যিহোবার সাক্ষিরা দানের টাকাপয়সা কীভাবে ব্যবহার করে থাকে?
আমরা দানের টাকাপয়সা লোকদের বাইবেল থেকে শিক্ষা দেওয়ার জন্য এবং যেখানে বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, সেখানে লোকদের সাহায্য করার জন্য ব্যবহার করি। আমাদের প্রধান কাজ হল, লোকদের যিশুর শিষ্য হতে সাহায্য করা। এই কারণেই আমরা লোকদের বাইবেল থেকে শিক্ষা দিই এবং প্রয়োজনের সময় তাদের সাহায্য করি আর দানের টাকাপয়সা এই কাজগুলোতে ব্যবহার করি।—মথি ২৮:১৯, ২০.
আমরা কখনোই আমাদের সংগঠনের কোনো একজন ব্যক্তিকে এই টাকাপয়সা দিয়ে ধনী হতে সাহায্য করি না। আমাদের সংগঠনে কোনো পাদরি বা ধর্মগুরু নেই, যাদের বেতন দেওয়া হয়। আর ঘরে ঘরে গিয়ে প্রচার করার জন্যও যিহোবার সাক্ষিদের বেতন দেওয়া হয় না। আলাদা আলাদা দেশে আমাদের কাজের দেখাশোনা করার জন্য কিছু অফিস রয়েছে, যেগুলোকে শাখা অফিস বলা হয়। যারা সেখানে কাজ করে, তারাও কোনো বেতন পায় না। একইভাবে, যারা আমাদের বিশ্বপ্রধান কার্যালয়ে কাজ করে এবং যারা সারা পৃথিবীতে ঘটে চলা আমাদের কাজের দেখাশোনা করে এবং নির্দেশনা দিয়ে থাকে (তাদের পরিচালকগোষ্ঠী বলা হয়), তাদেরও কোনো বেতন দেওয়া হয় না।
আমরা কোন কোন কাজ করে থাকি?
বিভিন্ন প্রবন্ধ তৈরি করে থাকি: আমরা বাইবেল এবং বাইবেল বুঝতে সাহায্য করে এমন প্রবন্ধগুলো অনুবাদ করি এবং প্রতি বছর এগুলোর কোটি কোটি কপি ছাপাই। আমরা এগুলো আলাদা আলাদা দেশে পাঠিয়ে থাকি আর সেখানকার লোকদের দিয়ে থাকি। আমরা এই প্রবন্ধগুলোর জন্য কারো কাছ থেকে টাকাপয়সা নিই না। এর পাশাপাশি, আমরা আমাদের ওয়েবসাইট jw.org এবং jw লাইব্রেরি অ্যাপের মাধ্যমেও ডিজিটাল ফরম্যাটে এই প্রবন্ধগুলো প্রকাশ করে থাকি। এরজন্য আমরা লোকদের কাছ থেকে টাকা নিই না এবং আমাদের লাভের জন্য কোনো বিজ্ঞাপনও দিই না।
নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকি: আমরা সারা পৃথিবীতে বিভিন্ন উপাসনা স্থল নির্মাণ করে থাকি, যেখানে যিহোবার সাক্ষিরা ছোটো ছোটো দল হিসেবে মিলিত হয়। এগুলোর রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করে থাকি। আমরা শাখা অফিস এবং অনুবাদ অফিসগুলোও নির্মাণ করি এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ করি। এই কাজগুলোর মধ্যে বেশিরভাগই আমরা নিজেরা করে থাকি। এতে আমাদের খরচ অনেকটাই কম হয়।
কাজ সংগঠিত এবং এর দেখাশোনা করে থাকি: আমাদের বিশ্বপ্রধান কার্যালয়ে, শাখা অফিসে ও অনুবাদ অফিসগুলোতে যে-সমস্ত কাজ করা হয়, সেগুলোর খরচ দানের মাধ্যমে চলে। আর যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার কাজ করে থাকে, তাদের সমস্ত খরচ মেটানোর জন্যও দানের টাকাপয়সা ব্যবহার করা হয়।
প্রচার কাজ করি: “ঈশ্বরের বাক্য” প্রচার করার এবং অন্যদের শেখানোর জন্য যিহোবার সাক্ষিরা কোনো বেতন পায় না। (২ করিন্থীয় ২:১৭) তবে, কিছু সাক্ষিকে প্রচার কাজ করার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয় এবং তারা তাদের বেশিরভাগ সময় প্রচার কাজেই ব্যয় করে থাকে। তাদের থাকার জন্য সাধারণ একটা ঘর দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় বিষয়গুলোও পূরণ করা হয়। প্রথম শতাব্দীতেও কিছু প্রচারককে এই ধরনের সাহায্য করা হত।—ফিলিপীয় ৪:১৬, ১৭; ১ তীমথিয় ৫:১৭, ১৮.
শিক্ষা দিয়ে থাকি: লোকদের ঈশ্বর সম্বন্ধে শেখানোর জন্য আমরা বিভিন্ন সম্মেলনের ব্যবস্থা করি এবং অডিও ও ভিডিও তৈরি করে থাকি। যে-ভাইয়েরা আমাদের মণ্ডলীগুলোর দেখাশোনা করে (প্রাচীনেরা) এবং যারা পূর্ণসময় প্রচার করে থাকে, তাদের ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন স্কুলের আয়োজন করা হয়। এই সমস্ত কাজের খরচ দানের মাধ্যমে করা হয়ে থাকে।
ত্রাণ কাজ করে থাকি: যিহোবার সাক্ষিরা যখন বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগগুলোর শিকার হয়, তখন আমরা তাদের খাওয়ার এবং থাকার ব্যবস্থা করে থাকি। এই কাজ আমরা শুধুমাত্র সাক্ষিদের জন্যই করি না, যারা ‘আমাদের বিশ্বাসী ভাই-বোন।’ আমরা তাদের জন্যও করে থাকি, যারা যিহোবার সাক্ষি নয়।—গালাতীয় ৬:১০.