আপনি পাঠে নিবিষ্ট থাকুন
“আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক।”—১ তীমথিয় ৪:১৩.
১. বাইবেল পাঠ করার দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি?
যিহোবা ঈশ্বর মানবজাতিকে পড়া ও লেখা শিখবার আশ্চর্য সক্ষমতা দিয়েছেন। এছাড়াও তিনি তাঁর বাক্য, বাইবেল সরবরাহ করেছেন যাতে আমরা উত্তমভাবে নির্দেশিত হতে পারি। (যিশাইয় ৩০:২০, ২১) ফলস্বরূপ, এর পৃষ্ঠাগুলি আমাদের ঈশ্বর-ভয়শীল পিতৃপুরুষ যেমন অব্রাহাম, ইস্হাক এবং যাকোব প্রভৃতির সাথে “চলতে” সক্ষম করে। আমরা “দেখতে” পাই এইধরনের ধার্মিক স্ত্রীলোকেদের যেমন সারা, রিবিকা এবং বিশ্বস্ত মোয়াবীয় রূৎ। হ্যাঁ, আর আমরা “শুনতে” পাই যীশু খ্রীষ্ট দত্ত তাঁর পার্বতীয় উপদেশ। পবিত্র শাস্ত্রের এই সমস্ত উপভোগ্য ও মহান্ নির্দেশ আমাদের হতে পারে যদি আমরা উত্তম পাঠক হই।
২. কী ইঙ্গিত করে যে যীশু ও তাঁর প্রেরিতেরা উত্তমভাবে পড়তে পারতেন?
২ সন্দেহাতীতভাবে, সিদ্ধ ব্যক্তি যীশু খ্রীষ্টের পাঠ করার অসাধারণ সক্ষমতা ছিল এবং তিনি নিশ্চয়ই ইব্রীয় শাস্ত্র খুব ভালভাবে জানতেন। তাই যখন দিয়াবলের দ্বারা পরীক্ষিত হন, যীশু বারবার সেগুলি উল্লেখ করেন ও বলেন, “লেখা আছে।” (মথি ৪:৪, ৭, ১০) একটি পরিস্থিতিতে, নাসরতের সমাজ-গৃহে তিনি যিশাইয়র ভবিষ্যদ্বাণীর একটি অংশ জনসমক্ষে পড়েন ও তাঁর নিজের ক্ষেত্রে তা প্রয়োগ করেন। (লূক ৪:১৬-২১) যীশুর প্রেরিতদের সম্বন্ধে কী বলা যায়? তাদের লেখাগুলিতে তারা প্রায়ই ইব্রীয় শাস্ত্র থেকে উদ্ধৃতি করতেন। যদিও যিহূদী নেতারা পিতর ও যোহনকে অশিক্ষিত ও সাধারণ বলে মনে করেছিল যেহেতু তারা ইব্রীয় উচ্চ শিক্ষালয়ে শিক্ষিত হয়নি, তবুও তাদের ঐশিক অনুপ্রাণিত পত্র পরিষ্কারভাবে প্রমাণ দেয় যে তারা উত্তমভাবে পড়তে ও লিখতে পারতেন। (প্রেরিত ৪:১৩) কিন্তু পড়তে পারার ক্ষমতা কি সত্যই গুরুত্বপূর্ণ?
“সুখী যে . . . বাক্য সকল পাঠ করে”
৩. কেন শাস্ত্র ও খ্রীষ্টীয় প্রকাশনাদি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
৩ শাস্ত্র থেকে সঠিক জ্ঞান গ্রহণ ও তা প্রয়োগ করার পরিণতি অনন্ত জীবন হতে পারে। (যোহন ১৭:৩) যিহোবার সাক্ষীরা তাই উপলব্ধি করে, পবিত্র শাস্ত্র এবং অভিষিক্ত খ্রীষ্টানদের বিশ্বস্ত বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে যিহোবার দ্বারা সরবরাহকৃত খ্রীষ্টীয় প্রকাশনাগুলি পাঠ করা অত্যন্ত জরুরি। (মথি ২৪:৪৫-৪৭) প্রকৃতই, বিশেষভাবে প্রস্তুত করা ওয়াচ টাওয়ার প্রকাশনাগুলি ব্যবহার করে সহস্রাধিকেরা পড়তে শিখেছে ও এইভাবে ঈশ্বরের বাক্যের জীবন-দানকারী জ্ঞান অর্জন করতে পেরেছে।
৪. (ক) সুখ কেন ঈশ্বরের বাক্য পাঠ করা, অধ্যয়ন করা ও প্রয়োগ করার ফলস্বরূপ? (খ) পাঠ করা সম্বন্ধে পৌল তীমথিয়কে কী বলেছিলেন?
৪ ঈশ্বরের বাক্য পাঠ করা, অধ্যয়ন করা ও প্রয়োগ করার ফলস্বরূপ আনন্দ আসে। এটি এইরকম কারণ এটি করার দ্বারা আমরা ঈশ্বরকে সন্তুষ্ট ও সম্মান করতে পারি, তাঁর আশীর্বাদ পেতে পারি ও আনন্দ উপভোগ করতে পারি। যিহোবা চান তাঁর সেবকেরা সুখী হবে। তাই, তিনি যাজকদের প্রাচীন ইস্রায়েলের লোকেদের কাছে তাঁর নিয়ম পাঠ করতে আদেশ দিয়েছিলেন। (দ্বিতীয় বিবরণ ৩১:৯-১২) যখন নকলনবীশ ইষ্রা ও অন্যান্যেরা যিরূশালেমে সমবেত সমস্ত লোকেদের সাক্ষাতে নিয়ম পাঠ করেছিল, তার অর্থ পরিষ্কার করেছিল তখন তার ফল হয়েছিল “অতিশয় আনন্দ।” (নহিমিয় ৮:৬-৮, ১২) পরবর্তী সময়ে খ্রীষ্টীয় প্রেরিত পৌল তার সহকার্যকারী তীমথিয়কে বলেছিলেন: “আমি যতদিন না আসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক।” (১ তীমথিয় ৪:১৩) অপর একটি অনুবাদ এইভাবে পড়া হয়: “শাস্ত্র পাঠ করিতে নিবিষ্ট থাক।”—নিউ ইন্টারন্যাশনাল ভারসন।
৫. কিভাবে প্রকাশিত বাক্য ১:৩ পদ পাঠ করার সাথে সুখকে সম্বন্ধযুক্ত করে?
৫ প্রকাশিত বাক্য ১:৩ পদে পরিষ্কারভাবে দেখান হয়েছে যে আমাদের সুখ নির্ভর করে ঈশ্বরের বাক্য পাঠ করা ও প্রয়োগ করার উপর। সেখানে আমাদের বলা হয়েছে: “ধন্য [“সুখী,” NW] যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে, ও যাহারা শ্রবণ করে, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে; কেননা কাল সন্নিকট।” হ্যাঁ, প্রকাশিত বাক্য ও সমগ্র শাস্ত্রব্যাপী ঈশ্বরের যে ভবিষ্যদ্বাণীমূলক বাক্য আছে, আমাদের তা উচ্চৈঃস্বরে পাঠ করার ও শোনার প্রয়োজন আছে। প্রকৃতই এক সুখী ব্যক্তি সে, যে “সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।” এর ফল কী হয়? “সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।” (গীতসংহিতা ১:১-৩) তাই, উত্তম কারণেই যিহোবার সংগঠন আমাদের প্রত্যেককে উৎসাহিত করে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং বন্ধুদের সাথে তাঁর বাক্য পাঠ ও অধ্যয়ন করতে।
সক্রিয়ভাবে চিন্তা ও ধ্যান করুন
৬. যিহোশূয়কে কী পাঠ করতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং কিভাবে এটি উপকারী ছিল?
৬ ঈশ্বরের বাক্য ও খ্রীষ্টীয় প্রকাশনাগুলি পাঠ করার দ্বারা কিভাবে আপনি সর্বোত্তম বিষয়টি পেতে পারেন? সম্ভবত এটি করা আপনার জন্য উপকারজনক হবে যেমন প্রাচীন ইস্রায়েলের এক ঈশ্বর-ভয়শীল নেতা যিহোশূয় করেছিলেন। তাকে আদেশ দেওয়া হয়েছিল: “তোমার মুখ হইতে এই ব্যবস্থাপুস্তক বিচলিত না হউক; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্ব্বক সেই সকলের অনুযায়ী কর্ম্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্ব্বক চলিবে।” (যিহোশূয়ের পুস্তক ১:৮) ‘ধ্যান করার’ অর্থ বাক্যগুলিকে চাপাস্বরে নিজের উদ্দেশ্যে বলা। এটি স্মৃতি সহায়ক কারণ এটি মনের উপর প্রভাব ফেলে। যিহোশূয় “দিবারাত্র” অথবা নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পাঠ করেছিলেন। আর এটিই ছিল সফল হওয়া ও ঈশ্বর-দত্ত দায়িত্বগুলি সম্পাদন করার ক্ষেত্রে বুদ্ধিপূর্বক কাজ করার উপায়স্বরূপ। ঈশ্বরের বাক্যের এইধরনের নিয়মিত পাঠ আপনাকেও সমভাবে সাহায্য করতে পারে।
৭. যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করছি তখন কেন তা দ্রুততার দ্বারা প্রভাবিত হতে দেওয়া উচিত নয়?
৭ ঈশ্বরের বাক্য পাঠ করার সময় তাকে দ্রুততার দ্বারা প্রভাবিত হতে দেবেন না। যদি আপনি পরিকল্পনা করেন যে আপনি কিছুটা সময় বাইবেল বা কোন খ্রীষ্টীয় প্রকাশনা পাঠের জন্য ব্যয় করবেন তার জন্য আপনার হয়ত সময় করে নিতে চাওয়া দরকার। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তখন, যখন আপনি কিছু তাৎপর্যপূর্ণ বিষয় মনে রাখার লক্ষ্য রেখে অধ্যয়ন করছেন। আর যখন আপনি পাঠ করেন সক্রিয়ভাবে চিন্তা করুন। বাইবেল লেখকের বিবৃতিটিকে বিশ্লেষন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, ‘তার দৃষ্টিভঙ্গিটি কী? এই তথ্যটির সম্বন্ধে আমার কী করা উচিত?
৮. শাস্ত্র পাঠ করার সময় ধ্যান করা কেন উপকারী?
৮ যখন পবিত্র শাস্ত্র পাঠ করছেন তখন ধ্যান করার জন্য সময় নিন। এটি আপনাকে বাইবেলের বিবরণ স্মরণে আনতে ও শাস্ত্রীয় নীতিগুলি প্রয়োগ করতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্য ধ্যান করা ও সেই বিষয়গুলিকে মনে গেঁথে রাখা আপনাকে হৃদয় থেকে কথা বলতে ও এমন কিছু যার জন্য হয়ত পরে আপনার অনুশোচনা আসতে পারে তা বলার পরিবর্তে আন্তরিক জিজ্ঞাসাকারীদের সঠিক উত্তর দিতে সক্ষম করবে। ঐশিকভাবে অনুপ্রাণিত প্রবাদবাক্য বলে: “ধার্ম্মিকের মন উত্তর করিবার নিমিত্ত চিন্তা করে।”—হিতোপদেশ ১৫:২৮.
পুরনো বিষয়ের সাথে নতুন বিষয়গুলির সংযোগ করুন
৯, ১০. কিভাবে আপনার বাইবেল পাঠ, যা আপনি ইতিমধ্যেই জানেন তার সাথে নতুন বিষয়গুলির সংযুক্তি ঘটিয়ে সমৃদ্ধ হতে পারে?
৯ অধিকাংশ খ্রীষ্টানেরা অবশ্যই স্বীকার করবেন যে একটা সময়ে তারা ঈশ্বর, তাঁর বাক্য এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্বন্ধে অল্পই জানত। কিন্তু, আজকে এই খ্রীষ্টীয় পরিচারকেরা, সৃষ্টি এবং মানুষের পাপে পতিত হওয়া থেকে শুরু করে খ্রীষ্টের বলিদানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারে, এই দুষ্ট বিধিব্যবস্থার ধ্বংস সম্বন্ধে বলতে পারে এবং দেখাতে পারে কিভাবে বাধ্য মানবজাতি পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হবে। এটি বৃহদাকারে সম্ভব হয়েছে কারণ যিহোবার এই সেবকেরা “ঈশ্বরবিষয়ক জ্ঞান” বাইবেল ও খ্রীষ্টীয় প্রকাশনাদি অধ্যয়নের মাধ্যমে গ্রহণ করেছে। (হিতোপদেশ ২:১-৫) তারা ক্রমশ ইতিমধ্যেই বোঝা পুরনো বিষয়গুলির সাথে নতুন শেখা বিষয়গুলির সংযোগসাধন করেছে।
১০ আপনি ইতিমধ্যেই জানেন এমন শাস্ত্রের সাথে নতুন শাস্ত্রীয় বিষয় সমন্বিত করে নেওয়ার বিষয়টি উপকারী ও আশীর্বাদজনক। (যিশাইয় ৪৮:১৭) যখন বাইবেলের নিয়ম, নীতি অথবা এমনকি কিছু দুর্বোধ্য ধারণা উপস্থিত করা হয়, আপনি ইতিমধ্যেই যা জেনেছেন তার সাথে এগুলির সংযোগসাধন করুন। “নিরাময় বাক্যসমূহের আদর্শ” বিষয়ে আপনি যা শিখেছেন তার সাথে এই তথ্যগুলি সংযুক্ত করুন। (২ তীমথিয় ১:১৩) সেই তথ্যগুলির প্রতি দৃষ্টি দিন যা ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করতে, আপনার খ্রীষ্টীয় ব্যক্তিত্বকে উন্নত করতে অথবা অন্যদের সাথে বাইবেল সত্যকে ভাগ করে নিতে সাহায্য করতে পারে।
১১. আপনি কী করতে পারেন যখন আচরণ সম্বন্ধে বাইবেল বলে এমন কিছু পাঠ করছেন? ব্যাখ্যা করুন।
১১ যখন আচরণ সম্বন্ধে বাইবেল যা বলে সেই বিষয় পাঠ করছেন, যে নীতিটি জড়িত আছে সেটি উপলব্ধি করার চেষ্টা করুন। তার উপর ধ্যান করুন এবং স্থির করুন সমরূপ পরিস্থিতিতে আপনি কী করবেন। যাকোবের পুত্র যোষেফ পোটীফরের স্ত্রীর সাথে যৌন অনৈতিকতায় লিপ্ত হওয়াকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন এই বলে: “আমি কিরূপে এই মহা দুষ্কর্ম্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?” (আদিপুস্তক ৩৯:৭-৯) এই মর্মস্পর্শী বিবরণে আপনি দেখতে পান এক সুপ্ত নীতিকে—যৌন অনৈতিকতা হল ঈশ্বরের বিরুদ্ধে পাপ। আপনি ঈশ্বরের বাক্যের অন্যান্য বিবৃতির সাথে এই নীতিটিকে মানসিকভাবে সমন্বিত করতে পারেন এবং এইধরনের অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য প্রলুব্ধ হলে এই বিষয়টি স্মরণ করে উপকৃত হতে পারেন।—১ করিন্থীয় ৬:৯-১১.
শাস্ত্রীয় ঘটনাগুলিকে মনশ্চক্ষে দেখুন
১২. যখন আপনি বাইবেলের বিবরণগুলি পাঠ করছেন তখন সেগুলি মনশ্চক্ষুতে দৃষ্টিগোচর করবেন কেন?
১২ যখন আপনি পাঠ করেন বিষয়গুলি দ্বারা আপনার মনকে প্রভাবিত করার জন্য যা উল্লেখ করা হয়েছে তা মনশ্চক্ষে আনুন। মনে মনে দেখুন সেই ভুখণ্ড, গৃহ ও লোকেদের। তাদের কণ্ঠস্বর শুনুন। উনানে পিষ্টক তৈরি হচ্ছে তার ঘ্রাণ নিন। দৃশ্যগুলি জীবন্ত করে তুলুন। কেবলমাত্র তখনই আপনার পাঠ এক জীবন্ত অভিজ্ঞতা হবে কারণ আপনি হয়ত এক প্রাচীন শহর দেখতে পাবেন, এক অত্যুচ্চ পর্বতে আরোহণ করতে পারবেন, অদ্ভুত সৃষ্টি দেখে বিস্মিত হবেন অথবা মহান্ বিশ্বস্ত পুরুষ ও স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবেন।
১৩. বিচারকর্ত্তৃগণের বিবরণ ৭:১৯-২২ পদে যে বিবরণ দেওয়া আছে আপনি কিভাবে তা বর্ণনা করবেন?
১৩ মনে করুন আপনি বিচারকর্ত্তৃগণের বিবরণ ৭:১৯-২২ পদ পাঠ করছেন। যা ঘটছে তা মনশ্চক্ষে দেখুন। বিচারক গিদিয়োন ও তিনশ সাহসী ইস্রায়েলীয় পুরুষ মিদিয়নীয় শিবিরের প্রান্তে উপস্থিত হয়ে অবস্থান করছে। তখন রাত প্রায় দশটা, “মধ্যপ্রহরের . . . নূতন প্রহরী স্থাপিত” হওয়ার প্রারম্ভ। মিদিয়নীয় প্রহরীরা সবেমাত্র তাদের স্থানে এসেছে এবং ইস্রায়েলের নিদ্রাগত শত্রুদের শিবিরের উপর অন্ধকার ছেয়ে আছে। দেখুন! গিদিয়োন ও তার লোকেরা তূরী নিয়ে প্রস্তুত। তাদের কাছে বড় ঘটও আছে যা বাঁ হাতের মশালকে ঢেকে রেখেছে। হঠাৎ, একশ জন করে বিভক্ত তিনটি দলের প্রত্যেকটি তাদের তূরী বাজায়, ঘট ভাঙে, মশাল ঊর্ধ্বে তুলে ধরে এবং উচ্চৈঃস্বরে বলে: “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়্গ।” আপনি শিবিরের দিকে তাকান। কেন মিদিয়নীয়রা পালাতে ও চিৎকার করতে লাগল! যখন তিনশ লোক তাদের তূরী বাজাতে থাকে, ঈশ্বর মিদিয়নীয়দের একে অপরের বিরুদ্ধে খড়্গ স্থাপন করেন। মিদিয়ন পলায়ন করে আর যিহোবা ইস্রায়েলকে জয় প্রদান করেন।
মূল্যবান উপদেশগুলি শিক্ষা করা
১৪. একটি শিশুকে নম্র হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিচারকর্ত্তৃগণের বিবরণ ৯ অধ্যায় কিভাবে ব্যবহৃত হতে পারে?
১৪ ঈশ্বরের বাক্য পাঠ করার মাধ্যমে আমরা অনেক শিক্ষামূলক বিষয় শিখতে পারি। উদাহরণস্বরূপ, হয়ত আপনি আপনার সন্তানদের নম্র হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রভাবিত করতে চান। হ্যাঁ, এটি সহজ হবে গিদিয়নের পুত্র যোথমের ভবিষ্যদ্বাণীতে যা বলা হয়েছিল তা মনশ্চক্ষে দেখা ও বিষয়টি চিন্তা করা। বিচারকর্ত্তৃগণের বিবরণ ৯:৮ পদ পাঠ করা শুরু করুন। “একদা” যোথম বলে, “বৃক্ষগণ আপনাদের উপরে অভিষেক করণার্থে রাজার অন্বেষণে গমন করিল।” জিতবৃক্ষ, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালতা শাসন করতে অস্বীকার করে। কিন্তু নিম্নশ্রেণীর কন্টকবৃক্ষ শাসক হতে পেরে খুশি হয়। আপনার সন্তানের কাছে উচ্চৈঃস্বরে এই বিবরণটি পাঠ করে আপনি ব্যাখ্যা করতে পারেন যে মূল্যবান গাছগুলি যোগ্য ব্যক্তিদের চিত্রিত করে যারা তাদের সহ-ইস্রায়েলীয়দের উপর রাজার স্থান অন্বেষণ করেননি। কন্টকবৃক্ষ যা কেবলমাত্র জ্বালানির কাজে ব্যবহারের যোগ্য, চিত্রিত করে গর্বিত অবীমেলকের রাজপদকে, এক হত্যাকারী যে অন্যদের উপর কর্তৃত্ব করতে চেয়েছিল, কিন্তু যোথমের ভবিষ্যদ্বাণীর পূর্ণতাস্বরূপ সে নিজে শেষ হয়ে যায়। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ৯ অধ্যায়) কোন সন্তান কি কন্টকবৃক্ষের মত হয়ে বেড়ে উঠতে চাইবে?
১৫. রূতের বিবরণে কিভাবে বিশ্বস্ততার গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে?
১৫ বাইবেলের রূতের পুস্তকটি আনুগত্য রক্ষার গুরুত্ব সম্বন্ধে পরিষ্কার করে। মনে করুন আপনার পরিবারের সদস্যেরা পর্যায়ক্রমে উচ্চৈঃস্বরে সেই বিবরণটি পাঠ করছেন ও সেটি কী বলতে চাইছে তা আত্মস্থ করতে চাইছেন। আপনি দেখেন মোয়াবীয় রূৎ তার বিধবা শাশুড়ী নয়মীর সাথে বৈৎলেহমের পথে যাত্রা করছেন আর আপনি শুনুন রূৎ বলেন: “তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর।” (রূতের বিবরণ ১:১৬) অধ্যবসায়ী রূৎকে দেখা যায় বোয়সের ক্ষেত্রে শস্য ছেদকদের ফেলে রাখা শস্যাদি কুড়াতে। আপনি শুনুন তিনি তাকে সৌজন্যপূর্ণভাবে বলছেন: “তুমি যে সাধ্বী, ইহা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।” (রূতের বিবরণ ৩:১১) শীঘ্রই বোয়স রূৎকে বিবাহ করেন। দেবরকে বিবাহ করার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বোয়সের দ্বারা তিনি “নয়মীর” জন্য একটি পুত্রসন্তান জন্ম দেন। রূৎ দায়ূদের ও পরিশেষে যীশু খ্রীষ্টের পূর্বপুরুষ হন। এইভাবে তিনি “কর্ম্মের উপযোগী ফল” পান। আরও, শাস্ত্রীয় বিবরণ সম্বন্ধে ওই পাঠ এক মূল্যবান শিক্ষামূলক বিষয় শেখায়: যিহোবার প্রতি বিশ্বস্ত হোন আর তাহলে আপনি প্রচুরভাবে পুরস্কৃত হবেন।—রূতের বিবরণ ২:১২; ৪:১৭-২২; হিতোপদেশ ১০:২২; মথি ১:১, ৫, ৬.
১৬. তিন ইব্রীয়কে কোন্ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল এবং এই বিবরণ কিভাবে আমাদের সাহায্য করতে পারে?
১৬ শদ্রক, মৈশক ও অবেদ্-নগো নামক ইব্রীয়দের বিবরণ পরীক্ষামূলক পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে আমাদের সাহায্য করতে পারে। দানিয়েল ৩ অধ্যায়টি উচ্চৈঃস্বরে পাঠ করার সময় সেই ঘটনাটি মনশ্চক্ষে দেখুন। এক বৃহৎ স্বর্ণময় প্রতিমা দূরা সমস্থলীতে স্থাপিত, যেখানে বাবিলনীয় আধিকারিকেরা সমবেত হয়েছেন। বাদ্য যন্ত্রের ধ্বনি শোনামাত্র তারা রাজা নবূখদ্নিৎসর দ্বারা স্থাপিত সেই মূর্তির কাছে প্রণিপাত ও উপাসনা করে। কেবলমাত্র শদ্রক, মৈশক ও অবেদ্-নগো ছাড়া সকলেই তাই করে। সম্মান সহকারে কিন্তু দৃঢ়ভাবে, তারা রাজাকে বলে যে তারা তার ঈশ্বরকে সেবা ও এই স্বর্ণ প্রতিমাকে উপাসনা করবে না। এই ইব্রীয় যুবকদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। কিন্তু কী ঘটে? তার ভিতরে তাকিয়ে রাজা দেখেন চারজন ব্যক্তি, যাদের একজন “দেবপুত্ত্রের সদৃশ।” (দানিয়েল ৩:২৫) সেই তিন ইব্রীয়কে অগ্নিকুণ্ড থেকে বাইরে নিয়ে আসা হল এবং নবূখদ্নিৎসর তাদের ঈশ্বরের প্রশংসা করলেন। এই দৃশ্যটি দৃষ্টিগোচরে আনা পুরস্কারজনক। আর পরীক্ষার মধ্যেও যিহোবার প্রতি বিশ্বস্ততা সম্বন্ধে কী এক শিক্ষামূলক বিষয়ই না এটি প্রদান করে!
পরিবারগতভাবে বাইবেল পাঠ থেকে উপকার
১৭. সংক্ষেপে কিছু উপকারজনক বিষয় উল্লেখ করুন যা আপনার পরিবার একসাথে বাইবেল পড়ার দ্বারা লাভ করতে পারে?
১৭ আপনার পরিবার অনেক উপকার উপভোগ করতে পারে যদি আপনি নিয়মিতভাবে একসাথে বাইবেল পাঠ করার জন্য সময় ব্যয় করেন। আদিপুস্তক থেকে শুরু করলে, আপনি সৃষ্টির সাক্ষী হতে পারেন ও মানুষের আদি পরমদেশ গৃহের প্রতি উঁকি দিতে পারেন। আপনি বিশ্বস্ত কুলপতিদের ও তাদের পরিবারগুলির অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন এবং ইস্রায়েলীয়রা যখন শুষ্ক পথ দিয়ে লোহিত সমুদ্র অতিক্রম করে আপনি তা অনুসরণ করতে পারেন। আপনি দেখতে পারেন মেষপালক বালক দায়ূদ পলিষ্টীয় দৈত্য গলিয়াৎকে পরাভূত করছে। আপনার পরিবার যিরূশালেমে যিহোবার মন্দিরের নির্মাণকৌশল লক্ষ্য করতে পারে, বাবিলনীয় দল দ্বারা এর উৎসন্ন দশা দেখতে পারে এবং রাজ্যপাল সরুব্বাবিলের অধীনে এর পুনর্নির্মাণ প্রত্যক্ষ করতে পারে। বৈৎলেহমের কাছে অতি সাধারণ মেষপালকদের সাথে আপনিও যীশুর জন্ম সম্বন্ধে সেই দূতের ঘোষণা শুনতে পারেন। আপনি তাঁর বাপ্তিস্ম এবং তাঁর পার্থিব পরিচর্যা সম্বন্ধে বিস্তৃত বিবরণ পেতে পারেন, দেখতে পারেন মুক্তির মূল্য রূপে তাঁর মনুষ্য জীবন দান করতে এবং তাঁর পুনরুত্থানের আনন্দে অংশ নিতে পারেন। এরপর, আপনি প্রেরিত পৌলের সাথে ভ্রমণ করতে পারেন এবং খ্রীষ্টতত্ত্বের প্রসারস্বরূপ মণ্ডলীগুলির প্রতিষ্ঠা লক্ষ্য করতে পারেন। তারপর, প্রকাশিত বাক্য পুস্তকে আপনার পরিবার উপভোগ করতে পারে প্রেরিত যোহনের ভবিষ্যৎ সম্পর্কে মহান্ দর্শনগুলি যার অন্তর্ভুক্ত খ্রীষ্টের হাজার বছরের রাজত্ব।
১৮, ১৯. পারিবারিকভাবে বাইবেল পাঠ করা সম্পর্কে কোন্ পরামর্শ দেওয়া হয়েছে?
১৮ যদি আপনি পরিবারগতভাবে উচ্চৈঃস্বরে বাইবেল পাঠ করেন, স্পষ্টভাবে ও উদ্যোমের সাথে তা পড়ুন। যখন শাস্ত্রের কোন অংশ পাঠ করছেন, পরিবারের একজন সদস্য—সম্ভবত পিতা—হয়ত সাধারণ বর্ণনার বাক্যগুলি পাঠ করলেন। পরিবারের অন্য কোন সদস্যেরা বাইবেল চরিত্রগুলির ভূমিকা অন্তর্ভুক্ত করতে পারেন আপনার অংশগুলি উপযুক্ত অনুভূতি দিয়ে পড়ে।
১৯ পরিবারগতভাবে যখন আপনি বাইবেল পাঠে অংশ নেন, আপনার পাঠ করার ক্ষমতা উন্নতি লাভ করতে পারে। সম্ভবত, ঈশ্বর সম্বন্ধে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আর তা আপনাকে তাঁর সাথে ঘনিষ্ঠ সম্বন্ধে আনবে। আসফ গেয়েছিলেন: “ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল; আমি প্রভু সদাপ্রভুর স্মরণ লইলাম, যেন তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিতে পারি।” (গীতসংহিতা ৭৩:২৮) এটি আপনার পরিবারকে মোশির মত হতে সাহায্য করবে যিনি “যিনি অদৃশ্য, তাঁহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন,” তিনি যিহোবা ঈশ্বর।—ইব্রীয় ১১:২৭.
পাঠ করা এবং খ্রীষ্টীয় পরিচর্যা
২০, ২১. কিভাবে আমাদের পাঠ করার ক্ষমতার সাথে প্রচারের কার্যভার সম্পর্কিত?
২০ “যিনি অদৃশ্য” তাঁকে উপাসনা করার জন্য আমাদের ইচ্ছা যেন উত্তম পাঠক হওয়ার জন্য কাজ করতে আমাদের পরিচালিত করে। উত্তম পাঠ করার সামর্থ আমাদের ঈশ্বরের বাক্যের সাক্ষ্য বহন করতে সাহায্য করে। এটি নিশ্চিতভাবে আমাদের সাহায্য করে রাজ্য-প্রচার কাজকে বহন করতে যে কাজের জন্য যীশু তাঁর অনুসরণকারীদের নিযুক্ত করেছিলেন যখন তিনি বলেন: “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।” (মথি ২৮:১৯, ২০; প্রেরিত ১:৮) যিহোবার লোকেদের জন্য সাক্ষ্যদান হচ্ছে মুখ্য কাজ এবং পাঠ করার ক্ষমতা আমাদের এটি সম্পন্ন করতে সাহায্য করে।
২১ ঈশ্বরের বাক্যের একজন উত্তম পাঠক ও দক্ষ শিক্ষক হতে হলে প্রচেষ্টার প্রয়োজন আছে। (ইফিষীয় ৬:১৭) সুতরাং, ‘আপনাকে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন কর, সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিবার জন্য।’ (২ তীমথিয় ২:১৫) যিহোবার সাক্ষী হিসাবে আপনি পাঠে নিবিষ্ট থাকার দ্বারা আপনার আধ্যাত্মিক সত্যের জ্ঞান ও আপনার ক্ষমতা বৃদ্ধি করুন।
আপনার উত্তর কী?
◻ সুখ কিভাবে ঈশ্বরের বাক্য পড়ার উপর নির্ভর করে?
◻ বাইবেলে আপনি যা পাঠ করেন কেন তার উপর ধ্যান করবেন?
◻ যখন শাস্ত্র পাঠ করছেন কেন সংযুক্তি ও দৃষ্টি ব্যবহার করবেন?
◻ কিছু শিক্ষামূলক বিষয় কী যা বাইবেল পাঠ থেকে শেখা যায়?
◻ পরিবারগতভাবে কেন উচ্চৈঃস্বরে বাইবেল পাঠ করবেন এবং খ্রীষ্টীয় পরিচর্যায় পাঠ করা কী সম্পাদন করে?
[১৩ পৃষ্ঠার চিত্র]
পারিবারিকভাবে যখন বাইবেল অধ্যয়ন করছেন, ঘটনাগুলি মনশ্চক্ষুতে দেখুন এবং তাদের তাৎপর্যের উপর ধ্যান করুন