যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়া কতটা গুরুত্বপূর্ণ?
এলিন নামে একজন কিশোরী বলে: “আমি যখন দেখি, আমার বন্ধুদের প্রচুর অনলাইন ফলোয়ার্স রয়েছে, তখন আমি ভাবি: ‘এরা কতই-না পপুলার!’ আর সত্যি বলতে কী, আমার মনে মনে একটু হিংসাও হয়।”
তোমার কি কখনো এইরকমটা মনে হয়েছে? যদি হয়ে থাকে, তা হলে এই প্রবন্ধটা তোমাকে সাহায্য করবে যে, কীভাবে তুমি সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়ার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পার।
এর মধ্যে কোন বিপদগুলো রয়েছে?
হিতোপদেশ ২২:১ পদে, বাইবেল বলে “প্রচুর ধনসম্পদের চেয়ে সুনাম আরও ভালো।” তাই সুনাম অর্জন করতে চাওয়া ভালো, এমনকী অন্যেরা যদি তোমাকে পছন্দ করে, তা হলে সেটা আশা করাও ভুল নয়।
কিন্তু, অনেকসময় লোকের কাছে ভালো হওয়ার ইচ্ছা এতটাই তীব্র হতে পারে যে, যতক্ষণ না তুমি পপুলার হচ্ছ, ততক্ষণ তুমি সন্তুষ্ট হতে পারবে না। এর মধ্যে কি কোনো বিপদ থাকতে পারে? ১৬ বছর বয়সি অনিয়া বলে:
“আমি নিজের চোখে দেখেছি, লোকেরা কতটা পাগল হতে পারে—শুধুমাত্র স্কুলে পপুলার হওয়ার জন্য একজন দোতলার ছাদ থেকে ঝাঁপ দিতে পর্যন্ত দু-বার চিন্তা করে না।”
বন্ধুদের অ্যাটেনশন পাওয়ার জন্য তারা বোকার মতো জীবনের ঝুঁকি নিয়ে কিছু ভিডিও তৈরি করে আর সেগুলো অনলাইনে পোস্ট করে। যেমন, অনেক অল্পবয়সি ছেলে-মেয়ে নিজেদের এমন ভিডিও আপলোড করেছে, যেখানে দেখানো হয়েছে যে, তারা ছোটো ছোটো বিষাক্ত ডিটারজেন্ট ক্যাপসুল খাচ্ছে, যেগুলো কখনোই খাওয়া উচিত নয়!
বাইবেল বলে: “অসার অহঙ্কারের বশে কিছুই করো না।”—ফিলিপীয় ২:৩, জুবিলী বাইবেল।
চিন্তা করার মতো বিষয়:
সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়া তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ?
তোমার বন্ধুদের কাছ থেকে অ্যাটেনশন ও তাদের সমর্থন পাওয়ার জন্য তুমি কি তোমার স্বাস্থ্য এবং জীবন ঝুঁকির মুখে ফেলবে?
“পপুলার হওয়ার এক অবাস্তব কল্পনা”
২২ বছর বয়সি এরিকা দেখেছে যে, পপুলার হওয়ার জন্য লোকেরা আর কত কী করে থাকে:
“লোকেরা একটার পর একটা নিজেদের জীবনে ঘটা মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে, এটা দেখানোর জন্য যে, তাদের প্রচুর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব রয়েছে, যাদের সঙ্গে তারা সবসময় মেলামেশা করছে। এটা দেখে লোকেরা মনে করে যে, তারা খুব পপুলার।”
১৫ বছর বয়সি কারা বলে, কিছু লোক পপুলার হওয়ার জন্য ছলচাতুরী করে:
“আমি দেখেছি, অনেক লোক এমনভাবে নিজেদের ফটো তোলে যেন মনে হয় যে, তারা কোনো পার্টিতে রয়েছে, কিন্তু আসলে তারা নিজেদের বাড়িতেই আছে।”
২২ বছর বয়সি ম্যাথিউ বলে, সে এইরকমই কিছু করেছিল:
“আমি আমার এমন একটা ছবি পোস্ট করেছিলাম, যেটা দেখে লোকেরা যেন ভাবে, আমি মাউন্ট এভারেস্টের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে আমি এশিয়াতে কখনোই যাইনি!”
বাইবেল বলে: “আমরা সমস্ত বিষয়ে সৎভাবে জীবনযাপন করতে চাই।”—ইব্রীয় ১৩:১৮.
চিন্তা করার মতো বিষয়:
সোশ্যাল মিডিয়ায় আরও বেশি পপুলার হওয়ার জন্য তুমি কি এমন কিছু ছবি পোস্ট কর, যেটা সত্যি নয়?
সোশ্যাল মিডিয়ায় তুমি যে-সমস্ত ছবি ও কমেন্ট পোস্ট কর, সেগুলো কি দেখায় যে, তুমি কী ধরনের ব্যক্তি এবং তুমি কী বিশ্বাস কর?
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স থাকা ও লাইকস্ পাওয়া কতটা গুরুত্বপূর্ণ?
অনেক লোক বিশ্বাস করে যে, সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়ার জন্য প্রচুর পরিমাণে ফলোয়ার্স থাকা ও লাইকস্ পাওয়া প্রয়োজন। ম্যাথিউ, যার কথা আমরা আগে বলেছি, সেও এটাই বিশ্বাস করত:
“আমি লোকদের প্রায়ই জিজ্ঞেস করতাম, সোশ্যাল মিডিয়ায় তোমার কতজন ফলোয়ার্স আছে এবং তুমি সবচেয়ে বেশি কত লাইকস্ পেয়েছ? আমি আমার ফলোয়ার্সদের সংখ্যা বাড়ানোর জন্য যেকোনো লোককে ফলো করতে শুরু করি, এই আশা করে যে, তারাও আমাকে ফলো করবে। আমার মধ্যে পপুলার হওয়ার লোভ এসেছিল আর সোশ্যাল মিডিয়া এই লোভকে আরও বাড়িয়ে তুলেছিল।”
সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়া একটা জাঙ্ক ফুডের মতো, যেটা কিছুক্ষণের জন্য খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু সেটা আসলে শরীরের জন্য ভালো নয়
২৫ বছর বয়সি মারিয়া লক্ষ করে যে, অনেক লোক তাদের নিজেদের বিচার করে এই ভিত্তিতে যে, তাদের কতজন ফলোয়ার্স রয়েছে আর কতগুলো লাইকস্ তারা পেয়েছে:
“যদি কোনো মেয়ে দেখে যে, তার সেলফিতে যথেষ্ট লাইকস্ আসছে না, তা হলে সে ধরে নেয় যে, তাকে দেখতে খুব খারাপ। এটা একেবারেই ভুল ধারণা, এইরকম পরিস্থিতিতে অনেকেই এমনটা মনে করে। এক অর্থে, তারা নিজেরাই নিজেদের বুলিং করে।”
বাইবেল বলে: “এসো, আমরা আত্মকেন্দ্রিক না হই, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করি, একে অন্যকে হিংসা না করি।”—গালাতীয় ৫:২৬.
চিন্তা করার মতো বিষয়:
তোমার কি মনে হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে তুমি কি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করছ?
যারা তোমার জন্য চিন্তা করে, তাদের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলার চেয়ে তুমি কি ফলোয়ার্সদের সংখ্যাকে বেশি গুরুত্ব দাও?