ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ৪/১ পৃষ্ঠা ২২-২৭
  • কেন প্রতিমাপূজা থেকে সাবধান থাকা উচিৎ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন প্রতিমাপূজা থেকে সাবধান থাকা উচিৎ?
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিমাপূজা কী
  • প্রতিমাপূজা সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি
  • পরীক্ষার সম্মুখে বিশ্বস্ত
  • বিচারসভায় প্রতিমারা পরাস্ত হয়
  • মন্দ আত্মাদের প্রতি উৎসর্গ
  • কেন সাবধান থাকার প্রয়োজন আছে?
  • আপনি কি প্রতিমাপূজা থেকে সাবধান থাকবেন?
  • সর্বপ্রকার প্রতিমাপূজা থেকে দূরে থাকুন
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রতিমাপূজা থেকে পালিয়ে যাও
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে মূল্যবান হিসেবে দেখুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ৪/১ পৃষ্ঠা ২২-২৭

কেন প্রতিমাপূজা থেকে সাবধান থাকা উচিৎ?

“বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর।”—১ যোহন ৫:২১.

১. যিহোবার উপাসনা প্রতিমাপূজা থেকে কেন মুক্ত?

যিহোবা কোন ধাতু, কাষ্ঠ, অথবা প্রস্তর-নির্মিত প্রতিমা নন। তাঁকে কোন পার্থিব মন্দিরে রাখা যায় না। যেহেতু তিনি সর্বশক্তিমান আত্মা, মানব দৃষ্টির অগোচর, তাঁর কোন প্রতিমা তৈরী করা অসম্ভব। সুতরাং, যিহোবার পবিত্র উপাসনা প্রতিমাপূজা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া উচিৎ।—যাত্রাপুস্তক ৩৩:২০; প্রেরিত ১৭:২৪; ২ করিন্থীয় ৩:১৭.

২. কোন্‌ প্রশ্নগুলি আমাদের বিবেচনা করা উচিৎ?

২ যদি আপনি যিহোবার একজন উপাসক হন, তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ‘প্রতিমাপূজা কী? অতীতে যিহোবার সেবকেরা কিভাবে তা পরিহার করেছেন? আর বর্তমানে কেন প্রতিমাপূজা থেকে সাবধান থাকতে হবে?’

প্রতিমাপূজা কী

৩, ৪. প্রতিমাপূজার ব্যাখ্যা কী?

৩ সাধারণত, প্রতিমাপূজার সঙ্গে একটি অনুষ্ঠান অথবা পরম্পরাগত রীতি জড়িত থাকে। প্রতিমাপূজা একটি প্রতিমার প্রতি শ্রদ্ধা, প্রেম, উপাসনা, অথবা ভক্তি দেখানো। আর প্রতিমা কী? প্রতিমা একটি মূর্তি, কোন কিছুর প্রতিরূপ, অথবা কোন প্রতীক, যা উপাসনার বস্তু। সাধারণত, কোন বাস্তব অথবা কাল্পনিক অধিক ক্ষমতাশালী শক্তি, যার চেতনাসম্পন্ন অস্তিত্ব আছে বলে মনে করা হয় (একজন মানব, একটি পশু, অথবা কোন সংগঠন), তাকে প্রতিমাপূজা করা হয়। কিন্তু প্রতিমাপূজা জড়পদার্থের প্রতিও করা যায় (প্রাকৃতিক কোন শক্তি অথবা নির্জীব বস্তু)।

৪ শাস্ত্রে, যে ইব্রীয় শব্দগুলি প্রতিমার প্রতি প্রযোজ্য, সেগুলি প্রায়ই অসারতার উপর জোর দেয়, অথবা সেগুলি অবজ্ঞাপূর্ণ অভিব্যক্তি। এর অন্তর্ভুক্ত যে শব্দগুলির অর্থ করা হয়েছে “ক্ষোদিত অথবা হস্তনির্মিত প্রতিমা” (আক্ষরিক অর্থে, যা খোদাই করা হয়েছে); “ঢালা প্রতিরূপ, মূর্তি, অথবা প্রতিমা” (ছাঁচে গঠিত অথবা ঢালাই করা); “ভয়ঙ্কর প্রতিমা”; “অসার প্রতিমা” (আক্ষরিক অর্থে, অসারত্ব); এবং “পুত্তলিকা।” গ্রীক শব্দ আই’ডো·লন-কে “প্রতিমা” হিসাবে দেখানো হয়েছে।

৫. কেন বলা যেতে পারে যে সমস্ত মূর্তিই প্রতিমা নয়?

৫ সমস্ত মূর্তিই প্রতিমা নয়। ঈশ্বর নিজেই ইস্রায়েলীয়দের বলেছিলেন নিয়মসিন্দুকের জন্য দুটি স্বর্ণনির্মিত করূব তৈরী করতে এবং এই আত্মিক প্রাণীদের আকৃতি সমাগম তাঁবুর দশটি যবনিকার ভিতরের দিকে এবং পবিত্র ও অতি পবিত্র স্থানের মধ্যে প্রভেদ রাখার জন্য তিরস্করিণীর গায়ে সূচিকর্ম করতে। (যাত্রাপুস্তক ২৫:১, ১৮; ২৬:১, ৩১-৩৩) একমাত্র কর্তৃত্বপ্রাপ্ত যাজকরা এই প্রতীকগুলি দেখতেন, যেগুলি প্রধানত স্বর্গীয় করূবদের চিহ্ন হিসাবে ব্যবহার করা হত। স্পষ্টতই সমাগম তাঁবুতে করূবদের প্রতিমূর্তিগুলি পূজা করার জন্য ছিল না, কারণ ধার্মিক স্বর্গদূতরা নিজেরাই উপাসনা গ্রহণ করবে না।—কলসীয় ২:১৮; প্রকাশিত বাক্য ১৯:১০; ২২:৮, ৯.

প্রতিমাপূজা সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি

৬. প্রতিমাপূজা সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি কী?

৬ যিহোবার সেবকেরা প্রতিমাপূজা থেকে সাবধান থাকেন কারণ তিনি সমস্ত প্রতিমাপূজাসংক্রান্ত ক্রিয়াকলাপের বিরুদ্ধে। ঈশ্বর ইস্রায়েলীয়দের আদেশ দিয়েছিলেন উপাস্য বস্তু হিসাবে মূর্তি তৈরী করে সেগুলির উপাসনা না করতে। দশ আজ্ঞার মধ্যে এই কথাগুলি পাওয়া যায়: “তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্ম্মাণ করিও না; উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলমধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোন মূর্ত্তি নির্ম্মাণ করিও না; তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহাদের সেবা করিও না; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্‌যোগী ঈশ্বর; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্ত্তাই, যাহারা আমাকে দ্বেষ করে, তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্য্যন্ত বর্ত্তাই; কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র [পুরুষ] পর্য্যন্ত দয়া করি।”—যাত্রাপুস্তক ২০:৪-৬.

৭. কেন যিহোবা সমস্ত প্রতিমাপূজার বিরুদ্ধে?

৭ কেন যিহোবা সর্বপ্রকার প্রতিমাপূজার বিরুদ্ধে? প্রধানত কারণ তিনি স্বগৌরব রক্ষণে উদ্‌যোগী, যেমন উপরে দশ আজ্ঞার দ্বিতীয়টিতে দেখানো হয়েছে। উপরন্তু, তিনি তাঁর ভাববাদী যিশাইয়ের মাধ্যমে বলেছিলেন: “আমি যিহোবা। ইহাই আমার নাম; আমি আপন গৌরব অন্যকে, কিম্বা আপন প্রশংসা ক্ষোদিত প্রতিমাগণকে দিব না।” (যিশাইয় ৪২:৮, NW.) একসময়ে, ইস্রায়েলীয়রা প্রতিমাপূজার ফাঁদে এত বেশী জড়িয়ে পড়েছিল যে এমনকি তারা “আপন পুত্ত্রদিগকে, আর আপনাদের কন্যাদিগকে ভূতদের উদ্দেশে বলিদান” করত। (গীতসংহিতা ১০৬:৩৬, ৩৭) যিহোবা যে সত্য ঈশ্বর, প্রতিমাপূজকেরা শুধুমাত্র তাই অস্বীকার করে না কিন্তু তাঁর প্রধান শত্রু, শয়তান, ও সেইসঙ্গে মন্দ আত্মাদের পক্ষে কাজ করে।

পরীক্ষার সম্মুখে বিশ্বস্ত

৮. তিনজন ইব্রীয় শদ্রক, মৈশক এবং অবেদ্‌নেগো কোন্‌ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন?

৮ যিহোবার প্রতি বিশ্বস্ততাও প্রতিমাপূজা থেকে আমাদের সাবধান করে দেয়। দানিয়েল ৩ অধ্যায় যে ঘটনা লিখিত আছে তা থেকে এই বিষয়টি চিত্রিত হয়। বাবিলনীয় রাজা নবূখদ্‌নিৎসর যে বিশাল স্বর্ণনির্মিত মূর্তি তৈরী করেছিলেন সেটি উদ্বোধন করার জন্য তিনি তাঁর সাম্রাজ্যের আধিকারিকদের একত্রিত করেছিলেন। তাঁর আদেশের অন্তর্ভুক্ত ছিলেন শদ্রক, মৈশক, এবং অবেদ্‌নগো—বাবিলনের অধিকারক্ষেত্রের তিনজন ইব্রীয় পরিচালক। একটি বিশেষ বাদ্যযন্ত্র বেজে ওঠার সঙ্গে সঙ্গে যারা উপস্থিত ছিল তাদের সকলকে সেই মূর্তির সামনে প্রণাম করতে হত। এই ঘটনাটি বাবিলনের প্রকৃত ঈশ্বর, শয়তানের একটি চেষ্টা ছিল সেই তিনজন ইব্রীয়কে বাবিলনীয় সাম্রাজ্যের প্রতীকস্বরূপ একটি মূর্তির প্রতি প্রণিপাত করানোর। কল্পনা করুন আপনি তখন সেখানে উপস্থিত আছেন।

৯, ১০. (ক) তিনজন ইব্রীয় কী করেছিলেন, এবং তারা কিভাবে পুরস্কৃত হয়েছিলেন? (খ) সেই তিনজন ইব্রীয়ের আচরণ থেকে যিহোবার সাক্ষীরা কী উৎসাহ পেতে পারেন?

৯ দেখুন! সেই তিনজন ইব্রীয় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। প্রতিমা অথবা ক্ষোদিত মূর্তি তৈরী করে তার সেবা করার বিরুদ্ধে ঈশ্বরের নিয়ম তারা স্মরণ করছেন। নবূখদ্‌নিৎসর তাদের একটি শেষ সুযোগ দিলেন—প্রণাম কর অথবা মৃত্যুবরণ কর! কিন্তু যিহোবার প্রতি বিশ্বস্ততা রেখে তারা বলেন: “যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগিনকুন্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্‌, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন; আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।”—দানিয়েল ৩:১৬-১৮.

১০ ঈশ্বরের এই সেবকদের একটি অতি উত্তপ্ত অগ্নিকুন্ডে ফেলে দেওয়া হয়। সেই অগ্নিকুন্ডের মধ্যে চারজনকে দেখে আশ্চর্য হয়ে, নবূখদ্‌নিৎসর সেই তিনজন ইব্রীয়কে বাইরে আসতে বলেন, আর তারা অক্ষত অবস্থায় বাইরে আসেন। তা দেখে রাজা বলে ওঠেন: “ধন্য শদ্রকের, মৈশকের ও অবেদ্‌নগোর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া [অগ্নিকুন্ডে চতুর্থ ব্যক্তিটি], তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাঁহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে। . . . এ প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই।” (দানিয়েল ৩:২৮, ২৯) সেই তিনজন ইব্রীয়ের বিশ্বস্ততা রক্ষা যিহোবার বর্তমান দিনের সাক্ষীদের উৎসাহ দেয় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে, জগতের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে, এবং প্রতিমাপূজা এড়িয়ে চলতে।—যোহন ১৭:১৬.

বিচারসভায় প্রতিমারা পরাস্ত হয়

১১, ১২. (ক) যিহোবা এবং প্রতিমা-দেবতাদের সম্বন্ধে যিশাইয় কী লিখেছিলেন? (খ) যিহোবার চ্যালেঞ্জের সামনে জাতিগণের দেবতাদের কী অবস্থা হয়েছিল?

১১ প্রতিমাপূজা থেকে সাবধান থাকার আরেকটি কারণ হল যে প্রতিমার উপাসনা করা অর্থহীন। যদিও কোন কোন মনুষ্য-নির্মিত প্রতিমা জীবন্ত মানুষের মত দেখতে হতে পারে—তাদের মুখ, চোখ, কান থাকতে পারে—কিন্তু তারা কথা বলতে, দেখতে, অথবা শুনতে, এবং তাদের ভক্তদের জন্য কিছুই করতে পারে না। (গীতসংহিতা ১৩৫:১৫-১৮) সা.শ.পূ. অষ্টম শতাব্দীতে তা দেখানো হয়, যখন ঈশ্বরের ভাববাদী যিশাইয় ৪৩:৮-২৮ পদে, প্রকৃতপক্ষে, যিহোবা এবং প্রতিমা-দেবতাদের মধ্যে একটি বিচারসভার বিবরণ লিপিবদ্ধ করেছিলেন। সেই সভায় ঈশ্বরের জাতি ইস্রায়েল এক পক্ষে, আর জাগতিক জাতিগণ অপর পক্ষে ছিল। যিহোবা জাতিগণের মিথ্যা দেবতাদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে তাদের “পূর্ব্বকার বিষয়,” সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করতে বলেছিলেন। একজনও তা পারেনি। তাঁর লোকেদের দিকে ফিরে যিহোবা বলেছিলেন: “তোমরাই আমার সাক্ষী . . . আর আমিই ঈশ্বর।” জাতিগণ প্রমাণ করতে পারেনি যে যিহোবার পূর্বে তাদের দেবতাদের অস্তিত্ব ছিল অথবা যে তারা ভবিষ্যদ্বাণী করতে পারে। কিন্তু যিহোবা বাবিলনের ধ্বংস এবং তাঁর বন্দী লোকেদের মুক্তি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

১২ আরও, যেমন যিশাইয় ৪৪:১-৮ পদে (NW) বর্ণনা করা হয়েছে, ঈশ্বরের পরিত্রাণপ্রাপ্ত সেবকেরা জানাবে যে তারা “যিহোবার।” তিনি নিজে বলেছেন: “আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোন ঈশ্বর নাই।” প্রতিমা-দেবতারা কোন প্রতিবাদ করেনি। “তোমরাই আমার সাক্ষী,” তাঁর লোকেদের সম্বন্ধে যিহোবা আবার বলেছিলেন, সেই সঙ্গে তিনি আরও বলেন: “আমি ভিন্ন আর কোন ঈশ্বর কি আছে? অন্য শৈল নাই।”

১৩. প্রতিমাপূজা একজন প্রতিমাপূজক সম্বন্ধে কী জানায়?

১৩ আমরা প্রতিমাপূজা থেকে এই জন্যেও সাবধান থাকি কারণ তা করলে প্রজ্ঞার অভাবের পরিচয় দেয়। একজন প্রতিমাপূজক গাছের একটি অংশ বেছে নিয়ে উপাসনার জন্য একজন দেবতা তৈরী করে, আর অন্য অংশ সে রান্না করার জন্য আগুন জ্বালাতে কাজে লাগায়। (যিশাইয় ৪৪:৯-১৭) কী মূর্খতা! প্রতিমা-দেবতাদের নির্মাতা এবং ভক্ত এই জন্যেও লজ্জায় পড়ে কারণ তাদের ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য সে যুক্তিসঙ্গত সাক্ষ্য দিতে পারে না। কিন্তু যিহোবার ঈশ্বরপদ প্রশ্নাতীত, কারণ তিনি শুধুমাত্র তাঁর লোকেদের বাবিলন থেকে মুক্তি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেননি, কিন্তু তা ঘটিয়েছিলেন। যিরূশালেমে পুনরায় বসতি শুরু হয়, যিহূদার শহরগুলি আবার গড়ে তোলা হয়, এবং বাবিলনের “অগাধ জল”—ইউফ্রেটিস্‌ নদী—আর তাদের জন্য সুরক্ষা-ব্যবস্থা হিসাবে রইল না। (যিশাইয় ৪৪:১৮-২৭) যেমন ঈশ্বর আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন, পারস্য দেশের কোরস বাবিলনকে পরাস্ত করেছিলেন।—যিশাইয় ৪৪:২৮–৪৫:৬.

১৪. নিখিল বিশ্বের সর্বোচ্চ বিচারালয়ে, স্থায়ীভাবে কী প্রমাণিত হবে?

১৪ ঈশ্বর-পদ সম্বন্ধে প্রতিমা-দেবতারা বিচারসভায় হেরে গিয়েছিল। আর বাবিলনের যা হয়েছিল, তার বর্তমান প্রতিরূপ মহতী বাবিল, মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্যেরও তাই হবে। সে এবং তার সমস্ত দেবতারা, ধর্মীয় সাজসরঞ্জাম, এবং প্রতিমাপূজার উপকরণসকল অনন্তকালের জন্য বিনষ্ট হবে। (প্রকাশিত বাক্য ১৭:১২–১৮:৮) নিখিল বিশ্বের সর্বোচ্চ বিচারালয়ে, তখন সর্বকালের জন্য প্রমাণিত হবে যে একমাত্র যিহোবাই জীবন্ত ও সত্য ঈশ্বর এবং তিনি তাঁর ভবিষ্যদ্বাণীমূলক বচন পূর্ণ করেন।

মন্দ আত্মাদের প্রতি উৎসর্গ

১৫. যিহোবার লোকেরা এবং প্রতিমাপূজা সম্বন্ধে পবিত্র আত্মা এবং প্রথম-শতাব্দীর পরিচালক গোষ্ঠী কী জানিয়েছিল?

১৫ আরও যিহোবার লোকেদের প্রতিমাপূজা থেকে সাবধান থাকা উচিৎ কারণ তারা ঈশ্বরের আত্মা এবং সংগঠন দ্বারা পরিচালিত। প্রথম শতাব্দীর যিহোবার সেবকদের পরিচালক গোষ্ঠী সহ-খ্রীষ্টানদের বলেছিলেন: “পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটী প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোন ভার না দিই, ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক্‌ থাকা তোমাদের উচিত; এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে। তোমাদের মঙ্গল হউক।”—প্রেরিত ১৫:২৮, ২৯.

১৬. প্রতিমার প্রসাদ সম্বন্ধে পৌল যা বলেছিলেন, তা আপনি নিজের ভাষায় কিভাবে বলবেন?

১৬ প্রতিমাপূজা থেকে সাবধান থাকার আরেকটি কারণ হল মন্দ আত্মাদের পূজা করা থেকে বিরত থাকা। প্রভুর সান্ধ্য ভোজ সম্বন্ধে প্রেরিত পৌল করিন্থীয় খ্রীষ্টানদের বলেছিলেন: “প্রতিমাপূজা হইতে পলায়ন কর। . . . আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটী ভাঙ্গি, তাহা কি খ্রীষ্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা, আমরা এক রুটী, এক শরীর; কেননা আমরা সকলে সেই এক রুটীর অংশী। মাংসের সম্বন্ধে যাহারা ইস্রায়েল, তাহাদিগকে দেখ; যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদির সহভাগী নয়? তবে আমি কি বলিতেছি? প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি কি কিছুরই মধ্যে গণ্য? অথবা প্রতিমা কি কিছুরই মধ্যে গণ্য? বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশে নয়; আর আমার এমন ইচ্ছা নয় যে, তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পার না; প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পার না। অথবা আমরা কি প্রভুর অন্তর্জালা জন্মাইতেছি? তাঁহা হইতে কি আমরা বলবান্‌?”—১ করিন্থীয় ১০:১৪-২২.

১৭. সা.শ. প্রথম শতাব্দীতে, কোন্‌ পরিস্থিতিতে একজন খ্রীষ্টীয় ব্যক্তি প্রতিমার কাছে উৎসর্গ করা মাংস খেতে পারত, এবং কেন?

১৭ কোন পশু হত্যা করার পর, একটি অংশ প্রতিমাকে উৎসর্গ করা হত, কিছুটা অংশ যাজক নিত, আর উপাসক ভোজের জন্য কিছুটা অংশ পেত। হয়তো, মাংসের কিছুটা অংশ বাজারে বিক্রী করাও হত। একজন খ্রীষ্টীয় ব্যক্তির পক্ষে কোন প্রতিমার মন্দিরে গিয়ে রীতিনীতির অঙ্গ হিসাবে তা না খেলেও তার পক্ষে মাংস খাওয়া অনুচিত ছিল, কারণ তিনি অন্যদের উছোট খাওয়াবার কারণ হতে পারতেন অথবা তিনি নিজে মিথ্যা উপাসনায় জড়িয়ে পড়তে পারতেন। (১ করিন্থীয় ৮:১-১৩; প্রকাশিত বাক্য ২:১২, ১৪, ১৮, ২০) কোন পশু, প্রতিমার প্রতি উৎসর্গ করলে, তার মাংস পরিবর্তন হয়ে যায় না, সুতরাং বাজার থেকে একজন খ্রীষ্টীয় ব্যক্তি তা কিনতে পারতেন। তিনি যে বাড়িতে নিমন্ত্রিত হয়েছেন সেখানেও মাংসের উৎস সম্বন্ধে জিজ্ঞাসা করার কোন প্রয়োজন ছিল না। কিন্তু যদি কেউ বলত যে তা “উৎসৃষ্ট বলি,” তাহলে অন্যদের উছোট না খাওয়ানোর জন্য তিনি তা খেতেন না।—১ করিন্থীয় ১০:২৫-২৯.

১৮. যারা প্রতিমার কাছে উৎসর্গ করা কিছু খেত, তারা কিভাবে মন্দ আত্মাদের সঙ্গে জড়িয়ে পড়তে পারত?

১৮ প্রায়ই কল্পনা করা হত যে উৎসর্গের রীতিনীতির পর, মাংসে দেবতা আসতেন এবং উপাসকদের ভোজে যারা তা খেত তাদের শরীরে প্রবেশ করতেন। যারা একসঙ্গে ভোজন করত তারা যেমন নিজেদের মধ্যে যোগবন্ধন সৃষ্টি করত, তেমনই যারা উৎসর্গের পশুগুলি গ্রহণ করত তারা সেই বেদীতে উৎসর্গ করায় অংশ নিত এবং প্রতিমাদের দ্বারা চিত্রিত মন্দ আত্মা-দেবতাদের সাথে সংযোগ স্থাপন করত। এইরকম প্রতিমাপূজার মাধ্যমে, মন্দ আত্মারা একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করা থেকে লোকেদের বাধা দিত। (যিরমিয় ১০:১-১৫) সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে যিহোবার লোকেদের প্রতিমার প্রসাদ থেকে দূরে থাকতে হত! ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা, তাঁর পবিত্র আত্মা এবং সংগঠনের নির্দেশ মেনে নেওয়া, এবং মন্দ আত্মাদের পূজা করায় না জড়িয়ে পড়ার দৃঢ় সংকল্প, বর্তমানেও প্রতিমাপূজা থেকে সাবধান থাকার গুরুত্বপূর্ণ কারণ।

কেন সাবধান থাকার প্রয়োজন আছে?

১৯. প্রাচীন ইফিষে, কী ধরনের প্রতিমাপূজা প্রচলিত ছিল?

১৯ খ্রীষ্টীয় ব্যক্তিরা নিষ্ঠাসহকারে প্রতিমাপূজা থেকে সাবধান থাকে কারণ বিভিন্ন ধরনের প্রতিমাপূজা আছে, আর যে কোন একটি প্রতিমাপূজা-সংক্রান্ত কাজ তাদের বিশ্বাসের সঙ্গে আপোষ করা হতে পারে। প্রেরিত যোহন সহবিশ্বাসীদের বলেছিলেন: “তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর।” (১ যোহন ৫:২১) এই উপদেশের প্রয়োজন ছিল কারণ তাদের চারিধারে নানা ধরনের প্রতিমাপূজা করা হত। যোহন ইফিষ থেকে লিখেছিলেন, যে শহরটি যাদুবিদ্যা এবং মিথ্যা দেবতাদের পৌরাণিক গল্পে আচ্ছন্ন ছিল। ইফিষে পৃথিবীর সাতটি আশ্চর্য বস্তুর মধ্যে একটি অবস্থিত ছিল—আর্টেমিসের মন্দির, অপরাধীদের একটি আশ্রয়স্থল এবং অনৈতিক রীতিনীতির এক কেন্দ্র। ইফিষের দার্শনিক হেরাক্লেটাস্‌ সেই মন্দিরের বেদীতে যাওয়ার অন্ধকার পথের সঙ্গে অতি মন্দতার অন্ধকারের তুলনা করেছিলেন, এবং মন্দিরের লোকেদের নীতি তিনি পশুদের থেকেও নিম্নমানের বলে মনে করতেন। সেই জন্য ইফিষীয় খ্রীষ্টানদের মন্দ আত্মাদের পূজা, অনৈতিকতা, এবং প্রতিমাপূজার বিরুদ্ধে দৃঢ় মনোভাব রাখার প্রয়োজন ছিল।

২০. প্রতিমাপূজার সঙ্গে এমনকি সামান্যভাবেও জড়িয়ে পড়া এড়িয়ে চলতে কেন প্রয়োজন ছিল?

২০ এমনকি প্রতিমাপূজার সঙ্গে জড়িত কোন সামান্য কাজও এড়িয়ে চলতে খ্রীষ্টীয় ব্যক্তিদের দৃঢ়সংকল্প হওয়া উচিৎ, কারণ দিয়াবলের উপাসনায় একটি কাজই তার চ্যালেঞ্জকে সমর্থন করবে যে পরীক্ষার সামনে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে না। (ইয়োব ১:৮-১২) যীশুকে “জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ” দেখাবার সময়ে, শয়তান বলেছিল: “তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম কর, এই সমস্তই আমি তোমাকে দিব।” খ্রীষ্টের প্রত্যাখ্যান নিখিল বিশ্বে সার্বভৌমত্বের বিচার্য বিষয়ে যিহোবার পক্ষ সমর্থন করে এবং দিয়াবলকে একজন মিথ্যাবাদী প্রমাণিত করে।—মথি ৪:৮-১১; হিতোপদেশ ২৭:১১.

২১. রোমীয় সম্রাটের ক্ষেত্রে, বিশ্বস্ত খ্রীষ্টীয়রা কী করতে অস্বীকার করেছিলেন?

২১ যীশুর প্রারম্ভিক অনুগামীরাও এই বিচার্য বিষয়ে শয়তানের পক্ষ নিয়ে কোন উপাসনাসংক্রান্ত কাজ করেননি। যদিও সরকারী “প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষ”-দের প্রতি তাদের যথোচিত শ্রদ্ধা ছিল, কিন্তু তাদের জীবন গেলেও, রোমীয় সম্রাটের সম্মানে তারা ধূপ জ্বালাতেন না। (রোমীয় ১৩:১-৭) এই সম্বন্ধে দানিয়েল পি. ম্যানিক্স লিখেছিলেন: “খুব অল্পসংখ্যাক খ্রীষ্টানরা তাদের বিশ্বাস পরিত্যাগ করেছিল, যদিও সাধারণত তাদের সুবিধার জন্য বধ্যভূমিতে একটি বেদীতে আগুন জ্বালিয়ে রাখা হত। একজন কয়েদীকে শুধুমাত্র সেই আগুনে অল্প কিছুটা ধূপ ছড়িয়ে দিতে হত আর তাকে একটি উৎসর্গের স্বীকৃতিপত্র দিয়ে মুক্ত করে দেওয়া হত। আরও তাকে ভালভাবে বুঝিয়ে দেওয়া হত যে সে সম্রাটের উপাসনা করছে না, রোমীয় সাম্রাজ্যের নেতা হিসাবে শুধুমাত্র তার ঐশ্বরিক চরিত্র স্বীকার করে নিচ্ছে। তবুও, প্রায় কোন খ্রীষ্টীয় ব্যক্তিই মুক্ত হওয়ার এই সুযোগ গ্রহণ করেনি।” (দোজ্‌ অ্যাবাউট টু ডাই, পৃষ্ঠা ১৩৭) যদি আপনাকেও একইভাবে পরীক্ষা করা হয়, আপনি কি সকল প্রকার প্রতিমাপূজার বিরুদ্ধে বাধা দেবেন?

আপনি কি প্রতিমাপূজা থেকে সাবধান থাকবেন?

২২, ২৩. কেন আপনার প্রতিমাপূজা থেকে সাবধান থাকা উচিৎ?

২২ স্পষ্টত, খ্রীষ্টীয়দের সকল প্রকার প্রতিমাপূজা থেকে সাবধান থাকতে হবে। যিহোবা একনিষ্ঠ ভক্তি দাবী করেন। বাবিলনীয় রাজা নবূখদ্‌নিৎসর যে বিশাল মূর্তি তৈরী করেছিলেন তার পূজা না করে সেই তিনজন বিশ্বস্ত ইব্রীয় একটি উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন। যিশাইয় যে নিখিল-বিশ্ব বিচারসভার কথা লিখেছিলেন, তাতে একমাত্র যিহোবা সত্য এবং জীবিত ঈশ্বর বলে প্রমাণিত হয়েছিলেন। তাঁর প্রারম্ভিক খ্রীষ্টীয় সাক্ষীদের প্রতিমার প্রসাদ থেকে দূরে থাকতে হত। তাদের মধ্যে বহু বিশ্বস্ত ব্যক্তিরা এমনকি একটি প্রতিমাপূজাসংক্রান্ত কাজ, যার অর্থ হবে যিহোবাকে অস্বীকার করা, সেই চাপের বশ্যতা স্বীকার করেননি।

২৩ সুতরাং, আপনি ব্যক্তিগতরূপে কি প্রতিমাপূজা থেকে সাবধান থাকছেন? আপনি কি ঈশ্বরকে একনিষ্ঠ ভক্তি দেখাচ্ছেন? আপনি কি যিহোবার সার্বভৌমত্ব সমর্থন করেন এবং সত্য ও জীবিত ঈশ্বর হিসাবে তাঁর প্রশংসা করেন? যদি করেন, তাহলে আপনার সংকল্প হওয়া উচিৎ প্রতিমাপূজার বিরুদ্ধে দৃঢ় মনোভাব বজায় রাখা। কিন্তু শাস্ত্র থেকে আর কোন্‌ বিষয়গুলি আপনাকে সকল প্রকার প্রতিমাপূজা থেকে সাবধান থাকতে সাহায্য করবে? (w93 1/15)

আপনি কী মনে করেন?

▫ প্রতিমাপূজা কী?

▫ কেন যিহোবা সমস্ত প্রতিমাপূজার বিপক্ষে?

▫ প্রতিমাপূজা সম্বন্ধে সেই তিনজন ইব্রীয় কী মনোভাব দেখিয়েছিলেন?

▫ যারা প্রতিমার প্রসাদ খায় তারা কিভাবে মন্দ আত্মাদের সঙ্গে জড়িয়ে পড়তে পারে?

▫ কেন আমাদের প্রতিমাপূজা থেকে সাবধান থাকতে হবে?

[Pictures on page 25]

মৃত্যুর আশঙ্কা থাকলেও, সেই তিনজন ইব্রীয় প্রতিমাপূজায় অংশগ্রহণ করেননি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার