“স্বর্গরাজ্যের চাবিগুলো” কী?
বাইবেলের উত্তর
“স্বর্গরাজ্যের চাবিগুলো” বা “চাবিকাঠি” এক বিশেষ ধরনের অধিকারকে চিত্রিত করে। সেটা কী? সেটা হল লোকদের জন্য “ঈশ্বরের রাজ্যে প্রবেশ” করার অধিকার। (মথি ১৬:১৯; জুবিলী বাইবেল; প্রেরিত ১৪:২২)a যিশু পিতরকে “স্বর্গরাজ্যের চাবিগুলো” দিয়েছিলেন অর্থাৎ তাকে একটা বিশেষ অধিকার দিয়েছিলেন। পিতরকে বিশ্বস্ত লোকদের এটা জানাতে হয়েছিল যে, তারা ঈশ্বরের পবিত্র শক্তির সাহায্যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে।
কাদের জন্য এই চাবিগুলো ব্যবহার করা হয়েছিল?
পিতর ঈশ্বরের কাছ থেকে পাওয়া এই অধিকারকে ব্যবহার করে তিনটে দলের কাছে স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ খুলে দিয়েছিলেন:
১. যিহুদি এবং ধর্মান্তরিত যিহুদি। যিশু মারা যাওয়ার অল্প সময় পর পিতর একদল যিহুদি এবং ধর্মান্তরিত যিহুদিকে উৎসাহিত করেছিলেন যেন তারা এটা মেনে নেয় যে, যিশুকে ঈশ্বর তাঁর রাজ্যের রাজা হিসেবে নিযুক্ত করেছেন। পিতর তাদের বলেছিলেন, রক্ষা পাওয়ার জন্য তাদের কী করতে হবে। হাজার হাজার ব্যক্তি ‘তার কথাগুলো গ্রহণ করেছিল।’ (প্রেরিত ২:৩৮-৪১) এর ফলে, তিনি তাদের কাছে স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ খুলে দিয়েছিলেন।
২. শমরীয়। পরে পিতরকে শমরীয়দের কাছে পাঠানো হয়েছিল।b তিনি সেইসময় আবারও স্বর্গরাজ্যের চাবি ব্যবহার করেছিলেন, যখন তিনি এবং প্রেরিত যোহন ‘সেখানে গিয়ে শমরিয়ার লোকদের জন্য প্রার্থনা করেছিলেন।’ (প্রেরিত ৮:১৪-১৭) এর ফলে, শমরীয়দের কাছে স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ খুলে গিয়েছিল।
৩. ন-যিহুদি। যিশু মারা যাওয়ার সাড়ে তিন বছর পর ঈশ্বর পিতরের কাছে প্রকাশ করেছিলেন যে, ন-যিহুদিদের কাছেও স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ রয়েছে। পিতর ন-যিহুদিদের কাছে প্রচার করার মাধ্যমে সেই চাবিগুলোর মধ্যে একটা চাবি ব্যবহার করেছিলেন। এর ফলে, তিনি তাদের কাছে পবিত্র শক্তি লাভ করে খ্রিস্টান হওয়ার এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার সুযোগ খুলে দিয়েছিলেন।—প্রেরিত ১০:৩০-৩৫, ৪৪, ৪৫.
‘রাজ্যে প্রবেশ করার’ অর্থ কী?
যারা “রাজ্যে প্রবেশ” করবে, তারা আসলে স্বর্গে যিশুর সঙ্গে শাসন করার সুযোগ পাবে। বাইবেল এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করে, তারা “সিংহাসনে বসে” “পৃথিবীর উপর রাজত্ব করবে।”—লূক ২২:২৯, ৩০; প্রকাশিত বাক্য ৫:৯, ১০.
স্বর্গরাজ্যের চাবিগুলোর বিষয়ে কিছু ভুল ধারণা
ভুল ধারণা: পিতর ঠিক করেন, কে স্বর্গে প্রবেশ করবে।
সঠিক তথ্য: বাইবেল জানায়, পিতর নয় বরং যিশু খ্রিস্ট “জীবিত ও মৃতদের বিচার করবেন।” (২ তীমথিয় ৪:১, ৮; যোহন ৫:২২) এ ছাড়া, পিতর নিজে বলেছিলেন যে, যিশুকেই “ঈশ্বর জীবিত ও মৃত ব্যক্তিদের বিচারক হিসেবে নিযুক্ত করেছেন।”—প্রেরিত ১০:৩৪, ৪২.
ভুল ধারণা: স্বর্গে সবাই অপেক্ষা করছিল, পিতর কখন স্বর্গরাজ্যের চাবিগুলো ব্যবহার করবেন।
সঠিক তথ্য: যিশু যখন পিতরকে স্বর্গরাজ্যের চাবিগুলোর বিষয়ে বলেছিলেন, তখন তিনি তাকে এই কথাগুলো বলেছিলেন: “তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে।” (মথি ১৬:১৯; দ্যা হোলি বাইবেল, বিএসআই – বেঙ্গলি – ও.ভি.) এই পদ পড়ে কিছু লোক মনে করে, পিতর যা ঠিক করেছিলেন, সেই অনুযায়ী স্বর্গে কাজ করা হয়েছিল। কিন্তু, এই পদে যে-গ্রিক ক্রিয়াপদগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে, স্বর্গে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পিতর কাজ করেছিলেন, নাকি পিতরের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী স্বর্গে কাজ করা হয়েছিল।
বাইবেলে অন্যান্য পদ দেখায় যে, পিতর স্বর্গ থেকে নির্দেশনা পাওয়ার পর স্বর্গরাজ্যের চাবিগুলো ব্যবহার করেছিলেন। উদাহরণ স্বরূপ, তিনি ঈশ্বরের কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তৃতীয় চাবি ব্যবহার করেছিলেন।—প্রেরিত ১০:১৯, ২০.
a বাইবেলে কোনো অধিকার অথবা দায়িত্বকে বোঝানোর জন্য কখনো কখনো “চাবি” শব্দটা ব্যবহার করা হয়েছে।—যিশাইয় ২২:২০-২২; প্রকাশিত বাক্য ৩:৭, ৮.
b শমরীয়েরা এমন একটা ধর্ম গ্রহণ করেছিল, যেটার শিক্ষাগুলো যিহুদি ধর্মের শিক্ষাগুলোর চেয়ে আলাদা ছিল, তবে কিছু শিক্ষা ও রীতিনীতি মোশির ব্যবস্থার উপর ভিত্তি করে ছিল।