ঈশ্বরের বাক্য বলতে কী বা কাকে বোঝানো হয়েছে?
বাইবেলের উত্তর
“ঈশ্বরের বাক্য” বলতে সাধারণত ঈশ্বরের কাছ থেকে আসা এক বা একাধিক বার্তাকে বোঝায়। (লূক ১১:২৮) আবার কিছু শাস্ত্রপদে “ঈশ্বরের বাক্য” এবং “বাক্য” অভিব্যক্তিগুলোকে উপাধি হিসেবে ব্যবহার করা হয়েছে।—প্রকাশিত বাক্য ১৯:১৩; যোহন ১:১৪.
ঈশ্বরের কাছ থেকে আসা বার্তা। ভাববাদীরা অনেক বার বলেছে যে, তারা যে-বার্তা জানিয়েছিল, সেটা ছিল ঈশ্বরের বাক্য। যেমন, ভাববাদী যিরমিয় তার বার্তা এভাবে শুরু করেছিলেন, “সদাপ্রভুর [“যিহোবার,”NW] এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল।” (যিরমিয় ১:৪, ১১, ১৩; ২:১) ঈশ্বর শৌলকে রাজা হিসেবে বাছাই করেছেন, এই বার্তা শৌলকে জানানোর আগে ভাববাদী শমূয়েল বলেছিলেন: “দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বরের বাক্য শ্রবণ করাই।”—১ শমূয়েল ৯:২৭.
উপাধি। বাইবেলে যিশু খ্রিস্টকেও “বাক্য” বলা হয়েছে। তিনি যখন স্বর্গে ছিলেন এবং পরে পৃথিবীতে এসেছিলেন, তখনও তাকে “বাক্য” বলা হয়েছে। কীভাবে আমরা বলতে পারি যে, “বাক্য” বলতে যিশুকেই বোঝানো হয়েছে? আসুন, নীচে দেওয়া কারণগুলোর উপর মনোযোগ দিই:
সমস্ত সৃষ্টির আগে বাক্য অস্তিত্বে ছিলেন। “শুরুতে বাক্য ছিলেন … ইনি শুরু থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন।” (যোহন ১:১, ২) যিশু হলেন “সমস্ত সৃষ্টির প্রথমজাত … অন্য সমস্ত কিছুর আগে তিনি অস্তিত্বে ছিলেন।”—কলসীয় ১:১৩-১৫, ১৭.
বাক্য মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন। “সেই বাক্য মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন এবং আমাদের মাঝে বাস করেছিলেন।” (যোহন ১:১৪) যিশু খ্রিস্ট “নিজের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, দাসের মতো হয়েছিলেন এবং মানুষ হিসেবে জন্মেছিলেন।”—ফিলিপীয় ২:৫-৭.
বাক্য হলেন ঈশ্বরের পুত্র। “সেই বাক্য মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন,” এই কথাগুলো বলার পর প্রেরিত যোহন বলেছিলেন: “আমরা তাঁর মহিমা দেখেছিলাম, যে-মহিমা কেবল পিতার কাছ থেকে আসা একজাত পুত্রেরই থাকে।” (যোহন ১:১৪) যোহন এও বলেছিলেন: “যিশু হলেন ঈশ্বরের পুত্র।”—১ যোহন ৪:১৫.
বাক্যের মধ্যে ঈশ্বরের মতো গুণাবলি রয়েছে। “বাক্য ঈশ্বরের মতো” ছিলেন। (যোহন ১:১; পাদটীকা) যিশু হলেন “ঈশ্বরের মহিমার প্রতিফলন এবং তাঁর ব্যক্তিত্বের অবিকল প্রতিচ্ছবি।”—ইব্রীয় ১:২, ৩.
বাক্য রাজা হিসেবে শাসন করেন। বাইবেল বলে, ঈশ্বরের বাক্যের মাথায় “অনেক মুকুট রয়েছে।” (প্রকাশিত বাক্য ১৯:১২, ১৩) বাক্যকে “রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু” বলা হয়েছে। (প্রকাশিত বাক্য ১৯:১৬) আর যিশুকেও “রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু” বলা হয়েছে।—১ তীমথিয় ৬:১৪, ১৫.
বাক্য ঈশ্বরের হয়ে কথা বলতেন। “বাক্য” বলতে এমন কাউকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে ঈশ্বর বিভিন্ন তথ্য ও নির্দেশনা দিয়ে থাকেন। যিশু বলেছেন যে, তিনিই এই ভূমিকা পালন করেছেন। তাঁর বলা কথাগুলো বাইবেলে এভাবে লেখা রয়েছে: “যিনি আমাকে পাঠিয়েছেন, সেই পিতা আমাকে কী বলতে হবে এবং কী শিক্ষা দিতে হবে, সেই বিষয়ে আমাকে এক আজ্ঞা দিয়েছেন … তাই, আমি যা-কিছু বলি না কেন, আমার পিতা আমাকে যেমন বলেছেন, তেমনই বলি।”—যোহন ১২:৪৯, ৫০.