যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করে যারা আগে সাক্ষি ছিল?
আমরা অন্যদের সঙ্গে সবসময় প্রেম, দয়া এবং সম্মান দেখিয়ে আচরণ করার চেষ্টা করি। যদি কোনো যিহোবার সাক্ষি আগে যেভাবে উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা করত, এখন আর সেভাবে না করে কিংবা যিহোবার সেবা করা একেবারেই বন্ধ করে দেয়, তা হলে আমরাই এগিয়ে গিয়ে তাকে সাহায্য করার প্রচেষ্টা করি আর তার সঙ্গে দেখা করে তাকে আশ্বাস দিই যে, আমরা তাকে অনেক ভালোবাসি। আমরা এও চেষ্টা করি যেন সে আবারও উদ্যোগের সঙ্গে যিহোবার সেবা করতে পারে।—লূক ১৫:৪-৭.
কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যক্তিকে তার কাজের কারণে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়। (১ করিন্থীয় ৫:১৩) তবে, যেহেতু আমরা আমাদের সহবিশ্বাসীদের সত্যিই ভালোবাসি, তাই কাউকে মণ্ডলী থেকে বের করে দেওয়ার আগে আমরা তাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করি। আর যদি তাকে বের করে দেওয়া হয়, তারপরও আমরা তার প্রতি ভালোবাসা ও সম্মান দেখাই, ঠিক যেমনটা বাইবেল আমাদের করতে বলে।—মার্ক ১২:৩১; ১ পিতর ২:১৭.
কখন একজন ব্যক্তিকে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়?
বাইবেলে স্পষ্টভাবে লেখা রয়েছে যে, একজন খ্রিস্টান যদি গুরুতর পাপ করে এবং নিজেকে পরিবর্তন করতে অস্বীকার করে, তা হলে তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়া উচিত।a (১ করিন্থীয় ৫:১১-১৩) বাইবেল স্পষ্টভাবে এটাও জানায় যে, কোন পাপগুলো গুরুতর পাপ। এগুলো এতই গুরুতর যে, সেগুলো করলে একজন ব্যক্তিকে মণ্ডলী থেকে বের করে দিতে হতে পারে। এর কয়েকটা উদাহরণ হল: ব্যভিচার করা, মাতাল হওয়া, হত্যা করা, পরিবারের সদস্যদের নির্যাতন ও নিপীড়ন করা এবং চুরি করা।—১ করিন্থীয় ৬:৯, ১০; গালাতীয় ৫:১৯-২১; ১ তীমথিয় ১:৯, ১০.
কিন্তু, কোনো ব্যক্তি গুরুতর পাপ করলেই যে তাকে সঙ্গে সঙ্গে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়, এমন নয়। প্রথমে মণ্ডলীর প্রাচীনেরাb সেই ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন, যাতে সে সেই খারাপ কাজটা করা বন্ধ করে। (রোমীয় ২:৪) তারা দয়া দেখিয়ে, মৃদু ও কোমলভাবে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন আর এভাবে সেই ব্যক্তির হৃদয়ে পৌঁছোনোর প্রচেষ্টা করেন। (গালাতীয় ৬:১) এইরকমটা করার ফলে সেই ব্যক্তি হয়তো বুঝতে পারবে যে, সে ভুল করেছে আর হয়তো সে অনুতপ্ত হবে। (২ তীমথিয় ২:২৪-২৬) প্রাচীনেরা তাকে সাহায্য করার জন্য বার বার প্রচেষ্টা করার পরও সেই ব্যক্তি যদি বাইবেলের নৈতিক মানের বিরুদ্ধে গিয়ে পাপ করেই চলে এবং অনুতপ্ত না হয়, তা হলে তাকে মণ্ডলী থেকে অবশ্যই বের করে দিতে হবে। এরপর প্রাচীনেরা মণ্ডলীতে শুধুমাত্র এইটুকুই ঘোষণা করবেন যে, সেই ব্যক্তি এখন আর যিহোবার সাক্ষি নয়।
প্রাচীনেরা পাপ করেছে এমন ব্যক্তির সঙ্গে দয়া দেখিয়ে, মৃদু ও কোমলভাবে কথা বলেন আর এভাবে সেই ব্যক্তির হৃদয়ে পৌঁছোনোর প্রচেষ্টা করেন
নিজেকে পরিবর্তন করতে চায় না এবং পাপ করেই চলে এমন একজন ব্যক্তিকে মণ্ডলী থেকে বের করে দেওয়ার কোন ভালো ফলাফল রয়েছে? প্রথমত, এর মাধ্যমে মণ্ডলী দেখায় যে, নৈতিকভাবে শুদ্ধ থাকার বিষয়ে ঈশ্বরের মানকে তারা সম্মান করে আর একইসঙ্গে সেই ব্যক্তির খারাপ প্রভাব থেকে মণ্ডলীকে রক্ষা করে। (১ করিন্থীয় ৫:৬; ১৫:৩৩; ১ পিতর ১:১৬) দ্বিতীয়ত, মণ্ডলী থেকে বের করে দেওয়ার ফলে, সেই ব্যক্তি হয়তো বুঝতে পারবে যে, তাকে তার পাপ কাজ করা বন্ধ করতে হবে এবং সে হয়তো নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা করবে।—ইব্রীয় ১২:১১.
যিহোবার সাক্ষিরা সেই ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করে, যাদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে?
বাইবেল অনুযায়ী, মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে খ্রিস্টানদের ‘মেলামেশা করা বন্ধ করা’ উচিত আর “এমনকী তার সঙ্গে খাওয়া-দাওয়াও” করা উচিত নয়। (১ করিন্থীয় ৫:১১) তাই, বের করে দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে আমরা মেলামেশা করি না। তবে, আমরা যে তাকে একেবারে এড়িয়ে চলি, এমন নয়। আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করি এবং সম্মানের সঙ্গে আচরণ করি। এ ছাড়া, আমাদের সভাগুলোতে আসতেও তার কোনো বাধা নেই আর সেখানে উপস্থিত যিহোবার সাক্ষিরা চাইলে তাকে সম্ভাষণ বা অভ্যর্থনা জানাতে পারে।c আর সেই ব্যক্তি যদি চায়, তা হলে মণ্ডলীতে ফিরে আসার জন্য প্রাচীনদের কাছে সাহায্যও চাইতে পারে।
মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন ব্যক্তিদের আমাদের সভায় আসতে কোনো বাধা নেই
কিন্তু, যদি মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন ব্যক্তির সাথি এবং অল্পবয়সি সন্তানেরা যিহোবার সাক্ষি হয়ে থাকে, সে ক্ষেত্রে কী করা হয়? যদিও যাকে বের করে দেওয়া হয়েছে সে তার পরিবারের সঙ্গে এখন আর যিহোবার উপাসনা করে না, তবে তার পারিবারিক সম্পর্ক থেকে যায়। যেহেতু সে তার পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকে, সেইজন্য তার বিবাহসাথির সঙ্গে এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকে আর তারা একে অন্যের প্রতি ভালোবাসা দেখিয়ে চলে।
মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তি যদি চায়, তা হলে সে প্রাচীনদের তার সঙ্গে দেখা করার জন্য বলতে পারে। প্রাচীনেরা সেই ব্যক্তিকে শাস্ত্র থেকে প্রেমময় পরামর্শ দেবেন আর হৃদয় থেকে তাকে উৎসাহিত করবেন, যেন সে অনুতপ্ত হয় এবং ঈশ্বরের কাছে ফিরে আসে। (সখরিয় ১:৩) সে যদি তার পাপ কাজ করা বন্ধ করে এবং তার কাজের মাধ্যমে দেখায় যে, সে সত্যিই যিহোবার মান অনুযায়ী চলতে চায়, তা হলে তাকে আবারও মণ্ডলীতে ফিরিয়ে নেওয়া হবে। মণ্ডলী তাকে ‘সদয়ভাবে ক্ষমা করবে এবং সান্ত্বনা দেবে’ ঠিক যেমন করিন্থের খ্রিস্টানেরা করেছিল, যখন একজন পাপী ব্যক্তি তার পাপ কাজ করা বন্ধ করেছিল।—২ করিন্থীয় ২:৬-৮.
বের করে দেওয়া হয়েছে এমন ব্যক্তিরা ফিরে আসার পর তাদের অনুভূতি কেমন?
নীচে এমন কিছু যিহোবার সাক্ষির মন্তব্য রয়েছে, যাদের আগে মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা ফিরে এসেছেন। তারা ফিরে আসার পর কী বলেছেন, তা দেখুন।
“আমি যখন মণ্ডলীতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম, এত বছর ধরে মণ্ডলী থেকে বাইরে থাকার সময় আমি কী কী করেছিলাম, প্রাচীনেরা সেই সমস্ত কিছু জানতে চাইবেন। কিন্তু, ভাইয়েরা শুধু বলেছিলেন, ‘আমরা চাই, তুমি এখন কী করবে সেটার উপর মনোযোগ দাও।’ এটা শুনে আমি অনেক স্বস্তি পেয়েছিলাম।”—মারিয়া, যুক্তরাষ্ট্র।
“আমি যখন ফিরে এসেছিলাম, তখন আমার মণ্ডলী অনেক খুশি হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম, আমি তাদের কাছে মূল্যবান। মণ্ডলীর ভাই-বোনেরা আমাকে এটাও বুঝতে সাহায্য করেছিল যে, যিহোবা আমাকে ক্ষমা করেছেন আর তারাও আমাকে ক্ষমা করেছে। এভাবে আমি আমার অতীতের ভুলগুলো নিয়ে দুঃখ করা বন্ধ করতে পেরেছিলাম। প্রাচীনেরা সবসময় আমার পাশে ছিলেন, যাতে আমি আবারও যিহোবার সঙ্গে আমার সম্পর্ক মজবুত করতে পারি। তারা আমাকে সান্ত্বনা দেন এবং বুঝতে সাহায্য করেন যে, যিহোবার চোখে আমি এখনও মূল্যবান আর তিনি আমাকে ভালোবাসেন।”—ম্যালকম, সিয়েরা লিওন।
“যিহোবা তাঁর লোকদের এতটাই ভালোবাসেন যে, তিনি এটাও লক্ষ রাখেন যেন তাঁর সংগঠন নৈতিকভাবে শুদ্ধ থাকে আর এই কারণে আমি খুবই খুশি। দূর থেকে দেখলে অনেকের কাছে মনে হতে পারে যে, মণ্ডলী থেকে বের করে দেওয়া হল নির্দয় একটা কাজ। কিন্তু, এটা আসলে যেমন প্রয়োজনীয়, তেমনই প্রেমময় এক ব্যবস্থা। আমি খুবই কৃতজ্ঞ যে, আমাদের স্বর্গীয় পিতা একজন প্রেমময় ও ক্ষমাবান ঈশ্বর।”—স্যাণ্ডি, যুক্তরাষ্ট্র।
a গুরুতর পাপ করেছে, কিন্তু অনুতপ্ত হয়নি এমন ব্যক্তিদের আগে আমরা সমাজচ্যুত ব্যক্তি বলে উল্লেখ করতাম। তবে, এখন আমরা বাইবেলে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা ব্যবহার করি এবং বলি যে, তাদের মণ্ডলী থেকে বের করে দেওয়া হয়েছে।
b প্রাচীনেরা হল খ্রিস্টান পুরুষ, যাদের বাইবেল সম্বন্ধে গভীর জ্ঞান রয়েছে এবং যাদের মণ্ডলীর দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বাইবেল থেকে যিহোবার লোকদের শিক্ষা দেন আর একজন মেষপালকের মতো ভাই-বোনদের যত্ন নেন এবং তাদের সাহায্য করেন। তারা এই কাজ করার জন্য কোনো টাকাপয়সা পান না।—১ পিতর ৫:১-৩.
c মাঝে মাঝে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, একজন ব্যক্তি শুধুমাত্র মণ্ডলী থেকে বের হয়েই যায় না বরং এর পাশাপাশি সে ইচ্ছাকৃতভাবে মণ্ডলীর ক্ষতি করার চেষ্টা করে, অন্যদের নিরুৎসাহিত করার চেষ্টা করে অথবা জেনে-শুনে অন্যদের ভুল কাজ করার জন্য উসকে দেয়। এইরকম ক্ষেত্রে আমরা বাইবেলের এই আজ্ঞা মেনে চলি: “তোমরা … তাকে সম্ভাষণও জানিয়ো না।”—২ যোহন ৯-১১.