পশুপাখি মারা যাওয়ার পর কি স্বর্গে যায়?
বাইবেলের উত্তর
বাইবেল এই শিক্ষা দেয় যে, পৃথিবীতে যত প্রাণী আছে, তার মধ্যে কেবল নির্দিষ্টসংখ্যক কিছু মানুষ স্বর্গে যাবে। (প্রকাশিত বাক্য ১৪:১, ৩) সেখানে তারা যিশু খ্রিস্টের সঙ্গে রাজা ও যাজক হিসেবে শাসন করবে। (লূক ২২:২৮-৩০; প্রকাশিত বাক্য ৫:৯, ১০) অনেক অনেক লোক এক পরমদেশ পৃথিবীতে পুনরুত্থিত হবে।—গীতসংহিতা ৩৭:১১, ২৯.
বাইবেলে এই বিষয়ে কোনো উল্লেখ নেই যে, পোষা প্রাণী অথবা কুকুরের জন্য স্বর্গ আছে। আর এর উপযুক্ত কারণ রয়েছে। “স্বর্গে যাওয়ার আহ্বান“ লাভ করার ব্যাপারে যোগ্য হওয়ার জন্য যে-পদক্ষেপগুলো নিতে হয়, পশুপাখি সেগুলো নিতে পারে না। (ইব্রীয় ৩:১) এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, জ্ঞান নেওয়া, বিশ্বাস দেখিয়ে চলা এবং ঈশ্বরের আজ্ঞাগুলোর বাধ্য হওয়া। (মথি ১৯:১৭; যোহন ৩:১৬; ১৭:৩) কেবলমাত্র মানুষকেই চিরকাল বেঁচে থাকার প্রত্যাশা দিয়ে সৃষ্টি করা হয়েছে।—আদিপুস্তক ২:১৬, ১৭; ৩:২২, ২৩.
স্বর্গে যাওয়ার জন্য পার্থিব প্রাণীদের অবশ্যই পুনরুত্থিত হতে হবে। (১ করিন্থীয় ১৫:৪২) বাইবেলে বেশ কয়েকটা পুনরুত্থানের বিষয়ে বলা হয়েছে। (১ রাজাবলি ১৭:১৭-২৪; ২ রাজাবলি ৪:৩২-৩৭; ১৩:২০, ২১; লূক ৭:১১-১৫; ৮:৪১, ৪২, ৪৯-৫৬; যোহন ১১:৩৮-৪৪; প্রেরিত ৯:৩৬-৪২; ২০:৭-১২) তবে, প্রতিটা ক্ষেত্রে মানুষকে পুনরুত্থিত করা হয়েছিল, কোনো পশু বা পাখিকে নয়।
পশুপাখি যখন মারা যায়, তখন তাদের প্রতি কী ঘটে?
বাইবেল জানায় যে, ঈশ্বরের দৃষ্টিতে মানুষ ও পশুপাখি উভয়ের জীবন একইরকম। (গণনাপুস্তক ৩১:২৮, ২৯) পশুপাখি ও মানুষকে দুটো বিষয় দিয়ে তৈরি করা হয়েছে: ‘মৃত্তিকার ধূলি’ এবং “প্রাণবায়ু।”—আদিপুস্তক ২:৭.
বাইবেল এও জানায়, পশুপাখি ও মানুষ উভয়ই মারা যায়। (লেবীয় পুস্তক ২১:১১; যিহিষ্কেল ১৮:২০) মারা যাওয়ার পর পশুপাখি ও মানুষ উভয়ই ধুলোতে ফিরে যায়। (উপদেশক ৩:১৯, ২০) অন্য কথায় বললে, তাদের কোনো অস্তিত্ব থাকে না।
পশুপাখি কি পাপ করে?
না। পাপ করার অর্থ, এমন কিছু চিন্তা করা, অনুভব করা অথবা কাজ করা, যেগুলো ঈশ্বরের মান অনুযায়ী নয়। পাপ করতে হলে একটা প্রাণীর নৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, কিন্তু পশুপাখির সেই ক্ষমতা নেই। এরা যতদিন বেঁচে থাকে, ততদিন সহজাত প্রবৃত্তির দ্বারা চলে। (২ পিতর ২:১২) এদের আয়ু শেষ হলে এরা মারা যায়, যদিও এরা পাপ করে না।
পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ করা কি গ্রহণযোগ্য?
না। ঈশ্বর মানুষকে পশুপাখির উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন, তবে তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করার অধিকার দেননি। (আদিপুস্তক ১:২৮; গীতসংহিতা ৮:৬-৮) ঈশ্বর প্রতিটা পশু বা পাখির—এমনকী ছোট্ট একটা পাখির—মঙ্গলের কথা চিন্তা করেন। (যোনা ৪:১১; মথি ১০:২৯) তিনি তাঁর উপাসকদের আদেশ দিয়েছেন, যাতে তারা পশুপাখির প্রতি সঠিক আচরণ করে।—যাত্রাপুস্তক ২৩:১২; দ্বিতীয় বিবরণ ২৫:৪; হিতোপদেশ ১২:১০.