জেগে থাকুন!
ঘৃণার কারণে ঘটা অপরাধ শেষ হয়ে যাবে—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
এটা খুবই দুঃখজনক যে, মানুষ ঘৃণার কারণে বিভিন্ন ধরনের জঘন্য অপরাধ করে থাকে। শুধুমাত্র তাদের দেশ, ধর্ম অথবা জাতি আলাদা হওয়ার কারণে অনেককে আক্রমণ করা হয়। এই ধরনের অপরাধের জন্য অনেকে খুবই আতঙ্কের মধ্যে থাকে। তারা শারীরিক ও মানসিকভাবে এতটাই আঘাত পায় যে, তারা হয়তো সারাজীবন সেটা ভুলতে পারে না। কেউ কেউ আবার তাদের জীবনও হারায়।
বাইবেলে অনেক আগে থেকে বলা ছিল, আমাদের সময়ে লোকেরা “হিংস্র হবে, ভালো বিষয়কে ঘৃণা করবে” এবং “স্নেহ দেখাবে না।” (২ তীমথিয় ৩:১-৫) তাই প্রশ্ন হল, ঘৃণার কারণে ঘটা অপরাধ কি কখনো শেষ হবে? এই সম্বন্ধে বাইবেল কী বলে?
কীভাবে ঘৃণার কারণে ঘটা অপরাধ শেষ হবে?
বাইবেল আমাদের আশ্বাস দেয়, এই ধরনের নিষ্ঠুর আচার-আচরণ শেষ করার ক্ষমতা ঈশ্বরের রয়েছে আর তিনি অবশ্যই তা করবেন।
“মন্দ লোকদের বিনষ্ট করা হবে . . . কিন্তু, মৃদুশীল ব্যক্তিরা পৃথিবীর অধিকারী হবে এবং তারা প্রচুর শান্তির কারণে অনেক আনন্দ লাভ করবে।” (গীতসংহিতা ৩৭:৯-১১) ঈশ্বর কখনোই এটা অনুমতি দেবেন না যে, মন্দ লোকেরা অন্যদের ক্ষতি করেই চলবে।
“[ঈশ্বর] তাদের চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।” (প্রকাশিত বাক্য ২১:৪) লোকেরা এখন যে-শারীরিক, মানসিক ও আবেগগত কষ্ট ভোগ করছে, সেগুলো তিনি দূর করে দেবেন।
“ধার্মিক ও অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হবে।” (প্রেরিত ২৪:১৫) ঈশ্বর লক্ষ লক্ষ ব্যক্তির জীবন পুনরায় ফিরিয়ে দেবেন আর তাদের মধ্যে এমন লোকেরাও থাকবে, যারা ঘৃণার কারণে ঘটা অপরাধের শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছে।
কীভাবে এখনই ঘৃণার মোকাবিলা করা যায়?
বাইবেল শুধুমাত্র আমাদের এটাই জানায় না যে, ভবিষ্যতে একটা ভালো সময় আসবে, কিন্তু এটাও জানায়, কীভাবে আমরা এখনই এই ঘৃণার মোকাবিলা করতে পারি। আসুন আমরা বাইবেল থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানি:
আমাদের মন থেকে ঘৃণার মনোভাব দূর করার জন্য আমরা এখনই কী করতে পারি? এই প্রশ্নের উত্তর জানার জন্য “ঘৃণার চক্র থেকে বেরিয়ে আসা” নামক প্রহরীদুর্গ পত্রিকাটা পড়ুন।
কেন ঈশ্বর এত দুঃখকষ্ট থাকার অনুমতি দিয়েছেন? এই প্রশ্নের স্পষ্ট উত্তর জানার জন্য বাইবেলভিত্তিক এই ভিডিওটা দেখুন কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?