যিশুর কাছ থেকে শিখুন
ঈশ্বরকে জানার জন্য সময় বের করুন
আপনি যখন ঈশ্বর সম্বন্ধে জানার জন্য এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার জন্য সময় করে নেবেন, তখন আপনার জীবন আরও ভালো হবে। আপনি যখন তা করেন, তখন আপনার মনের মধ্যে ঈশ্বরকে জানার যে-আকাঙ্ক্ষা রয়েছে, সেটা পূরণ হয়। আসুন দেখি, যিশু এই বিষয়ে আমাদের কী শিখিয়েছিলেন।
যিশু কী বলেছিলেন?
“সুখী সেই ব্যক্তিরা, যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী।”—মথি ৫:৩.
আমরা প্রত্যেকেই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর জানতে চাই, যেমন: জীবনের উদ্দেশ্য কী? চারিদিকে কেন এত দুঃখকষ্ট রয়েছে? একজন ব্যক্তি মারা গেলে কী হয়? সুখী হওয়ার জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি।
“মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং যিহোবারa মুখ থেকে যে-প্রত্যেক বাক্য বের হয়, তাতেই বাঁচবে।”—মথি ৪:৪.
ঠিক যেমন বেঁচে থাকার জন্য আমাদের খাবার খাওয়া প্রয়োজন, তেমনই আমাদের মধ্যে ঈশ্বরকে জানার জন্য আকাঙ্ক্ষা থাকাও প্রয়োজন। যিশু স্পষ্টভাবে জানিয়েছিলেন, আমাদের অবশ্যই সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নিয়মিতভাবে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে।
“তোমার বাক্যই হল সত্য।”—যোহন ১৭:১৭.
যিশু আমাদের শিখিয়েছিলেন, ঈশ্বরকে জানার জন্য আমাদের যে-আকাঙ্ক্ষা রয়েছে, তা পূরণ করার প্রধান উপায় হল, তাঁর বাক্য বাইবেল।
আপনি যদি চিরস্থায়ী সুখ পেতে চান, তা হলে আমরা আপনাকে ঈশ্বরকে জানার জন্য সময় বের করতে উৎসাহিত করছি। এখানে কিছু উপায় দেওয়া রয়েছে, যেগুলো আপনাকে ঈশ্বরকে জানার ক্ষেত্রে সাহায্য করতে পারে:
বিনা মূল্যে বাইবেল পড়ুন।
কোনো যিহোবার সাক্ষির সঙ্গে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করার জন্য অনুরোধ করুন।
a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম। (গীতসংহিতা ৮৩:১৮) “যিহোবা কে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।