যিহোবার সাক্ষিরা কি তাদের বিশ্বাসকে সঠিক বলে প্রমাণ করার জন্য বাইবেলে কিছু পরিবর্তন করেছে?
না, আমরা এমনটা করিনি। এর পরিবর্তে, আমরা যখন দেখেছি যে, আমাদের বিশ্বাস বাইবেলে লেখা কথাগুলোর সঙ্গে মিলছে না, তখন আমরা বাইবেল অনুযায়ী নিজেদের বিশ্বাস রদবদল করেছি।
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেল ১৯৫০ সালে ছাপানো হয়েছিল। কিন্তু, এটি ছাপানোর অনেক বছর আগেই আমরা বাইবেলের অন্যান্য অনুবাদগুলো নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে শুরু করে দিয়েছিলাম। আমরা সেখান থেকে গবেষণা করে নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করেছিলাম এবং সেই অনুযায়ী নিজেদের বিশ্বাস গড়ে তুলেছিলাম। যিহোবার সাক্ষিরা বছরের পর বছর ধরে যা বিশ্বাস করে আসছে, সেটার কিছু উদাহরণ লক্ষ করুন আর এরপর নিজেই ঠিক করুন যে, আমাদের বিশ্বাস বাইবেলের শিক্ষার সঙ্গে মেলে কি না।
আমাদের বিশ্বাস: ঈশ্বর কোনো ত্রিত্ব নন। পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেল আসার অনেক বছর আগে ১৮৮২ সালে জায়ন্স ওয়াচ টাওয়ার পত্রিকায় লেখা হয়েছিল: “আমাদের পাঠকেরা বিশ্বাস করে যে, যিহোবা, যিশু এবং পবিত্র শক্তি সত্যিই রয়েছে। তবে, বাইবেল কখনোই এমনটা শিক্ষা দেয় না যে, এই তিন জনই ঈশ্বর বা এই তিন জন এক। যেমনটা কেউ কেউ বিশ্বাস করে, ঈশ্বর হলেন ত্রিত্ব।”
বাইবেল যা বলে: “যিহোবা হলেন আমাদের ঈশ্বর আর কেবল এক জন যিহোবাই রয়েছেন।” (দ্বিতীয় বিবরণ ৬:৪) “কিন্তু আমাদের দৃষ্টিতে আসলে এক জন ঈশ্বর আছেন। তিনি আমাদের পিতা এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আমরা তাঁর জন্যই বেঁচে আছি; আর কেবল এক জন প্রভু আছেন, তিনি যিশু খ্রিস্ট। তাঁর মাধ্যমেই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে এবং আমরা তাঁর মাধ্যমেই বেঁচে আছি।” (১ করিন্থীয় ৮:৬) যিশু নিজে বলেছিলেন: “পিতা আমার চেয়ে মহান।”—যোহন ১৪:২৮.
আমাদের বিশ্বাস: কেউ অগ্নিময় নরকে চিরকাল ধরে যন্ত্রণা ভোগ করে না। ১৮৮২ সালে জায়ন্স ওয়াচ টাওয়ার পত্রিকার জুন মাসের প্রবন্ধের শিরোনাম ছিল “পাপের বেতন মৃত্যু।” এটা কিং জেমস্ ভারশন বাইবেলের রোমীয় ৬:২৩ থেকে নেওয়া হয়েছিল। এই পত্রিকায় বলা হয়েছিল: “বাইবেলের এই কথাগুলো অনেক সহজসরল এবং স্পষ্টভাবে বলা হয়েছে। এটা কতই না অবাক করার মতো এক বিষয় যে, যাদের কাছে বাইবেল রয়েছে আর যারা বলে থাকে, বাইবেল হল ঈশ্বরের বাক্য, তারাই এত সহজসরল বিষয়টা বুঝতে পারে না। তারা আবার এও বলে থাকে, তারা বাইবেলে লেখা কথাগুলো মেনে চলে। তারা বলে, বাইবেল শিক্ষা দেয় যে: পাপের বেতন হল, চিরকাল ধরে অগ্নিময় নরকে যন্ত্রণা ভোগ করা।”
বাইবেল যা বলে: “যে প্রাণী পাপ করে, সেই মরিবে।” (যিহিষ্কেল ১৮:৪, ২০) যারা ঈশ্বরের বিরুদ্ধে যায়, তাদের শাস্তি অগ্নিময় নরকে চিরকাল ধরে যন্ত্রণা ভোগ করা নয়। এর পরিবর্তে, বাইবেল জানায় যে, তাদের শাস্তি হবে “অনন্তধ্বংস।”—২ থিষলনীকীয় ১:৯.
আমাদের বিশ্বাস: ঈশ্বরের রাজ্য হল এক বাস্তব সরকার। ১৮৮১ সালে জায়ন্স ওয়াচ টাওয়ার পত্রিকার একটা প্রবন্ধে ঈশ্বরের রাজ্যের বিষয়ে এভাবে বলা হয়েছিল: “ঈশ্বরের রাজ্য আসার অর্থ হল পৃথিবীর সমস্ত রাজ্যকে সরিয়ে দেওয়া।”
বাইবেল যা বলে: “সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না; তাহা ঐ সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে।”—দানিয়েল ২:৪৪.
যিহোবার সাক্ষিদের কাছে যদি নতুন জগৎ অনুবাদ বাইবেল না থাকে, তা হলেও কি তারা তাদের বিশ্বাসের প্রমাণ দিতে পারবে?
অবশ্যই। আমরা এখনও প্রচার করার সময় বাইবেলের অন্যান্য অনুবাদ ব্যবহার করে থাকি। যারা আমাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করে, তাদের মধ্যে কেউ যদি বাইবেলের অন্য কোনো অনুবাদ ব্যবহার করতে চায়, তা হলে এতে আমাদের কোনো আপত্তি নেই।