কেন প্রার্থনা করব? ঈশ্বর কি আমার প্রার্থনার উত্তর দেবেন?
বাইবেলের উত্তর
হ্যাঁ, অবশ্যই তিনি উত্তর দেবেন। বাইবেল থেকে এবং অনেক ব্যক্তির অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে, ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। বাইবেল জানায়: “তিনি [ঈশ্বর] সেই ব্যক্তিদের ইচ্ছা পূর্ণ করেন, যারা তাঁকে ভয় করে, তিনি সাহায্য চেয়ে করা তাদের আর্তনাদ শোনেন আর তাদের উদ্ধার করেন।” (গীতসংহিতা ১৪৫:১৯) কিন্তু, ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন কি না, সেটা অনেকটা আপনার উপর নির্ভর করে।
কোন বিষয়গুলো ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ?
আমাদের যিশু, মরিয়ম, সাধু, স্বর্গদূত বা কোনো মূর্তির কাছে নয়, বরং ঈশ্বরের কাছেই প্রার্থনা করা উচিত। একমাত্র যিহোবা ঈশ্বরই আমাদের “প্রার্থনা শুনে” থাকেন।—গীতসংহিতা ৬৫:২.
আমাদের ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে বা তাঁর মান অনুযায়ী প্রার্থনা করা উচিত, যেগুলো আমরা বাইবেল থেকে জানতে পারি।—১ যোহন ৫:১৪.
আমাদের যিশুর নামে প্রার্থনা করা উচিত। এমনটা করার মাধ্যমে আমরা তাঁর প্রতি সম্মান দেখাই। যিশু বলেছিলেন, “আমার মধ্য দিয়ে না এলে, কেউ পিতার কাছে আসতে পারে না।”—যোহন ১৪:৬.
আমাদের সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রার্থনা করা উচিত। আর প্রয়োজনের সময় আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য সাহায্য চাইতে হবে।—মথি ২১:২২; লূক ১৭:৫.
আমাদের নম্র হতে হবে। আমাদের মধ্যে যেন কোনো ছলনা না থাকে। বাইবেল বলে: “যিহোবা অনেক উঁচুতে থাকেন, তারপরও তিনি নম্র ব্যক্তিদের লক্ষ করেন।”—গীতসংহিতা ১৩৮:৬.
আমাদের ক্রমাগত প্রার্থনা করতে হবে। যিশু বলেছিলেন, “চাইতে থাকো, তা হলে তোমাদের দেওয়া হবে।”—লূক ১১:৯.
কোন বিষয়গুলো ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ নয়?
আপনার জাতি বা আপনি কোন দেশে থাকেন। “ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্য থেকে যে-কেউ তাঁকে ভয় করে এবং সঠিক কাজ করে, তাকে ঈশ্বর গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.
আপনি কীভাবে বসে বা দাঁড়িয়ে আছেন। আপনি বসে, নীচু হয়ে, হাঁটু গেড়ে, দাঁড়িয়ে অথবা যেকোনোভাবে প্রার্থনা করতে পারেন।—১ বংশাবলি ১৭:১৬; নহিমিয় ৮:৬; দানিয়েল ৬:১০; মার্ক ১১:২৫.
আপনি মনে মনে প্রার্থনা করেন বা জোরে। মনে মনে করা প্রার্থনা অন্যেরা শুনতে না পেলেও ঈশ্বর তা শোনেন এবং সেটার উত্তর দেন।—নহিমিয় ২:১-৬.
আপনার চিন্তার বিষয় ছোটো হোক বা বড়ো। ঈশ্বর উৎসাহিত করেন আপনি যেন ‘আপনার সমস্ত উদ্বিগ্নতার বোঝা তাঁর উপর ফেলে দেন, কারণ তিনি আপনার জন্য চিন্তা করেন।’—১ পিতর ৫:৭.