বরকে গণ্য করতে যাঁকে তারা উত্তমভাবে জানতে পারে যদিও তারা ব্যক্তিগতভাবে তাঁকে দেখতে পায় না। একজন যুবক ব্যক্তি উল্লেখ করেছিল: “আমার পিতামাতা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার দ্বারা যিহোবাকে স্মরণে রাখতে আমাকে সাহায্য করতেন, যেমন ‘যিহোবা কী বলেছেন? কিভাবে তুমি তোমার নিজের কথায় তা ব্যাখ্যা করবে? এর অর্থ কী?’” এইধরনের প্রশ্নগুলি কি ঈশ্বরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক সম্বন্ধে চিন্তা করতে পরিচালিত করে না?
স্মরণ করা বলতে কী বোঝায়
৫. বাইবেলের কোন্ উদাহরণগুলি দেখায় যে কাউকে স্মরণ করা, তার নাম মনে করার চেয়ে আরও বেশি কিছু অন্তর্ভুক্ত করে?
৫ ‘তুমি . . . আপন সৃষ্টিকর্তাকে স্মরণ কর,’ এই আদেশের প্রতি মনোযোগ দেওয়ার অর্থ যিহোবা সম্বন্ধে কেবলমাত্র চিন্তা করার চেয়ে আরও বেশি কিছু। এর অন্তর্ভুক্ত হল কাজ অর্থাৎ যা তাঁকে সন্তুষ্ট করে তা করা। যখন অপরাধীটি যীশুকে অনুরোধ করেছিল, “আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন,” সে চেয়েছিল তার নাম স্মরণ করার চেয়ে যীশু যেন আরও বেশি কিছু করেন। সে চেয়েছিল যীশু যেন কাজ করেন, তাকে পুনরুত্থিত করেন। (লূক ২৩:৪২) একইভাবে, বন্দী যোষেফ তার পক্ষে কিছু সক্রিয় কাজ করা হোক সেটিই প্রত্যাশা করেছিলেন, যখন তিনি ফরৌণের কাছে তার কথা স্মরণ করতে ফরৌণের পানপাত্রবাহককে বলেছিলেন। আর যখন ইয়োব ঈশ্বরের কাছে যাচ্ঞা করেছিলেন, “আমাকে স্মরণ কর,” তখন ইয়োব অনুরোধ করছিলেন যে ভবিষ্যতে কোন এক সময়ে তাকে পুনরুত্থিত করার জন্য ঈশ্বর কাজ করবেন।—ইয়োব ১৪:১৩; আদিপুস্তক ৪০:১৪, ২৩.
৬. কিভাবে “স্মরণ” এর ইব্রীয় শব্দটি বস্তু অথবা ব্যক্তির, যাকে স্মরণ করা হয়েছে তার প্রতি অনুরাগকে ইঙ্গিত করে?
৬ একটি বিশেষজ্ঞ সূত্র জানায়, যে ইব্রীয় শব্দটি “স্মরণ কর” হিসাবে অনুবাদ করা হয়েছে তা প্রায়ই ইঙ্গিত করে “মনের অনুরাগ এবং কাজ যার সাথে অনুস্মৃতি যুক্ত।” “স্মরণ কর” শব্দটির মধ্যে “অনুরাগ” এর নিহিতার্থ প্রান্তরে ‘মিশ্রিত লোকেদের’ উক্তি থেকে দেখা যায়: “আমরা মিসর দেশে . . . যে যে মাছ খাইতাম, তাহা . . . মনে পড়িতেছে!” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) ঠিক যেমন ইয়োব যাচ্ঞা করেছিলেন যেন ঈশ্বর সন্তোষজনকভাবে তাকে স্মরণ করেন, তেমনি হিষ্কিয়, নহিমিয়, দায়ূদ এবং একজন অজ্ঞাতনামা গীতরচকও তাদের বিশ্বস্ততার শনাক্তিকরণস্বরূপ মিনতি করেছিলেন যিহোবা যেন অনুরাগসহ তাদের স্মরণ করেন।—গণনাপুস্তক ১১:৪, ৫; ২ রাজাবলি ২০:৩; নহিমিয় ৫:১৯; ১৩:৩১; গীতসংহিতা ২৫:৭; ১০৬:৪.
৭. যদি আমরা অনুরাগসহ ঈশ্বরকে স্মরণ করি, তাহলে এটি কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করবে?
৭ অতএব আমরা জিজ্ঞাসা করতে পারি, ‘আমরা কি অনুরাগসহ আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং যা কিছু তাঁকে আঘাত করে বা ব্যথার কারণস্বরূপ হয় তা করা থেকে বিরত থাকি?’ একজন যুবতী মন্তব্য করেছিল: “মা আমাকে সাহায্য করেছিলেন উপলব্ধি করতে যে যিহোবার অনুভূতি আছে এবং ছোটবেলা থেকেই, আমি অবগত ছিলাম যে আমার কাজ তাঁকে প্রভাবিত করবে।” (গীতসংহিতা ৭৮:৪০-৪২) আরেকজন ব্যাখ্যা করেছিল: “আমি জানতাম যে আমার কাজগুলি যিহোবার প্রতি শয়তানের প্রতিদ্বন্দ্বিতার উত্তরকে হয় সাহায্য অথবা ব্যাহত করবে। আমি যিহোবার হৃদয়কে আনন্দিত করতে চাইতাম, তাই এটি আমাকে ক্রমাগত সাহায্য করেছিল এবং বর্তমানেও আমাকে সাহায্য করে চলেছে।”—হিতোপদেশ ২৭:১১.
৮. (ক) কোন্ অনুধাবন নির্দেশ করবে যে আমরা যিহোবাকে অনুরাগসহ স্মরণ করি? (খ) কোন্ প্রশ্নগুলি যুবক-যুবতীরা বিজ্ঞতার সাথে বিবেচনা করবে?
৮ এটি অবশ্যই স্বীকার্য যে, এই দুষ্ট জগতে, যিহোবাকে যে কার্যাবলী সন্তুষ্ট করে তাতে পরিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে তাঁকে স্মরণ করা সবসময় সহজ নয়। তবুও এটি কতই না উত্তম হবে যদি তুমি প্রথম শতাব্দীর যুবক তীমথিকে অনুকরণ করতে পার—আর বর্তমানের হাজার হাজার ঈশ্বর-ভয়শীল যুবক-যুবতীরা যারা অনুল্লেখিত থেকে গেছে—একজন অগ্রগামী পরিচারক হিসাবে পূর্ণ-সময়ের খ্রীষ্টীয় পরিচর্যা অনুধাবন করার মাধ্যমে! (প্রেরিত ১৬:১-৩; ১ থিষলনীকীয় ৩:২) যাইহোক, এটি হয়ত জিজ্ঞাসা করা যেতে পারে, অগ্রগামীর পরিচর্যায় নিজেকে সমর্থন করতে তুমি কি সক্ষম? আর তুমি যদি বিবাহিত হও, তোমার পরিবারে যারা আছে তাদের জন্য প্রয়োজনীয় বস্তুর ব্যবস্থা করার দক্ষতা কি তোমার রয়েছে? (১ তীমথিয় ৫:৮) এগুলি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি অত্যাবশ্যক যে তুমি এগুলিকে গম্ভীরভাবে বিবেচনা করবে।
একটি উদ্দেশ্যসহ শিক্ষা
৯. জাগতিক শিক্ষার বিষয়ে যুবক-যুবতীরা কোন্ সিদ্ধান্তের সম্মুখীন হয়?
৯ যেহেতু মানব সমাজ আরও জটিল হচ্ছে, অগ্রগামীর কাজে নিজেকে সমর্থন করতে উপযুক্ত চাকুরি পাওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে বিদ্যালয় শিক্ষার প্রয়োজন হতে পারে। তুমি হয়ত লক্ষ্য করেছ যে কারও কারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থাকা সত্ত্বেও নতুন দক্ষতা অর্জন করার জন্য পুনরায় শিক্ষা নিতে হয়েছে যা বর্তমানের নিয়োগকারীরা মূল্য দিয়ে থাকেন। সুতরাং যুবক-যুবতীরা তোমরা যারা ঈশ্বরকে খুশি করতে চাও তোমাদের কতখানি শিক্ষা অর্জন করা প্রয়োজন? সিদ্ধান্তটি উপযুক্তভাবে নেওয়া উচিত এই অনুপ্রাণিত আদেশটি মনে রেখে: ‘তুমি . . . আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর।’
১০. সর্বোত্তম শিক্ষা কী যা আমরা গ্রহণ করতে পারি?
১০ তুমি অবশ্যই সেই শিক্ষার অনুধাবন করতে চাইবে, যা এমনকি জগতের অনেক বিশেষজ্ঞেরাও সর্বোত্তম বলে বিবেচনা করেন—অর্থাৎ সেই শিক্ষা যা ঈশ্বরের বাক্যের মনোযোগী অধ্যয়নের দ্বারা উৎপন্ন হয়ে থাকে। জার্মান লেখক জোয়েন ওল্ফগেন ভন গয়েথ লিখেছিলেন: “[লোকের] বৌদ্ধিক প্রগতি যত বেশি হবে, ততই বাইবেলকে শিক্ষার ভিত্তি এবং উপকরণ হিসাবে প্রয়োগ করা আরও পরিপূর্ণভাবে সম্ভব হবে।” হ্যাঁ, বাইবেলের অধ্যয়ন তোমাকে জীবনের জন্য অন্য যে কোন শিক্ষার চেয়ে আরও উত্তমভাবে সজ্জীভূত করবে।—হিতোপদেশ ২:৬-১৭; ২ তীমথিয় ৩:১৪-১৭.
১১. (ক) সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন্ কাজ আমরা করতে পারি? (খ) কেন একজন যুবতী অতিরিক্ত শিক্ষা লাভ করাকে বেছে নিয়েছিল?
১১ যেহেতু ঈশ্বরের জ্ঞান জীবন-দানকারী, তাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা তুমি করতে পার তা হল অন্যান্যদের সাথে এই জ্ঞান বন্টন করা। (হিতোপদেশ ৩:১৩-১৮; যোহন ৪:৩৪; ১৭:৩) কিন্তু, এটিকে কার্যকারীভাবে করতে হলে তোমার মৌলিকভাবে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে। তোমার স্পষ্টভাবে চিন্তা করা, যুক্তিপূর্ণভাবে কথা বলা এবং ভালভাবে লিখতে ও পড়তে সক্ষম হওয়ার প্রয়োজন রয়েছে—দক্ষতাগুলি যা বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। সুতরাং গুরুত্বের সাথে তোমার বিদ্যালয়ের শিক্ষাধারাকে গ্রহণ কর যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসকারী ট্রেসি নামে এক যুবতী করেছিল, যে উচ্চবিদ্যালয় থেকে পাণ্ডিত্যপূর্ণ সম্মান সহকারে স্নাতক উপাধি লাভ করে। সে তার আশা ব্যক্ত করেছিল: “ঈশ্বর যিহোবার একজন পূর্ণ-সময়ের দাস হওয়ার লক্ষ্য আমার সবসময়ই ছিল এবং আমি আশা করি আমার শিক্ষা এই লক্ষ্য অর্জন করতে আমাকে সাহায্য করবে।”
১২. যদি অতিরিক্ত জাগতিক শিক্ষাকে বেছে নেওয়া হয়, তাহলে তা কোন্ উদ্দেশ্য পরিপূর্ণ করতে সাহায্য করতে পারে?
১২ তোমরা কি চিন্তা করেছ যে কেন তুমি বিদ্যালয়ে যাও? এটি কি প্রধানত যিহোবার একজন কার্যকারী পরিচারক হতে নিজেকে সজ্জীভূত করার জন্য? যদি তাই হয়, তাহলে তোমার শিক্ষা এই উদ্দেশ্যকে কত উত্তমভাবে সম্পন্ন করে তার প্রতি তুমি গুরুত্বপূর্ণ বিবেচনা দিতে চাইবে। তোমার পিতামাতার সাথে পরামর্শ করার পর, এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে সর্বনিম্ন আইনসম্মত চাহিদার উর্ধ্বে কতটুকু শিক্ষা তোমার নেওয়া উচিত। এইধরনের অতিরিক্ত শিক্ষা হয়ত নিজেকে সমর্থন করার জন্য চাকুরি অর্জন করতে এবং রাজ্যের কার্যাবলীতে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য তোমাকে সময় ও শক্তি ব্যয় করতে অনুমতি দেয়।—মথি ৬:৩৩.
১৩. কিভাবে রাশিয়ার দুই জন খ্রীষ্টান তাদের জীবনের উদ্দেশ্যকে প্রদর্শন করেছিল, যারা সম্পূরক শিক্ষাকে অনুধাবন করে?
১৩ কিছুজন যারা সম্পূরক শিক্ষা অনুধাবন করছে তারা এমনকি অতিরিক্ত বিদ্যালয় শিক্ষা গ্রহণ করার সাথে সাথে পূর্ণ-সময়ের পরিচর্যায় রত আছে। রাশিয়ার মস্কোতে দুই জন তরুণী, নাদিয়া এবং মারিনার কথা বিবেচনা কর। উভয়েই ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাপ্তিস্মিত হয় এবং সহায়ক অগ্রগামী পরিচারক হিসাবে সেবা শুরু করে। এর কিছু পরেই তারা উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হয় এবং দুই বছরের হিসাবরক্ষণ কোর্সে ভর্তি হয়। ১৯৯৫ সালের মে মাসে তারা নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করে, তৎসত্ত্বেও তারা তাদের হিসাবরক্ষণের ক্লাসে গড়মান ক বজায় রেখেছিল। এছাড়াও, তারা প্রতি সপ্তাহে গড়ে ১৪টি বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে সক্ষম ছিল যদিও তারা তখনও বিদ্যালয়ে যেত। মেয়ে দুটি আশা করে যে হিসাবরক্ষণের উপর তাদের শিক্ষা উপযুক্ত চাকুরি খুঁজে পেতে তাদের সক্ষম করবে, যাতে করে তারা পূর্ণ-সময়ের পরিচর্যার কাজে নিজেদের সমর্থন করতে পারে।
১৪. আমরা যতটুকুই জাগতিক শিক্ষাই বেছে নিই না কেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হওয়া উচিত?
১৪ যদি তুমি আইনসম্মত চাহিদার উর্ধ্বে জাগতিক শিক্ষা অনুধাবন কর, তাহলে বিজ্ঞতার সাথে তা করার কারণ পরীক্ষা কর। এটি কি নিজের নাম করা এবং বস্তুগত ধনসম্পদ পাওয়ার জন্য? (যিরমিয় ৪৫:৫; ১ তীমথিয় ৬:১৭) অথবা তোমার লক্ষ্য কি এই সম্পূরক শিক্ষাকে যিহোবার পরিচর্যায় আরও পূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য ব্যবহার করা? লিডিয়া নামে এক যুবতী, যে অতিরিক্ত শিক্ষা অনুধাবন করা বেছে নিয়েছিল, এই বিষয়টি ব্যাখ্যা করে আধ্যাত্মিক বিষয়ের উপর এক উত্তম দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছিল: “অন্যেরা উচ্চশিক্ষা অনুধাবন করে ও বস্তুবাদিতাকে বাধাস্বরূপ হতে দেয় এবং তারা ঈশ্বরকে পরিত্যাগ করে। ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” আমাদের সকলের জন্য কতই না এক প্রশংসনীয় মনোভাব!
১৫. প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের মধ্যে শিক্ষাগত পটভূমির কোন্ বিভিন্নতা ছিল?
১৫ তাৎপর্যপূর্ণভাবে, প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের শিক্ষাগত পটভূমি ব্যাপক বৈচিত্র্যপূর্ণ ছিল। উদাহরণস্বরূপ, প্রেরিত পিতর এবং যোহন “অশিক্ষিত সামান্য” লোক বলে গণ্য হয়েছিলেন কারণ তারা রব্বিদের বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হননি। (প্রেরিত ৪:১৩) অন্যদিকে, প্রেরিত পৌল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সমতুল্য শিক্ষা লাভ করেছিলেন। তৎসত্ত্বেও, পৌল সেই শিক্ষাকে তার প্রতি মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করেননি; বরঞ্চ, যখন তিনি জীবনের বিভিন্ন স্তরের লোকেদের কাছে প্রচার করেছিলেন তখন এটি সম্পদ হিসাবে কাজ করেছিল। (প্রেরিত ২২:৩; ১ করিন্থীয় ৯:১৯-২৩; ফিলিপীয় ১:৭) একইভাবে, মনহেম যিনি “জেলা শাসক হেরোদের সাথে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন” তিনি তাদের মধ্যে ছিলেন যারা আন্তিয়খিয়ার মণ্ডলীতে নেতৃত্ব নিয়েছিলেন।—প্রেরিত ১৩:১, NW.
তোমার আর্থিক-সংস্থান কেন বিজ্ঞতার সাথে পরিচালনা করবে?
১৬. (ক) যদি আমরা ঋণগ্রস্ত হই তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয়ত কেন কঠিন হতে পারে? (খ) কিভাবে যীশুর দৃষ্টান্তগুলির মধ্যে একটি আমাদের ব্যয় করার পূর্বে বিবেচনার গুরুত্বকে প্রকাশ করে?
১৬ যদি তুমি বিজ্ঞতার সাথে তোমার আর্থিক-সংস্থান পরিচালনা করতে ব্যর্থ হও, তাহলে তোমার সৃষ্টিকর্তার সন্তুষ্টিজনক কাজ করে তাঁকে স্মরণ করা হয়ত কঠিন হতে পারে। যদি তুমি ঋণগ্রস্ত হও, তাহলে বলা যায় যে তোমার আরেকটি প্রভু রয়েছে। বাইবেল ব্যাখ্যা করে: “ঋণী মহাজনের দাস হয়।” (হিতোপদেশ ২২:৭) যীশুর একটি দৃষ্টান্ত, খরচের পূর্বে বিবেচনা করার গুরুত্বকে আলোকপাত করে। যীশু বলেছিলেন: “দুর্গ নির্ম্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে, সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কি না? কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহা দেখিবে, সকলে তাহাকে বিদ্রূপ করিতে আরম্ভ করিবে।”—লূক ১৪:২৮, ২৯.
১৭. একজনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা প্রায়ই কেন কষ্টকর হয়?
১৭ সুতরাং, তুমি বিজ্ঞতার সাথে “কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও” এই শাস্ত্রীয় নীতির মাধ্যমে জীবনযাপন করার চেষ্টা করবে। (রোমীয় ১৩:৮) কিন্তু এটি করা কঠিন, বিশেষ করে যখন কোন নতুন সামগ্রীর ক্রমাগত সরবরাহের সম্মুখীন হও যার বিজ্ঞাপনকারীরা বলে যে তোমার সত্যিই এটি প্রয়োজন। এক পিতা, যিনি বিচক্ষণতা অনুশীলন করতে তার সন্তানদের সাহায্য করেন, মন্তব্য করেছিলেন: “প্রয়োজন কী এবং চাওয়া কী এই বিষয়ে আলোচনায় আমরা অনেক সময় কাটিয়েছি।” দায়িত্বশীল পন্থায় কিভাবে আর্থিক-সংস্থান পরিচালনা করা যায় সে বিষয়ে থাকা কোন নির্দেশনা সম্বন্ধে অল্পই জানিয়ে বিদ্যালয়গুলি সাধারণতঃ এই বিষয়গুলি শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। “আমরা উচ্চবিদ্যালয় থেকে স্নাতক উপাধি লাভ করে কিভাবে সঞ্চয় করতে হয় তার চেয়ে বেশি একটি সমদ্বিবাহু ত্রিভূজ সম্বন্ধে জেনেছি,” একজন সমাজ কর্মী উল্লেখ করেছিলেন। তাহলে, কী তোমাকে বিজ্ঞতার সাথে ব্যয় করতে সাহায্য করতে পারে?
১৮. আর্থিক সংস্থানের বিজ্ঞ পরিচালনার চাবিকাঠি কী এবং কেন?
১৮ ‘তুমি . . . আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর,’ পরামর্শটির প্রতি মনোযোগই হল তোমার আর্থিক সংস্থানের বিজ্ঞ পরিচালনার চাবিকাঠি। কারণ যখন তুমি এই আদেশ পালন কর, তখন যিহোবাকে সন্তুষ্ট করা তোমার প্রাথমিক বিষয় এবং তাঁর প্রতি তোমার অনুরাগ কিভাবে তুমি তোমার টাকা ব্যয় করছ তাকে প্রভাবিত করে। এর ফলে, তুমি ঈশ্বরকে পূর্ণ-হৃদয়ে ভক্তি করার উপর তোমার ব্যক্তিগত চাহিদাকে হস্তক্ষেপ করতে অনুমতি না দেওয়ার চেষ্টা করবে। (মথি ১৬:২৪-২৬) তুমি তোমার চোখকে “সরল” রাখার জন্য কঠোর প্রচেষ্টা করবে, যা হল স্পষ্টভাবে ঈশ্বরের রাজ্যের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করা এবং তাঁর ইচ্ছা পালন করা। (মথি ৬:২২-২৪) এইভাবে আপনি এই ঐশিক উপদেশকে “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে” এক আনন্দপূর্ণ সুযোগ হিসাবে দৃষ্টিগোচর করবে।—হিতোপদেশ ৩:৯.
অনুকরণের যোগ্য যুবক-যুবতীরা
১৯. অতীতে যুবক-যুবতীরা কিভাবে তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করেছিল?
১৯ আনন্দের বিষয় যে, অতীত এবং বর্তমানের অনেক যুবক-যুবতীরা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে। বালক শমূয়েল যাদের সাথে সেবা করতেন তাদের অনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও সমাগম-তাম্বুর কাজে দৃঢ় ছিলেন। (১ শমূয়েল ২:১২-২৬) পোটীফরের স্ত্রী, এক আকর্ষক প্রলোভনকারী, যুবক যোষেফকে ব্যভিচার করার জন্য প্রলুব্ধ করতে পারেনি। (আদিপুস্তক ৩৯:১-১২) এমনকি যদিও একজন “বালক” ছিলেন, যিরমিয় কঠোর বিরোধিতার সম্মুখে সাহসের সাথে প্রচার করেছিলেন। (যিরমিয় ১:৬-৮) একটি ছোট ইস্রায়েলীয় মেয়ে নির্ভয়ে এক বলবান অরামীয় সেনা প্রধানকে ইস্রায়েলে সাহায্য অন্বেষণ করতে পরিচালিত করেছিল, যেখানে তিনি যিহোবা সম্বন্ধে শিখতে পেরেছিলেন। (২ রাজাবলি ৫:১-৪) যুবক দানিয়েল এবং তার সাথীরা বিশ্বস্ততা বজায় রেখেছিলেন যখন ঈশ্বরের খাদ্য সংক্রান্ত আইনগুলির জন্য পরীক্ষিত হয়েছিলেন। আর যুবক শদ্রক, মৈশক ও অবেদ্নগো প্রতিমা উপাসনার দ্বারা ঈশ্বরের প্রতি তাদের নিষ্ঠাকে আপোশ করার চেয়ে প্রজ্বলিত অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হওয়া বেছে নিয়েছিলেন।—দানিয়েল ১:৮, ১৭; ৩:১৬-১৮; যাত্রাপুস্তক ২০:৫.
২০. বর্তমানে কিভাবে যুবক-যুবতীরা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করছে?
২০ বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে যিহোবার সাক্ষীদের বিশ্ব প্রধান কার্যালয়ে ১৯ থেকে ২৫ বছর বয়সের ২,০০০ জনেরও বেশি যুবক-যুবতীরা পরিচর্যায় যুক্ত রয়েছে। তারা শুধুমাত্র হাজার হাজার যুবক-যুবতীদের একটি ক্ষুদ্র অংশ যারা জগৎব্যাপী তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। প্রাচীনকালের যোষেফের মত তারা তাদের নৈতিক বিশুদ্ধতাকে আপোশ করতে প্রত্যাখ্যান করেছে। অনেকেই মানুষের চেয়ে ঈশ্বরের বাধ্য হয়েছে, যখন কাকে তারা সেবা করবে তা মনোনয়নের জন্য চাপ দেওয়া হয়েছিল। (প্রেরিত ৫:২৯) ১৯৪৬ সালে পোল্যান্ডে, ১৫ বছর বয়সী হ্যানরিকা যূরকে অত্যাচার করা হয় যখন সে ধর্মীয় প্রতিমাপূজা সংক্রান্ত একটি কাজ করতে প্রত্যাখান করেছিল। একজন পীড়নকারী বলেছিল: “যা তুমি তোমার ভিতরে বিশ্বাস করতে চাও কর, শুধু ক্যাথলিকের ক্রুশের একটি চিহ্ন করে দেখাও।” যেহেতু সে প্রত্যাখান করেছিল তাই তাকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং গুলিবিদ্ধ করা হয়, কিন্তু তার অনন্ত জীবনের নিশ্চিত প্রত্যাশা অক্ষত থাকে!b
২১. কোন্ আমন্ত্রণ গ্রহণ করা বিজ্ঞের কাজ হবে এবং কোন্ পরিণাতসহ?
২১ সেই যুবক-যুবতীদের দ্বারা যিহোবার হৃদয় কতই না উষ্ণ হয় যারা শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁকে স্মরণ করেছে! ‘তুমি . . . আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর’ তুমি কি এই আমন্ত্রণের প্রতি সাড়া দেবে? সত্যিই তিনি তোমার স্মরণের যোগ্য! প্রতিদিন সেই সমস্ত বিষয়ে চিন্তা কর যা তিনি তোমার জন্য করেছেন ও এখনও করবেন এবং তাঁর আমন্ত্রণ গ্রহণ কর: “বৎস, জ্ঞানবান হও; আমার চিত্তকে আনন্দিত কর; তাহাতে যে আমাকে টিট্কারি দেয়, তাহাকে উত্তর দিতে পারিব।”—হিতোপদেশ ২৭:১১.
[পাদটীকাগুলো]
a প্রহরীদুর্গ (ইংরাজি), ডিসেম্বর ১৫, ১৯৫৩, পৃষ্ঠা ৭৫০.
b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত যিহোবার সাক্ষীদের বর্ষপুস্তক ১৯৯৪ (ইংরাজি), পৃষ্ঠা ২১৭-১৮ দেখুন।
আপনি কি মনে করতে পারেন?
◻ ঈশ্বরকে একজন বাস্তব ব্যক্তি হিসাবে দেখতে কিভাবে যুবক-যুবতীরা সাহায্যপ্রাপ্ত হতে পারে?
◻ তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করার অর্থ কী?
◻ আমাদের শিক্ষার কোন্ উদ্দেশ্য সম্পাদন করা উচিত?
◻ বিজ্ঞতার সাথে আমাদের আর্থিক-সংস্থান পরিচালনা করা কেন জরুরী?
◻ কোন্ যুবক-যুবতীরা আপনার অনুকরণের যোগ্য?
[১৭ পৃষ্ঠার চিত্র]
তুমি বিদ্যালয়ে কেন যাও সেই সম্বন্ধে কি তুমি চিন্তা করেছ?
[১৮ পৃষ্ঠার চিত্র]
তুমি কি বিজ্ঞতার সাথে আর্থিক-সংস্থানকে নিয়ন্ত্রণ করা শিখছো?