বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগেই ঈশ্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে নিয়ম দিয়েছিলেন
আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ইজরায়েল জাতি যখন প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে যাচ্ছিল, তখন ঈশ্বর তাদের কাছে একটা প্রতিজ্ঞা করেন: তিনি তাদের “মারাত্মক রোগগুলো” থেকে রক্ষা করবেন, যেগুলো তারা মিশরে দেখেছিল। (দ্বিতীয় বিবরণ ৭:১৫) এই কারণেই তিনি তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কিছু নিয়ম দিয়েছিলেন, যাতে কোনো রোগ ছড়াতে না পারে। যেমন:
ইজরায়েলীয়দের যে-নিয়ম দেওয়া হয়েছিল, সেখানে এটা স্পষ্টভাবে বলা ছিল যে, তাদের কাপড় ধুতে হবে এবং স্নান করতে হবে।—লেবীয় পুস্তক ১৫:৪-২৭.
মল ত্যাগ করার বিষয়ে যিহোবা বলেছিলেন: “তুমি শৌচকর্মের জন্য শিবিরের বাইরে এক জায়গা নির্ধারণ করবে আর তুমি সেখানেই যাবে। তোমার সরঞ্জামের মধ্যে যেন মাটি খোঁড়ার যন্ত্র থাকে। যখন তুমি শৌচকর্মের জন্য শিবিরের বাইরে যাবে, তখন তুমি সেটা দিয়ে একটা গর্ত খুঁড়বে আর সেখানে মল ত্যাগ করার পর সেটা মাটি দিয়ে ঢেকে দেবে।”—দ্বিতীয় বিবরণ ২৩:১২, ১৩.
যদি ইজরায়েলীয়দের মনে হত, তাদের মধ্যে কারো সংক্রামক রোগ হয়েছে, তা হলে সেই ব্যক্তিকে কিছু সময়ের জন্য আলাদা রাখা হত। যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠত, তখন সে আবার ফিরে আসতে পারত। কিন্তু, ফিরে আসার আগে তাকে নিজের কাপড় ধুতে হত এবং স্নান করতে হত। এভাবে, তাকে “শুচি” বলে ধরা হত।—লেবীয় পুস্তক ১৪:৮, ৯.
যদি কোনো ব্যক্তি মৃতদেহ স্পর্শ করত, তা হলে তাকে কিছু সময়ের জন্য আলাদা থাকতে হত।—লেবীয় পুস্তক ৫:২, ৩; গণনাপুস্তক ১৯:১৬.
ইজরায়েলীয়দের যে-নিয়ম দেওয়া হয়েছিল, তা থেকে বোঝা যায় যে, রোগব্যাধি থেকে রক্ষা পাওয়ার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তারা অন্য দেশের লোকদের চেয়ে অনেক এগিয়ে ছিল।
সেই সময় অন্যান্য দেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টাকে খুব-একটা গুরুত্বের সঙ্গে নিত না। যেমন:
রাস্তার মধ্যেই ময়লা ফেলে দেওয়া হত। দূষিত জল, খাবার এবং ময়লার কারণে লোকেরা অসুস্থ হয়ে পড়ত আর ছোটো বাচ্চারা মারা যেত।
সেই সময় রোগজীবাণু সম্বন্ধে লোকেরা খুব কম জানত অথবা কিছুই জানত না। মিশরের লোকেরা টিকটিকির রক্ত, পাখির মল, মরা ইঁদুর, প্রস্রাব আর ফাঙ্গাস ধরে যাওয়া রুটি ব্যবহার করে চিকিৎসা করত। সেই সময় চিকিৎসার জন্য মানুষ ও পশুপাখির মল ব্যবহার করা সাধারণ বিষয় ছিল।
সেই সময় মিশরের লোকেরা নীল নদ এবং এর খালের দূষিত জলের কারণে অসুস্থ হয়ে পড়ত। দূষিত খাবার খাওয়ার ফলে ছোটো বাচ্চারা ডাইরিয়া এবং এই ধরনের অন্যান্য রোগের কারণে মারা যেত।
অপর দিকে ইজরায়েলীয়েরা ঈশ্বরের দেওয়া নিয়ম মেনে চলে উপকৃত হয়েছিল। তারা অন্যান্য দেশের লোকদের চেয়ে অনেক বেশি সুস্থসবল ছিল।